ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

বাংলাদেশ ৩ বছর পর এলডিসি থেকে উত্তরণ করবে: বাণিজ্যমন্ত্রী


বাংলাদেশ ৩ বছর পর এলডিসি থেকে উত্তরণ করবে: বাণিজ্যমন্ত্রী

শিল্প ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির জানিয়েছেন, বাংলাদেশ তিন বছর পর স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বের হয়ে আসবে। তিনি বলেন, এ লক্ষ্য অর্জনের জন্য দেশের নাগরিক সেবা ও অবকাঠামোগত সক্ষমতা বৃদ্ধি করা প্রয়োজন।

মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে সিলেট নগরের তালতলায় সিলেট সদর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের নির্মাণকাজের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী উল্লেখ করেন, সিলেটে জনসংখ্যা ও বসতির ঘনত্ব বৃদ্ধির সঙ্গে আধুনিক নাগরিক সেবার প্রয়োজনীয়তা বৃদ্ধি পাচ্ছে। সিলেট ও এ অঞ্চলের লাখো মানুষ দেশের বাইরে বসবাস করেন এবং তারা বিশ্বের বিভিন্ন দেশের নাগরিক সুবিধা ও সেবার সঙ্গে পরিচিত। তাই, এমন একটি শহরে নাগরিক সেবা কাঙ্ক্ষিত মানে না থাকলে তা গ্রহণযোগ্য নয়। আধুনিক ও নিরাপদ নগর গড়ে তোলার জন্য প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণে গুরুত্ব দেওয়া উচিত।

আরও পড়ুন: তারেক রহমান: জামায়াত-এনসিপি আমার রাষ্ট্রীয় সম্মান সহ্য করতে পারছে না

ফায়ার সার্ভিসের সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে বিশ্বমানের প্রতিষ্ঠানে পরিণত করতে সম্মিলিতভাবে কাজ করতে হবে। সেবার সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি সাধারণ মানুষ যাতে সহজে ও প্রত্যাশিত মানের সেবা পান, সেদিকেও নজর দিতে হবে।

তিনি বলেন, ফায়ার সার্ভিসের সেবাপ্রক্রিয়া আরো সহজ, স্বচ্ছ ও কার্যকর করতে সরকার কাজ করছে। এ লক্ষ্যে একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির সভাপতি হিসেবে তিনি সেবার মান উন্নয়ন ও প্রক্রিয়া সহজ করার বিষয়ে কাজ করছেন।

মন্ত্রী সিলেট সদর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের নির্মাণকাজ নির্ধারিত সময়ের মধ্যে শেষ করার তাগিদ দিয়ে বলেন, প্রকল্পটি ১৫ মাসের মধ্যে সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এ সময়সীমা কোনোভাবেই ব্যাহত করা যাবে না, কারণ এ প্রকল্পের সঙ্গে পুরো জনপদের নিরাপত্তা জড়িত।

ফায়ার সার্ভিসের সদস্যদের অবদানের কথা তুলে ধরে তিনি বলেন, তারা মানুষের জীবন ও সম্পদ রক্ষায় ঝুঁকিপূর্ণ পরিবেশে কাজ করেন। দায়িত্ব পালন করতে গিয়ে অনেক সময় তাদের প্রাণও দিতে হয়। তাদের শ্রম, নিষ্ঠা ও আত্মত্যাগের প্রতি কৃতজ্ঞতার শেষ নেই।

আরও পড়ুন: আদাবরে যুবদল নেতাকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম

সিলেটের জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিচালক (প্রশিক্ষণ, পরিকল্পনা ও উন্নয়ন) লে. কর্নেল এম এ আজাদ আনোয়ার এবং গণপূর্ত অধিদপ্তর সিলেট অঞ্চলের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কাজী ওয়াসিফ আহমদ।

জাপানের সঙ্গে চুক্তিতে বাড়বে বিনিয়োগ

সন্ধ্যায় সিলেটে ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (ইমজা) অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী। উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, দ্বিপক্ষীয় বাণিজ্যে জাপান বাংলাদেশের গুরুত্বপূর্ণ অংশীদার। দেশটির আর্থিক ও প্রযুক্তিগত সহায়তায় বাংলাদেশে বেশ কয়েকটি প্রকল্প চলমান রয়েছে।

