বৃহস্পতিবার, ৫ই নভেম্বর, ২০২৬ ইং
১২:৪৮ পি.এম
বাংলাদেশের সিনেমা আন্তর্জাতিক অঙ্গনে একের পর এক স্বীকৃতি অর্জন করছে। এবার স্পেনের এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল বার্সেলোনায় পুরস্কার লাভ করেছে মেজবাউর রহমান সুমনের ‘রইদ’ এবং মোহাম্মদ তাওকীর ইসলামের ‘দেলুপি’। প্রেক্ষাগৃহে মুক্তির পরও আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সিনেমা দুটির সাফল্যে সংশ্লিষ্ট কলাকুশলীরা উচ্ছ্বসিত।
বার্সেলোনার উৎসবের এবারের আসরে অফিশিয়াল সিলেকশন বিভাগে সেরা সিনেমার পুরস্কার জিতেছে ‘রইদ’। অপরদিকে, আদার ন্যারেটিভ বিভাগে স্পেশাল মেনশন পুরস্কার অর্জন করেছে ‘দেলুপি’।
‘রইদ’ এর জন্য এটি নতুন কোনো আন্তর্জাতিক স্বীকৃতি নয়। এর আগে কানাডার মোজাইক ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে সেরা অভিনেত্রী, সেরা সিনেমাটোগ্রাফি ও সেরা সংগীতের পুরস্কার জিতেছিল সিনেমাটি। শুধু তাই নয়, আগামী বছর অনুষ্ঠিত হতে যাওয়া অস্কারের ৯৯তম আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার জন্যও নির্বাচিত হয়েছে ছবিটি।
সিনেমাটি সাদু ও তার স্ত্রী পাগলির সম্পর্কের একটি সরল অথচ গভীর আখ্যান নিয়ে নির্মিত। প্রেম, নীরবতা এবং মানবজীবনের চিরন্তন অনুভূতি সিনেমাটির মূল উপজীব্য। কেন্দ্রীয় দুই চরিত্রে অভিনয় করেছেন মোস্তাফিজুর নূর ইমরান ও নাজিফা তুষি।
চলতি বছরের শুরুতে নেদারল্যান্ডসের ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল রটারডাম দিয়ে সিনেমাটির আন্তর্জাতিক যাত্রা শুরু হয়। পরে কোরবানির ঈদে বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় এটি।
অন্যদিকে, আন্তর্জাতিক অঙ্গনে ‘দেলুপি’র অর্জনও কম নয়। এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল বার্সেলোনায় স্পেশাল মেনশন পুরস্কার পাওয়ার মাধ্যমে সিনেমাটির ঝুলিতে যুক্ত হলো নতুন স্বীকৃতি। বর্তমানে এটি দেশের বাইরের ১০টি চলচ্চিত্র উৎসবে অংশগ্রহণ করেছে। এটি সিনেমাটির দ্বিতীয় আন্তর্জাতিক পুরস্কার। এর আগে উত্তর আমেরিকার তাসভীর চলচ্চিত্র উৎসবে ‘দেলুপি’র অভিনেতা চিরনজিৎ বিশ্বাস সেরা অভিনেতার পুরস্কার লাভ করেছিলেন।
মোহাম্মদ তাওকীর ইসলাম পরিচালিত ‘দেলুপি’ নির্মিত হয়েছে দক্ষিণাঞ্চলের মানুষের জীবন, বাস্তবতা ও সম্পর্কের গল্প নিয়ে। সিনেমাটিতে রাজনীতি, ভালোবাসা, প্রাকৃতিক দুর্যোগ, যাত্রাশিল্পীদের সংগ্রাম এবং জীবন বদলে দেওয়ার আকাঙ্ক্ষা উঠে এসেছে। এর বিশেষত্ব হলো, ছবির অভিনয়শিল্পীদের সবাই খুলনার স্থানীয় বাসিন্দা। গত বছর দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল সিনেমাটি।
এছাড়া, ‘দেলুপি’র নির্মাতা তাওকীর ইসলাম এর আগে ‘শাটিকাপ’ ও ‘সিনপাট’ সিরিজ নির্মাণ করে প্রশংসা অর্জন করেছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন চিকিৎসার উদ্দেশ্যে সিঙ্গাপুরে গেছেন।
তিনি বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল ১০টার দিকে বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সিঙ্গাপুরের জন্য যাত্রা শুরু করেন।
এ বিষয়ে তার বড় ছেলের স্ত্রী ও নারী নেত্রী নাঈমা খন্দকার গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
নাঈমা খন্দকার জানান, ড. খন্দকার মোশাররফ হোসেন সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হসপিটালে (এনইউএইচ) চিকিৎসা গ্রহণ করবেন। তার সঙ্গে রয়েছেন স্ত্রী বিলকিস আক্তার এবং বড় ছেলে খন্দকার মাহবুব হোসেন তুষার।
পুত্রবধূ নাঈমা খন্দকার পরিবারের পক্ষ থেকে ড. খন্দকার মোশাররফ হোসেনের দ্রুত সুস্থতা, নিরাপদ যাত্রা এবং সফল চিকিৎসার জন্য সবার দোয়া চেয়েছেন।
উল্লেখ্য, ২০২৩ সালে একই হাসপাতালে বিএনপির এই সিনিয়র নেতার মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন হয়েছিল।
ড. খন্দকার মোশাররফ হোসেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-১ (দাউদকান্দি ও মেঘনা) আসন থেকে পঞ্চমবারের মতো এমপি নির্বাচিত হন। এর আগে তিনি ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি ও ১২ জুন এবং ২০০১ সালে বিএনপি থেকে নির্বাচিত হয়ে একাধিক মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।
