ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

উত্তর কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রীকে অপসারণ


উত্তর কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রীকে অপসারণ

সামরিক নেতৃত্বের রদবদলের অংশ হিসেবে উত্তর কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রী নো কোয়াং চোলকে বরখাস্ত করা হয়েছে।রবিবার (৩০ আগস্ট) দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) জানিয়েছে, শনিবার কিম জং উনের সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে এই সাংগঠনিক পুনর্গঠন পরিকল্পনার সিদ্ধান্ত নেওয়া হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, নো কোয়াং চোলকে কেবল প্রতিরক্ষামন্ত্রীর পদ থেকেই অপসারণ করা হয়নি, বরং ক্ষমতাসীন দলের নেতৃত্বেও তার পদমর্যাদা কমিয়ে অস্ত্রশিল্প বিভাগের প্রথম উপ-পরিচালক করা হয়েছে। কোরিয়ান পিপলস আর্মির জেনারেল ও পলিটিক্যাল ব্যুরোর পরিচালক কিম সং গিকে নতুন প্রতিরক্ষামন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

আরেকজন জ্যেষ্ঠ কর্মকর্তা ও প্রতিরক্ষা উপদেষ্টা পাক জং চোনকে কেন্দ্রীয় সামরিক কমিশনের ভাইস-চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে এবং ক্ষমতাসীন দলের পলিটিক্যাল ব্যুরোর সদস্য করা হয়েছে। এছাড়াও আরও বেশ কিছু পদে পদোন্নতির ঘোষণা দেওয়া হয়েছে।

আরও পড়ুন: পাকিস্তান-আফগান সীমান্তে তালেবানের হামলায় ১ নিহত, ৫ আহত

আরেকটি প্রতিবেদনে কেসিএনএ জানিয়েছে, শনিবার এক অনুষ্ঠানে কিম প্রতিরক্ষা প্রযুক্তির ক্ষেত্রে অগ্রগতির জন্য বিজ্ঞানী, গবেষক ও কর্মকর্তাদের ভূয়সী প্রশংসা করেছেন এবং তাদের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মানে ভূষিত করেছেন।কেসিএনএ-র ভাষ্যমতে, সম্মাননাপ্রাপ্তরা নতুন যুদ্ধাস্ত্র ব্যবস্থা তৈরির ক্ষেত্রে যুগান্তকারী গুরুত্বসম্পন্ন বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত সমস্যা সমাধানে বিশেষ অবদান রেখেছেন। তবে কী ধরনের অস্ত্র ব্যবস্থা, সে বিষয়ে বিস্তারিত কিছু বলা হয়নি।

কেসিএনএ-র প্রকাশিত একটি ছবিতে দেখা যায়, কিম একজন সম্মাননাপ্রাপ্ত ব্যক্তির বুকে পদক পরিয়ে দিচ্ছেন।প্রতিবেদনে আরও বলা হয়, পারমাণবিক অস্ত্রধারী এই দেশটির অস্ত্র গবেষণা কেন্দ্র সম্প্রতি এমন কিছু অনন্য প্রযুক্তি উদ্ভাবন করেছে, যা যুদ্ধ সক্ষমতা জোরদার করার ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য ঘটনা হিসেবে বিবেচিত হবে। তবে এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেওয়া হয়নি। এসব প্রযুক্তির মাধ্যমে দেশটি তার সামরিক ও প্রযুক্তিগত সক্ষমতার অনন্য বিকাশের ধারা প্রদর্শন করেছে বলেও উল্লেখ করা হয়।

জুন মাসের শেষের দিকে কিম একটি নতুন বর্ধিত-পাল্লার মাল্টিপল রকেট লঞ্চার এবং আর্টিলারির পরীক্ষা পর্যবেক্ষণ করেন। দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যকার বার্ষিক যৌথ মহড়া শেষ হওয়ার পরপরই নেতৃত্বের এই রদবদল ঘটল।পিয়ংইয়ং নিয়মিতভাবে এই মহড়াগুলোকে আগ্রাসনের প্রস্তুতি হিসেবে অভিহিত করে নিন্দা জানিয়ে আসছে। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এগুলোর সময়সীমা কমিয়ে আনার নির্দেশ দেওয়ায় এবার মহড়াগুলোর ওপর বিশেষ নজর ছিল।