জাপানের সঙ্গে বাংলাদেশের সমন্বিত অর্থনৈতিক অংশীদারির চুক্তি সম্পন্ন হয়েছে উল্লেখ করে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, চুক্তিটি বাস্তবায়িত হলে বাংলাদেশে জাপানি বিনিয়োগ বাড়বে। প্রধানমন্ত্রীর আসন্ন জাপান সফর দুই দেশের পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচন করবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

আরও পড়ুন: শেরপুরে বাসের চাপায় সিএনজি যাত্রী নিহত, আহত ৪

সিলেটকে আরো বাসযোগ্য ও আধুনিক নগরী হিসেবে গড়ে তুলতে বিভিন্ন উন্নয়ন উদ্যোগের কথাও জানান বাণিজ্যমন্ত্রী। তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার অত্যন্ত প্রিয় জায়গা ছিল সিলেট। তার নামেই বর্তমান সরকারের মেয়াদে পুরনো কারাগারের জায়গায় আধুনিক ও বিশ্বমানের পার্ক গড়ে তোলা হবে।

কিনব্রিজের পাশে একটি ঝুলন্ত সেতু নির্মাণের পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, এ বিষয়ে সম্ভাব্যতা যাচাই চলছে। যাচাইয়ের ফলাফল পাওয়ার পর প্রকল্পটি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।

মন্ত্রী আরো বলেন, বাদাঘাট বাইপাস ও সিলেট-ঢাকা মহাসড়কের উন্নয়নকাজ এগিয়ে চলছে। ২০২৮ সালের মধ্যে এসব প্রকল্পের পূর্ণাঙ্গ চিত্র দৃশ্যমান হবে বলে আশা করা হচ্ছে। এ ছাড়া নগরের জালালাবাদ পার্ক পুনরুজ্জীবিত করতে সিলেট সিটি করপোরেশন কাজ করছে।

আরও পড়ুন: কোনো দল সংখ্যাগরিষ্ঠতা না পেলে পেলে কতদিন ক্ষমতায় থাকবেন নেতানিয়াহু?

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বরগুনায় উদ্ধার হলো জবাই করা চিত্রা হরিণ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ ইং

০৭:৩৫ পি.এম


বরগুনায় উদ্ধার হলো জবাই করা চিত্রা হরিণ

বরগুনার পাথরঘাটায় বন বিভাগ একটি জবাই করা চিত্রা হরিণ উদ্ধার করেছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে পাথরঘাটার বন বিভাগের মামলা পরিচালক মো. সোহরাফ হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে সোমবার (২৬ অক্টোবর) বিকেল চারটার দিকে চরলাঠিমারার ছোটহোর খাল এলাকা থেকে জবাই করা হরিণটিকে জব্দ করা হয়। পরে রাত ১০টার দিকে পাথরঘাটা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক পণির শেখের নির্দেশে ওই হরিণটিকে মাটি চাপা দেওয়া হয়।

বন বিভাগের মামলা পরিচালক (এফসিসিও) মো. সোহরাফ হোসেন জানান, দুপুরের পর বন বিভাগের হরিণঘাটা বিটের সদস্যরা চর লাঠিমারা এলাকায় টহল দিচ্ছিল। বিকেল চারটার দিকে হঠাৎ একটি ইঞ্জিন চালিত নৌকা এসে কিছু সাদা বস্তা তুলে নিয়ে চলে যায়। বন বিভাগের টহল দলের সন্দেহ হলে তারা কাছাকাছি গিয়ে জবেহ করা মৃত চিত্রা হরিণটিকে দেখতে পেয়ে উদ্ধার করে। শিকারিরা ততক্ষণে ট্রলার নিয়ে অনেক দূরে চলে যায়।

তিনি আরও জানান, পাথরঘাটা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতের বিচারক মো. পনির শেখের নির্দেশক্রমে মৃত চিত্রা হরণের চামড়া সংরক্ষণ করে বাকি অংশ কেরোসিন দিয়ে মাটিতে পুঁতে ফেলা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশের শিপিং খাতে বিনিয়োগ বাড়াতে আগ্রহী মার্সক, লালদিয়া টার্মিনাল প্রকল্প নিয়ে আলোচনা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ ইং

০৭:৩৬ পি.এম


বাংলাদেশের শিপিং খাতে বিনিয়োগ বাড়াতে আগ্রহী মার্সক, লালদিয়া টার্মিনাল প্রকল্প নিয়ে আলোচনা

