বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ ইং
১১:০৪ পি.এম
কিশোরগঞ্জের ভৈরবে জায়গা দখলকে কেন্দ্র করে
দোকানপাট ভাঙচুর ও লুটপাটের ঘটনায় প্রতিপক্ষের কাছ থেকে বিকাশের মাধ্যমে ৩০ হাজার টাকা ঘুষ গ্রহণের অভিযোগ উঠেছে ভৈরব থানার ওসি মাহবুবুর রহমানের বিরুদ্ধে।
গত ৩ অক্টোবর, শনিবার বিকেল ৪টা ১২ মিনিটে ওসি মাহবুবুর রহমান তাঁর ব্যক্তিগত বিকাশ নাম্বারে ০১৭১২৬৩৭৪১৮ প্রতিপক্ষ মুর্শেদ মিয়ার নাম্বার থেকে
৩০ হাজার টাকা সেন্ড মানি করা হয়। লেনদেনের ট্রানজেকশন আইডি হিসেবে উল্লেখ রয়েছে DJ32CPB400। ওই লেনদেনের স্কিনসর্ট এই প্রতিনিধির কাছে সংরক্ষিত আছে।
খোঁজ নিয়ে জানাযায়, ৩ অক্টোবর, শনিবার বেলা ১১টার দিকে দুই পক্ষের জায়গা নিয়ে দ্বন্দ্বের জেরে প্রতিপক্ষ মুর্শেদ মিয়ার লোকজন পৌর শহরের কমলপুর মনির কন্টাক্টরে বাড়ি ও দোকানের জায়গা দখল নিতে ভাংচুর ও লুটপাট চালায়। এঘটনায় ভুক্তভোগী মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ ও হাবিবুর রহমানের পক্ষ থেকে থানায় ফোন করা করে ভাংচুরের বিষয়ে অবগত করলেও পুলিশ ঘটনাস্থলে আসতে প্রায় একঘন্টা সময়ক্ষেপন করেন। পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে আসলেও রাস্তার পশ্চিমপাশে দাঁড়িয়ে থাকেন বলে অভিযোগ রয়েছে। এই ঘটনায় থানা পুলিশ যেন ঘটনাস্থলে না আসে প্রতিপক্ষ মুর্শেদ মিয়া ও তাঁর লোকজন ওসির সঙ্গে যোগাযোগ করেন। এবং ওইদিন বিকেল ৪টা ১২ মিনিটে মুর্শেদ মিয়ার নাম্বার থেকে ওসি মাহবুবুর রহমানের ব্যক্তিগত নাম্বারে ৩০ হাজার টাকা সেন্ডমানি করা হয়।
এদিকে ভুক্তভোগী মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ মিয়া জানান, তাদের দখলীয় বাড়ি ও দোকানপাট ভাংচুর ও লুটপাটের ঘটনায় প্রতিপক্ষের বিরুদ্ধে থানা অভিযোগ জমা দিতে গেলে ওসি ওই অভিযোগ গ্রহণ করেনি। প্রায় ১সপ্তাহ ওসির ধারে ধারে ঘুরেও মামলা করতে না পেরে পরবর্তীতে কিশোরগঞ্জ আদালতে মামলা করেন বলে জানান তিনি।
একজন ভুক্তভোগী মুক্তিযোদ্ধার অভিযোগ আমলে না নেওয়া এবং পুলিশের একজন দায়িত্বশীল কর্মকর্তার বিরুদ্ধে অর্থ গ্রহণের এমন অভিযোগ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জবাবদিহি নিয়ে প্রশ্ন উঠেছে জনমনে। ঘুষ গ্রহণের ঘটনাটি মানুষের মুখে ছড়িয়ে যাওয়ায় ঘটনার সত্যতা যাচাই ও প্রকৃত ঘটনা উদ্ঘাটনের মাধ্যমে ওসির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়ার দাবি করছেন সচেতন মহল।
এবিষয়ে ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহবুবুর রহমানের মুঠোফোনে কয়েক বার ফোন করা হলেও তিনি কল রিসিভ করেননি।
এবিষয়ে ভৈরব সার্কেলের সহকারী পুলিশ সুপার আবু মুছা শেখ মুঠোফোনে বলেন, ঘটনাটি শুনেছি বিকাশে টাকা লেনদেন হয়েছে। যদি অভিযোগ আসে, সেটা যে কেউ করতে পারে, আপনিও সাংবাদিক হিসেবে অভিযোগ করতে পারবেন। তখন সেটা বিকাশ কল সেন্টার থেকে স্টেটমেন্ট এনে যাচাই-বাছাই করে যদি ওসির নাম্বার ঘুষ লেনদেন হয়, সেক্ষেত্রে উদ্বর্তন কতৃপক্ষকে বিষয়টি অবগত করবো।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সুনামগঞ্জের তাহিরপুরে ফেসবুক পোস্টকে কেন্দ্র করে বিরোধের জেরে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সাতক্ষীরা, ২২ অক্টোবর, ২০২৬ : জেলার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের সোরা গ্রামে চলমান মেগা প্রকল্পের কাজ ও গুণগত মান পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মিজ কউসার আজিজ। স্থানীয়দের সঙ্গে মতবিনিময়ও করেন তিনি।
