০১:৪৫ পি.এম
ঢাকা, ১৮ নভেম্বর, ২০২৬ : যুক্তরাষ্ট্রভিত্তিক বহুজাতিক প্রযুক্তি ও ই-কমার্স কোম্পানি অ্যামাজন ভারতে নবায়নযোগ্য জ্বালানি প্রকল্পে ২০৩০ সালের মধ্যে ৭০০ কোটি মার্কিন ডলার বিনিয়োগের পরিকল্পনা ঘোষণা করেছে। এই বিনিয়োগটি প্রতিষ্ঠানটির বিদ্যুৎ ব্যবহারের ফলে কার্বন নিঃসরণ কমানোর প্রচেষ্টার অংশ হিসেবে করা হচ্ছে।
মঙ্গলবার রাতে অ্যামাজন এই ঘোষণা দেয়।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
আরও পড়ুন: আন্তর্জাতিক আদালতের বিচার পেয়ে দেশের পথে ফিরতে চায় রোহিঙ্গারা
ভারত চলতি দশকের শেষ নাগাদ ৫০০ গিগাওয়াট পরিচ্ছন্ন জ্বালানি উৎপাদন সক্ষমতা অর্জনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। সরকারের হিসাব অনুযায়ী, এই লক্ষ্য পূরণের জন্য প্রায় ২২০ বিলিয়ন ডলার বিনিয়োগ প্রয়োজন।
অ্যামাজন জানায়, নতুন এই বিনিয়োগের ফলে বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ ভারতে তাদের কার্যক্রমে ব্যবহৃত বিদ্যুতের কার্বন নিঃসরণ কমে যাবে।
প্রতিষ্ঠানটি আরও জানায়, ভারতে নবায়নযোগ্য জ্বালানি খাতে পূর্বে ঘোষিত ৪ বিলিয়ন ডলারের বিনিয়োগের অতিরিক্ত নতুন ৭০০ কোটি ডলার বিনিয়োগ করা হবে। এর ফলে দেশটিতে কার্বনমুক্ত বিদ্যুতের অন্যতম বড় করপোরেট ক্রেতা হিসেবে অ্যামাজনের অবস্থান আরও শক্তিশালী হবে।
এদিকে, আগের বিনিয়োগ কর্মসূচির আওতায় প্রতিষ্ঠানটি নতুন করে চারটি বায়ু ও সৌরবিদ্যুৎ প্রকল্পের ঘোষণা দিয়েছে। এসব প্রকল্পের সম্মিলিত বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা হবে ৯৩৪ মেগাওয়াট।
আরও পড়ুন: সরকার বদল হলেও সিরিয়ায় থামছে না ইসরায়েলি আগ্রাসন, বাড়ছে দখলদারিত্ব
অ্যামাজনের প্রধান টেকসই উন্নয়ন কর্মকর্তা কারা হার্স্ট বলেন, ‘ভারতে নবায়নযোগ্য জ্বালানি খাতে আমাদের বিনিয়োগের পেছনে রয়েছে দীর্ঘদিনের ধারাবাহিক প্রচেষ্টা, পরিকল্পনা ও বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে সহযোগিতা।’
তিনি আরও বলেন, ‘অতিরিক্ত ৭০০ কোটি ডলারের এ বিনিয়োগ ভারতে দীর্ঘমেয়াদি কার্যক্রম পরিচালনার প্রতি আমাদের অঙ্গীকারের প্রতিফলন। এর মাধ্যমে নতুন বায়ু ও সৌরবিদ্যুৎ উৎপাদন সক্ষমতা গড়ে তুলতে সহায়তা করবে অ্যামাজন।’
গত এক দশকে পরিচ্ছন্ন জ্বালানির ব্যবহার বাড়াতে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে ভারত। বর্তমানে ভারতে স্থাপিত মোট বিদ্যুৎ উৎপাদন সক্ষমতার ৫৪ শতাংশের বেশি আসে জীবাশ্ম জ্বালানিবহির্ভূত উৎস থেকে। এসব উৎসের মধ্যে রয়েছে সৌরবিদ্যুৎ, বায়ুবিদ্যুৎ ও জলবিদ্যুৎ।
অন্যদিকে, অ্যামাজনের এই বিনিয়োগ বিশ্বজুড়ে প্রতিষ্ঠানটির কার্যক্রমে বিদ্যুতের ব্যবহারজনিত কার্বন নিঃসরণ কমানোর বৃহত্তর পরিকল্পনার অংশ।
আরও পড়ুন: অস্ত্র সংকটে মেয়াদোত্তীর্ণ ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে মার্কিন নৌবাহিনী: ওয়াল স্ট্রিট জার্নাল
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন