ঢাকা শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৮ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ইং ০৮ই কার্তিক, ১৪৩৩বাং

টেন্ডুলকার পরিবারে স্মৃতি মান্ধানাকে ইউনিসেফে স্বাগত জানালেন


টেন্ডুলকার পরিবারে স্মৃতি মান্ধানাকে ইউনিসেফে স্বাগত জানালেন

ঢাকা, ১২ অক্টোবর ২০২৬ : ভারতীয় নারী ক্রিকেট দলের অধিনায়ক স্মৃতি মান্ধানাকে ইউনিসেফ ইন্ডিয়া পরিবারের নতুন সদস্য হিসেবে স্বাগত জানিয়েছেন শচীন টেন্ডুলকার। শিশুদের অধিকার নিয়ে কাজ করা সংস্থাটির নতুন সেলিব্রিটি অ্যাডভোকেট হিসেবে নিয়োগ পেয়েছেন মান্ধানা। ভারতীয় ব্যাটারের জীবনে এই দায়িত্ব যুক্ত হলো একটি ব্যস্ত সপ্তাহের মধ্যে।

আন্তর্জাতিক কন্যাশিশু দিবস উপলক্ষে গত রোববার ইউনিসেফ ইন্ডিয়া মান্ধানার নিয়োগের ঘোষণা দেয়। নতুন দায়িত্বে তিনি শিশুদের অধিকার প্রতিষ্ঠায় বিভিন্ন উদ্যোগকে সমর্থন করবেন। বিশেষভাবে কিশোরীদের স্বাস্থ্য, সুস্থতা ও সমান সুযোগ নিশ্চিত করার বিষয়ে গুরুত্ব দেওয়া হবে।

টেন্ডুলকার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, “ইউনিসেফ ইন্ডিয়া পরিবারের পক্ষ থেকে স্বাগত! মাঠে তুমি লাখো মানুষকে অনুপ্রাণিত করো। আমার বিশ্বাস, মাঠের বাইরেও তুমি শিশুদের অধিকারের পক্ষে অসাধারণ কণ্ঠস্বর হয়ে উঠবে।”

আরও পড়ুন: ক্রিকেটার হৃদয় জীবনযুদ্ধে হার মানলেন, ঢাকায় চিকিৎসার পথে মৃত্যু

ভারতের সাবেক অধিনায়ক টেন্ডুলকার এক দশকেরও বেশি সময় ধরে ইউনিসেফের সঙ্গে যুক্ত রয়েছেন। ২০০৩ সাল থেকে তিনি সংস্থাটির বিভিন্ন উদ্যোগকে সমর্থন করে আসছেন। ২০১৩ সালে তাঁকে দক্ষিণ এশিয়ায় ইউনিসেফের আঞ্চলিক শুভেচ্ছাদূত হিসেবে নিয়োগ দেওয়া হয়। পোলিও প্রতিরোধ, স্বাস্থ্যবিধি ও পয়োনিষ্কাশনব্যবস্থা উন্নয়নের মতো বিষয়েও তিনি প্রচারাভিযানে অংশ নিয়েছেন।

ভারতের নারী ক্রিকেট দলের নতুন অধিনায়ক হিসেবে মান্ধানার নাম ঘোষণার কয়েক দিন পরেই ইউনিসেফে তাঁর এই নিয়োগ এলো। তিনি হারমানপ্রিত কৌরের স্থলাভিষিক্ত হয়েছেন।

২০১৩ সাল থেকে ভারতের হয়ে খেলা বাঁহাতি ব্যাটার মান্ধানার রয়েছে ব্যাপক অভিজ্ঞতা। তাঁর নেতৃত্বে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু নারী প্রিমিয়ার লিগের (ডব্লিউপিএল) দুটি শিরোপা জিতেছে।

ইউনিসেফ ইন্ডিয়ার সঙ্গে যুক্ত হতে পেরে সম্মানিত বোধ করছেন বলে জানিয়েছেন মান্ধানা। ক্রিকেটে তাঁর পথচলা তাঁকে সুযোগ ও উৎসাহের গুরুত্ব বুঝতে শিখিয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

আরও পড়ুন: তিলক-নীতিশের রেকর্ড জুটিতে নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজ জিতল ভারত

মান্ধানা বলেন, “প্রতিটি শিশু ও তরুণেরই বড় স্বপ্ন দেখার এবং নিজেদের পূর্ণ সম্ভাবনা বিকশিত করার সুযোগ পাওয়া উচিত।”

নতুন দায়িত্বে মান্ধানা নিজের প্রভাব কাজে লাগিয়ে মেয়েদের খেলাধুলায় অংশ নিতে, নিজেদের লক্ষ্য অনুসরণ করতে এবং খেলাধুলা ও নেতৃত্ব দেওয়ার সুযোগ পেতে উৎসাহিত করবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কালিয়াকৈরে দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১২ই অক্টোবর, ২০২৬ ইং

০৮:৩৮ পি.এম


কালিয়াকৈরে দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ

গাজীপুরের কালিয়াকৈরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সদস্যরা শাড়ি ও লুঙ্গি পেয়ে আনন্দিত।

এ বস্ত্র বিতরণ অনুষ্ঠান সোমবার (১২ অক্টোবর) বিকেলে কালিয়াকৈর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের ছাপড়া মসজিদ এলাকায় অনুষ্ঠিত হয়।

দুই শতাধিক সনাতন ধর্মাবলম্বী নারী ও পুরুষের মধ্যে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ১৬ অক্টোবর থেকে শারদীয় দুর্গাপূজা শুরু হবে। এবারের দুর্গাপূজা কালিয়াকৈর উপজেলায় ১৪৭টি পূজামণ্ডপে উদ্‌যাপিত হবে। প্রতিটি মণ্ডপে সিসি ক্যামেরা বসানো হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা প্রস্তুত রয়েছেন। এ উপলক্ষে সোমবার বিকেলে পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের ছাপড়া মসজিদ এলাকায় বস্ত্র বিতরণ করা হয়। অসহায় ও দরিদ্র পরিবারের সদস্যদের সঙ্গে এই উৎসবের আনন্দ ভাগাভাগি করার জন্য এ উদ্যোগ নেওয়া হয়েছে।

বস্ত্র বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৮নং শ্রমিক দলের সভাপতি ওসমান আলিফ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিয়াকৈর পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী ও বাংলাদেশ কেন্দ্রীয় শ্রমিক ফেডারেশনের বিনোদন ও ক্রীড়া বিষয়ক সম্পাদক দেওয়ান মোহাম্মদ জসিম উদ্দিন। তিনি উল্লেখ করেন, গরীব দুঃস্থ ও অসহায় মানুষের জন্য তিনি সবসময় কাজ করে যাবেন। "আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একজন দানশীল ব্যক্তি। তার নেতৃত্বে আমরা গরিব-দুঃখী মানুষের পাশে আছি।"

এ সময় বিএনপির নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নতুন প্রজন্মের কাছে ঐতিহ্য ফেরাতে নওগাঁয় দিনব্যাপী চিঠি উৎসবের আয়োজন

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

সোমবার, ১২ই অক্টোবর, ২০২৬ ইং

০৮:৩৮ পি.এম


নতুন প্রজন্মের কাছে ঐতিহ্য ফেরাতে নওগাঁয় দিনব্যাপী চিঠি উৎসবের আয়োজন

নওগাঁ, ১২ অক্টোবর, ২০২৬ : ‘চিঠির পাতায় লেখা সত্যিকারের অনুভূতি কখনো মুছে ফেলা যায় না, মানুষ ভুলে গেলেও শব্দগুলো হৃদয়ে নিজের জায়গা করে রেখে যায়’ এই আবেগঘন প্রতিপাদ্য নিয়ে নওগাঁয় অনুষ্ঠিত হলো এক ব্যতিক্রমী ‘চিঠি উৎসব’।

নওগাঁ সরকারি কলেজ চত্বরে আজ সোমবার বাংলাদেশ ডাক বিভাগের উদ্যোগে আধুনিক প্রযুক্তির ভিড়ে হারিয়ে যাওয়া চিঠির ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য দিনব্যাপী এ উৎসবের আয়োজন করা হয়। উৎসবে অংশগ্রহণ করেন কয়েক’শ শিক্ষার্থী।

আজ সকালে ডাক বিভাগ রাজশাহী অঞ্চলের ডেপুটি পোস্ট মাস্টার জেনারেল মো. রাকিব বিশ্বাস উৎসবের উদ্বোধন করেন।

উপস্থিত ছিলেন, নওগাঁ উপ ডাক বিভাগের পরিদর্শক মো. সানোয়ার হোসেন, নওগাঁ প্রধান ডাকঘরের পোস্টমাস্টার মু. হযরত আলী, বাংলাদেশ শাখা ডাকঘর কর্মচারি সমিতির যুগ্ম মহাসচিব মো: ইদ্রিস আলী শেখ, শহর পরিদর্শক মো. সাদ্দাম হোসেন প্রমুখ।

আজ সোমবার সকাল থেকেই নওগাঁ সরকারি কলেজ চত্বরে উৎসবের কারণে শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। বর্তমান যুগের ফেসবুক, হোয়াটসঅ্যাপ বা খুদে বার্তার যুগে কাগজের পাতায় কলম ছুঁইয়ে মনের কথা প্রকাশের সুযোগটি তরুণ-তরুণীরা লুফে নেয়। ডিজিটাল যুগে চিঠির খাম ও ডাকটিকিটের চাক্ষুষ অভিজ্ঞতা অনেকের কাছে ছিল একেবারে নতুন ও রোমাঞ্চকর।

দিনব্যাপী এ উৎসবে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বিনামূল্যে প্রিয়জনের কাছে চিঠি পাঠানোর সুযোগ পায়। উৎসবস্থলে বসেই তারা স্বতঃস্ফূর্তভাবে তাদের মা-বাবা, ভাই-বোন ও ফেলে আসা শৈশবের বন্ধু কিংবা প্রিয়জনদের উদ্দেশ্যে আবেগঘন চিঠি লেখেন। লেখার পর সেগুলো কলেজ চত্বরে স্থাপিত অস্থায়ী লাল ডাকবাক্সে জমা দেন।

উৎসবে অংশ নেওয়া নওগাঁ সরকারি কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী জিয়ান শারমিন আনন্দ প্রকাশ করে বলেন, ‘আমি কোনদিন কাগজে কলমে চিঠি লিখে কোথাও পাঠাইনি। এটিই প্রথম। আমরা তো সবসময় মেসেঞ্জারে বা ফোনে কথা বলি। কিন্তু আজ প্রথম নিজ হাতে একটা চিঠি লিখলাম। কাগজের পাতায় নিজের হাতে অনুভূতি লিখে পাঠানোর আনন্দটা যে এত বেশি হতে পারে, তা আজ চিঠি না লিখলে বুঝতেই পারতাম না।’

গণিত অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী ফাহিম ফয়সাল বাসসকে বলেন, ‘আমি সবশেষ ২০১১ সালে একটি চিঠি লিখেছিলাম। সেটি ছিলো প্রথম। আর আজ জীবনে দ্বিতীয়বার কাগজে চিঠি লিখলাম। চিঠি লেখার সুযোগ পেয়ে এবং বিনামূল্যে চিঠি পাঠাতে পেরে খুব ভাল লেগেছে। ডাক বিভাগের এমন আয়োজনে আমরা খুশি।’

এ সময় ডাক বিভাগের ডেপুটি পোস্ট মাস্টার জেনারেল মো. রাকিব বিশ্বাস বাসসকে জানান, শিক্ষার্থীদের জমা দেওয়া চিঠিগুলো উৎসব শেষে সম্পূর্ণ বিনামূল্যে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে দেওয়া হবে।

তিনি বলেন, বর্তমান যুগে দ্রুত যোগাযোগের অনেক মাধ্যম থাকলেও চিঠির গভীরতা ও চিরন্তন আবেদন অন্য কোথাও পাওয়া সম্ভব নয়। নতুন প্রজন্মের শিক্ষার্থীদের মাঝে চিঠি লেখার এই সুপ্ত অভ্যাসকে পুনরায় জাগিয়ে তুলতে এবং ডাক বিভাগের সেবা সম্পর্কে সচেতনতা বাড়াতেই এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে।

বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে ডাক বিভাগের সেবা সমূহ ঢেলে সাজানো হয়েছে। ২৪ ঘণ্টার মধ্যেই স্পীড পোস্ট সার্ভিসের মাধ্যমে মালামাল পৌঁছে দেওয়া হচ্ছে এবং এ সেবা গ্রহণ করে মানুষ ডাক সেবা গ্রহণে অধিক আগ্রহী হয়ে উঠছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকা মেডিকেলের মর্গে ৩ থেকে ৪০০ লাশের মধ্যে ছেলেকে শনাক্ত করলেন তাসলিমা আক্তার

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ১২ই অক্টোবর, ২০২৬ ইং

০৮:৩৯ পি.এম


ঢাকা মেডিকেলের মর্গে ৩ থেকে ৪০০ লাশের মধ্যে ছেলেকে শনাক্ত করলেন তাসলিমা আক্তার

জুলাই বিপ্লবের উত্তাল সময়ের মধ্যে রাজধানীর মোহাম্মদপুরে ছাত্র-জনতার কর্মসূচিতে অংশগ্রহণ করেন মোহাম্মদ ইসমাইল। এক পর্যায়ে মাথায় গুলিবিদ্ধ হয়ে শহীদ হন তিনি। ঢাকা মেডিকেলে খোঁজ করতে গিয়ে মা জানতে পারেন, তার ছেলে বেঁচে নেই এবং তার লাশ মর্গে রাখা হয়েছে। পরে মর্গে থাকা ৩ থেকে ৪০০ লাশের মধ্যে পোশাক দেখে তিনি ছেলেকে শনাক্ত করেন।

সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ শহীদ ইসমাইলের মা তাসলিমা আক্তারের জবানবন্দিতে এসব তথ্য উঠে আসে।

জুলাই বিপ্লবে রাজধানীর মোহাম্মদপুরে ৯ জনকে হত্যার ঘটনায় ঢাকা দক্ষিণ সিটির সাবেক মেয়র ফজলে নূর তাপস এবং সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানকসহ ২৮ জনের বিরুদ্ধে দশম সাক্ষী হিসেবে জবানবন্দি দেন তিনি।

জবানবন্দিতে তিনি বলেন, "আমি শহীদ মোহাম্মদ ইসমাইলের মা। আমার ছেলে ২০২৪ সালের ১৯ জুলাই জুমার নামাজ শেষে দুপুরের খাবার খেয়ে আনুমানিক ৩টার সময় বাসা থেকে বের হয়ে আন্দোলনে যোগ দেয়।" ছেলের বন্ধু মনির ওই দিন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাকে জানান, ইসমাইলকে আল্লাহ করিম মসজিদের সামনে দেখা গেছে এবং সে তাকে বাসায় ফিরে আসতে বলে। ছেলে বাসায় ফিরে না এসে আন্দোলনে থেকে যায়। তিনি জানান, "আমি আমার ছেলেকে ফোন করতে পারিনি, কারণ আমার ফোনে টাকা ছিল না।"

জবানবন্দিতে শহীদের মা বলেন, "পরে আমার বোন আকলিমা ছেলেকে ফোন দেয়, কিন্তু সে ফোন ধরে না।" কয়েকবার ফোন দেওয়ার পর তার বন্ধু কালু ফোন ধরে জানান, "ইসমাইল আপনার কে হয়।" তার বোন বলেন, "আমি তার খালা।" তখন কালু জানান, "ইসমাইল গুলি খাইছে। তাকে আমরা ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে যাচ্ছি।"

তখন ঢাকা উদ্যান থেকে রিকশা নিয়ে তিনি, তার মা এবং বোনসহ ঢাকা মেডিকেলের উদ্দেশ্যে রওনা দেন। কিছু দূর যাওয়ার পর রাস্তায় আগুন জ্বলতে দেখে। তখন সেখানে কমিশনার আসিফ, কমিশনার রাজিব, জাহাঙ্গীর কবির নানক, ফজলে নূর তাপস ও বিপ্লব কুমার জোয়ার্দার অস্ত্রসহ উপস্থিত ছিলেন। তার সামনে একজনকে গুলি করে হত্যা করা হয়।

তাসলিমা আক্তার বলেন, "আমরা রাত আনুমানিক ১০টার দিকে ঢাকা মেডিকেল হাসপাতালে পৌঁছাই।" তারা প্রথমে জরুরি বিভাগে যান, সেখানে গুলিবিদ্ধ বহু লোককে জীবিত ও মৃত অবস্থায় দেখতে পান। তারা তলায় তলায় তার ছেলেকে খুঁজতে থাকেন। পরে একজন ডাক্তারকে তার ছেলেকে খুঁজে দিতে বললে, তিনি তাকে জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে গিয়ে তিনি দেখতে পান, তার ছেলে নেই।

কিছুক্ষণ পর ডাক্তার মোবাইলে কিছু ছবি দেখান। ছবি দেখে তিনি ছেলেকে শনাক্ত করেন। ছেলে কোথায় আছে জিজ্ঞাসা করলে ডাক্তার তাকে মর্গে নিয়ে যান। মর্গে গিয়ে তিনি দেখেন, ৩০০ থেকে ৪০০ লাশ একটার ওপর একটা পড়ে আছে। ছেলের পরনের পোশাক দেখে তিনি চিনতে পারেন। তিনি দেখেন, তার মাথায় গুলি লেগেছে।