ড্যানিশ শিপিং ও লজিস্টিকস প্রতিষ্ঠান মার্সক লাইন, নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলমের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠকে শিপিং খাতে বিনিয়োগ সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করেছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে মন্ত্রীর সঙ্গে মার্সক প্রতিনিধি দলের বৈঠকে বাংলাদেশের লালদিয়া (Laldia) টার্মিনাল প্রকল্পসহ শিপিং খাতে বিনিয়োগ সম্প্রসারণের বিষয়টি আলোচনা করা হয়।

এছাড়া, দেশের আমদানি-রপ্তানি বাণিজ্যকে আরও গতিশীল করার পাশাপাশি শিপিং পরিচালন ব্যয় কমানোর লক্ষ্যে সরকার ও মার্সক যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করে।

মার্সকের বিনিয়োগ পরিকল্পনাকে স্বাগত জানিয়ে মন্ত্রী বাংলাদেশের বিনিয়োগবান্ধব পরিবেশের কথা তুলে ধরেন। তিনি উল্লেখ করেন, পারস্পরিক স্বার্থ ও সহযোগিতার ভিত্তিতে বাংলাদেশ ও মার্সক একসঙ্গে এগিয়ে যাবে।

আন্তর্জাতিক অংশীদারিত্বকে শক্তিশালী করা, বন্দর ও লজিস্টিকস খাতের সক্ষমতা বৃদ্ধি এবং বাণিজ্যিক কার্যক্রমকে আরও দক্ষ করে তোলার মাধ্যমে বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনাকে কাজে লাগানোই এই ধরনের উদ্যোগের মূল লক্ষ্য।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাওকে নিয়ে রসিকতায় চীনের বড় দুটি কোম্পানির চুক্তি হারাল এমবাপ্পে

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ ইং

০৭:৩৯ পি.এম


মাওকে নিয়ে রসিকতায় চীনের বড় দুটি কোম্পানির চুক্তি হারাল এমবাপ্পে

ফুটবল মাঠের বাইরের একটি বিতর্কে ফ্রান্সের তারকা কিলিয়ান এমবাপ্পে জড়িয়ে পড়েছেন। সাবেক চীনা নেতা মাও সেতুংকে নিয়ে তার একটি মন্তব্যের কারণে ফরাসি এই তারকা চীনে বড় ধরনের ব্যবসায়িক ক্ষতির সম্মুখীন হয়েছেন। এর ফলস্বরূপ, চীনা নাগরিকদের জাতীয় অনুভূতিতে আঘাত লাগার অভিযোগে রিয়াল মাদ্রিদের এই ফরোয়ার্ডের সঙ্গে চুক্তি বাতিল করেছে চীনের দুই শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান।

চুক্তি বাতিলকারী প্রতিষ্ঠান দুটি হলো— চীনের জনপ্রিয় এনার্জি ড্রিংক প্রস্তুতকারক কোম্পানি ‘ডংপেং বেভারেজ’ এবং দুগ্ধজাত পণ্যের জায়ান্ট ‘মেংনিউ’।

মঙ্গলবার, পৃথক বিবৃতিতে রিয়াল মাদ্রিদের এই ফরোয়ার্ডের সঙ্গে চুক্তি বাতিলের সিদ্ধান্ত ঘোষণা করে প্রতিষ্ঠান দুটি। একটি অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিওর কারণে এই পদক্ষেপ নেওয়া হয়, যেখানে এমবাপ্পেকে সাবেক নেতা মাও সে-তুংকে নিয়ে রসিকতা করতে দেখা যায়।

ডংপেং এবং মেংনিউ জানিয়েছে, চীনা জাতীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে তারা এমবাপ্পের সঙ্গে তাদের অংশীদারি বাতিল করেছে।

মাও সেতুং, যিনি ১৯৭৬ সালে মারা যান, চীনের প্রতিষ্ঠাতা নেতা হিসেবে পরিচিত। তার সম্পর্কে রসিকতা করা চীনে অসম্মানজনক হিসেবে বিবেচিত হয় এবং এটি সামাজিকভাবে অত্যন্ত স্পর্শকাতর।

ডংপেং এক বিবৃতিতে জানায়, ‘জাতীয় অনুভূতিতে আঘাত করে এমন যেকোনো আচরণের আমরা কঠোর বিরোধিতা করি এবং এ বিষয়ে আমাদের নীতি একেবারেই শূন্য সহনশীলতার। অবিলম্বে কিলিয়ান এমবাপ্পের সঙ্গে সব ধরনের সহযোগিতা বন্ধ করছি।’

এবারের ফুটবল বিশ্বকাপ চলাকালে চীনে ডংপেংয়ের স্পোর্টস ড্রিংকের বিজ্ঞাপনে এমবাপ্পেকে নিয়মিত দেখা গেছে। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে তৈরি এসব বিজ্ঞাপনে পানীয়টি পান করতে দেখা যায় ফ্রান্স অধিনায়ককে।

মেংনিউও এমবাপ্পের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছে। চীনে বিপুল জনপ্রিয় এই ফরোয়ার্ডের সামাজিক মাধ্যমে অনুসারীর সংখ্যা কয়েক মিলিয়ন।

বিবৃতিতে মেংনিউ জানায়, ‘অবিলম্বে কিলিয়ান এমবাপ্পের সঙ্গে আমাদের সব ধরনের সহযোগিতা বন্ধ করা হচ্ছে। চীনা জনগণের অনুভূতিতে আঘাত করে এমন যেকোনো কথা বা কাজের কঠোর বিরোধিতা করে মেংনিউ। এ ধরনের আচরণের ক্ষেত্রে আমাদের নীতি শূন্য সহনশীলতার।’

চীনে এমবাপ্পে এতটাই জনপ্রিয় যে, ভক্তরা তাকে আদর করে ‘গুইগুই’ নামে ডাকেন। চীনা ভাষায় যার অর্থ কচ্ছপ। জনপ্রিয় কার্টুন ও চলচ্চিত্র সিরিজ ‘টিনএজ মিউট্যান্ট নিনজা টার্টলস’-এর একটি মিম থেকে এই ডাকনামের প্রচলন হয়েছে।

তবে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া সাম্প্রতিক একটি ভিডিও ঘিরে এমবাপ্পের জনপ্রিয়তায় ধাক্কা লেগেছে। ভিডিওতে এমবাপ্পেকে বলতে শোনা যায়, ইন্টারনেটে দেখা সবচেয়ে মজার মিমটি ছিল এমন একটি ছবি, যেখানে ডিজিটাল প্রযুক্তির সাহায্যে তার মুখ বসানো হয়েছিল অন্য একজনের মুখের জায়গায়।

‘একজন লোকের ছবিতে আমার মুখ বসানো হয়েছিল। আমার মনে হয়, তিনি চীনের কোনো স্বৈরশাসক।’

এমবাপ্পে সম্ভবত মাও সে তুংয়ের ছবিতে নিজের মুখ বসানো একটি মিমের কথা বলছিলেন। সামাজিক মাধ্যমে এমন আরও বেশ কিছু ছবি ছড়িয়ে পড়েছে, যেখানে বিভিন্ন ঐতিহাসিক ব্যক্তিত্বের ছবিতে এমবাপ্পের মুখ বসানো হয়েছে।

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর চীনের সামাজিক মাধ্যম ওয়েইবোতে শুরু হয় তীব্র সমালোচনা। ‘এমবাপ্পের সঙ্গে সহযোগিতা বন্ধ করল ডংপেং বেভারেজ’ শীর্ষক বিষয়টি প্ল্যাটফর্মটির সবচেয়ে আলোচিত বিষয় হয়ে ওঠে।

এক ব্যবহারকারী লিখেছেন, এমবাপ্পের ‘অত্যন্ত গুরুতর ভুল মন্তব্য সীমা অতিক্রম করেছে। এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’

অনেকে ডংপেংয়ের এনার্জি ড্রিংকের বোতল থেকে এমবাপ্পের ছবি সরিয়ে ফেলার দাবিও জানান।

চীনের অন্যতম বড় অনলাইন ফুটবল সংবাদমাধ্যম ডংকিউদি সোমবার সন্ধ্যায় এক বিবৃতিতে এমবাপ্পের মন্তব্যের নিন্দা জানায়।

প্রতিষ্ঠানটির দাবি, তার বক্তব্য ‘চীন ও চীনা জনগণের প্রতি অবমাননাকর’ এবং ‘চীনা ফুটবল সমর্থকসহ দেশটির মানুষের অনুভূতিতে আঘাত করেছে’।

এর আগে গত সেপ্টেম্বরে ফরাসি ক্রীড়া দৈনিক লেকিপকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের ছবি ব্যবহার করে সামরিক স্বৈরশাসকের আদলে তৈরি মিম নিয়ে কথা বলেছিলেন এমবাপ্পে।

সেখানে এসব ছবির কিছু অংশ মজার হলেও ঐতিহাসিকভাবে সংশ্লিষ্ট ব্যক্তিদের কর্মকাণ্ডের কারণে অন্য দিকটি মোটেও হাস্যকর নয় বলে মন্তব্য করেন তিনি।

‘এর কিছু অংশ মজার। বোঝা যায়, অনেকেই নিছক আনন্দের জন্য এসব করেন। তবে এর আরেকটি দিক ততটা মজার নয়। কারণ, ইতিহাসজুড়ে ওই ব্যক্তিরা যে ক্ষতি করেছেন, তা আমরা জানি।’

‘যারা মানুষ হত্যা করেছেন কিংবা লাখ লাখ মানুষের জীবনে দুর্দশা ডেকে এনেছেন, তাদের সঙ্গে আমার তুলনা করা হচ্ছে। অথচ আমার মনে হয় না, জীবনে কখনও এমন কিছু করেছি।’

ব্যালন ডি’অর পুরস্কার হাতছাড়া হওয়ার এক দিন পরই চীনে এই বিতর্কে জড়ালেন ২৭ বছর বয়সী এমবাপ্পে। সোমবার ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কারের লড়াইয়ে হ্যারি কেইনের পেছনে দ্বিতীয় হন তিনি।

তবে স্পর্শকাতর রাজনৈতিক বিষয় নিয়ে মন্তব্যের কারণে চীনে আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনের তারকাদের বিতর্কে জড়ানোর ঘটনা এবারই প্রথম নয়।

২০২৩ সালে একটি ভিডিওতে তাইওয়ানকে দেশ হিসেবে উল্লেখ করে চীনের সামাজিক মাধ্যমে তীব্র সমালোচনার মুখে পড়েছিলেন এনবিএর সাবেক তারকা ডোয়াইট হাওয়ার্ড। ওই ভিডিওতে তার সঙ্গে ছিলেন তাইওয়ানের তৎকালীন ভাইস প্রেসিডেন্ট ও বর্তমান প্রেসিডেন্ট লাই চিং-তে।

চীন তাইওয়ানকে নিজেদের ভূখণ্ড বলে দাবি করে। দ্বীপটির নিয়ন্ত্রণ নিতে প্রয়োজনে শক্তি প্রয়োগের হুমকিও দিয়ে রেখেছে বেইজিং।

এর আগে ২০১৯ সালে হংকংয়ের বিক্ষোভকারীদের সমর্থনে সামাজিক মাধ্যমে পোস্ট দিয়ে বিতর্কে জড়ান হিউস্টন রকেটসের তৎকালীন জেনারেল ম্যানেজার ড্যারিল মোরি।

ওই ঘটনার পর এনবিএর সঙ্গে পৃষ্ঠপোষকতা চুক্তি স্থগিত করে চীনের বিভিন্ন প্রতিষ্ঠান। দেশটির টেলিভিশনে এক বছরের জন্য বন্ধ রাখা হয় এনবিএর ম্যাচ সম্প্রচারও।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শীতলক্ষ্যা থেকে মাটি লুট থামছে না, অভিযানে ক্ষুব্ধ স্থানীয়রা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ ইং

০৭:৩৯ পি.এম


শীতলক্ষ্যা থেকে মাটি লুট থামছে না, অভিযানে ক্ষুব্ধ স্থানীয়রা

‘নদীর তীর থেকে এক্সকাভেটর ব্যবহার করে মাটি কাটা হয়, যা ভাসমান পন্টুনে রাখা হয়। আবার নদীর তীরে মাটি তুলে স্তূপ করা হয়। রাতের অন্ধকারে অপেক্ষমাণ ড্রামট্রাকে সেই মাটি তোলা হয় এবং বিভিন্ন স্থানে পাঠানো হয়, ক্রেতার ঠিকানায়।’

গাজীপুরের কালীগঞ্জ উপজেলার শীতলক্ষ্যা নদীর তীর থেকে মাটি লুটের এই চিত্র তুলে ধরছিলেন একজন স্থানীয় বাসিন্দা, যিনি নাম প্রকাশে অনিচ্ছুক।

সম্প্রতি একটি বিকেলে শীতলক্ষ্যা নদীর কালীগঞ্জের মূলগাঁও ঘাটে গিয়ে এ প্রতিবেদক ওই বাসিন্দার সঙ্গে কথা বলেন। এ সময় ঘাট থেকে খানিকটা দূরে মাঝনদীতে একটি ভাসমান পন্টুন দেখা যায়। সেখানে মাটিবাহী পন্টুনে মাটি রাখা ছিল এবং তার ওপর একটি এক্সকাভেটর অবস্থান করছিল।