মার্কিন প্রেসিডেন্ট উত্তর কোরিয়ার প্রতি উসকানিমূলক হিসেবে এই মহড়াগুলোর সমালোচনা করেন এবং ইরানের বিরুদ্ধে তার যুদ্ধে সমর্থন না দেওয়ায় সিউলের কঠোর সমালোচনা করেন। ট্রাম্প উত্তর কোরিয়ার নেতা কিমেরও প্রশংসা করেন। তিনি জানান, কিমের সঙ্গে তিনি তার প্রথম মেয়াদে দুবার সাক্ষাৎ করেছিলেন এবং এ বছরই সম্ভাব্য আরেকটি বৈঠকের প্রত্যাশা ব্যক্ত করেন। এরপরও উত্তর কোরিয়া ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে এবং সীমিত পরিসরে আয়োজিত এই মহড়াগুলোর নিন্দা জানিয়েছে।

আরও পড়ুন: রিজভী: বিদ্যুৎখাতে লুটপাটের জন্য ইনডেমনিটি দিয়েছিল আওয়ামী সরকার

দক্ষিণ কোরিয়ার কাছে অস্ত্র বিক্রির অনুমোদন এবং উত্তর কোরিয়ায় মানবাধিকার লঙ্ঘনের ঘটনা নথিবদ্ধ করার কর্মসূচিতে অর্থায়নের যে পরিকল্পনা ওয়াশিংটন নিয়েছে, তারও তীব্র সমালোচনা করেছে পিয়ংইয়ং। এরই মধ্যে ওয়াশিংটন ও তার আঞ্চলিক মিত্রদের মধ্যে সামরিক সহযোগিতা অব্যাহত থাকছে। দক্ষিণ কোরিয়া, যুক্তরাষ্ট্র ও জাপান ৭ থেকে ১১ সেপ্টেম্বর দক্ষিণ কোরিয়ার জেজু দ্বীপের পূর্ব ও দক্ষিণের আন্তর্জাতিক জলসীমায় ‘ফ্রিডম এজ নামে একটি ত্রিপাক্ষিক যৌথ মহড়া আয়োজন করতে যাচ্ছে।

সিউলের জয়েন্ট চিফস অফ স্টাফ (জেসিএস) শুক্রবার জানিয়েছে, উত্তর কোরিয়ার পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র হুমকির মোকাবিলা এবং এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা রক্ষার লক্ষ্যে তিনটি দেশ মিলে প্রতি বছর এই আত্মরক্ষামূলক মহড়াটি পরিচালনা করে থাকে।

সূত্র: এএফপি।

আরও পড়ুন: দুর্লভ ডাইনোসর ‘জোডি’ ৪৭.৩ মিলিয়ন ডলারে বিক্রি, বিজ্ঞানীদের অসন্তোষ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চুয়াডাঙ্গায় অনিয়মের দায়ে ৩টি দোকানকে জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৩০শে আগস্ট, ২০২৬ ইং

০৫:২৬ পি.এম


চুয়াডাঙ্গায় অনিয়মের দায়ে ৩টি দোকানকে জরিমানা

চুয়াডাঙ্গা, ৩০ আগস্ট, ২০২৬ : জেলার আলমডাঙ্গা উপজেলায় আজ বিভিন্ন অনিয়মের দায়ে তিন দোকান মালিককে মোট ১৩ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।   

আজ রোববার দুপুরে আলমডাঙ্গা শহরে এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয় সূত্রে জানা যায়, রোববার বেলা ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত আলমডাঙ্গা শহরে অভিযানকালে খাদ্য পণ্য, কসমেটিক্স ও বীজ প্রভৃতি তদারকি করা হয়। এ সময় অবৈধ কসমেটিকস বিক্রির দায়ে নাহিদা খাতুনের নাহিদা কসমেটিকস কর্ণারকে পাঁচহাজার টাকা, মূল্য তালিকা প্রদর্শন না  করায় মতিয়ার রহমানের রুবেল ফল ভান্ডারকে তিনহাজার এবং মেয়াদোত্তীর্ণ বীজ বিক্রির দায়ে মাসুদ রানার ইসহাক বীজ ভান্ডারকে পাঁচহাজার টাকা সহ সর্বমোট  ১৩ হাজার জরিমানা করা হয়।

