ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

গাজীপুরে গ্যাস ও বিদ্যুৎ সরবরাহের উন্নতি, শিল্পাঞ্চলে স্বস্তি


গাজীপুরে গ্যাস ও বিদ্যুৎ সরবরাহের উন্নতি, শিল্পাঞ্চলে স্বস্তি

প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষণার পর গাজীপুরের শিল্পাঞ্চলে গ্যাসের চাপ এবং বিদ্যুৎ সরবরাহের পরিস্থিতিতে উন্নতি লক্ষ্য করা গেছে। এই উন্নতির ফলে জেলার বিভিন্ন শিল্পকারখানায় উৎপাদন কার্যক্রমে স্বস্তি ফিরে এসেছে।

জেলা প্রশাসক মো. নুরুল করিম ভূঁইয়া গাজীপুরের বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠান এবং বিদ্যুৎ-গ্যাস সরবরাহ কেন্দ্র পরিদর্শন করেছেন, যাতে গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন এবং উৎপাদন কার্যক্রমের অবস্থা জানা যায়। তিনি স্প্যারো ফ্যাশন, ডিবিএল গার্মেন্টস, জয়দেবপুর গ্রিড এবং তিতাসের আঞ্চলিক বিপণন কেন্দ্র (স্টেশন) পরিদর্শন করেন।

সম্প্রতি, জেলার বিভিন্ন শিল্পাঞ্চলে গ্যাসের চাপ কমে যাওয়ার পাশাপাশি বিদ্যুতের লোডশেডিংয়ের কারণে উৎপাদন কার্যক্রম ব্যাহত হচ্ছিল। এর ফলে শিল্প মালিকদের উৎপাদন ব্যয় বৃদ্ধি পেয়ে গিয়েছিল এবং নির্ধারিত সময়ে পণ্য সরবরাহে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষণার পর সরকার গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ বৃদ্ধির জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে। এর ফলে গাজীপুরের শিল্পাঞ্চলে গ্যাসের চাপ পূর্বের তুলনায় বৃদ্ধি পেয়েছে এবং বিদ্যুতের লোডশেডিংও কমেছে।

আরও পড়ুন: ইনানীতে ৪২ ঘণ্টা ধরে জ্বলছে আগুন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি

গাজীপুরের শিল্পকারখানার গ্যাসের চাহিদা প্রায় ৫০০ মিলিয়ন ঘনফুট। পূর্বে প্রায় ২৬০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হলেও বর্তমানে তা প্রায় ৪০০ মিলিয়ন ঘনফুটে উন্নীত হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

জেলা প্রশাসক নুরুল করিম ভূঁইয়া পরিদর্শনকালে জানান, শিল্পখাতের উৎপাদন কার্যক্রম নির্বিঘ্ন রাখতে প্রধানমন্ত্রীর ঘোষণার পর গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতির উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। তিনি বলেন, "শিল্পের স্বার্থে বর্তমান পরিস্থিতি আরো স্থিতিশীল রাখতে সংশ্লিষ্ট দপ্তর ও সংস্থার সঙ্গে সমন্বয় করে কার্যক্রম অব্যাহত রাখা হবে।"

তিনি গ্যাসের চাপ, বিদ্যুৎ সরবরাহ, লোডশেডিং এবং শিল্পকারখানার উৎপাদন পরিস্থিতি নিয়ে সংশ্লিষ্ট শিল্পপ্রতিষ্ঠান, পল্লী বিদ্যুৎ ও তিতাস গ্যাসের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন। শিল্পের উৎপাদন স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় সহযোগিতা ও সমন্বয় নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

এদিকে, শিল্প মালিকরা চাহিদা অনুযায়ী গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ অব্যাহত রাখার দাবি জানিয়েছেন। তাদের মতে, সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক থাকলে উৎপাদন বৃদ্ধি পাবে, উৎপাদন ব্যয় কমবে এবং শিল্পখাতে ক্ষতির পরিমাণও হ্রাস পাবে।

আরও পড়ুন: ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ৯ ভোটগ্রহণ কর্মকর্তা প্রত্যাহার, নতুন কর্মকর্তাদের নিয়োগ

জেলা প্রশাসন জানায়, গাজীপুর দেশের অন্যতম বৃহৎ শিল্পাঞ্চল। তৈরি পোশাক, ডায়িং, স্পিনিং, টেক্সটাইলসহ বিভিন্ন খাতের বিপুলসংখ্যক শিল্পকারখানা এ জেলায় অবস্থিত। এসব শিল্পের উৎপাদন কার্যক্রম স্বাভাবিক রাখতে নিরবচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জেলা প্রশাসন শিল্পখাতের স্বার্থে গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ অব্যাহত রাখবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পলাতক সাজাপ্রাপ্তদের ফেরাতে ভারত সুনির্দিষ্ট জবাব দেয়নি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৭:৩৭ পি.এম


পলাতক সাজাপ্রাপ্তদের ফেরাতে ভারত সুনির্দিষ্ট জবাব দেয়নি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বাংলাদেশের কূটনৈতিক যোগাযোগ ভারতে পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের দেশে ফিরিয়ে আনতে অব্যাহত রয়েছে। তবে ভারত সরকারের কাছ থেকে এখনো কোনো সুনির্দিষ্ট জবাব আসেনি। তাদের পক্ষ থেকেও একটি আইনি প্রক্রিয়া চলছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ এসব তথ্য জানান।

 

প্রতিমন্ত্রী উল্লেখ করেন, ‘সাজাপ্রাপ্ত আসামিদের দেশে ফিরিয়ে আনা একটি চলমান প্রক্রিয়া।’ তিনি আইনি বিষয়ে মন্তব্য করতে চাননি এবং বলেন, ‘পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব হলো— প্রচলিত আইন ও কূটনৈতিক প্রক্রিয়া অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া।’

তিনি আরও বলেন, ‘সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এবং জুলাই গণ-অভ্যুত্থানে হত্যাকাণ্ডের ঘটনায় ভারতে অবস্থানরত আসামিদের দেশে ফিরিয়ে আনার জন্য বন্দি প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী কাজ চলছে। এ বিষয়ে চিঠিপত্রের আদান-প্রদানও চলছে।’

সম্প্রতি আওয়ামী লীগের সাত নেতার বিরুদ্ধে আদালতের দেওয়া রায় নিয়ে এক প্রশ্নের জবাবে শামা ওবায়েদ বলেন, ‘রায়টি যেহেতু সদ্য হয়েছে, তাই আদালতের আনুষ্ঠানিক সব কাগজপত্র পররাষ্ট্র মন্ত্রণালয়ের হাতে পাওয়ার পর যথাযথ প্রক্রিয়ায় ভারত সরকারের সঙ্গে যোগাযোগ করা হবে। আসামিদের দেশে ফিরিয়ে এনে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

ভারতে অবস্থানরত কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরাতে এর আগে পাঠানো চিঠির অগ্রগতি জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, ‘এ বিষয়ে বাংলাদেশের কূটনৈতিক যোগাযোগ চলছে। ভারত সরকারের কাছ থেকে এখনো কোনো সুনির্দিষ্ট উত্তর পাওয়া যায়নি। তবে ভারতীয় কর্তৃপক্ষের দিক থেকেও একটি আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে বাংলাদেশ জানতে পেরেছে। এই কার্যক্রম চলমান থাকবে, যতক্ষণ না তাদের বাংলাদেশে ফিরিয়ে আনা সম্ভব হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নোয়াখালীতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের

আন্তর্জাতিক ডেস্ক

নোয়াখালী প্রতিনিধি

বুধবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৭:৩৯ পি.এম


নোয়াখালীতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় শফিকুল আজিম ওরফে সুমন (৪৬) নামে এক স্কুল শিক্ষকের মৃত্যু হয়েছে।  

বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেল সোয়া ৪টার দিকে উপজেলার জয়নাল আবেদীন স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন হাজী সফি মঞ্জিলের সামনের চৌমুহনী- মাইজদী আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।  
নিহত সুমন উপজেলার উত্তর কুতুবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক ছিলেন এবং উপজেলার কাদিরপুর ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের ঘাটলা গ্রামের ওয়ালী বেপারী বাড়িরে মাস্টার আবুল খায়েরের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বিকেলে সুমন চৌমুনহী পৌরসভার চৌরাস্তা এলাকা থেকে মোটরসাইকেল যোগে জেলা শহর মাইজদীর উদ্দেশ্যে রওয়ানা দেন। যাত্রা পথে তিনি জয়নাল আবেদীন স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন হাজী সফি মঞ্জিলের সামনের চৌমুহনী- মাইজদী আঞ্চলিক মহাসড়কে পৌঁছলে অজ্ঞাত বেপরোয়া গাড়ি তাকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুত্বর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে তাকে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।  

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.শামসুজ্জামান বলেন, বিষয়টি আমি শুনেছি। এখন ঘটনাস্থলে পুলিশ পাঠানো হচ্ছে। ঘটনাস্থল পরিদর্শন শেষে বিস্তারিত জানা যাবে।  
   

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বালিয়াকান্দিতে শশুরের কথা না শোনায় ভুয়া ঠিকানায় মামলা দিয়ে জামাইয়ের পরিবারকে হয়রানীর অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

জাকির হোসেন পাটোয়ারী রাজবাড়ী প্রতিনিধি

বুধবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৭:৫৬ পি.এম


বালিয়াকান্দিতে শশুরের কথা না শোনায় ভুয়া ঠিকানায় মামলা দিয়ে জামাইয়ের পরিবারকে হয়রানীর অভিযোগ
 
শশুরের কথা না শোনায় ভুয়া ঠিকানা ব্যবহার করে জামাইয়ের পরিবারকে একাধিক মামলা দিয়ে হয়রানীর অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জঙ্গল ইউনিয়নের বহলাকুন্ডু গ্রামে।
জঙ্গল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কল্লোল কুমার বসুর প্রত্যায়নপত্র সুত্রে জানাগেছে, বালিয়াকান্দি উপজেলা জঙ্গল ইউনিয়নে আগপোটরা গ্রামের রুপন কুমার মন্ডলের মেয়ে লিলি মন্ডলের সাথে একই ইউনিয়নের বহলাকুন্ডু গ্রামের বিধান চন্দ্র সরকারের ছেলে ক্লিনটন মন্ডলের ২০২৫ সালের ১৮ এপ্রিল বিবাহ হয়। 
ক্লিনটন মন্ডল বলেন, বিবাহের দুই মাস পরে স্ত্রী লিলিকে নিয়ে রাজবাড়ী বাসায় বসবাস করতে চাইলে শশুর রুপন কুমার মন্ডল মেয়েকে ফরিদপুর মেচে রেখে পড়াশুনা করার জন্য চাপ দেয়। পরে আমি রাজি হলে সে মেসে থাকে। তাকে একাধিকবার বোঝানোর পরও সে তার ইচ্ছামতো চলতে চায়। শশুর রুপন কুমার মন্ডল তার মেয়েকে বাড়িতে নিয়ে যাওয়ার কথা বলে গত ১১ মে লিলি মন্ডল ও তার বাবা রুপন মন্ডল বালিয়াকান্দি উপজেলার জঙ্গল ইউনিয়নের আগপোটরা গ্রামের ঠিকানা গোপন করে মাগুরা সদর উপজেলার কলকলিয়া পাড়ার ভুয়া ঠিকানা ব্যবহার করে। তারা আমাকে, বাবা, মা, ভাইয়ের বিরুদ্ধে মাগুড়া আদালতে হয়রানিমূলক ৪ টি মামলা করেন। ১৫ লক্ষ টাকা দিলে মামলা নিষ্পত্তি হবে, তা না হলে সবাইকে জেলের ঘানি টানতে হবে বলে শশুর হুমকি দিচ্ছে।
ক্লিনটন সরকারের পিতা বিধান চন্দ্র সরকার বলেন, আমার ছোট ছেলের সাথে রুপম কুমার মন্ডলের মেয়ের পারিবারিক ভাবে  বিবাহ দিলে বিয়ের দুই মাসের মাথায় ছেলে রাজবাড়ীর চাকরির সূত্রে স্ত্রীকে বাসায় নিয়ে যাওয়ার কথা বলে। আমরা সবাই রাজি, কিন্তু আমার বিয়াই রুপম মন্ডল তা মানতে নারাজ। তার উদ্দেশ্য হল মেয়েকে বাসায় না নিয়ে পড়ালেখার উদ্দেশ্যে ফরিদপুরে পাঠাতে হবে এবং সমস্ত খরচ জামাইকে বহন করতে হবে। আর তার কথা মত জামাইকে চলতে হবে, তা না হলে মেয়ে এ বাড়িতে থাকবে না। কিন্তু আমার ছেলে তার শশুরের কোন কথা মানতে পারেনি বিধায়, আমার বিয়াই রুপম মন্ডল মেয়েকে নিয়ে রাজবাড়ী আদালতে মামলা না করে মিথ্যা ঠিকানা দিয়ে মাগুরা আদালতে  যৌতুক আইনে মামলাসহ বিভিন্ন ধরণের ৪টি মামলা করে হয়রানি করছে। আমরা সঠিক তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির দাবী জানাচ্ছি। 
এ মামলার এজাহারে উল্লেখিত তথ্যে অনুযায়ী এলাকায় খোঁজ নিলে এলাকাবাসী বলেন, রুপন কুমার মন্ডল অত্যান্ত ধূর্ত প্রকৃতির লোক। সে মেয়েকে দিয়ে মাগুরা আদালতে মামলা দিয়ে জামাইকে হয়রানি করছে। 
রুপন কুমার মন্ডলের ছেলে হিটলার মন্ডল জাল সনদ দিয়ে মাগুড়া জেলার শ্রীপুর উপজেলার কাজলী কলেজিয়েট স্কুল এ্যান্ড কলেজে এবং রুপন কুমার মন্ডলের মেঝো ভাইয়ের ছেলে চিরঞ্জিত মন্ডল মাগুরা সদর উপজেলার হাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ে  ২০২২ সালে একই পদে কম্পিউটার ল্যাব অপারেটর নিয়োগে চাকরি নেন। এনিয়ে ২০২৪ সালের ২১ মার্চ অর্থ লেনদেনের তথ্য ফাঁস হলে বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়।
এ বিষয়ে রুপন কুমার মন্ডলের বাড়ীতে গিয়ে তাকে পাওয়া যায়নি। তার মুঠোফোনে একাধিকবার ফোন করা হলেও ফোন রিসিভ করে না।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ‘উদ্যোক্তা উন্নয়ন’ প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

সাব্বির হাসনাত, রবীন্দ্র বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বুধবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৭:৫৭ পি.এম


রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ‘উদ্যোক্তা উন্নয়ন’ প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠিত

রবীন্দ্র বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক)-এর প্রশিক্ষণ প্রতিষ্ঠান বিসিক ট্রেনিং ইনস্টিটিউট (বিটিআই)-এর যৌথ উদ্যোগে আয়োজিত ‘উদ্যোক্তা উন্নয়ন’ শীর্ষক পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠান রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী অ্যাকাডেমিক ভবন-৩ এ অনুষ্ঠিত হয়েছে। সমাপনী অনুষ্ঠানে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক তাহ্‌মিনা আখতার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুস সোবাহান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর হোসেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিসিক জেলা কার্যালয়, সিরাজগঞ্জের সহকারী মহাব্যবস্থাপক মোঃ মাহবুবুল ইসলাম; রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান জান্নাতুল মাওয়া মুন, বাংলা বিভাগের চেয়ারম্যান মো. জাবেদ ইকবাল, ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক (সিএসই) মো. তারেকুল ইসলাম, সংগীত বিভাগের প্রভাষক বাবুল হোসেন এবং অর্থনীতি বিভাগের প্রভাষক একরামুল হাসান।

পাঁচ দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের ব্যবসায় পরিকল্পনা প্রণয়ন, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ ব্যবস্থাপনা, বিপণন কৌশল, আর্থিক ব্যবস্থাপনা, নেতৃত্ব উন্নয়ন, সাপ্লাই চেইন ব্যবস্থাপনা, উৎপাদনশীলতা এবং সফল উদ্যোক্তা হওয়ার বিভিন্ন ব্যবহারিক ও কারিগরি বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণের অংশ হিসেবে শিক্ষার্থীদের বাস্তবভিত্তিক ব্যবসায়িক ধারণা প্রণয়ন ও উপস্থাপনের সুযোগ দেওয়া হয়। সমাপনী পর্বে প্রশিক্ষণার্থীরা তিনটি গ্রুপে বিভক্ত হয়ে তিনটি ব্যবসায়িক ধারণা (Business Idea) উপস্থাপন করেন। বিচারকমণ্ডলীর নির্ধারিত মূল্যায়ন মানদণ্ডের ভিত্তিতে উপস্থাপনাগুলো মূল্যায়ন করা হয়। মূল্যায়নের ফলাফলের ভিত্তিতে একটি গ্রুপকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয় এবং বিজয়ী দলের সদস্যদের পুরস্কার প্রদান করা হয়।

প্রশিক্ষণ কর্মসূচিতে কোর্স পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন বিসিক ট্রেনিং ইনস্টিটিউটের (বিটিআই) সহযোগী অনুষদ সদস্য মোঃ তানজিম হোসেন। কোর্স সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করেন বিসিক ট্রেনিং ইনস্টিটিউটের সহকারী অনুষদ সদস্য মিফতাহুল জান্নাত রিপা এবং সহকারী অনুষদ সদস্য মোঃ জুবায়ের ইসলাম।

সমাপনী অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক বাস্তবতায় টেকসই উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের ক্ষেত্রে উদ্যোক্তা উন্নয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে উদ্যোক্তা মানসিকতা, উদ্ভাবনী চিন্তাশক্তি ও ব্যবসায়িক দক্ষতা বিকাশের মাধ্যমে একটি সক্ষম, আত্মনির্ভরশীল ও কর্মসংস্থান সৃষ্টিকারী তরুণ প্রজন্ম গড়ে তোলা সম্ভব। এ লক্ষ্যে বিসিক দীর্ঘদিন ধরে দেশব্যাপী উদ্যোক্তা উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করে আসছে। বক্তারা আরও বলেন, ‘চাকরি খোঁজার পাশাপাশি চাকরি সৃষ্টির মানসিকতা’ গড়ে তোলার মাধ্যমে শিক্ষার্থীদের সম্ভাবনাময় উদ্যোক্তা হিসেবে প্রস্তুত করা এ প্রশিক্ষণ কর্মসূচির অন্যতম প্রধান লক্ষ্য।

পাঁচ দিনব্যাপী অনুষ্ঠিত এ প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে উদ্যোক্তা সংস্কৃতির বিকাশ, উদ্ভাবনী চিন্তার প্রসার এবং আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে একটি কার্যকর ভিত্তি তৈরি হয়েছে। বিসিক ট্রেনিং ইনস্টিটিউট (বিটিআই) ও রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের এ যৌথ উদ্যোগ ভবিষ্যতেও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%