পরিদর্শনের সময় স্থানীয় বাসিন্দারা জেলা প্রশাসকের কাছে সুন্দরবনে জলদস্যুদের তৎপরতা বৃদ্ধি, স্বাস্থ্যসেবা, সুপেয় পানি ও শিক্ষাব্যবস্থাসহ বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করেন।
আজ বৃহস্পতিবার বেলা ১১টায় সোরা সরকারি প্রাথমিক বিদ্যালয় কাম সাইক্লোন শেল্টারে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।
সভায় উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামসুজ্জামান কনক, সহকারী কমিশনার (ভূমি) ওমর শরীফ ফাহাদ, গাবুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মাছুদুল আলম এবং স্থানীয় জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, সরকারি কর্মকর্তা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
স্থানীয় ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মাছুদুল আলম, মাস্টার আবু তালেব সাগর, আমজিয়াদ হোসেন ও ইকবাল হোসেন মন্টু সভায় সুন্দরবন ও উপকূলীয় জনপদের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।
তারা গাবুরার চলমান মেগা প্রকল্পের রাস্তার সঙ্গে সংযোগ সড়ক নির্মাণ, সড়কের স্থায়িত্ব ও গুণগত মান নিশ্চিতের দাবি করেন। প্রকল্পের কাজ পরিকল্পনা অনুযায়ী বাস্তবায়ন, নিয়মিত তদারকি এবং নির্মাণকাজে স্বচ্ছতা নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করা হয়।
সভায় সুপেয় পানি সংরক্ষণ, স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, চিকিৎসাসুবিধা বৃদ্ধি, পর্যাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ, খেলার মাঠ সংরক্ষণ, ভূমিহীনদের বসতির ব্যবস্থা এবং দৃষ্টিনন্দন এলাকার উন্নয়ন ও সংরক্ষণের বিষয়গুলো তুলে ধরা হয়। পাশাপাশি অসমাপ্ত খাল খনন এবং মেগা প্রকল্পের বিভিন্ন কাজের গুণগত মান নিয়েও আলোচনা করা হয়।
জেলা প্রশাসক কউসার আজিজ এসময় সুন্দরবনে জলদস্যু দমনে সরকারের সমন্বিত উদ্যোগ গ্রহণের আশ্বাস দেন। তিনি গাবুরার সুপেয় পানির সংকট নিরসন, স্বাস্থ্যসেবার উন্নয়ন এবং এলাকায় পর্যাপ্ত স্কুল না থাকায় নতুন শিক্ষা প্রতিষ্ঠান স্থাপনের বিষয়েও প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার প্রতিশ্রুতি দেন। এছাড়া চলমান মেগা প্রকল্পের সড়ক নির্মাণ কাজ যথাযথভাবে বাস্তবায়ন ও গুণগত মান বজায় রাখার বিষয়েও আশ্বাস প্রদান করেন জেলা প্রশাসক।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বাংলাদেশ নারী হ্যান্ডবল দল চ্যাম্পিয়নশিপে সফলতা অর্জন করতে পারেনি। তারা বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশন্স ট্রফির ফাইনালে ভারতের কাছে ২৮-১৬ ব্যবধানে পরাজিত হয়েছে।
বৃহস্পতিবার পল্টনের শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী স্টেডিয়ামে অনুষ্ঠিত চার জাতির এই টুর্নামেন্টে ভারত অপরাজিত অবস্থায় শিরোপা জিতে নিয়েছে। লিগ পর্বে বাংলাদেশও ভারতের কাছে হেরেছিল। মালদ্বীপকে পরাজিত করে নেপাল ব্রোঞ্জ পদক জিতেছে।
ফাইনালে পরাজয়ের পরও বাংলাদেশ শুরু থেকেই লড়াই করেছে। তবে প্রথমার্ধে ভারত ১৪-৯ গোলে এগিয়ে ছিল। পরবর্তী অর্ধে দৃশ্যপট দ্রুত পরিবর্তিত হতে থাকে। ভারত তাদের ব্যবধান বাড়াতে সক্ষম হয়। শেষ দিকে বাংলাদেশ ম্যাচে ফেরার চেষ্টা করলেও তা ব্যর্থ হয়।