এ সময় জেলা বীজ প্রত্যয়ন এজেন্সীর বহিরাঙ্গন কর্মকর্তা সালমা জাহান নিপা সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
সম্পূর্ণ বিদেশি বিনিয়োগে নির্মিতব্য লালদিয়া কনটেইনার টার্মিনালের ভিত্তিপ্রস্তর স্থাপন

বাংলাদেশ আন্তর্জাতিক বিনিয়োগকারীদের কাছে ক্রমেই আকর্ষণীয় হয়ে উঠছে: নৌমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৩০শে আগস্ট, ২০২৬ ইং

০৫:২৬ পি.এম


বাংলাদেশ আন্তর্জাতিক বিনিয়োগকারীদের কাছে ক্রমেই আকর্ষণীয় হয়ে উঠছে: নৌমন্ত্রী

সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, ‘সরকারের বিনিয়োগবান্ধব নীতি, কৌশলগত ভৌগোলিক অবস্থান এবং অর্থনৈতিক সম্ভাবনার কারণে বাংলাদেশ আন্তর্জাতিক বিনিয়োগকারীদের কাছে ক্রমেই আকর্ষণীয় হয়ে উঠছে। দেশের স্বার্থে যেখানে আন্তর্জাতিক অংশীদারিত্ব ও বিনিয়োগ কাজে লাগানো সম্ভব, সেখানে সরকার তা কাজে লাগাতে আন্তরিকভাবে কাজ করছে।’

তিনি বলেন, ‘বাংলাদেশের অর্থনীতি ও বাণিজ্যকে আরও প্রসারিত করার জন্য দেশের স্বার্থে যেখানে যে আন্তর্জাতিক দক্ষতা, প্রযুক্তি ও বিনিয়োগ কাজে লাগানো সম্ভব, আমরা তা কাজে লাগাতে চাই। বাংলাদেশের আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা বাড়ছে এবং লালদিয়া কনটেইনার টার্মিনাল তার একটি উজ্জ্বল উদাহরণ।’

রবিবার সকালে চট্টগ্রামের পতেঙ্গায় কর্ণফুলী নদীর তীরে লালদিয়া কনটেইনার টার্মিনালের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বৃদ্ধি, আধুনিকায়ন এবং দেশের বৈদেশিক বাণিজ্যকে আরও গতিশীল করার লক্ষ্যে ডেনমার্কের সহযোগিতায় নির্মিতব্য লালদিয়া কনটেইনার টার্মিনালের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

অনুষ্ঠানে নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম বলেন,  ‘আজকের দিনটি আমাদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বন্দর উন্নয়নে আমরা একটি নতুন অধ্যায়ে প্রবেশ করতে যাচ্ছি। বিনিয়োগ, প্রযুক্তি ও আধুনিক টার্মিনাল ব্যবস্থাপনার সর্বাধুনিক যুগে প্রবেশের পথে বাংলাদেশ আজ আরও এক ধাপ এগিয়ে গেল। লালদিয়া কনটেইনার টার্মিনাল চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি বাংলাদেশের বন্দর ব্যবস্থাপনায় একটি নতুন অধ্যায়ের সূচনা করবে।’

‘চট্টগ্রাম বন্দর বাংলাদেশের অর্থনীতির প্রাণশক্তি। দেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের প্রায় ৯৩ শতাংশ এ বন্দরের মাধ্যমে পরিচালিত হয়। ফলে ক্রমবর্ধমান বৈদেশিক বাণিজ্যের চাহিদা পূরণে চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বৃদ্ধি, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং আন্তর্জাতিক মানের সেবা নিশ্চিত করা অত্যন্ত জরুরি।’

তিনি বলেন, ‘আমাদের আমদানি-রপ্তানি বাণিজ্য ক্রমাগত সম্প্রসারিত হচ্ছে। সেই বাণিজ্যকে আরও দ্রুত, দক্ষ ও আন্তর্জাতিক মানসম্পন্ন করার জন্য আধুনিক বন্দর অবকাঠামো অপরিহার্য। লালদিয়া কনটেইনার টার্মিনাল সেই প্রয়োজন পূরণে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।’

তিনি বলেন, পিপিপি (পাবলিক প্রাইভেট পার্টনারশিপ) মডেলে বাস্তবায়িত এ প্রকল্পে ৫৫০ মিলিয়ন মার্কিন ডলারেরও বেশি সম্পূর্ণ বিদেশি বিনিয়োগ হচ্ছে। ডেনমার্কভিত্তিক এপিএম টার্মিনালস-এর মাধ্যমে প্রকল্পটি বাস্তবায়ন ও পরিচালিত হবে। এ বিনিয়োগ বাংলাদেশের অর্থনীতির প্রতি আন্তর্জাতিক বিনিয়োগকারীদের আস্থা এবং দেশের বিনিয়োগ সম্ভাবনার একটি গুরুত্বপূর্ণ প্রতিফলন।

মন্ত্রী বলেন, ‘সম্পূর্ণ বিদেশি বিনিয়োগে এ ধরনের একটি বৃহৎ প্রকল্প বাস্তবায়ন বাংলাদেশের প্রতি আন্তর্জাতিক পর্যায়ে বিনিয়োগকারীদের আস্থার বহিঃপ্রকাশ। তারা বাংলাদেশের অর্থনীতিতে ভূমিকা রাখতে চায়, বিনিয়োগ করতে চায়। আন্তর্জাতিক ও আঞ্চলিক পর্যায়ে বাংলাদেশের যে আস্থা ও গ্রহণযোগ্যতা আরও শক্তিশালী হওয়া প্রয়োজন, আজকের এই উদ্যোগের মধ্য দিয়ে তা আরও সুদৃঢ় হওয়ার সুযোগ তৈরি হয়েছে।’

লালদিয়া কনটেইনার টার্মিনালের আধুনিক অবকাঠামো ও প্রযুক্তিগত সক্ষমতার কথা তুলে ধরে নৌপরিবহন মন্ত্রী বলেন, এখানে আধুনিক কনটেইনার ইয়ার্ড, জেটি, গেট, কার্গো হ্যান্ডলিং ব্যবস্থা এবং অন্যান্য প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তোলা হবে। এখানে আধুনিক কনটেইনার হ্যান্ডলিং ব্যবস্থা থাকবে, থাকবে সর্বাধুনিক প্রযুক্তি ও আন্তর্জাতিক মানের টার্মিনাল ব্যবস্থাপনা। এর ফলে আমাদের পণ্য হ্যান্ডলিংয়ের সক্ষমতা যেমন বাড়বে, তেমনি আমদানি-রপ্তানি বাণিজ্যে সময় ও ব্যয় কমানোর সুযোগ সৃষ্টি হবে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পেশাদারিত্ব বজায় রেখে বাসসকে বিশ্বমানের সংস্থায় রূপান্তর করা হবে : কাদের গনি চৌধুরী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ৩০শে আগস্ট, ২০২৬ ইং

০৫:২৭ পি.এম


পেশাদারিত্ব বজায় রেখে বাসসকে বিশ্বমানের সংস্থায় রূপান্তর করা হবে : কাদের গনি চৌধুরী

ঢাকা, ৩০ আগস্ট ২০২৬ : সত্যের আরাধনা, বস্তুনিষ্ঠতা এবং সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রেখে জাতীয় বার্তা সংস্থা বাসসকে বিশ্বমানের সংবাদ সংস্থায় রূপান্তর করার অঙ্গীকার ব্যক্ত করেছেন নবনিযুক্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান সম্পাদক বিশিষ্ট সাংবাদিক মুহাম্মদ কাদের গনি চৌধুরী।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণ শেষে আজ রোববার দুপুরে বাসস কার্যালয়ে সাংবাদিক, কর্মকর্তা, কর্মচারীদের সঙ্গে আয়োজিত এক শুভেচ্ছা ও মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

সংস্থাটির কর্মীদের উৎসাহিত করে কাদের গনি চৌধুরী বলেন, ‘বাসসে একটি অত্যন্ত মেধাবী ও দক্ষ টিম রয়েছে। আমরা যদি সত্য ও পেশাদারিত্বকে ভিত্তি করে সততার সঙ্গে কাজ করি, তবে বাসস শুধু বাংলাদেশেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও সুনাম অর্জন করবে এবং অনন্য উচ্চতায় পৌঁছাবে। এই সংস্থাকে আমাদের আন্তর্জাতিক মানে নিয়ে যেতেই হবে, এর কোনো বিকল্প নেই।’

সংবাদের নিরপেক্ষতার ওপর জোর দিয়ে বাসস এমডি ও প্রধান সম্পাদক বলেন, ‘সাংবাদিকতা হলো সত্যের আরাধনা। সাদাকে সাদা এবং কালোকে কালো বলা। আমাদের দায়বদ্ধতা কেবল রাষ্ট্র এবং এ দেশের সাধারণ জনগণের প্রতি। বাসস পরিবারের সকল সদস্য মিলে আমরা রাষ্ট্র ও জনগণের কল্যাণে কাজ করব।’

কর্মক্ষেত্রে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আমাকে আপনারা এমডি বা প্রধান সম্পাদক ভাববেন না, আমি আপনাদেরই একজন সহকর্মী। মাঠের সংবাদকর্মী হিসেবে আমি আপনাদের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে চাই। এখানে ব্যক্তিপূজা বা ক্ষমতার দাপট দেখানোর কোনো সুযোগ নেই। নানা রঙের ফুল দিয়ে যেমন একটি সুন্দর মালা গাঁথা হয়, তেমনি সবাইকে সাথে নিয়ে একটি পেশাদার ও সুবাসিত বাসস পরিবার গঠন করতে চাই।’

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্যে তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ বলেন, ‘বাসস একসময় অত্যন্ত প্রাণবন্ত ও প্রভাবশালী প্রতিষ্ঠান ছিল। আন্তর্জাতিক ব্যক্তিত্ব, ভিভিআইপি ও দেশ-বিদেশের রাষ্ট্রপ্রধানদের এক্সক্লুসিভ সাক্ষাৎকার ও গুণগত প্রতিবেদন এ সংস্থা থেকে প্রকাশিত হতো, যা দেশের সব জাতীয় পত্রিকায় ছাপানো হতো। সেই ঐতিহ্যকে আবার ফিরিয়ে আনতে হবে।’

তিনি আরও বলেন, ‘একজন অভিজ্ঞ সাংবাদিক নেতা ও দক্ষ সংগঠককে বাসসের শীর্ষ পদে পাওয়া এ প্রতিষ্ঠানের জন্য একটি বড় সুযোগ। আমাদের মূল পরিচয় আমরা সাংবাদিক।’

এর আগে রোববার সকাল ১০টায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানার কাছে নবনিযুক্ত ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরী তার আনুষ্ঠানিক যোগদানপত্র জমা দেন।

এরপর দুপুর ১২টায় বাসস কার্যালয়ে পৌঁছালে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বাসসের সাংবাদিক, কর্মকর্তা ও কর্মচারীরা, বাসস এমপ্লয়িজ ইউনিয়ন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) বাসস ইউনিট এবং ডিইউজের কেন্দ্রীয় নেতৃবৃন্দ তাকে অভিনন্দন জানান।

বাসসের সিটি এডিটর মুরসালিন নোমানীর সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক খুরশীদ আলম, জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া, বাসসের ব্যবস্থাপনা সম্পাদক মো. ফজলুল হক, ডিইউজের বাসস ইউনিট চিফ ও ডিইউজের যুগ্ম সম্পাদক দিদারুল আলম এবং ডেপুটি ইউনিট চিফ জিএম রাজিব হোসেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বাসসের সিনিয়র সাংবাদিক গোলাম আহাদ, মোহাম্মদ রহিম উদ্দিন, মো. আব্দুল বাতেন মাতুব্বর, হারুন আল নাসিফ, আয়েশা পারভীন (জুনান নাশিত), প্রধান বার্তা সম্পাদক (ইংরেজি) মো. মানিকুল আজাদ, প্রধান বার্তা সম্পাদক (বাংলা) মো. আকতারুজ্জামান, সিটি এডিটর (ইংরেজি) মো. মোর্শেদুর রহমান, বাসস এমপ্লয়িজ ইউনিয়নের সভাপতি কামারুল হকসহ বাসস পরিবারের বিভিন্ন পর্যায়ের সাংবাদিক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জলবায়ু ঝুঁকিতে বাংলাদেশ বিশ্বে ১৩তম: সংসদে মন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ৩০শে আগস্ট, ২০২৬ ইং

০৫:২৯ পি.এম


জলবায়ু ঝুঁকিতে বাংলাদেশ বিশ্বে ১৩তম: সংসদে মন্ত্রী

জলবায়ু ঝুঁকির দিক থেকে বাংলাদেশ বর্তমানে বিশ্বের ১৩তম অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু। তিনি উল্লেখ করেন, জলবায়ু পরিবর্তনের ফলে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে এবং এর ফলে তাপজনিত অসুস্থতা ও মৃত্যুর ঝুঁকি বাড়ছে।

 

জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে রবিবার (৩০ আগস্ট) প্রশ্নোত্তর পর্বে কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য মো. মোবাশ্বের আলম ভূঁইয়ার এক প্রশ্নের লিখিত জবাবে মন্ত্রী এ তথ্য প্রদান করেন। এ সময় সংসদ অধিবেশনে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ (বীরবিক্রম) সভাপতিত্ব করেন।

মন্ত্রী আরও বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে বৈশ্বিক উষ্ণতা দ্রুত বৃদ্ধি পাচ্ছে, যা বিশ্বব্যাপী তাপজনিত অসুস্থতা ও মৃত্যুর হার বাড়াচ্ছে।

 

‘গ্লোবাল ক্লাইমেট রিস্ক ইনডেক্স ২০২৬’ অনুযায়ী, বাংলাদেশের অবস্থান বিশ্বের সবচেয়ে জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর মধ্যে ১৩তম।

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলার জন্য বাংলাদেশ জাতিসংঘের জলবায়ু পরিবর্তন কাঠামো (ইউএনএফসিসিসি)-এর আওতায় ‘ন্যাশনাল অ্যাডাপটেশন প্ল্যান’ (ন্যাপ) প্রণয়ন করেছে, যা দীর্ঘমেয়াদি অভিযোজন কৌশল নির্ধারণের লক্ষ্যে।

এছাড়া, গ্রিনহাউস গ্যাস নিঃসরণ কমানোর জন্য বাংলাদেশ ‘থার্ড ন্যাশনালি ডিটারমাইন্ড কন্ট্রিবিউশন্স’ (এনডিসি ৩.০) প্রণয়ন করে ইউএনএফসিসিসি-তে দাখিল করেছে।

এনডিসি ৩.০ অনুযায়ী, বাংলাদেশ ২০৩৫ সালের মধ্যে নিজস্ব সক্ষমতায় বা শর্তহীনভাবে গ্রিনহাউস গ্যাস নিঃসরণ ৬ দশমিক ৩৯ শতাংশ, যা ২৬ দশমিক ৭৪ মিলিয়ন মেট্রিক টন কার্বন ডাই-অক্সাইড সমতুল্য কমানোর লক্ষ্য নির্ধারণ করেছে।

মন্ত্রী জানান, আন্তর্জাতিক সহায়তা পাওয়ার শর্তে বাংলাদেশ আরও ১৩ দশমিক ৯২ শতাংশ বা ৫৮ দশমিক ২৩ মিলিয়ন মেট্রিক টন কার্বন ডাই-অক্সাইড সমতুল্য গ্রিনহাউস গ্যাস নিঃসরণ কমানোর লক্ষ্য নির্ধারণ করেছে।

 

দীর্ঘমেয়াদে নিঃসরণ কমানোর লক্ষ্যে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের নেতৃত্বে ‘লং টার্ম লো এমিশন ডেভেলপমেন্ট স্ট্র্যাটেজিস’ (এলটি-এলইডিএস) প্রণয়নের কাজ শুরু হয়েছে।

এছাড়া, কার্বন বাজারে বাংলাদেশের অংশগ্রহণকে সুশৃঙ্খল ও স্বচ্ছ করার জন্য একটি সমন্বিত ‘কার্বন মার্কেট ফ্রেমওয়ার্ক’ প্রণয়ন করা হয়েছে।

মন্ত্রী বলেন, এই কাঠামোর মাধ্যমে আন্তর্জাতিক ও স্বেচ্ছাসেবী কার্বন বাজারে বাংলাদেশের অংশগ্রহণ বাড়ানো, পরিবেশসম্মত উচ্চমানের প্রকল্প বাস্তবায়ন এবং কার্বন ক্রেডিট লেনদেনের মাধ্যমে বৈদেশিক বিনিয়োগ ও জলবায়ু অর্থায়ন বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%