ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

বাংলাদেশ-ইইউ সম্পর্কের গভীরতা বাড়ানোর আশা মাইকেল মিলারের


বাংলাদেশ-ইইউ সম্পর্কের গভীরতা বাড়ানোর আশা মাইকেল মিলারের

বাংলাদেশের রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এয়ারবাস কেনার চুক্তি বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ককে আরও গভীর করবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত ও প্রতিনিধি দলের প্রধান মাইকেল মিলার। তিনি উল্লেখ করেন, এয়ারবাস বেছে নেওয়ার সিদ্ধান্ত বাংলাদেশের অর্থনৈতিক আধুনিকায়ন, নিরাপত্তা, আন্তর্জাতিক প্রতিযোগিতা এবং অর্থের যথাযথ ব্যবহারের বিষয়গুলোকে গুরুত্ব দেওয়ার প্রতিফলন ঘটায়।

বুধবার রাতে রাজধানীর র‌্যাডিসন বøæ ঢাকা ওয়াটার গার্ডেন হোটেলে বিমান বাংলাদেশ এয়ারলাইনস ও ইউরোপীয় উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাসের মধ্যে চুক্তি সই অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।

মাইকেল মিলার বলেন, এয়ারবাস কেনার চুক্তিতে স্বাক্ষর বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত। এটি বাংলাদেশ ও ইউরোপের মধ্যে আরও শক্তিশালী বাণিজ্যিক ও বিনিয়োগ সম্পর্কের দিকে একটি কৌশলগত পদক্ষেপ। এই চুক্তিতে আন্তর্জাতিক প্রতিযোগিতা, উদ্ভাবন ও নির্ভরযোগ্যতার পাশাপাশি অর্থনৈতিক আধুনিকায়ন, নিরাপত্তা এবং অর্থের যথাযথ মূল্য পাওয়ার বিষয়গুলো গুরুত্ব পেয়েছে।

আরও পড়ুন: তারেক রহমান: জামায়াত-এনসিপি আমার রাষ্ট্রীয় সম্মান সহ্য করতে পারছে না

এয়ারবাস বেছে নেওয়ার মাধ্যমে বাংলাদেশের সঙ্গে ইউরোপের সম্পর্ক আরও জোরালো হবে উল্লেখ করে তিনি বলেন, এই সিদ্ধান্ত এমন একটি অংশীদারত্বে বিনিয়োগের প্রতিফলন, যা বাংলাদেশের অর্থনৈতিক সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। আস্থা, সহযোগিতা ও দীর্ঘমেয়াদি সমৃদ্ধির অভিন্ন লক্ষ্যকে ভিত্তি করে এই অংশীদারত্ব আরও এগিয়ে যাবে। বাংলাদেশের অর্থনীতিকে আরও বড় পরিসরে এগিয়ে নেওয়ার লক্ষ্য নিয়েও কথা বলেন মাইকেল মিলার।

তিনি বলেন, আগামী কয়েক বছরের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার যে লক্ষ্য, ইউরোপীয় ইউনিয়ন তা সমর্থন করে। ২০৩০ সালের মধ্যে বিশ্বের শীর্ষ ৩০ অর্থনীতির একটি হওয়ার লক্ষ্যও বাংলাদেশের এই অগ্রযাত্রার অংশ হতে পারে। এই লক্ষ্য অর্জনে এভিয়েশন খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলেও মন্তব্য করেন ইইউ রাষ্ট্রদূত।

বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় সরকারের নেওয়া উদ্যোগগুলোর প্রতিও ইইউর সমর্থনের কথা জানিয়ে মাইকেল মিলার আরও বলেন, বাংলাদেশের স্বাভাবিক এলডিসি উত্তরণেও ইইউ সমর্থন করছে। পাশাপাশি বাংলাদেশ ও ইইউর মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) নিয়ে অনুসন্ধানমূলক আলোচনা শুরুর কথাও উল্লেখ করেন তিনি।

অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, ইনভেস্ট বাংলাদেশের নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী এবং এয়ারবাস ইন্ডিয়া ও দক্ষিণ এশিয়ার প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক জুর্গেন ওয়েস্টারমায়ার উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: আদাবরে যুবদল নেতাকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সৈয়দপুরে মুন্সিপাড়ার রেলওয়ে কোয়ার্টার থেকে ট্রান্সফরমার উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৭ই অক্টোবর, ২০২৬ ইং

১১:৩৭ পি.এম


সৈয়দপুরে মুন্সিপাড়ার রেলওয়ে কোয়ার্টার থেকে ট্রান্সফরমার উদ্ধার

নীলফামারীর সৈয়দপুরে একটি ট্রান্সফরমারের মালিকানা নিয়ে বিরোধের কারণে পুলিশ সেটি উদ্ধার করেছে। বুধবার (৭ অক্টোবর) শহরের মুন্সিপাড়া এলাকার একটি রেলওয়ে কোয়ার্টারে অভিযান পরিচালনা করে ট্রান্সফরমারটি উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মালিকানা নিয়ে পরস্পরবিরোধী দাবি থাকায় আপাতত ট্রান্সফরমারটি থানার হেফাজতে রাখা হয়েছে। প্রয়োজনীয় কাগজপত্র যাচাইয়ের পর প্রকৃত মালিকের কাছে এটি হস্তান্তরের সিদ্ধান্ত নেওয়া হবে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।

থানা সূত্রে জানা গেছে, ট্রান্সফরমারটি উদ্ধারের বিষয়ে লিখিত অভিযোগ করেছেন শাহীন পারভেজ। তাঁর অভিযোগ, স্বামী পারভেজ আলমের মৃত্যুর পর তাঁদের মালিকানাধীন কাঠি কোম্পানির ব্যবসায়িক কার্যক্রম অংশীদারদের মধ্যে ভাগ হয়ে যায়। পরে ব্যবসার দায়িত্বে থাকা শাহীন পারভেজ ব্যবসায়িক পরিস্থিতির অবনতির কারণে কোম্পানির একটি ট্রান্সফরমার বিক্রি করেন। কিন্তু পরবর্তীতে সেটি মুন্সিপাড়ার একটি রেলওয়ে কোয়ার্টারে রাখা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

এই অভিযোগের পর পুলিশ কোয়ার্টারটিতে তল্লাশি চালায়। সেখান থেকে ট্রান্সফরমারটি উদ্ধার করে সৈয়দপুর থানায় নিয়ে যাওয়া হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই রেলওয়ে কোয়ার্টারটি সাজু খানের দখলে রয়েছে বলে অভিযোগ রয়েছে। তবে ট্রান্সফরমারটির মালিকানা নিয়ে তাঁদের পক্ষ থেকেও দাবি রয়েছে।

সাজু খানের ভাষ্য অনুযায়ী, পুলিশ যে ট্রান্সফরমারটি উদ্ধার করেছে সেটি তাঁরই। তিনি জানান, কয়েকদিন আগে তাঁর ট্রান্সফরমারটি চুরি হয়েছিল। পরে লোকজনের মাধ্যমে তারাগঞ্জ এলাকা থেকে সেটি উদ্ধার করে সৈয়দপুরে নিয়ে আসেন তিনি। তবে পুলিশ সেটি থানায় নিয়ে যাওয়ার বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে চাননি।

সৈয়দপুর থানার ওসি মো. রেজাউল করিম রেজা বলেন, ট্রান্সফরমারটির বিষয়ে উভয় পক্ষই থানায় অভিযোগ করেছে। তাঁদের সঙ্গে বসে কাগজপত্র যাচাই করা হবে। যাচাইয়ে বৈধ কাগজপত্র যার অনুকূলে পাওয়া যাবে, ট্রান্সফরমারটি তাঁর কাছে হস্তান্তর করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি ‘কালো চুক্তি’ হিসাবে চিহ্নিত হবে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৭ই অক্টোবর, ২০২৬ ইং

১১:৩৭ পি.এম


ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি ‘কালো চুক্তি’ হিসাবে চিহ্নিত হবে

জনমতকে উপেক্ষা করে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে এই চুক্তি ইতিহাসে একটি কালো চুক্তি হিসেবে চিহ্নিত হবে, এমন মন্তব্য করেছেন বন্দর রক্ষা কমিটি।

বুধবার (৭ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনটির পক্ষ থেকে এই বক্তব্য তুলে ধরা হয়।

বিবৃতিতে জানানো হয়, বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাত সরকারের নামে প্রচারিত আমন্ত্রণপত্রে সরকারি-বেসরকারি অংশীদারিত্বের আওতায় নিউমুরিং কনটেইনার টার্মিনাল প্রকল্পের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজনের কথা উল্লেখ করা হয়েছে। কিন্তু জাতীয় স্বার্থের সঙ্গে সরাসরি সম্পর্কিত এই চুক্তির শর্ত, পরিচালনার অধিকার, আর্থিক দায় এবং শ্রমিকদের অধিকার সম্পর্কে জনগণকে স্পষ্টভাবে অবহিত না করে স্বাক্ষরের আয়োজন করা গভীর উদ্বেগের বিষয়। জনমত উপেক্ষা করে উন্নয়ন ও বিনিয়োগের কথা বলে এই প্রক্রিয়াকে গ্রহণযোগ্য করা যাবে না।

গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার হলেও, জনগণের মতামত উপেক্ষা করে জাতীয় সম্পদ নিয়ে একতরফা চুক্তি করার অধিকার এই সরকারের নেই, এমন দাবি করেছেন তারা। চট্টগ্রাম বন্দর দেশের জনগণের সম্পদ এবং জনগণের কাছে জবাবদিহি এড়িয়ে এই বন্দরের ভবিষ্যৎ নির্ধারণের প্রচেষ্টা গণতান্ত্রিক নীতির পরিপন্থী। জনগণের আপত্তিকে অগ্রাহ্য করে চুক্তি চাপিয়ে দেওয়া হলে, দেশের মানুষ তা মেনে নেবে না। ইতিহাসে এই চুক্তি ‘কালো চুক্তি’ হিসেবেই চিহ্নিত হবে।

বিবৃতিতে নিউমুরিং কনটেইনার টার্মিনাল প্রকল্প নিয়ে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে ৮ অক্টোবর চুক্তি স্বাক্ষরের আয়োজনের বিরুদ্ধে তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ করা হয়েছে। দেশের গুরুত্বপূর্ণ জাতীয় সম্পদ নিয়ে জনগণের মতামত উপেক্ষা করে একতরফা সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার এই উদ্যোগ কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে জানানো হয়।

এছাড়া, জনমত উপেক্ষা করে চুক্তি স্বাক্ষরের পথে এগোলে তার বিরুদ্ধে বৃহত্তর গণতান্ত্রিক আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছেন সংশ্লিষ্টরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শতবর্ষী মায়ের আদালতে ছেলের বিরুদ্ধে সম্পত্তি আত্মসাতের অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৭ই অক্টোবর, ২০২৬ ইং

১১:৩৮ পি.এম


শতবর্ষী মায়ের আদালতে ছেলের বিরুদ্ধে সম্পত্তি আত্মসাতের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জে জমি-সংক্রান্ত মামলার কথা বলে শতবর্ষী মা ও বাবার টিপসই নিয়ে প্রায় ১২ বিঘা কৃষিজমি, আমবাগান ও বসতভিটাসহ পারিবারিক সম্পত্তি নিজের নামে লিখে নেওয়ার অভিযোগ উঠেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) এক কর্মকর্তার বিরুদ্ধে।

অভিযুক্ত মো. মুখতারুজ্জামান বুয়েটের সিনিয়র টেকনিক্যাল অফিসার। তার বিরুদ্ধে পৈতৃক বাড়ি ছেড়ে দেওয়ার জন্য চাপ এবং জরাজীর্ণ ঘর মেরামতে বাধা দেওয়ারও অভিযোগ করেছেন তার ১০০ বছর বয়সী মা রহিমা খাতুন ওরফে মনোয়ারা রেফুল।

রহিমা খাতুন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালিয়াডাঙ্গা মাঝপাড়া গ্রামের বাসিন্দা। স্বামী মৃত এসলাম হোসেন। সাত সন্তানের মধ্যে মুখতারুজ্জামান দ্বিতীয়। স্বামীর মৃত্যুর পর ছোট ছেলে ইসমাইল হোসেনের সঙ্গে পৈতৃক বাড়িতে বসবাস করছেন তিনি।

পরিবারের সদস্যদের অভিযোগ, রহিমা খাতুন যে ঘরে বসবাস করেন সেটি বর্তমানে জরাজীর্ণ। টিনের চাল ফুটো হয়ে বৃষ্টির পানি পড়ে। ঘরের বিভিন্ন স্থানে ফাটল ধরেছে, কাঠেও ধরেছে ঘুন। ঘরটি মেরামতের উদ্যোগ নিলে মুখতারুজ্জামান বাধা দেন বলেও অভিযোগ তাদের।

রহিমা খাতুনের দাবি, জমি নিয়ে মামলা চলছে এমন কথা বলে তার ও তার প্রয়াত স্বামীর কাছ থেকে টিপসই নেওয়া হয়। পরে তিনি জানতে পারেন, ওই টিপসই ব্যবহার করে তাদের সম্পত্তি মুখতারুজ্জামানের নামে রেজিস্ট্রি করা হয়েছে।

শতবর্ষী এই নারী বলেন, কোনো সন্তানকে স্বেচ্ছায় সম্পত্তি লিখে দেননি তিনি। এখন তাকে ও ছোট ছেলে ইসমাইলকে বাড়ি থেকে বের করে দেওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছে।

অভিযোগের প্রতিকার পেতে স্থানীয়ভাবে একাধিকবার সালিশের পাশাপাশি থানায় অভিযোগ এবং জেলা লিগ্যাল এইডেরও দ্বারস্থ হন রহিমা খাতুন। তবে এতে কোনো সমাধান হয়নি বলে দাবি তার।

ছোট ছেলে ইসমাইল হোসেনের দাবি, তাদের বাবা-মায়ের প্রায় ১২ বিঘা ধান ও আমের জমি এবং বসতবাড়ি রয়েছে। এসব সম্পত্তি মুখতারুজ্জামানের নামে লিখে নেওয়া হয়েছে। তিনি বলেন, সামান্য আয় করে মায়ের দেখাশোনা করছেন তিনি। বাড়িটি বসবাসের অনুপযোগী হয়ে পড়লেও মেরামত করতে দেওয়া হচ্ছে না। উল্টো বাড়ি খালি করার জন্য চাপ দেওয়া হচ্ছে।

পরিবারের সদস্য আলিম হোসেন ও খাইরুল হোসেনও একই অভিযোগ করেছেন। তাদের দাবি, সাত ভাই-বোনের মধ্যে বাকি ছয়জনকে সম্পত্তির অংশ থেকে বঞ্চিত করা হয়েছে।

বালিয়াডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউল হক কমল বলেন, সম্পত্তি নিয়ে বিরোধের বিষয়ে একাধিকবার গ্রাম্য সালিশ হয়েছে। বিষয়টি সমাধানে বিভিন্ন পরামর্শ দেওয়া হলেও অভিযুক্ত তা মানেননি।

তিনি বলেন, দলিলপত্র অনুযায়ী আইনগতভাবে তার পিতার সম্পত্তির মালিক এখন মুখতারুজ্জামান। তবে প্রতারণা করে বা যেভাবেই হোক সম্পত্তি নেওয়ার অভিযোগ রয়েছে। সালিশে রহিমা খাতুন বারবার জানিয়েছেন, তিনি কোনো সন্তানকে সম্পত্তি লিখে দেননি।

এদিকে সম্পত্তির অধিকার ও বসতভিটা রক্ষার দাবিতে গত ৩১ আগস্ট চাঁপাইনবাবগঞ্জের যুগ্ম জেলা জজ প্রথম আদালতে মামলা করেছেন রহিমা খাতুন। মামলায় একমাত্র আসামি করা হয়েছে ছেলে মো. মুখতারুজ্জামানকে।

বাদীপক্ষের আইনজীবী মো. সোহরাব আলী মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মামলার অভিযোগ অনুযায়ী, মুখতারুজ্জামান তার বাবাকে ভুল তথ্য দিয়ে চাঁপাইনবাবগঞ্জ রেজিস্ট্রি অফিসে নিয়ে যান এবং টিপসইয়ের মাধ্যমে জমি নিজের নামে রেজিস্ট্রি করান। পরে একই কৌশলে মায়ের কাছ থেকেও টিপসই নিয়ে সম্পত্তি নিজের নামে লিখে নেওয়া হয়েছে বলে মামলায় অভিযোগ করা হয়েছে।

তবে এসব অভিযোগের বিষয়ে মো. মুখতারুজ্জামানের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মনোহরদীতে জলপরী দেখতে পুকুরে ভিড়, সিলভার কার্প মাছ জালে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৭ই অক্টোবর, ২০২৬ ইং

১১:৩৮ পি.এম


মনোহরদীতে জলপরী দেখতে পুকুরে ভিড়, সিলভার কার্প মাছ জালে

নরসিংদীর মনোহরদীতে একটি পুরনো পুকুরে জলপরী দেখা যাওয়ার গুজব ছড়িয়ে পড়ার ফলে গত পাঁচ দিন ধরে সেখানে মানুষের ভিড় বেড়ে চলেছে। এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ভিডিও ছড়িয়ে পড়েছে। কিছু মানুষ ঘটনাটিকে কেন্দ্র করে নানা ধরনের কল্পকাহিনীও তৈরি করছেন।

গুজবটি মনোহরদী উপজেলার একদুয়ারিয়া ইউনিয়নের আলালপুর গ্রামের কবির আহমেদ ভূইয়ার (৪৫) প্রায় ২০০ বছরের পুরনো পারিবারিক পুকুরকে কেন্দ্র করে ছড়িয়েছে।

গুজব ছড়িয়ে পড়ার পর পুকুরটিকে ঘিরে বিভিন্ন আয়োজন শুরু হয়েছে। কেউ পুকুরপাড়ে ভোগ দিচ্ছেন, কেউ পূজা করছেন। আবার কেউ কেউ পুকুরের পানি শরীরে মাখছেন বা সঙ্গে করে নিয়ে যাচ্ছেন। অনেকেই পুকুরে কিছু পাওয়ার আশায় দীর্ঘ সময় ধরে সেখানে অবস্থান করছেন। এতে প্রতিদিনই সেখানে মানুষের ভিড় বাড়ছে।

পুকুরের মালিক কবির আহমেদ ভূইয়া জানান, তাদের পারিবারিক পুকুরটিতে সিলভার কার্পসহ স্থানীয় বিভিন্ন প্রজাতির মাছ চাষ করা হয়। কয়েক দিন আগে পুকুরে সিলভার কার্প মাছ একসঙ্গে সাঁতার কাটার দৃশ্য দেখে কিছু মানুষ সেটিকে জলপরী হিসেবে প্রচার করতে শুরু করেন। এরপর থেকে গত পাঁচ দিন ধরে প্রতিদিন হাজার হাজার মানুষ পুকুরপাড়ে ভিড় করছেন।

তিনি বলেন, কিছু মানুষ ঘটনাটিকে কেন্দ্র করে নানা কাল্পনিক গল্প তৈরি করে প্রচার করছেন। এতে তারা বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়েছেন। মানুষের অযাচিত ভিড়ের কারণে পুকুরের মাছের স্বাভাবিক পরিবেশও ব্যাহত হচ্ছে।

কবির আহমেদ ভূইয়া আরও জানান, প্রশাসনের সহায়তায় পুকুরে জাল ফেলে তল্লাশি চালানো হয়েছে। তবে মাছ ছাড়া অন্য কোনো কিছুর অস্তিত্ব পাওয়া যায়নি। এ ধরনের গুজব বন্ধ করে পুকুরপাড়ে মানুষের অযাচিত জমায়েত বন্ধে প্রশাসন ও গণমাধ্যমের সহযোগিতা চান তিনি।

মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান বলেন, মঙ্গলবার বিকেলে প্রশাসনের পক্ষ থেকে পুকুরে জাল ফেলে তল্লাশি চালানো হয়। এতে মাছ ছাড়া অন্য কোনো কিছুর অস্তিত্ব পাওয়া যায়নি।

তিনি বলেন, কিছু ভুঁইফোড় মাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়িয়ে পড়ার পর সাধারণ মানুষের মধ্যে জলপরী পাওয়ার গুজব ছড়িয়ে পড়ে। অনেকে যাচাই না করে নানা ধরনের কথা প্রচার করছেন এবং পুকুরটির সামনে ভিড় করছেন।

ইউএনও আরো বলেন, প্রশাসনের পক্ষ থেকে মানুষকে সচেতন করার চেষ্টা করা হচ্ছে। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে যাচাই-বাছাই ছাড়া গুজব না ছড়ানোর জন্য সবাইকে অনুরোধ করা হয়েছে। কেউ ইচ্ছাকৃতভাবে গুজব ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%