স্থানীয়দের মতে, রাত হলেই পন্টুন মাঝনদী থেকে তীরে নিয়ে আসা হয়। এরপর সেখানে অপেক্ষমাণ ড্রামট্রাকে মাটি তুলে তা বিভিন্ন স্থানে বিক্রি করে ক্রেতাদের কাছে সরবরাহ করা হয়। তারা জানান, নদীর তীর থেকে মাটি কেটে তীরেও রাখা হয়। অভিযোগ রয়েছে, সংঘবদ্ধ চক্রটি বেশ কিছুদিন ধরে এভাবে নদীর মাটি লুট করলেও প্রশাসন কোনো কঠোর পদক্ষেপ নিচ্ছে না।

নদীতীরের নাম প্রকাশে অনিচ্ছুক বাসিন্দারা জানান, কালীগঞ্জে রাত নামলেই শীতলক্ষ্যা নদীর তীরে যন্ত্রের গর্জন শুরু হয়। অন্ধকারে লং বুম এক্সকাভেটর দিয়ে মাটি কাটা হয়।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, মূলগাঁও মৌজার বিভিন্ন এলাকা থেকে মাটি কেটে প্রতিদিন রাত ৯টা থেকে ৩টা পর্যন্ত ট্রাকে করে মাটি সরবরাহ করা হয়। প্রতিরাতে ৩০ থেকে ৩৫টি ট্রাকে করে মাটি সরানো হয়।

মূলগাঁও নদীতীরের দোকানি চাঁদপুরের নাবিল মাহমুদ জানান, রাতের বেলায়ও চটপটি বিক্রি হয়। মাটিভর্তি পন্টুন ও ড্রামট্রাকের লোকজন রাতে চটপটি খান। তাই রাতেও তিনি দোকান চালান।

ড্রামট্রাকের শ্রমিক জামালপুরের আ. মোতালেব বলেন, ‘রাতের বেলায় ড্রামট্রাকে মাটি তোলার কাজ করি। এরপর যেখানে মাটি যায়, সেখানে মাটি খালাসের কাজও করি।’

এদিকে, প্রশাসনের অভিযান ও জরিমানা আদায়ের পরও শীতলক্ষ্যা নদী থেকে মাটি লুট থামছে না। সম্প্রতি মূলগাঁও গ্রামের শুক্কুর আলীর ছেলে দুলাল মিয়া (৩৮)-কে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। তবে স্থানীয়রা প্রশাসনের স্বচ্ছতা ও আন্তরিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তাদের অভিযোগ, প্রশাসনকে ‘ম্যানেজ’ করেই নদীতীর থেকে মাটি কাটা চলছে এবং মাঝে মাঝে ‘লোকদেখানো’ অভিযান পরিচালনা করা হচ্ছে।

শীতলক্ষ্যার চরসিন্দুর সেতু থেকে রূপগঞ্জ পর্যন্ত ৮০ কিলোমিটার অংশে দায়িত্ব পালন করছেন ঘোড়াশাল নদী বন্দরের উপপরিচালক মো. রেজাউল করিম। কালের কণ্ঠকে তিনি জানান, ‘২০২১ সালের শেষের দিকে এই নদীবন্দর স্বতন্ত্রভাবে চালু হয়। সেই থেকে এখন পর্যন্ত বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের দখল থেকে ১০৮০টি স্থাপনা উচ্ছেদ, ২৫.৫৫ তীরভূমি উদ্ধার এবং তিন লাখ ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এছাড়া গত পাঁচ বছরে চারবার বিভিন্ন প্রতিষ্ঠানের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। এ সময় নদী দখল ও দূষণের দায়ে একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

মাটি লুট করে বিক্রির ঘটনা এখনও চলা প্রসঙ্গে উপপরিচালক বলেন, ‘গত ১১ অক্টোবর আমি এখানে যোগদান করেছি। সব খোঁজখবর নিচ্ছি। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাটি চুরি বন্ধ হবে আশা করি।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এ টি এম কামরুল ইসলাম কালের কণ্ঠকে বলেন, সোমবার (২৭ অক্টোবর) কালীগঞ্জের মূলগাঁও এলাকায় শীতলক্ষ্যা নদীর তীরের জমি থেকে মাটি কেটে নেওয়ার ঘটনায় মূলগাঁও গ্রামের শুক্কুর আলীর ছেলে দুলাল মিয়া (৩৮) কে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%