ঢাকা বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ইং ০৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাছবোঝাই ট্রাক উল্টে ৮ কিলোমিটার যানজট, ভোগান্তি


ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাছবোঝাই ট্রাক উল্টে ৮ কিলোমিটার যানজট, ভোগান্তি

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপর একটি গাছবোঝাই ট্রাক উল্টে যাওয়ার ফলে প্রায় ৮ কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) ভোর ৬টার দিকে উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানবাহনের সারি দীর্ঘ হওয়ায় সাধারণ যাত্রী ও পরিবহন চালকদের জন্য চরম ভোগান্তির সৃষ্টি হয়েছে।

হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, ভোরের দিকে চট্টগ্রামগামী লেনে যাওয়ার সময় মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের ওপর উল্টে যায়। ট্রাকের গাছের গুঁড়িগুলো সড়কে ছড়িয়ে পড়ায় যান চলাচলে মারাত্মক প্রতিবন্ধকতা তৈরি হয়। ধীরগতির কারণে মহাসড়কে প্রায় ৮ কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়। এর ফলে সকাল থেকেই কর্মস্থলগামী মানুষ ও দূরপাল্লার যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।

এক ভুক্তভোগী যাত্রী সালাম মিয়া ক্ষোভ প্রকাশ করে বলেন, "মেঘনা যাওয়ার উদ্দেশে বের হয়ে প্রায় দেড় ঘণ্টা একই জায়গায় আটকে ছিলাম। যানজট ছাড়ার কোনো লক্ষণ না দেখে বাধ্য হয়ে গাড়ি থেকে নেমে বাড়ি ফিরে যাচ্ছি।"

আরও পড়ুন: বকশীগঞ্জ সীমান্তে ১ হাজার ৮৫ বোতল ভারতীয় মদ উদ্ধার

ঘটনাস্থলে দায়িত্বরত কাঁচপুর হাইওয়ে পুলিশের সার্জেন্ট ফজলে রাব্বি জানান, ভোরে দুর্ঘটনা ঘটার কারণে সড়ক থেকে গাছের গুঁড়িগুলো সরানোর জন্য তাৎক্ষণিকভাবে শ্রমিক পাওয়া যায়নি। এই কারণেই যানজট দীর্ঘায়িত হয়েছে। তবে এরই মধ্যে শ্রমিকদের কাজে লাগানো হয়েছে। রেকারের সাহায্যে দুর্ঘটনাকবলিত ট্রাকটি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আলী ফজল নতুন আন্তর্জাতিক প্রজেক্টে, অভিনয় করবেন 'প্যাসেজ টু ইন্ডিয়া' সিরিজে

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ ইং

০১:৫০ পি.এম


আলী ফজল নতুন আন্তর্জাতিক প্রজেক্টে, অভিনয় করবেন

জনপ্রিয় সিরিজ মির্জাপুর-এর মাধ্যমে দর্শকের কাছে পরিচিতি পাওয়া অভিনেতা আলী ফজল এবার নতুন আন্তর্জাতিক প্রজেক্টে যুক্ত হচ্ছেন। তিনি লেখক ই এম ফরস্টারের বিখ্যাত উপন্যাস আ প্যাসেজ টু ইন্ডিয়া অবলম্বনে নির্মিতব্য পাঁচ পর্বের সিরিজে প্রধান চরিত্রে অভিনয় করবেন। সিরিজটিতে বর্ষীয়ান অভিনেতা নাসিরুদ্দিন শাহ ও শাহানা গোস্বামীও থাকছেন।

এমি পুরস্কারজয়ী নির্মাতা রিচি মেহতা সিরিজটির চিত্রনাট্য লিখছেন এবং পরিচালনা করছেন। এটি যৌথভাবে নির্মাণ করছে বিবিসি ও কানাডিয়ান ব্রডকাস্টিং করপোরেশন (সিবিসি)। সিরিজটির শুটিং ভারতে অনুষ্ঠিত হবে। এতে ভারতীয় ও আন্তর্জাতিক অঙ্গনের একাধিক অভিনয়শিল্পী যুক্ত হয়েছেন।

ড. আজিজের চরিত্রে আলী ফজল

সিরিজে ড. আজিজের ভূমিকায় দেখা যাবে আলী ফজলকে। ১৯২০-এর দশকে ব্রিটিশ ঔপনিবেশিক শাসনাধীন ভারতের একজন চিকিৎসক তিনি। সাংস্কৃতিক ভিন্নতা সত্ত্বেও মানুষের মধ্যে আন্তরিক সম্পর্ক গড়ে ওঠার সম্ভাবনায় বিশ্বাসী আজিজের জীবন এক বিতর্কিত ঘটনার পর বদলে যায়। ঘটনাটিকে কেন্দ্র করে শুরু হয় আইনি লড়াই। এর মধ্য দিয়ে ঔপনিবেশিক সমাজের বৈষম্য, পক্ষপাত ও ক্ষমতার সম্পর্ক উঠে আসবে গল্পে।

উপন্যাসটির অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র ফিল্ডিংয়ের ভূমিকায় থাকছেন টম মিসন। তিনি একজন শিক্ষাবিদ, যার সঙ্গে আজিজের ঘনিষ্ঠতা তৈরি হয়। মিসেস মুর চরিত্রে অভিনয় করবেন বাফটা পুরস্কারজয়ী অভিনেত্রী ফিওনা শ। তার ছেলে রনির চরিত্রে থাকছেন গুইলিম লি। আর অ্যাডেলার চরিত্রে অভিনয় করবেন ক্লেয়ার হিউজ।

নাসিরুদ্দিন শাহ ও শাহানা গোস্বামীও আছেন। সিরিজটির ভারতীয় অভিনয়শিল্পীদের মধ্যে রয়েছেন নাসিরুদ্দিন শাহ, শাহানা গোস্বামী ও দানিশ হুসেইন। নাসিরুদ্দিন শাহ অভিনয় করবেন গোদবোলের চরিত্রে। তিনি একজন শিক্ষাবিদ ও আধ্যাত্মিক ব্যক্তিত্ব। অন্যদিকে, শাহানা গোস্বামীকে দেখা যাবে অমৃত রাও চরিত্রে। তিনি একজন দক্ষ আইনজীবী এবং ভারতের আইন পেশায় প্রবেশ করা প্রথম দিকের নারীদের একজন।

এ ছাড়া আজিজের চাচা ও ঘনিষ্ঠজন হামিদুল্লাহর চরিত্রে অভিনয় করবেন দানিশ হুসেইন। ঔপনিবেশিক শাসনব্যবস্থা সম্পর্কে তার দৃষ্টিভঙ্গি আজিজের আশাবাদী চিন্তাভাবনার চেয়ে আলাদা।

আন্তর্জাতিক ক্যারিয়ারে নতুন সংযোজন

আন্তর্জাতিক চলচ্চিত্র ও সিরিজে আগেও কাজ করেছেন আলী ফজল। তিনি ভিক্টোরিয়া অ্যান্ড আবদুল চলচ্চিত্রের পাশাপাশি জনপ্রিয় সিরিজ মির্জাপুর-এ অভিনয় করে পরিচিতি পেয়েছেন। ভারতীয় চলচ্চিত্রের বাইরেও নিজের অভিনয়ের পরিসর বাড়িয়ে চলেছেন এই অভিনেতা। এবার আন্তর্জাতিক সাহিত্যকর্মের গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয়ের সুযোগ তার ক্যারিয়ারে নতুন সংযোজন হতে যাচ্ছে।

অন্যদিকে, নির্মাতা রিচি মেহতা এর আগে আন্তর্জাতিকভাবে প্রশংসিত সিরিজ পোচার নির্মাণ করেছেন। এবার ই এম ফরস্টারের উপন্যাসকে পর্দায় তুলে ধরছেন তিনি। বন্ধুত্ব, পরিচয়, ন্যায়বিচার ও ঔপনিবেশিক ক্ষমতার সম্পর্ক—এসব বিষয়কে কেন্দ্র করে এগোবে সিরিজটির গল্প।

আ প্যাসেজ টু ইন্ডিয়া যৌথভাবে প্রযোজনা করছে পার্টি প্রোডাকশনস, ওয়ার্কিং টাইটেল টেলিভিশন ও রিচি মেহতার প্রতিষ্ঠান আ প্যাসেজ পোস্ট। সিরিজটি বিবিসি ও সিবিসির জন্য নির্মিত হচ্ছে। এটি বিবিসি আইপ্লেয়ার, বিবিসি ওয়ান, সিবিসি টিভি ও সিবিসি জেমে প্রচারের পরিকল্পনা রয়েছে। প্রকল্পটি যুক্তরাজ্য ও কানাডার আনুষ্ঠানিক যৌথ প্রযোজনা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডার্টি বোমা হামলার পরিকল্পনায় ইরানকে ট্রাম্পের কড়া হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ ইং

০১:৫১ পি.এম


ডার্টি বোমা হামলার পরিকল্পনায় ইরানকে ট্রাম্পের কড়া হুঁশিয়ারি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে সতর্ক করেছেন যে, যদি দেশটি ‘ডার্টি বোমা’ হামলার পরিকল্পনা বাস্তবায়ন করে, তাহলে তাকে নজিরবিহীন মূল্য দিতে হবে। তিনি ফিলিপাইনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই মন্তব্য করেন।

ট্রাম্প উল্লেখ করেন, যদি ইরান তার প্রশাসনের সদস্যদের লক্ষ্য করে ‘ডার্টি বোমা’ বা রাসায়নিক অস্ত্র ব্যবহার করে, তাহলে দেশটি এমন পরিণতির সম্মুখীন হবে, যা পূর্বে কোনো দেশকে ভোগ করতে হয়নি।

সিএনএনের একটি প্রতিবেদনে সাত মার্কিন কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে জানানো হয়েছে যে, ইরান যুক্তরাষ্ট্রে এ ধরনের হামলার পরিকল্পনা করছে বলে গোয়েন্দা তথ্য পাওয়া গেছে। তবে মার্কিন কর্মকর্তাদের ধারণা, এটি তাৎক্ষণিক হামলার ইঙ্গিত নয়; বরং ভবিষ্যতের জন্য বিকল্প প্রস্তুত রাখার প্রচেষ্টা।

এদিকে, ইরান এ ধরনের হামলার পরিকল্পনার খবরকে ‘ভিত্তিহীন ও মনগড়া প্রচারণা’ হিসেবে প্রত্যাখ্যান করেছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই অভিযোগ করেছেন যে, ইরানের বিরুদ্ধে নতুন আগ্রাসনের ক্ষেত্র প্রস্তুত করতেই এ ধরনের সংবাদ ছড়ানো হচ্ছে। পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচিও প্রতিবেদনটিকে ইরাক যুদ্ধের সময়কার প্রচারণার সঙ্গে তুলনা করেছেন।

সূত্র: সিএনএন

আরএ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘জামায়াত-এনসিপি ‘লংমার্চ টু টুঙ্গিপাড়া’র ডাক দিলে আমিও তাদের সমর্থন ও সাধুবাদ জানাবো’

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ ইং

০১:৫২ পি.এম


‘জামায়াত-এনসিপি ‘লংমার্চ টু টুঙ্গিপাড়া’র ডাক দিলে আমিও তাদের সমর্থন ও সাধুবাদ জানাবো’

টুঙ্গিপাড়ার বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং আইনশৃঙ্খলা নিয়ে নিজের অবস্থান তুলে ধরে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট করেছেন। আজ বুধবার সকালে প্রকাশিত ওই পোস্টে তিনি বিরোধীদলগুলোর উদ্দেশ্যে ‘লংমার্চ টু টুঙ্গিপাড়া’ কর্মসূচি ঘোষণার আহ্বান জানান এবং এ ধরনের কর্মসূচিতে নিজের সমর্থন ও সাধুবাদ জানানোর কথা উল্লেখ করেন।

রাশেদ খাঁন তার ফেসবুক পোস্টে উল্লেখ করেন, টুঙ্গিপাড়ায় চলমান নাশকতামূলক কর্মকাণ্ডের কারণে সাধারণ মানুষের জন্য গ্যাস, বিদ্যুৎ, জ্বালানি, চিকিৎসা, ব্যাংকিং, আইনি, পুলিশি ও শিক্ষা সেবা সরবরাহ করা কঠিন হয়ে পড়েছে। তিনি আশঙ্কা প্রকাশ করেন যে, পরিস্থিতি অব্যাহত থাকলে নিত্যপণ্যের সরবরাহ বন্ধ হয়ে যেতে পারে এবং ব্যবসায়ীরা দোকানপাট ও শপিংমল খোলা রাখতে সাহস পাবেন না। এর ফলে ওই এলাকায় ১৯৭৪ সালের মতো দুর্ভিক্ষ পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলে তিনি মন্তব্য করেন।

বর্তমান সরকারের অবস্থান ব্যাখ্যা করে রাশেদ খাঁন লেখেন, বিএনপি সরকার কোনো ধরনের হতাহতের ঘটনায় বিশ্বাস করে না এবং দীর্ঘ ১৬ বছর গুম, খুন ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিরুদ্ধে সংগ্রাম করেছে। এ কারণেই টুঙ্গিপাড়ার পরিস্থিতি ধৈর্য ধরে রাজনৈতিকভাবে মোকাবিলা করা হচ্ছে।

অন্তর্বর্তীকালীন সরকারের সময়ের একটি ঘটনার উদাহরণ টেনে তিনি বলেন, সে সময় এনসিপির নেতাদের আইনশৃঙ্খলা বাহিনীর এপিসিতে করে উদ্ধার করতে গিয়েও হতাহতের ঘটনা ঘটেছিল। তার মতে, সরকার কঠোর হস্তে দমন-পীড়ন চালাতে গেলে যদি কোনো হতাহতের ঘটনা ঘটে, তবে তা নিয়ে দেশে ও আন্তর্জাতিক মহলে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগ তুলে রাজনীতি করার সুযোগ তৈরি হবে, যার দায় বিএনপি সরকার নিতে চায় না।

পোস্টে তিনি উল্লেখ করেন, স্থানীয়ভাবে স্থায়ী সমাধানের জন্য টুঙ্গিপাড়ার সাধারণ মানুষকেই প্রতিরোধ গড়ে তুলতে হবে। বিরোধীদলগুলোর সাম্প্রতিক রাজনৈতিক কর্মসূচির প্রসঙ্গ টেনে তিনি বলেন, বিরোধীদলগুলো সরকারের বিরুদ্ধে অনেক লংমার্চ করেছে; এবার তারা ‘লংমার্চ টু টুঙ্গিপাড়া’ কর্মসূচির ঘোষণা দিলে তিনি ব্যক্তিগতভাবে তা সমর্থন করবেন।

পোস্টের শেষে একটি বিশেষ দ্রষ্টব্যে (বিঃ দ্রঃ) রাশেদ খাঁন টুঙ্গিপাড়ায় কেবল বিএনপির নেতাকর্মীদের বাড়িঘর ও কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটলেও জামায়াতের কার্যালয় ও নেতাকর্মীদের বাড়িঘর অক্ষত থাকার বিষয়টি নিয়ে প্রশ্ন তোলেন এবং সংযুক্ত একটি ভিডিওতে এর উত্তর পাওয়া যাবে বলে উল্লেখ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশে ওয়াই-ফাই ৮ প্রযুক্তি উন্মোচন করল টিপি-লিংক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ ইং

০১:৫২ পি.এম


বাংলাদেশে ওয়াই-ফাই ৮ প্রযুক্তি উন্মোচন করল টিপি-লিংক

বাংলাদেশের বাজারে পরবর্তী প্রজন্মের ওয়্যারলেস প্রযুক্তি ‘ওয়াই-ফাই ৮’ উন্মোচন করেছে নেটওয়ার্কিং ও কানেক্টিভিটি সল্যুশন প্রতিষ্ঠান টিপি-লিংক। একই সঙ্গে, নেটওয়ার্ক প্রকৌশলী ও প্রযুক্তি পেশাজীবীদের দক্ষতা বৃদ্ধির জন্য ‘ওমাডা এক্সপার্ট’ কর্মসূচি চালুর ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।

মঙ্গলবার ( ১৭ নভেম্বর) রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে আয়োজিত ‘টিপি-লিংক পার্টনার কানেক্ট ২০২৬’ অনুষ্ঠানে প্রযুক্তি দুটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। বাংলাদেশে টিপি-লিংকের জাতীয় পরিবেশক এক্সেল টেকনোলজিস লিমিটেডের সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টিপি-লিংক সিস্টেমস ইনকর্পোরেটেডের এশিয়া প্যাসিফিক অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট ব্রায়ান ডং। বিশেষ অতিথি হিসেবে ছিলেন প্রতিষ্ঠানটির সার্ক অঞ্চলের ব্যবস্থাপনা পরিচালক লিন ওয়াং এবং এক্সেল টেকনোলজিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক গৌতম সাহা। অনুষ্ঠানে টিপি-লিংক ও এক্সেল টেকনোলজিসের পরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে এক্সেল টেকনোলজিসের প্রধান নির্বাহী কর্মকর্তা মন্তব্য করেন, ‘আজকের এই পার্টনার কানেক্ট অনুষ্ঠানে আমরা বিশ্বের সর্বশেষ ওয়াই-ফাই প্রযুক্তি ওয়াই-ফাই ৮ উন্মোচন করতে যাচ্ছি। বিশ্বজুড়ে নতুন এই প্রযুক্তির প্রসারের ক্ষেত্রে মালয়েশিয়া ও হংকংয়ের পর বাংলাদেশ তৃতীয় দেশ হিসেবে এই মাইলফলক স্পর্শ করতে যাচ্ছে। দেশের তথ্যপ্রযুক্তি খাতের জন্য এটি একটি বড় অর্জন বলেও উল্লেখ করেন তিনি।

