ঢাকা শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৭ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ইং ০৭ই কার্তিক, ১৪৩৩বাং

পরিবেশ রক্ষায় জনসচেতনতা তৈরিতে আলোকচিত্রের গুরুত্ব তুলে ধরলেন ডিসি ফরিদা


পরিবেশ রক্ষায় জনসচেতনতা তৈরিতে আলোকচিত্রের গুরুত্ব তুলে ধরলেন ডিসি ফরিদা

ঢাকা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা খানম মন্তব্য করেছেন যে, পরিবেশ সংরক্ষণ ও জীববৈচিত্র্য রক্ষায় জনসচেতনতা তৈরিতে আলোকচিত্র একটি শক্তিশালী মাধ্যম হিসেবে কাজ করতে পারে। তিনি উল্লেখ করেছেন, "একটি আলোকচিত্র প্রকৃতির সৌন্দর্য যেমন তুলে ধরে, তেমনি পরিবেশদূষণের নির্মম বাস্তবতাও মানুষের সামনে স্পষ্টভাবে উপস্থাপন করতে পারে।" এই মাধ্যমে মানুষের চিন্তায় পরিবর্তন আনা এবং পরিবেশ রক্ষায় সামাজিক দায়বদ্ধতা জাগিয়ে তোলা সম্ভব।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেলে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে জাতীয় পরিবেশ বিষয়ক আলোকচিত্র প্রতিযোগিতা ও প্রদর্শনী ‘ওয়েভস অব লাইফ’-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে তিনটি বিভাগে মোট নয়জন বিজয়ী আলোকচিত্রীকে পুরস্কার প্রদান করা হয়। বিভাগগুলো হলো— সামুদ্রিক জীববৈচিত্র্য, জলজ জীবন-জীবিকা ও উপকূলীয় দূষণ এবং জ্বালানি ও পরিবেশ।

আরও পড়ুন: ঢাকা মহানগরীতে ডিএমপির অভিযানে ৪৭৭ জন গ্রেফতার, ৩৪ মামলা দায়ের

ফরিদা খানম বলেন, "বাংলাদেশ নদীমাতৃক ও সমুদ্রবেষ্টিত দেশ। বঙ্গোপসাগর, উপকূলীয় অঞ্চল, নদ-নদী ও জলাভূমি দেশের গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ।" তিনি আরও বলেন, "এসব সম্পদ শুধু পরিবেশের ভারসাম্য রক্ষা করে না, বরং খাদ্যনিরাপত্তা, অর্থনীতি ও অসংখ্য মানুষের জীবন-জীবিকার সঙ্গেও নিবিড়ভাবে সম্পর্কিত।" তবে তিনি সতর্ক করেছেন যে, প্লাস্টিক ও বর্জ্যদূষণ, অপরিকল্পিত সম্পদ আহরণ এবং জলবায়ু পরিবর্তনের প্রভাবে এই প্রাকৃতিক প্রতিবেশ আজ নানা সংকটের মুখে।

তিনি উল্লেখ করেন, "পরিবেশ সংরক্ষণ শুধু সরকারের দায়িত্ব নয়; এটি রাষ্ট্র, সমাজ ও প্রতিটি নাগরিকের সম্মিলিত দায়িত্ব।" সংকট মোকাবেলায় সরকারি উদ্যোগের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি এবং নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ জরুরি বলেও তিনি মন্তব্য করেন।

আলোকচিত্রের গুরুত্ব তুলে ধরে জেলা প্রশাসক বলেন, "অনেক সময় দীর্ঘ বক্তব্য যে বার্তা মানুষের কাছে পৌঁছাতে পারে না, একটি ছবি তা মুহূর্তেই মানুষের হৃদয় ও বিবেককে নাড়া দিতে পারে।" তিনি বলেন, "পরিবেশবিষয়ক আলোকচিত্র প্রকৃতির সৌন্দর্য, জীববৈচিত্র্যের বৈশিষ্ট্য, মানুষের জীবনসংগ্রাম এবং দূষণের বাস্তব চিত্র তুলে ধরে জনমত গঠনে ভূমিকা রাখতে পারে।" তাই আলোকচিত্র ধারণ ও উপস্থাপনায় সত্যনিষ্ঠ, যথাযথ প্রেক্ষাপট ও পেশাগত নৈতিকতা বজায় রাখা জরুরি।