এছাড়া, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বে থাকাকালে তিনি বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) চেয়ারম্যান নির্বাচিত হন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে চীনা বিনিয়োগের পরিমাণ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন।
বৃহস্পতিবার (৫ নভেম্বর ২০২৬) বাগেরহাটের মোংলায় প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ইনভেস্ট বাংলাদেশ এবং চীনের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান চায়না রেলওয়ে কনস্ট্রাকশন করপোরেশন (সিআরসিসি) এর মধ্যে অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতার বিষয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
এই উপলক্ষে, সিআরসিসির চেয়ারম্যান দাই হেগেনের নেতৃত্বে আসা উচ্চপর্যায়ের চীনা প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময়ের সময় প্রধানমন্ত্রী চীনা বিনিয়োগের গুরুত্ব তুলে ধরেন এবং বলেন, বাংলাদেশ ও চীন একসঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে।
এছাড়াও, মোংলায় নতুন শিল্পকারখানা স্থাপনের উদ্যোগ নেওয়া হবে বলেও জানান প্রধানমন্ত্রী।
তিনি আরও বলেন, মোংলা থেকে দেশের উত্তরাঞ্চল পর্যন্ত অর্থনৈতিক কর্মকাণ্ডকে গতিশীল করতে প্রয়োজনীয় বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে দ্রুত অবকাঠামো নির্মাণের উদ্যোগ নেবে সরকার।
মধ্যপ্রাচ্যে চীনা প্রতিষ্ঠানগুলোতে বাংলাদেশি জনবল নিয়োগের জন্য চীনা প্রতিনিধিদলকে বিশেষ ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।
দিনটিকে একটি গুরুত্বপূর্ণ ও আনন্দের হিসেবে উল্লেখ করে বাংলাদেশের শক্তিশালী অর্থনৈতিক ভিত্তি গড়ে তোলার প্রচেষ্টায় চীনা বিনিয়োগকারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রধানমন্ত্রী।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
কুমিল্লায় জেলা পুলিশের সাঁড়াশি অভিযানে মাদক ব্যবসায়ী, কিশোর গ্যাং এবং ছিনতাইকারীদের বিরুদ্ধে একযোগে ২৯৯ জনকে আটক করা হয়েছে। আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে ১৫৯ জনের বিরুদ্ধে। বাকি ১৪০ জনকে অভিভাবকের জিম্মায় মুচলেকা নিয়ে মুক্তি দেওয়া হয়েছে।
বুধবার (৪ নভেম্বর) সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত কুমিল্লা জেলার ১৮টি থানায় জেলা পুলিশের বিভিন্ন ইউনিট ও গোয়েন্দা শাখা (ডিবি) একযোগে অভিযান পরিচালনা করে। পুলিশ সুপার মো. আনিসুজ্জামান এর নির্দেশনায় এই অভিযানে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও সরাসরি অংশগ্রহণ করেন।
জেলা পুলিশ জানায়, মহানগরীর বিভিন্ন স্থান এবং জেলার প্রতিটি থানার অপরাধপ্রবণ এলাকা, কিশোর গ্যাংয়ের উৎপাত রয়েছে এমন স্থান এবং মাদক ও ছিনতাইপ্রবণ এলাকায় বিশেষ নজর দিয়ে অভিযান চালানো হয়।
পুলিশ জানায়, গত ২৩ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এই বিশেষ অভিযানে ৪ নভেম্বর পর্যন্ত মোট ৬ হাজার ৮৫৭ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে ৩ হাজার ৯৬৪ জনকে মুচলেকা নিয়ে অভিভাবকের জিম্মায় মুক্তি দেওয়া হয়েছে। অপরদিকে, ২ হাজার ৮৯৩ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
জেলা পুলিশ আরও জানায়, উঠতি বয়সী কিশোররা যাতে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে না পড়ে, সে লক্ষ্যে নিয়মিতভাবে এই অভিযান পরিচালনা করা হচ্ছে। অভিযানের নামে নিরপরাধ ব্যক্তিদের হয়রানি না হওয়ার বিষয়েও কঠোর নজরদারি রাখা হচ্ছে।
কিশোর অপরাধ, মাদক ব্যবসা এবং ছিনতাই প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জেলা পুলিশ জানিয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
গাজীপুরের কাশিমপুরের সারাবো এলাকায় একটি ঝুট গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল সোয়া ১০টার দিকে কাশিমপুরের সারাবো এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক সাইদুল আলম চৌধুরী গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সকাল সোয়া ১০টার দিকে কোনবাড়ি ও কাশিমপুরের সীমান্তবর্তী তালতলা এলাকার একটি ঝুট গুদামে আগুন লাগে। খবর পেয়ে ভোগড়া মডার্ণ ফায়ার সার্ভিস স্টেশনের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে পৌনে এক ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুন লাগার কারণ সম্পর্কে তিনি কিছু জানাতে পারেননি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