বাংলাদেশের একের পর এক প্রচেষ্টা রোধ করেন ভারতের গোলকিপার দিকশা কুমারী। তিনি অবিশ্বাস্য পারফরম্যান্সের জন্য ম্যাচ সেরার পুরস্কারও অর্জন করেন। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হিসেবে নির্বাচিত হয়েছেন ভারতের ভাবনা শর্মা।
ফাইনাল শেষে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন। এ সময় বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সভাপতি মেজর জেনারেল আবু মোহাম্মদ সরওয়ার ফরিদ এবং সাধারণ সম্পাদক সালাহউদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।
সূত্র: বাসস
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ভারতের উত্তরাখণ্ড রাজ্যের স্বীকৃত মাদরাসাগুলোতে শুক্রবারের ঐতিহ্যবাহী সাপ্তাহিক ছুটি বাতিল করে রোববার ছুটি চালুর নির্দেশ দিয়েছে রাজ্যটির বিজেপি সরকার। রাজ্য সরকার বলেছে, সব শিক্ষাপ্রতিষ্ঠানে অভিন্ন শিক্ষাব্যবস্থা ও নিয়ম কার্যকর করার যুক্তিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে, রাজ্যজুড়ে এই সিদ্ধান্তকে কেন্দ্র করে তীব্র রাজনৈতিক ও সামাজিক বিতর্ক শুরু হয়েছে। সমালোচকদের মতে, এই সিদ্ধান্ত মুসলিম শিক্ষার্থীদের ধর্মীয় অধিকার এবং সংখ্যালঘু শিক্ষাপ্রতিষ্ঠানের স্বাতন্ত্র্যকে ক্ষুণ্ণ করছে।
রাজ্য সংখ্যালঘু শিক্ষা কর্তৃপক্ষের নতুন নির্দেশনার ভিত্তিতে, শিক্ষা দপ্তরের অধীনস্থ স্বীকৃত এবং স্বীকৃতির প্রক্রিয়ায় থাকা সব মাদরাসাকে সাধারণ সরকারি স্কুলের মতো একই নিয়মে রোববার সাপ্তাহিক ছুটি পালন করতে হবে। গণমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, এই সিদ্ধান্ত রাজ্যের প্রায় ২০৬টি মাদরাসার ওপর কার্যকর হবে।
ইসলামি সংস্কৃতি ও ধর্মীয় রীতিতে জুমার নামাজের জন্য শুক্রবার অত্যন্ত তাৎপর্যপূর্ণ। দীর্ঘকাল ধরে মাদরাসাগুলোতে এ দিন সাপ্তাহিক ছুটি ছিল। তবে নতুন নিয়ম অনুযায়ী, শুক্রবারে নিয়মিত পাঠদান চলবে এবং ছুটি থাকবে রোববার। সরকারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, শুক্রবার দুপুরের নামাজের জন্য শিক্ষার্থীদের সময়সূচির বিশেষ ছাড় দেওয়া হবে।
উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি সরকারের এই অবস্থান পুনর্ব্যক্ত করে বলেছেন, শিক্ষায় সমতা রক্ষা এবং মাদরাসাগুলোকে মূলধারার সঙ্গে একীভূত করতেই এমন অভিন্ন নীতি গ্রহণ করা হয়েছে। আধুনিক শিক্ষার পথ সুগম করার অংশ হিসেবে মাদরাসাগুলো সাধারণ স্কুলের নিয়মে পরিচালিত হবে বলে তিনি দাবি করেন। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, এর আগে মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে ৪৫২টি প্রতিষ্ঠান সক্রিয় ছিল। নতুন ব্যবস্থার অংশ হিসেবে ইতোমধ্যে ৭৬টি প্রতিষ্ঠান সাধারণ স্কুল হিসেবে স্বীকৃতি পেয়েছে এবং আরও ১১৪টি আবেদনের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে।
এদিকে, সরকারের এ সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছে প্রধান বিরোধী দল কংগ্রেস। দলটির অভিযোগ, রাজনৈতিক উদ্দেশ্যে ও আসন্ন নির্বাচনের আগে মেরুকরণ সৃষ্টির স্বার্থে বিজেপি সরকার পরিকল্পিতভাবে মাদরাসা ও সংখ্যালঘুদের লক্ষ্যবস্তু বানাচ্ছে।
বিশ্লেষকদের মতে, শিক্ষার মান উন্নয়ন ও কাঠামোগত আধুনিকায়ন ইতিবাচক পদক্ষেপ হলেও সংখ্যালঘু সম্প্রদায়ের ধর্মীয় অনুশীলন ও সাংবিধানিক স্বাতন্ত্র্য বজায় রাখার বাধ্যবাধকতা রাষ্ট্রের রয়েছে। অভিন্ন নিয়মের অজুহাতে দীর্ঘদিনের ধর্মীয় বাস্তবতা অগ্রাহ্য করা হলে তা সামাজিক সম্প্রীতির ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