০২:১০ পি.এম
শরীরে আয়রনের ঘাটতি দূর করার জন্য মাংস খাওয়ার প্রয়োজন নেই। শাকসবজি, ডাল, বাদাম এবং বিভিন্ন উদ্ভিজ্জ খাবার থেকেও আয়রন পাওয়া সম্ভব। তবে, এসব খাবার থেকে শরীর কতটা আয়রন শোষণ করতে পারছে, সেটিও গুরুত্বপূর্ণ। কিছু কৌশল অনুসরণ করলে আয়রন শোষণের পরিমাণ বৃদ্ধি করা সম্ভব।
বিশ্বে পুষ্টির ঘাটতির মধ্যে আয়রনের অভাব একটি অন্যতম সমস্যা। বিশেষ করে শিশু ও প্রজননক্ষম নারীদের মধ্যে এই সমস্যা বেশি দেখা যায়। শরীরে আয়রনের অভাব হলে ক্লান্তি, দুর্বলতা এবং শ্বাসকষ্টের মতো উপসর্গ দেখা দিতে পারে। কারণ, রক্তে অক্সিজেন পরিবহনের জন্য প্রয়োজনীয় হিমোগ্লোবিন তৈরিতে আয়রন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব ইস্ট অ্যাংলিয়ার খনিজ বিপাকবিষয়ক অধ্যাপক সুসান ফেয়ারওয়েদার-টেইটের মতে, রক্তস্বল্পতা প্রতিরোধে সঠিক খাদ্যাভ্যাস গড়ে তোলা অত্যন্ত জরুরি।
আরও পড়ুন: বেদানার দানা ছাড়ানোর সহজ কৌশল জেনে নিন
মাংস ছাড়া আয়রনের চাহিদা পূরণ
খাবারে আয়রনের দুটি প্রকার রয়েছে। একটি হলো হিম আয়রন, যা মাংস ও সামুদ্রিক খাবারে পাওয়া যায়। অন্যটি নন-হিম আয়রন, যা উদ্ভিজ্জ খাবার থেকে পাওয়া যায়।
শরীর সাধারণত হিম আয়রন সহজে শোষণ করে। এ ধরনের আয়রনের প্রায় ১৫ থেকে ৩০ শতাংশ শরীরে শোষিত হয়। অপরদিকে, উদ্ভিজ্জ খাবারের আয়রন শোষণের হার তুলনামূলকভাবে কম। শুকনো ডালজাতীয় খাবার থেকে প্রায় ২ শতাংশ এবং পাতাযুক্ত সবজি থেকে ৭ থেকে ৯ শতাংশ আয়রন শোষিত হয়।
তবে কিছু কৌশল অনুসরণ করলে উদ্ভিজ্জ খাবার থেকেও বেশি আয়রন পাওয়া সম্ভব।
আরও পড়ুন: ইস্তাম্বুলের বিনোদনকেন্দ্রে শিশুদের জন্য শিক্ষা ও বিনোদনের আয়োজন
১. কিছু শাক সেদ্ধ করুন, অন্যগুলো ভাপে রান্না করুন
খাবার রান্নার পদ্ধতি আয়রন শোষণের পরিমাণকে প্রভাবিত করে। পালংশাক, সুইস চার্ড এবং বিটের পাতায় অক্সালেট নামক উপাদান থাকে, যা আয়রনের সঙ্গে যুক্ত হয়ে শরীরে আয়রন শোষণে বাধা সৃষ্টি করতে পারে।
এসব শাক সেদ্ধ করলে অক্সালেটের পরিমাণ কমে যায়, ফলে শরীরের জন্য আয়রন শোষণ সহজ হয়। তবে, সব শাকের ক্ষেত্রে এ নিয়ম প্রযোজ্য নয়। লেটুস, বাঁধাকপি এবং বক চয়ের মতো সবজি কাঁচা বা ভাপে রান্না করে খাওয়া ভালো। এতে ভিটামিন সি বেশি পরিমাণে বজায় থাকে, যা আয়রন শোষণে সহায়তা করে।
২. আয়রনযুক্ত খাবারের সঙ্গে ভিটামিন সি খান
আরও পড়ুন: শীতের গন্তব্য চন্দ্রনাথ: পাহাড়, মেঘ ও সাগরের সৌন্দর্য
উদ্ভিজ্জ খাবার থেকে আয়রন শোষণের পরিমাণ বাড়াতে ভিটামিন সি কার্যকর। তাই আয়রনসমৃদ্ধ খাবারের সঙ্গে ভিটামিন সি সমৃদ্ধ খাবার খাওয়ার পরামর্শ দেন বিশেষজ্ঞরা।
এ জন্য খাবারের সঙ্গে লেবুর রস মিশিয়ে নিতে পারেন। সকালের নাশতায় আয়রনযুক্ত খাবারের পাশাপাশি অল্প পরিমাণ কমলার রসও পান করা যেতে পারে।
কিংস কলেজ লন্ডনের পুষ্টিবিজ্ঞানের জ্যেষ্ঠ প্রভাষক ইয়েমিসি লাতুন্দে-দাদা বলেন, উদ্ভিজ্জ খাবার থেকে আয়রন শোষণ বাড়াতে ভিটামিন সি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
৩. গাঁজন করা খাবার বেছে নিন
আরও পড়ুন: বাসার বরফ সাদা ও ঘোলা, রেস্তোরাঁর বরফ স্বচ্ছ কেন?
খাবারের গাঁজন বা ফারমেন্টেশন প্রক্রিয়াও আয়রন শোষণে সহায়তা করে। শস্য, বাদাম এবং বীজে ফাইটিক অ্যাসিড নামক একটি প্রাকৃতিক উপাদান থাকে, যা শরীরের আয়রন শোষণে বাধা সৃষ্টি করতে পারে।
গাঁজন প্রক্রিয়ায় ফাইটিক অ্যাসিডের পরিমাণ কমে যায়। ফলে খাবার থেকে আয়রন শোষণ সহজ হয়। এ কারণে সাধারণ পাউরুটির পরিবর্তে টক স্বাদের গাঁজন করা রুটি বা সাওয়ারডো বেছে নিতে পারেন।
৪. শুধু আয়রনসমৃদ্ধ প্যাকেটজাত খাবারের ওপর নির্ভর করবেন না
বিভিন্ন ধরনের পাউরুটি এবং সকালের নাশতার সিরিয়ালে আয়রন যোগ করা হয়। তবে এসব খাবারে ব্যবহৃত আয়রনের কিছু ধরন শরীর সহজে শোষণ করতে পারে না।
আরও পড়ুন: মধ্য বয়সের সংকট: উত্তরণের উপায়
এক গবেষণায় দেখা গেছে, শিশুদের জন্য তৈরি আয়রনসমৃদ্ধ সিরিয়াল থেকে শরীরে আয়রন শোষণের হার ছিল মাত্র ০.৬ থেকে ২.২ শতাংশ। অন্যদিকে, পরিশোধিত সাদা ময়দা দিয়ে তৈরি পাউরুটি থেকে আয়রন শোষণের হার তুলনামূলকভাবে বেশি পাওয়া গেছে।
উদ্ভিজ্জ খাবারের মধ্যে ছোলা, গাঢ় সবুজ শাক, শুকনো ফল, বাদাম এবং বীজ আয়রনের ভালো উৎস।
প্রতি ১০০ গ্রাম খাবারে আয়রনের পরিমাণ হলো—
- ছোলা: ২ মিলিগ্রাম
আরও পড়ুন: ‘আত্মবিশ্বাস বাড়াতে ব্যায়ামের বিকল্প নেই’ — দিশা পাটানি
- ব্রকলি: ১ মিলিগ্রাম
- সূর্যমুখীর বীজ: ৬ দশমিক ৪ মিলিগ্রাম
- টোফু: ১ দশমিক ২ মিলিগ্রাম
- গরুর মাংস: ৩ দশমিক ৬ মিলিগ্রাম
৫. খাবারের সঙ্গে চা-কফি পান এড়িয়ে চলুন
খাবারের সঙ্গে কী পান করা হচ্ছে, সেটিও আয়রন শোষণের ওপর প্রভাব ফেলে। চা ও কফিতে থাকা ট্যানিন ও পলিফেনল শরীরে আয়রন শোষণ কমিয়ে দিতে পারে।
তাহলে আয়রনসমৃদ্ধ খাবার খাওয়ার সময় চা বা কফি পান না করাই ভালো। খাবারের অন্তত দুই ঘণ্টা পর চা পান করার পরামর্শ দিয়েছেন অধ্যাপক সুসান ফেয়ারওয়েদার-টেইট।
প্রতিদিন কতটুকু আয়রন প্রয়োজন?
যুক্তরাজ্যের জাতীয় স্বাস্থ্যসেবা বিভাগ এনএইচএসের সুপারিশ অনুযায়ী, প্রতিদিন প্রয়োজনীয় আয়রনের পরিমাণ হলো—
- ১৯ বছর বা তার বেশি বয়সী পুরুষ: ৮ দশমিক ৭ মিলিগ্রাম
- ১৯ থেকে ৪৯ বছর বয়সী নারী: ১৪ দশমিক ৮ মিলিগ্রাম
- ৫০ বছর বা তার বেশি বয়সী নারী: ৮ দশমিক ৭ মিলিগ্রাম
তবে অতিরিক্ত মাসিক রক্তক্ষরণ হয় এমন নারীদের আরও বেশি আয়রনের প্রয়োজন হতে পারে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন