ঢাকা সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ইং ০১ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

পাকিস্তান তাবলিগ জামাতের আমির মাওলানা হাজি নযরুর রহমানের ইন্তেকাল


পাকিস্তান তাবলিগ জামাতের আমির মাওলানা হাজি নযরুর রহমানের ইন্তেকাল

পাকিস্তানের তাবলিগ জামাতের আমির ও বিশিষ্ট মুহাদ্দিস হজরত মাওলানা হাজি নযরুর রহমান (রহ.) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুর সময় তার বয়স ছিল প্রায় ৯৭ বছর। তার মৃত্যুর সংবাদটি নিশ্চিত করেছেন তাবলিগ জামাত বাংলাদেশ শুরায়ী নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান।

মাওলানা নযরুর রহমানের ইন্তেকালে পাকিস্তানসহ সারা বিশ্বে তবলিগ জামাতের সাথী ও ধর্মীয় অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। সোমবার রাতে পাকিস্তানের রাইউইন্ডে তার নামাজে জানাজা ও দাফন সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

১৯২৯ সালে পাকিস্তানের রাওয়ালপিন্ডির নিকটবর্তী বিলাওয়াল গ্রামে জন্মগ্রহণ করেন মাওলানা হাজি নযরুর রহমান। তিনি পাকিস্তানে তবলিগ জামাতের প্রাথমিক সময়ের অন্যতম প্রবীণ সাথী ছিলেন। দীর্ঘ সময় তিনি দ্বীনের দাওয়াত ও তবলিগের মেহনতে ব্যয় করেছেন এবং রাইউইন্ড মারকাজের সঙ্গে যুক্ত থেকে দ্বীনি শিক্ষা ও দাওয়াতি কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।

আরও পড়ুন: আশুলিয়ায় শ্রমিক আন্দোলনের সময় হামলায় আহত পোশাক শ্রমিকের মৃত্যু

তৎকালীন আমির হজরত মাওলানা হাজি আবদুল ওয়াহাব (রহ.)-এর ইন্তেকালের পর ২০১৮ সাল থেকে মাওলানা নযরুর রহমান পাকিস্তানে তবলিগ জামাতের আমিরের দায়িত্ব পালন করে আসছিলেন।

এদিকে, তার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি। তিনি এক শোকবার্তায় বলেন, "ইসলাম প্রচার ও প্রসারে মাওলানা নযরুর রহমানের অবদান চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হবে।" পাকিস্তান উলামা কাউন্সিলের চেয়ারম্যান হাফেজ তাহের আশরাফিও তার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন। এছাড়া, দেশটির বিভিন্ন ধর্মীয় ও সামাজিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা মরহুমের রুহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এস্তোনিয়া রাশিয়ার সঙ্গে সীমান্ত বন্ধের ঘোষণা করেছে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:৪২ পি.এম


এস্তোনিয়া রাশিয়ার সঙ্গে সীমান্ত বন্ধের ঘোষণা করেছে

ঢাকা, ১৬ নভেম্বর, ২০২৬ : রাশিয়ার সঙ্গে সীমান্ত বন্ধের ঘোষণা দিয়েছে এস্তোনিয়া, যখন একটি ড্রোন তৈরির কারখানায় অগ্নিসংযোগের চেষ্টা নস্যাৎ করা হয়। এ ঘটনায় দেশটির দাবি, রাশিয়ার সামরিক গোয়েন্দা সংস্থা জিআরইউ এই হামলার নির্দেশনা দিয়েছিল।

এ ঘটনার পর এস্তোনিয়া ও রাশিয়ার মধ্যে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। এস্তোনিয়া মনে করছে, এটি ইউক্রেনের বিরুদ্ধে মস্কোর যুদ্ধের সঙ্গে সংশ্লিষ্ট বৃহত্তর শত্রুতামূলক তৎপরতার অংশ।