টিপি-লিংকের এশিয়া প্যাসিফিক অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট ব্রায়ান ডং জানান, বাংলাদেশের যোগাযোগ প্রযুক্তি খাতে বিনিয়োগে তারা আগ্রহী। এ প্রতিশ্রুতির অংশ হিসেবে, বাংলাদেশের বাজারে নতুন প্রযুক্তি ও উদ্ভাবন নিয়ে আসার জন্য কাজ করা হচ্ছে।

গুরুত্ব পাবে নির্ভরযোগ্য সংযোগ

টিপি-লিংক জানিয়েছে, ওয়াই-ফাই ৮ মূলত ওয়্যারলেস সংযোগের নির্ভরযোগ্যতা, স্থিতিশীলতা ও ধারাবাহিক কর্মক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্ব দেয়। ‘আল্ট্রা-হাই রিলায়েবিলিটি’ নীতির ভিত্তিতে তৈরি এই প্রযুক্তি ক্রমবর্ধমান ডিজিটাল পরিবেশে নিরবচ্ছিন্ন সংযোগ ও বিস্তৃত কভারেজ নিশ্চিত করার লক্ষ্য নিয়ে তৈরি করা হয়েছে।

একই নেটওয়ার্কে একাধিক ডিভাইস ব্যবহারের ক্ষেত্রে সংযোগের স্থিতিশীলতা বাড়ানো এবং বিভিন্ন ডিজিটাল সেবায় নির্ভরযোগ্য কর্মক্ষমতা নিশ্চিত করাকে ওয়াই-ফাই ৮-এর অন্যতম লক্ষ্য হিসেবে তুলে ধরা হয়েছে।

অনুষ্ঠানে দেশের বিভিন্ন এলাকার প্রযুক্তি পণ্য বিপণন ও পরিবেশক প্রতিষ্ঠানের তিন শতাধিক স্বত্বাধিকারী ও শীর্ষ কর্মকর্তা অংশ নেন।

দক্ষ জনবল তৈরিতে ‘ওমাডা এক্সপার্ট’

ওয়াই-ফাই ৮ উন্মোচনের পাশাপাশি, টিপি-লিংক তাদের ‘ওমাডা এক্সপার্ট’ কর্মসূচিরও ঘোষণা দিয়েছে। সিস্টেম ইন্টিগ্রেটর, নেটওয়ার্ক প্রকৌশলী ও প্রযুক্তি অংশীদারদের দক্ষতা বাড়ানোই এ কর্মসূচির লক্ষ্য।

এক্সেল টেকনোলজিসের প্রধান নির্বাহী কর্মকর্তা বলেন, শুধু পণ্য বিক্রির মধ্যে সীমাবদ্ধ না থেকে দেশের আইটি প্রকৌশলীদের দক্ষতা বৃদ্ধিতেও টিপি-লিংক বড় অঙ্কের বিনিয়োগ করছে।

এ কর্মসূচির আওতায় ‘ওমাডা এক্সপার্ট একাডেমি’ প্রযুক্তি পেশাজীবীদের কারিগরি প্রশিক্ষণ, জ্ঞান বিনিময় ও পেশাগত উন্নয়নের সুযোগ দেবে। এর মাধ্যমে দেশের এন্টারপ্রাইজ নেটওয়ার্কিং খাতে দক্ষ জনবল তৈরির পাশাপাশি নেটওয়ার্কিং সক্ষমতা বাড়ানোর লক্ষ্য রয়েছে প্রতিষ্ঠানটির।

বাংলাদেশে টিপি-লিংকের জাতীয় পরিবেশক এক্সেল টেকনোলজিস জানিয়েছে, স্থানীয় বাজারে আধুনিক নেটওয়ার্কিং প্রযুক্তি পৌঁছে দেওয়া, প্রযুক্তি অংশীদারদের সক্ষমতা বৃদ্ধি এবং দেশের প্রযুক্তি ইকোসিস্টেম সম্প্রসারণে তাদের কার্যক্রম অব্যাহত থাকবে। টিপি-লিংক ১৯৯৬ সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠানটি বিশ্বব্যাপী নেটওয়ার্কিং ডিভাইস ও আনুষঙ্গিক পণ্য সরবরাহ করে আসছে। অন্যদিকে, দুই দশকের বেশি সময় ধরে বাংলাদেশে প্রযুক্তি পণ্য পরিবেশনের সঙ্গে যুক্ত রয়েছে এক্সেল টেকনোলজিস লিমিটেড।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৬
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৫ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%