জবানবন্দিতে শহীদের মা আরও বলেন, "আমি ছেলের লাশ চাইলে হাসপাতাল কর্তৃপক্ষ বলে, লাশ দেওয়া যাবে না। যার যার থানার ওসি এলে তারপর লাশ দেবে।" পরদিন সকাল ১১টার দিকে মোহাম্মদপুর থানা থেকে সাইফুল দারোগা হাসপাতালে আসেন। এরপর সন্ধ্যা ৭টার দিকে লাশ পেয়ে বাসায় নিয়ে আসেন। হাসপাতাল থেকে মামলা করব না, এই শর্তে তার স্বাক্ষর নেওয়া হয়।

তিনি বলেন, "আমার ছেলেকে হত্যার জন্য শেখ হাসিনা, তাপস, নানক, কমিশনার আসিফ, কমিশনার রাজিব, রাসেল, মোল্লা রুবেল, বিপ্লব কুমারসহ অনেকে দায়ী। আমি ছেলে হত্যার বিচার চাই।" এ সময় সাক্ষী কান্নায় ভেঙে পড়েন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নারায়ণগঞ্জের খানপুর ৩০০ শয্যা হাসপাতালে জনবল সংকট, এমপি কালামের সমাধানের আশ্বাস

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১২ই অক্টোবর, ২০২৬ ইং

০৮:৪০ পি.এম


নারায়ণগঞ্জের খানপুর ৩০০ শয্যা হাসপাতালে জনবল সংকট, এমপি কালামের সমাধানের আশ্বাস

নারায়ণগঞ্জ, ১২ অক্টোবর, ২০২৬ : নারায়ণগঞ্জের খানপুর ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে চিকিৎসক ও অন্যান্য প্রয়োজনীয় জনবলের ঘাটতি রয়েছে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাড. আবুল কালাম।

তিনি উল্লেখ করেন, হাসপাতালের চিকিৎসক ও কর্মী সংকটের পাশাপাশি ৩০০ শয্যার হাসপাতালটিকে ৫০০ শয্যায় রূপান্তরের কাজ চলমান থাকায় কিছু বিভাগের কার্যক্রম বর্তমানে বন্ধ রয়েছে। তিনি আশা প্রকাশ করেছেন যে ভবনের নির্মাণকাজ দ্রুত সম্পন্ন হলে বন্ধ বিভাগগুলো আবারও চালু করা যাবে।

আজ সোমবার বিকালে শহরের খানপুর ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে আয়োজিত সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

তিনি জানান, প্রধানমন্ত্রী স্বাস্থ্য খাতকে অগ্রাধিকার দেওয়ার উদ্যোগের অংশ হিসেবে দেশের বিভিন্ন হাসপাতালগুলোতে কমিটি গঠন করা হয়েছে। এসব কমিটিতে স্থানীয় সংসদ সদস্যদের অন্তর্ভুক্ত করা হয়েছে, যাতে হাসপাতালগুলোর সমস্যা চিহ্নিত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া সম্ভব হয়।

সংসদ সদস্য আবুল কালাম আরও বলেন, হাসপাতালটিতে দীর্ঘ ১৮ বছর ধরে বিদ্যমান বিভিন্ন ত্রুটি ও অব্যবস্থাপনা শনাক্ত করে সেগুলো সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে। রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে যেসব প্রতিবন্ধকতা রয়েছে, তা দূর করার লক্ষ্যে সভায় বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলোর সঙ্গে সমন্বয় করে সাধারণ মানুষের জন্য উন্নত ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য।

তিনি আরও বলেন, ১৫ তলাবিশিষ্ট হাসপাতাল কমপ্লেক্সের ৭ তলার নির্মাণকাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। বাকি কাজ দ্রুত সম্পন্ন করে হাসপাতালটিকে ৫০০ শয্যায় উন্নীত করা সম্ভব হবে। এতে নারায়ণগঞ্জের বাসিন্দারা আরও সহজে ও স্বাচ্ছন্দ্যে চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ পাবেন।

এর আগে, ডেঙ্গু প্রতিরোধ ও চিকিৎসাসেবা কার্যক্রম জোরদার করতে জেলা প্রশাসনের উদ্যোগে ৩ হাজার ৭শ’টি ডেঙ্গু পরীক্ষার কিট হাসপাতাল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন জেলা প্রশাসক মো. রায়হান কবির।

এ সময় উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, পরিবার পরিকল্পনা বিভাগের উপ পরিচালক শহিদুল ইসলাম, সিভিল সার্জন ডা. এস এম সাখাওয়াত হোসেন, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আরিফুর রহমান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৮
মাগরিব ০৫:২৫
ইশা ০৬:৩৭
সূর্যোদয় : ০৬:০০ সূর্যাস্ত : ০৫:২৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%