বার্তা সংস্থা এএফপি তাল্লিন থেকে এ তথ্য জানায়।

এস্তোনিয়ার পররাষ্ট্রমন্ত্রী মার্গুস সাখনা রোববার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লিখেছেন, ‘আগামী ১ ডিসেম্বর থেকে এস্তোনিয়া-রাশিয়া সীমান্তের সব প্রবেশ ও বহির্গমন পথ বন্ধ করে দেওয়া হবে।’ তিনি জানান, জিআরইউ হামলার নির্দেশ দিয়েছিল— এমন ‘স্পষ্ট প্রমাণের’ ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মস্কো এস্তোনিয়া সত্যিই সব সীমান্তপথ বন্ধ করার পরিকল্পনা করছে কি না, তা যাচাই করে দেখার কথা জানিয়েছে। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বার্তা সংস্থা তাস-কে বলেন, ‘এটি সত্য কি না, তা আমরা যাচাই করে দেখব।’

তিনি আরও বলেন, ‘তবে এগুলো যদি তাদের (এস্তোনিয়ার) প্রকৃত পরিকল্পনা হয়, তাহলে একে রুশবিরোধী আগ্রাসী ও লাগামহীন মনোভাবের আরেকটি বহিঃপ্রকাশ হিসেবে দেখা হবে।’

রোববার এস্তোনিয়ার প্রধানমন্ত্রী ক্রিস্টেন মিখাল সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে জানান, শনিবার রাতে দেশটির প্রতিরক্ষা সরঞ্জাম প্রস্তুতকারক প্রতিষ্ঠান থ্রিওড সিস্টেমসে ‘নাশকতার চেষ্টা’ চালানোর নির্দেশ দিয়েছিল জিআরইউ।

তিনি বলেন, ‘নিরাপত্তাব্যবস্থা জোরদার এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্রুত পদক্ষেপের কারণে বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে। হামলাকারীদের আটক করা হয়েছে।’

রাজধানী তাল্লিনের উত্তরে ভিমসি এলাকায় এ হামলার চেষ্টা নস্যাৎ করা হয়।

পরে দেওয়া এক পোস্টে পররাষ্ট্রমন্ত্রী সাখনা বলেন, ‘এস্তোনিয়ার বিরুদ্ধে শত্রুতামূলক কর্মকাণ্ডের পরিণতি যে ভোগ করতে হবে, তা রাশিয়াকে বুঝতে হবে।’

তিনি আরও বলেন, ‘ভয় দেখানো, অস্থিতিশীলতা সৃষ্টি কিংবা আমাদের নিরাপত্তা দুর্বল করার যেকোনো চেষ্টার জবাব দেওয়া হবে।’

সীমান্ত বন্ধের সিদ্ধান্তের বিষয়টি তিনি ফিনল্যান্ড, লাটভিয়া ও লিথুয়ানিয়ার পররাষ্ট্রমন্ত্রীদেরও জানিয়েছেন।

দেশটির প্রধান কৌঁসুলি অ্যাস্ট্রিড আসি সাংবাদিকদের জানান, নিরাপত্তা বাহিনী লাটভিয়ায় বসবাসকারী আটজনকে গ্রেফতার করেছে।

এস্তোনিয়া, যা ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও ন্যাটোর সদস্য, বর্তমানে রাশিয়ার সঙ্গে নারভা, লুহামা ও কোইদুলা— এই তিনটি সীমান্তপথ চালু রেখেছে। এসব পথ দিয়ে দুই দেশের মধ্যে মানুষ ও পণ্য চলাচল করে।

২০২৪ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া নারভা সীমান্ত দিয়ে যানবাহন চলাচল বন্ধ করে দেয়। তবে পথচারীদের চলাচল অব্যাহত ছিল।

২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার অভিযান শুরুর পরও চালু থাকা রাশিয়া ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যকার স্থলপথের মধ্যে এ সীমান্তপথগুলো অন্যতম কয়েকটি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জাতিসংঘের জলবায়ুপ্রধান: জলবায়ু পরিবর্তন মোকাবিলায় এআইয়ের সম্ভাবনা ও ঝুঁকি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:৪৩ পি.এম


জাতিসংঘের জলবায়ুপ্রধান: জলবায়ু পরিবর্তন মোকাবিলায় এআইয়ের সম্ভাবনা ও ঝুঁকি

ঢাকা, ১৬ নভেম্বর, ২০২৬ : বৈশ্বিক উষ্ণতা মোকাবিলায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) উল্লেখযোগ্য সম্ভাবনা সৃষ্টি করলেও এর মধ্যে অনেক ঝুঁকি বিদ্যমান রয়েছে।

সোমবার কপ৩১ সম্মেলনে জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক প্রধান সাইমন স্টিল এই বক্তব্য রাখেন।

এদিন কপ৩১-এর আয়োজক তুরস্কের উদ্যোগে ‘আনতালিয়া কৃত্রিম বুদ্ধিমত্তা অঙ্গীকার’ ঘোষণা করা হয়। জলবায়ু সমস্যার সমাধানে এ প্রযুক্তির সম্ভাবনা কাজে লাগানোর পাশাপাশি এর ক্রমবর্ধমান পরিবেশগত ঝুঁকি মূল্যায়ন করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।

তুরস্কের আনতালিয়া থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

ভূমধ্যসাগরীয় শহর আনতালিয়ায় জাতিসংঘের জলবায়ু সম্মেলনে সাইমন স্টিল বলেন, ‘আমরা এমন এক প্রযুক্তিগত সময়ে পৌঁছেছি, যেখানে বিপুল সম্ভাবনার পাশাপাশি বড় ঝুঁকিও রয়েছে। এআই ও অন্যান্য অত্যাধুনিক প্রযুক্তি দুই ধারবিশিষ্ট তলোয়ারের মতো।’

তিনি আরও বলেন, ‘ভালো আগামীর প্রতিশ্রুতির বিনিময়ে আজ মানুষকে বেশি বিদ্যুৎ বিল, পরিবেশের আরও বেশি উষ্ণতা সৃষ্টিকারী দূষণ এবং গভীরতর বৈষম্য মেনে নিতে বলা যায় না। এআইয়ের সুফল অবশ্যই এর ক্রমবর্ধমান ব্যয়ের চেয়ে বেশি হতে হবে।’

এআই পরিচালনায় ব্যবহৃত ডেটা সেন্টারগুলো বিপুল পরিমাণ বিদ্যুৎ ও পানি ব্যবহার করে। ফলে বিদ্যুতের বিল বেড়ে যাওয়া নিয়ে বিভিন্ন এলাকার মানুষের মধ্যে ক্ষোভ বৃদ্ধি পাচ্ছে। পাশাপাশি এসব কেন্দ্রের ক্রমবর্ধমান কার্বন নিঃসরণ নিয়েও উদ্বেগ সৃষ্টি হয়েছে।

স্টিল বলেন, ‘কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা ও পরিচালনা পর্ষদকে এগিয়ে আসতে হবে। বিশ্বের সম্মত জলবায়ু লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্য রেখে তাদের ব্যবসায়িক ও বিনিয়োগ পরিকল্পনা সাজাতে হবে।’ এ সময় তিনি ডেটা সেন্টারগুলোতে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের আহ্বান জানান।

তুরস্কের শিল্প ও প্রযুক্তিমন্ত্রী মেহমেত ফাতিহ কাচির আলোচনায় জানান, এ অঙ্গীকারে ৮০টি সমর্থন পাওয়া গেছে। তবে এর মধ্যে কতটি দেশ এবং কতটি কোম্পানি রয়েছে, তা তিনি উল্লেখ করেননি।

কাচির বলেন, ‘আমাদের একই সঙ্গে এআইয়ের পরিবেশগত প্রভাব কমাতে হবে এবং শিল্পের আধুনিকায়ন, জ্বালানি দক্ষতা বৃদ্ধি, জলবায়ু সহনশীলতা জোরদার ও সবুজ উন্নয়ন ত্বরান্বিত করতে এর সম্ভাবনা কাজে লাগাতে হবে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চিঠিতে ইমরান খান: ‘শারীরিক অবস্থা খারাপ, জীবিত ফিরতে নাও পারি’

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:৪৩ পি.এম


চিঠিতে ইমরান খান: ‘শারীরিক অবস্থা খারাপ, জীবিত ফিরতে নাও পারি’

