০৬:১৩ পি.এম
পোলিওমুক্ত বিশ্ব গড়ার লক্ষ্যে প্রতিটি শিশুর নিয়মিত টিকাদান নিশ্চিত করার পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি করা প্রয়োজন। এ ব্যাপারে সরকারের পাশাপাশি স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবী সংগঠনসহ সমাজের সকল স্তরের মানুষের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন।
শনিবার (২৪ অক্টোবর) বিশ্ব পোলিও দিবস উপলক্ষে চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে রোটারি ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৬৫-এর রিপসা টিমের আয়োজনে অনুষ্ঠিত শোভাযাত্রা ও সচেতনতামূলক কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মেয়র উল্লেখ করেন, পোলিও একটি ভাইরাসজনিত সংক্রামক রোগ। এই রোগে আক্রান্ত হলে শিশুদের স্থায়ী পক্ষাঘাতসহ গুরুতর জটিলতা দেখা দিতে পারে। পোলিওর কোনো নির্দিষ্ট চিকিৎসা নেই, তবে যথাযথ টিকাদানের মাধ্যমে এ রোগ প্রতিরোধ করা সম্ভব। তাই নিশ্চিত করতে হবে যে, কোনো শিশু টিকাদানের আওতার বাইরে না থাকে। অভিভাবকদের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং টিকাদান সংক্রান্ত ভুল ধারণা দূর করা অত্যন্ত জরুরি।
আরও পড়ুন: দিরাই বিএনপির প্রতিষ্ঠাকালীন গুরুত্বপূর্ণ সংগঠক আব্দুর শহিদ চৌধুরীর নবম মৃত্যুবার্ষিকী পালিত
তিনি আরও বলেন, বাংলাদেশ পোলিও নির্মূলে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। তবে বিশ্বব্যাপী পোলিও নির্মূলের লক্ষ্যে এখনও পুরোপুরি সফলতা অর্জিত হয়নি। তাই দেশের অর্জিত সাফল্য ধরে রাখতে নিয়মিত টিকাদান, রোগ শনাক্তকরণ ও নজরদারি কার্যক্রম অব্যাহত রাখতে হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রোটারিয়ান পিপি মানতাকা জামান কাপ্পী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. ফজলে রাব্বী এবং রিপসা কমিটির উপদেষ্টা ও ডেপুটি কান্ট্রি কো-অর্ডিনেটর পিডিজি আব্দুল আহাদ।
অনুষ্ঠানে ১০ জন সুবিধাবঞ্চিত নারীকে আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার সুযোগ দিতে তাদের হাতে ১০টি সেলাই মেশিন প্রদান করা হয়।
আরও পড়ুন: কাঠালিয়ায় আধুনিক কৃষি প্রযুক্তি ও পরামর্শে ঘুরে দাঁড়াচ্ছেন কৃষকরা উপ-সহকারী কৃষি কর্মকর্তা মহিবুল্লাহ সিফাতের নিরলস প্রচেষ্টা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন