ঢাকা বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৬ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ইং ০৬ই কার্তিক, ১৪৩৩বাং

মেসি এবারের ব্যালন ডি’অরের প্রধান দাবিদার: বেকহ্যাম


মেসি এবারের ব্যালন ডি’অরের প্রধান দাবিদার: বেকহ্যাম

ইন্টার মায়ামির সহ-মালিক এবং সাবেক ইংল্যান্ড অধিনায়ক ডেভিড বেকহ্যাম মনে করেন, লিওনেল মেসি এবারের ব্যালন ডি’অরের জন্য সবচেয়ে বড় দাবিদার।

৩৯ বছর বয়সী আর্জেন্টাইন মহাতারকা, যিনি আটবার বিশ্বসেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন, ২০২৬ সালের ব্যাল ডি’অরের ৩০ জনের শর্টলিস্টে স্থান পেয়েছেন।

বাংলাদেশ সময় বৃহস্পতিবার ক্রুজ আজুলকে ২-০ ব্যবধানে পরাজিত করে কাম্পিয়নেস কাপ জিতে নেয় মায়ামি। এই ম্যাচে মেসি তার ক্লাবের হয়ে ১০০তম গোলটি করেন। এছাড়া তিনি কাসেমিরোকে দিয়ে দলের দ্বিতীয় গোলটিও করান।

আরও পড়ুন: মাহমুদউল্লাহ রিয়াদ সমালোচিত ভিডিও নিয়ে মুখ খুললেন

বেকহ্যাম মন্তব্য করেন, “যখন তাকে এমন কিছু করতে দেখেন, যখন তার বিশ্বকাপটা দেখেন, তখন বোঝা যায়—৩৯ বছর বয়সে কেউই এভাবে খেলছে না, এ স্তরে খেলছে না। সে ব্যালন ডি’অরের জন্য বিবেচিত হওয়ার যোগ্য। আমার মতে, তারই জেতা উচিত।”

২০২৬ বিশ্বকাপে মেসি আট গোল এবং চার অ্যাসিস্ট করেছিলেন। তার একক নৈপুণ্যের কারণে আর্জেন্টিনা ফাইনালে পৌঁছায়, যেখানে তারা স্পেনের কাছে পরাজিত হয়।

বিশ্বকাপে তিনি ক্যারিয়ারের মোট অ্যাসিস্ট সংখ্যা ১২-তে নিয়ে যান, যার মধ্যে ১০টি এসেছে নকআউট পর্বে। রেকর্ড অনুযায়ী, অন্য কোনো খেলোয়াড়ের মোট অ্যাসিস্ট আটের বেশি নয়।

তিনি বিশ্বকাপ ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা—২১ গোল, যা ফ্রান্সের কিলিয়ান এমবাপের ২২ গোলের পরেই অবস্থান করছে।

আরও পড়ুন: শুক্রবার শুরু হচ্ছে ৪০তম জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

উপনির্বাচনেও মাঠে নামছে সেনা, স্থানীয় নির্বাচন জুনের আগেই: ইসি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৫:২১ পি.এম


উপনির্বাচনেও মাঠে নামছে সেনা, স্থানীয় নির্বাচন জুনের আগেই: ইসি

নির্বাচন কমিশন (ইসি) উপনির্বাচনে সেনাবাহিনী এবং আধুনিক প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার সিদ্ধান্ত নিয়েছে, যা জাতীয় নির্বাচনের মতোই কার্যকর হবে। নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ জানিয়েছেন, আগামী ৬ জুনের মধ্যে সকল স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে তিনি সাংবাদিকদের সাথে এসব তথ্য শেয়ার করেন।

স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে ইসি সানাউল্লাহ বলেন, নভেম্বর ও ডিসেম্বরে দেশের বিভিন্ন স্তরে পরীক্ষা অনুষ্ঠিত হবে। জানুয়ারি মাসে কিছুটা সময় পাওয়া গেলেও, এরপর পবিত্র রোজা এবং মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের পাবলিক পরীক্ষাগুলো শুরু হবে। এই সংকীর্ণ সময়সূচির মধ্যে উপনির্বাচন ও স্থানীয় সরকার নির্বাচনগুলো কীভাবে পরিচালনা করা হবে, সে বিষয়ে কমিশন কাজ করছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বরিশালের বানারীপাড়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগ, তথ্য যাচাই বা ফ্যাক্ট চেকিং এবং গণমাধ্যমকর্মীদের ভূমিকা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

হুমায়ুন কবির, বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি

বৃহস্পতিবার, ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৫:২৬ পি.এম


বরিশালের বানারীপাড়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগ, তথ্য যাচাই বা ফ্যাক্ট চেকিং এবং গণমাধ্যমকর্মীদের ভূমিকা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

 

বরিশালের বানারীপাড়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগ, তথ্য যাচাই বা ফ্যাক্ট চেকিং এবং গণমাধ্যমকর্মীদের ভূমিকা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
 
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর ২০২৬) বানারীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে বরিশাল আঞ্চলিক তথ্য অফিস, তথ্য অধিদপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আয়োজনে “ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগ, ফ্যাক্ট চেকিং এবং গণমাধ্যমকর্মীদের ভূমিকা” শীর্ষক এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
 
সভায় প্রধান অতিথি ছিলেন বানারীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বায়েজিদুর রহমান। সভাপতিত্ব করেন উপপ্রধান তথ্য অফিসার মোছা. আফরোজা নাইচ রিমা।
 
এ সময় বক্তব্য রাখেন বানারীপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুসরাত নওসীন।
 
সভায় বক্তারা ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি মশার প্রজননস্থল ধ্বংস, পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং প্রশাসন, জনপ্রতিনিধি, স্বাস্থ্য বিভাগ ও সাধারণ মানুষের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।
 
পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়া ডেঙ্গু সংক্রান্ত তথ্য যাচাই-বাছাই করে প্রচারের ওপর গুরুত্ব দেওয়া হয়। গণমাধ্যমকর্মীদের দায়িত্বশীল ও তথ্যনির্ভর সংবাদ পরিবেশনের মাধ্যমে জনসচেতনতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।
 
মতবিনিময় সভায় বানারীপাড়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাইদুল ইসলাম, সাধারণ সম্পাদক জাকির হোসেন, বানারীপাড়া পৌর প্রেসক্লাবের সভাপতি ইলিয়াস, সাধারণ সম্পাদক শুভ মোঘল, সাংবাদিক জাহিন খালাসি, মাইদুল ইসলাম শফিক, তালাশ বিডি'র বানারীপাড়া প্রতিনিধি হুমায়ুন কবির, সাংবাদিক ওয়ালিউল্লাহসহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
 
সভায় ডেঙ্গু প্রতিরোধে সম্মিলিতভাবে কাজ করা এবং সঠিক তথ্য জনগণের কাছে পৌঁছে দেওয়ার মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধিতে গণমাধ্যমের ভূমিকা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাদারীপুরে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন, সুষ্ঠু বিচারের দাবি

আন্তর্জাতিক ডেস্ক

মাদারীপুর প্রতিনিধি

বৃহস্পতিবার, ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৫:৩৭ পি.এম


মাদারীপুরে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন, সুষ্ঠু বিচারের দাবি

মাদারীপুর উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে মিথ্যা অপপ্রচার ও মানহানির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন মাহবুবুর রহমান বোরহান। তিনি এসব অপপ্রচারের প্রতিবাদ জানিয়ে ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত এবং বিচারের দাবি জানিয়েছেন।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে শহরের ডিসির ব্রিজসংলগ্ন নিজ মালিকানাধীন জমিতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মাহবুবুর রহমান বোরহান দাবি করেন, এসএ, আরএস ও বিআরএস খতিয়ান এবং দাগ অনুযায়ী তিনি ওই জমির বৈধ মালিক। বিদ্যালয়ের কোনো জমি তিনি দখল করেননি বলেও দাবি করেন তিনি।

তিনি বলেন, ভৌগোলিক সীমানা অনুযায়ী তাঁর জমির পাশে প্রথমে শফিক খানের জমি এবং এরপর বিদ্যালয়ের জমি রয়েছে। মাঝখানে অন্য ব্যক্তির জমি থাকার পরও বিদ্যালয়ের জমি দখলের অভিযোগ কীভাবে উঠেছে, তা তাঁর বোধগম্য নয়।

মাহবুবুর রহমান বোরহান আরও অভিযোগ করেন, মাদারীপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কামরুন নাহার তাঁর বিরুদ্ধে ভিত্তিহীন বক্তব্য ও অপপ্রচার চালিয়েছেন এবং বিদ্যালয়ের শিক্ষার্থীদের দিয়ে মানববন্ধন করিয়েছেন। তিনি দাবি করেন, কামরুন নাহার সাবেক উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক পাভেলুর রহমান শফিক খানের স্ত্রী হওয়ায় ব্যক্তিগত ও রাজনৈতিক প্রভাব ব্যবহার করেছেন।

এসব অভিযোগের প্রতিবাদ জানিয়ে মাহবুবুর রহমান বোরহান বলেন, তাঁর বিরুদ্ধে করা অপপ্রচার বন্ধ করে প্রকৃত ঘটনা তদন্তের মাধ্যমে সঠিক তথ্য প্রকাশ করা হোক। একই সঙ্গে তিনি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে তাঁর বিরুদ্ধে দেওয়া অসত্য বক্তব্যের জন্য প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানান। অন্যথায় আইনানুগ ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দেন তিনি।

এর আগে বুধবার সকালে মাদারীপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের লিজ নেওয়া জমি অবৈধভাবে দখল করে সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ তুলে মাহবুবুর রহমান বোরহানের বিরুদ্ধে মানববন্ধন করেন বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। মানববন্ধন থেকে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে মাহবুবুর রহমান বোরহান মিয়া, তাঁর স্ত্রী মাদারীপুর ডিসি একাডেমির প্রধান শিক্ষক মাহফুজা বেগম বিউটিফুল, ছেলে রাকিব মাহবুব রাতুল, ছেলের স্ত্রী সর্নিকা জাহান মিমসহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড পুনরায় বন্ধ, কারণ কারিগরি সমস্যা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৫:৫১ পি.এম


চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড পুনরায় বন্ধ, কারণ কারিগরি সমস্যা

চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল) পুনরায় বন্ধ হয়ে গেছে, প্রায় ছয় মাস বন্ধ থাকার পর চালু হওয়ার মাত্র দুদিন পর। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে কারিগরি সমস্যার কারণে উৎপাদন কার্যক্রম বন্ধ হয়ে যায়।

সিইউএফএলের উৎপাদন বিভাগের মহাব্যবস্থাপক (জিএম) উত্তম চৌধুরী এই বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, "কারিগরি সমস্যার কারণে ভোর চারটার দিকে উৎপাদন বন্ধ হয়ে যায়। সমস্যা সমাধানে কাজ চলছে। আগামী রবিবার অথবা সোমবারের দিকে কারখানাটি পুনরায় চালুর চেষ্টা করা হচ্ছে।"

গত মঙ্গলবার সকাল ৬টার দিকে সিইউএফএলে ইউরিয়া সার উৎপাদন শুরু হয়েছিল। গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় দীর্ঘ প্রায় ছয় মাস পর কারখানাটি উৎপাদনে ফিরে আসে। প্রথমে অ্যামোনিয়া প্ল্যান্ট চালু করা হয় এবং পরে ধাপে ধাপে ইউরিয়া প্ল্যান্টে উৎপাদন শুরু হয়।

তবে উৎপাদন শুরুর ৪৬ ঘণ্টার মধ্যে আবারও কারিগরি সমস্যার কারণে কারখানাটি বন্ধ হয়ে যায়।সিইউএফএল সূত্র জানায়, চলতি বছরের ৪ মার্চ গ্যাস-সংকটের কারণে কারখানাটির উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে যায়। প্রায় ছয় মাস বন্ধ থাকার পর ২৫ আগস্ট কারখানাটিতে ফের গ্যাস সরবরাহ শুরু হয়। তবে দীর্ঘ সময় বন্ধ থাকার পর যন্ত্রপাতি পরীক্ষা-নিরীক্ষা ও কারিগরি প্রস্তুতির কারণে তাৎক্ষণিক উৎপাদন শুরু করা সম্ভব হয়নি।

প্রস্তুতি শেষে ১৫ সেপ্টেম্বর উৎপাদন শুরু হয়। কিন্তু উৎপাদন শুরুর পর কিছু কারিগরি জটিলতা দেখা দেয়। কর্তৃপক্ষ তখন জানিয়েছিল, সেগুলো সমাধান করে উৎপাদনে ফেরা সম্ভব হবে। কিন্তু এর মধ্যেই নতুন করে কারিগরি সমস্যায় উৎপাদন আবার বন্ধ হয়ে গেল।

 

কারখানা কর্তৃপক্ষ জানিয়েছে, পূর্ণ সক্ষমতায় উৎপাদন চালু রাখতে প্রতিদিন প্রায় ৪৫ থেকে ৫২ মিলিয়ন ঘনফুট গ্যাসের প্রয়োজন হয়। দীর্ঘদিন উৎপাদন বন্ধ থাকার কারণে কারখানাটির যন্ত্রপাতির ওপর এর প্রভাব পড়ে। ফলে গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ার পরও উৎপাদনে ফিরতে সময় লাগে।

সিইউএফএলে দৈনিক ইউরিয়া উৎপাদন সক্ষমতা প্রায় ১ হাজার ২০০ টন। গ্যাস-সংকট ও কারিগরি ত্রুটির কারণে গত কয়েক বছর ধরে বিভিন্ন সময়ে কারখানাটির উৎপাদন ব্যাহত হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৮
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%