পাকিস্তানের কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী এবং পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খান দেশের তিনটি উচ্চ আদালতের প্রধান বিচারপতির কাছে নিজের এবং স্ত্রী বুশরা বিবির সুচিকিৎসা নিশ্চিত করার জন্য আবেদন করেছেন। সোমবার প্রকাশিত একটি খোলা চিঠিতে তিনি উদ্বেগ প্রকাশ করে উল্লেখ করেছেন, বর্তমান শারীরিক অবস্থায় তিনি হয়তো জীবিত ফিরতে পারবেন না।

ফেডারেল কনস্টিটিউশনাল কোর্ট (এফসিসি), সুপ্রিম কোর্ট এবং ইসলামাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতিদের উদ্দেশে লেখা চিঠিটি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশ করেন ইমরানের আইনজীবী ব্যারিস্টার সালমান সাফদার। তিনি ২ ও ১১ নভেম্বর আদিয়ালা কারাগারে ইমরানের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন এবং ইমরানের নির্দেশে চিঠিটি বিচারপতিদের কাছে পৌঁছে দিয়েছেন বলে জানান।

চিঠিতে ইমরান নিজের শারীরিক অবস্থার অবনতির পাশাপাশি স্ত্রী বুশরা বিবির দৃষ্টিশক্তি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি আদালতের পূর্বের নির্দেশনা বাস্তবায়ন এবং দুজনের যথাযথ চিকিৎসার ব্যবস্থা করার জন্য আবেদন জানিয়েছেন।

ইমরান লিখেছেন, একসময় তিনি এমন হাসপাতাল নির্মাণে জীবন ব্যয় করেছেন, যেখানে চিকিৎসার সামর্থ্য নেই এমন মানুষ বিনামূল্যে চিকিৎসা পেতে পারেন। অথচ আজ নিজের এবং স্ত্রীর চিকিৎসার জন্য তাকে আবেদন জানাতে হচ্ছে।

চিঠিতে ইমরান দাবি করেছেন, আদিয়ালা কারাগারে তাকে দীর্ঘ সময় নির্জন প্রকোষ্ঠে রাখা হয়েছে। দিনে সর্বোচ্চ ২২ ঘণ্টা পর্যন্ত তাকে একা থাকতে হয়েছে। এই সময় পরিবার, আইনজীবী, এমনকি দুই ছেলে কাসিম ও সুলাইমানের সঙ্গেও যোগাযোগের সুযোগ দেওয়া হয়নি। বই ও টেলিভিশন ব্যবহারের সুযোগ থেকেও তাকে বঞ্চিত করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

ইমরানের ভাষ্য, কারাগারে এমন পরিস্থিতি তার মানসিক স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলেছে। কারাগারের মেডিকেল বোর্ড তার উদ্বেগের বিষয়টি নথিভুক্ত করে স্ত্রী এবং পরিবারের সঙ্গে আরো বেশি যোগাযোগ, বই পড়া এবং টেলিভিশন দেখার সুযোগ দেওয়ার পরামর্শ দিয়েছিল। কিন্তু সেই পরামর্শ কার্যকর করা হয়নি বলে দাবি করেন তিনি।

তিনি আরো জানান, চলতি বছরে আইনজীবীর সঙ্গে মাত্র চারবার সাক্ষাতের সুযোগ পেয়েছেন। অন্যদিকে, বুশরা বিবি তার আইনজীবীর সঙ্গে মাত্র একবার দেখা করতে পেরেছেন। এতে তাদের বিরুদ্ধে চলমান মামলাগুলোতে আত্মপক্ষ সমর্থনের সুযোগও বাধাগ্রস্ত হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

ইমরানের দাবি, গত ১১ নভেম্বর আইনজীবীর সঙ্গে সাক্ষাতের সময় তিনি জানতে পারেন, তার ডান চোখের দৃষ্টিশক্তির ৮৫ শতাংশ নষ্ট হয়ে গেছে। অথচ এ বিষয়ে তার পরিবার ও আইনজীবীকে আগে কিছু জানানো হয়নি।

চিঠিতে তিনি আরো অভিযোগ করেন, কারাগারে তাকে কেউ সালামের জবাব দেয় না। এমনকি পবিত্র কোরআনের আয়াত তিলাওয়াত করলেও কেউ কথা বলে না। তার মতে, তাকে অসুস্থ করে তোলা এবং মানসিকভাবে ভেঙে দেওয়ার উদ্দেশ্যে এমন পরিস্থিতি তৈরি করা হয়েছে।

বুশরা বিবির দৃষ্টিশক্তি নিয়েও উদ্বেগ

নিজের চেয়ে স্ত্রী বুশরা বিবির শারীরিক অবস্থা নিয়ে বেশি উদ্বিগ্ন বলে চিঠিতে উল্লেখ করেছেন ইমরান। তার দাবি, গত এপ্রিলে বুশরা বিবির চোখের রেটিনা বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর গোপনে জটিল অস্ত্রোপচার করা হলেও তাকে আবার নির্জন কারাবাসে পাঠানো হয়।

ইমরান বলেন, চলতি মাসে স্ত্রীর সঙ্গে দেখা করার সময় তিনি দেখতে পান, বুশরা আলো সহ্য করতে পারছেন না, এমনকি চোখ খুলতেও কষ্ট হচ্ছে। আরেকটি অস্ত্রোপচার না হলে তিনি স্থায়ীভাবে দৃষ্টিশক্তি হারাতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করেন ইমরান।

বুশরা বিবির চিকিৎসাসংক্রান্ত নথি আটকে রাখা হয়েছে এবং তার পছন্দের চিকিৎসকদের কাছে যাওয়ার সুযোগ দেওয়া হচ্ছে না বলেও অভিযোগ করেন তিনি। এ ছাড়া তার সাজা স্থগিতের আবেদনও শুনানি ছাড়াই পড়ে রয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।

সুপ্রিম কোর্টের নির্দেশ বাস্তবায়ন হয়নি

ইমরান জানান, গত ১৮ আগস্ট সুপ্রিম কোর্ট তাকে দুই দিনের মধ্যে ইসলামাবাদের শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে স্থানান্তর, স্বাস্থ্য পরীক্ষার জন্য মেডিকেল বোর্ড গঠন এবং পরিবারের সঙ্গে যোগাযোগের সুযোগ দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। কিন্তু সেই নির্দেশ কার্যকর হয়নি বলে অভিযোগ করেন তিনি।

তার ভাষ্য, আদালতের নির্দেশ অনুযায়ী তাকে শিফা হাসপাতালে নেওয়ার পরিবর্তে পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেসে (পিআইএমএস) নেওয়া হয়। পরে সেখান থেকে আবার কারাগারে ফিরিয়ে আনা হয়। এ বিষয়ে তৎকালীন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আতাউল্লাহ তারার হাসপাতালের পথে ও বাইরে পিটিআই কর্মীদের কারণে সৃষ্ট নিরাপত্তা পরিস্থিতিকে দায়ী করেছিলেন। তবে পিটিআই এ অভিযোগ অস্বীকার করে সরকারের বিরুদ্ধে আদালতের নির্দেশ ইচ্ছাকৃতভাবে অমান্য করার অভিযোগ তোলে।

চিঠিতে ইমরান আরো জানান, নির্জন কারাবাসে তার রক্তচাপ অস্বাভাবিকভাবে বেড়েছে। তার দাবি, রক্তচাপ ১৩০ থেকে বেড়ে ১৫০, এরপর ১৭০ এবং গত ১০ নভেম্বর ১৯২ ও ১৯৩ পর্যন্ত উঠেছিল। চিকিৎসকেরা তাঁকে মস্তিষ্কে রক্তক্ষরণ ও হৃদ্‌যন্ত্রের জটিলতার উচ্চ ঝুঁকিতে থাকার কথা জানিয়েছেন বলেও উল্লেখ করেন তিনি।

ইমরানের ভাষায়, ৭৪ বছর বয়সে এমন পরিস্থিতি তাঁকে এমন এক অবস্থার দিকে নিয়ে যাচ্ছে, যেখান থেকে তিনি হয়তো আর জীবিত ফিরতে পারবেন না।

২০২৩ সাল থেকে কারাগারে ইমরান

২০২৩ সালের ৫ আগস্ট থেকে কারাগারে রয়েছেন ইমরান খান। আর তার স্ত্রী বুশরা বিবিকে ২০২৫ সালের ১৭ জানুয়ারি আরেকটি মামলায় গ্রেপ্তার করা হয়। তোশাখানা-২ মামলায় দামি বুলগারি গয়নার সেট কম দামে কেনার অভিযোগে গত বছরের এক রায়ে ইমরান ও বুশরা দুজনকেই ১৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়। সৌদি যুবরাজ ২০২১ সালের মে মাসে সরকারি সফরের সময় ইমরানকে ওই গয়নার সেট উপহার দিয়েছিলেন বলে মামলায় উল্লেখ রয়েছে।

ইসলামাবাদ হাইকোর্ট ইমরানকে প্রতি সপ্তাহে মঙ্গলবার ও বৃহস্পতিবার পরিবারের সদস্য, আইনজীবী এবং অন্য সহযোগীদের সঙ্গে সাক্ষাতের অনুমতি দিয়েছেন। তবে আদালতের একাধিক নির্দেশ থাকা সত্ত্বেও তার সাক্ষাৎ সীমিত রাখা হয়েছে বলে অভিযোগ রয়েছে।

চিঠির শেষাংশে ইমরান বলেন, তিনি আদালতের কাছে কোনো বিশেষ সুবিধা চাইছেন না। তিনি শুধু সুপ্রিম কোর্টের দেওয়া নির্দেশ বাস্তবায়ন এবং নিজের ও স্ত্রীর যথাযথ চিকিৎসা নিশ্চিত করার আবেদন জানাচ্ছেন। বেঁচে থাকলেই তিনি নিজের নির্দোষিতা প্রমাণের লড়াই চালিয়ে যেতে পারবেন বলেও উল্লেখ করেন তিনি।

তিনি বিচারপতিদের প্রতি মানবিক বিবেচনায় দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, অনেক মামলায় আইনি লড়াই চালিয়ে গেলেও বিচারব্যবস্থা থেকে আর ন্যায়বিচার পাচ্ছেন না বলে তার মনে হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নেত্রকোণায় গণপ্রকৌশল দিবস পালিত, শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:৪৪ পি.এম


নেত্রকোণায় গণপ্রকৌশল দিবস পালিত, শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত

নেত্রকোণা, ১৬ নভেম্বর ২০২৬ : আজ জেলায় ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি)-এর ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবসটি পালিত হয়েছে। এটি বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনাসভার মাধ্যমে উদযাপন করা হয়।

আজ সোমবার বেলা ১১টায় শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে শান্তির প্রতীক পায়রা উড়িয়ে দিনব্যাপী কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন নেত্রকোণার জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান।

উদ্বোধনের পর একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রাটি জেলা প্রেসক্লাব মিলনায়তনে গিয়ে শেষ হয়। এতে আইডিইবি জেলা শাখার সভাপতি এস এম মুসা সহ জেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরে কর্মরত প্রকৌশলীরা অংশগ্রহণ করেন।

পরে দিবসটির তাৎপর্য তুলে ধরে প্রেসক্লাব মিলনায়তনে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আইডিইবি নেত্রকোণা জেলা শাখার সভাপতি এস এম মুসার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোণা জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট নুরুজ্জামান নুরু।

এ সময় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) অধ্যক্ষ প্রকৌশলী গিয়াসউদ্দিন আহমদ, আইডিইবি’র নেত্রকোণা জেলা শাখার সাধারণ সম্পাদক আবু সাদেক খান প্রমুখ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, "দেশের অবকাঠামোগত উন্নয়ন ও টেকসই সমাজ বিনির্মাণে ডিপ্লোমা প্রকৌশলীরা অগ্রণী ভূমিকা পালন করছেন।" তারা আধুনিক ও সমৃদ্ধ দেশ গড়তে প্রকৌশলীদের দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৫
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৩ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%