তরুণদের পরিবেশ সংরক্ষণে এগিয়ে আসার আহ্বান জানিয়ে ফরিদা খানম বলেন, "তরুণদের মেধা, সৃজনশীলতা ও প্রযুক্তিগত দক্ষতাকে পরিবেশ রক্ষার কাজে যুক্ত করতে হবে।" তিনি উল্লেখ করেন, "শুধু সমস্যার চিত্র তুলে ধরাই নয়, সমাধানের পথ খুঁজে বের করা এবং সেই বার্তা সমাজের সর্বস্তরে পৌঁছে দেওয়াও প্রয়োজন।" তরুণ আলোকচিত্রী, পরিবেশকর্মী ও গণমাধ্যম একসঙ্গে কাজ করলে পরিবেশ সংরক্ষণের উদ্যোগ আরো গতিশীল হবে।

আরও পড়ুন: মোটরসাইকেলে ঘুরতে বের হন তিন বন্ধু, এরপর ৩০০ ফিটেই ঘটে ট্রাকের সঙ্গে সংঘর্ষ

ঢাকা জেলা প্রশাসনের কার্যক্রম প্রসঙ্গে তিনি বলেন, "পরিচ্ছন্নতা, বর্জ্য ব্যবস্থাপনা, সবুজায়ন ও পরিবেশবিষয়ক জনসচেতনতা বৃদ্ধিতে জেলা প্রশাসন গুরুত্ব দিয়ে কাজ করছে।" তিনি বলেন, "প্লাস্টিকের ব্যবহার কমানো, যত্রতত্র বর্জ্য না ফেলা, নদী ও জলাশয় দূষণ রোধ এবং বৃক্ষরোপণের মতো উদ্যোগে প্রত্যেক নাগরিকের অংশগ্রহণ প্রয়োজন।"

অনুষ্ঠানে পুরস্কারপ্রাপ্ত আলোকচিত্রীদের অভিনন্দন জানিয়ে জেলা প্রশাসক বলেন, "এ ধরনের আয়োজন কেবল প্রতিযোগিতার মধ্যে সীমাবদ্ধ থাকা উচিত নয়; বরং পরিবেশ সংরক্ষণে সম্মিলিত অঙ্গীকার গড়ে তোলার উপলক্ষ হয়ে উঠতে হবে।"

তিনি আরও বলেন, "উন্নয়নের সঙ্গে পরিবেশের ভারসাম্য রক্ষা, নদী ও সমুদ্রের দূষণ রোধ এবং জীববৈচিত্র্য সংরক্ষণের মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য পৃথিবী নিশ্চিত করতে হবে।"

‘ওয়েভস অব লাইফ’ আলোকচিত্র প্রতিযোগিতা ও প্রদর্শনীর আয়োজন করে ওয়াটারকিপার্স বাংলাদেশ, ইয়ুথ ফর ওশান ও মিশন গ্রিন বাংলাদেশ।

আরও পড়ুন: ঢাকার পূর্ব নাখালপাড়ায় ঘরের মেঝেতে পড়ে ছিল রোজিনার নিথর দেহ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাকেরগঞ্জে দেউলি মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে বাগানের গাছ কাটা সহ বসতঘরে হামলা-ভাঙচুরের অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

নিজস্ব সংবাদদাতা, মোঃসানি

বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ ইং

০৭:০১ পি.এম


বাকেরগঞ্জে দেউলি মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে বাগানের গাছ কাটা সহ বসতঘরে হামলা-ভাঙচুরের অভিযোগ

বরিশালের বাকেরগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে দেউলি মোহাম্মাদিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ আবুল ফারহা আলী আকবরের বিরুদ্ধে বসতঘরে অনধিকার প্রবেশ, গাছপালা কেটে ফেলা, ঘরের দরজা-জানালা ভাঙচুর এবং প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। বুধবার (২১ অক্টোবর) বেলা ১১টার দিকে বসতঘরের সামনে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী মো. মিজানুর রহমান। তাঁর দাবি, হামলা ও ভাঙচুরে প্রায় ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এ ঘটনায় একই দিন বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন তিনি।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার ১০ নম্বর গারুড়িয়া ইউনিয়নের বাসিন্দা মিজানুর রহমানের সঙ্গে অভিযুক্তদের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছে। এ বিরোধের জেরে তাঁর জমিতে অনধিকার প্রবেশ, গাছপালা কেটে ফেলা এবং বসতবাড়িতে ভাঙচুর ও মালামল লুটের ঘটনা ঘটেছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। স্থানীয়ভাবে বিরোধ মীমাংসার উদ্যোগ নেওয়া হলেও স্থায়ী সমাধান হয়নি বলে দাবি তাঁর।

মিজানুর রহমানের অভিযোগ, বুধবার বেলা ১১টার দিকে দেউলি মোহাম্মাদিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ আবুল ফারহা আলী আকবরসহ কয়েকজন তাঁর বসতঘরের সামনে এসে হামলা ও ভাঙচুর চালান। এ সময় গাছপালা কেটে আনুমানিক ২০ হাজার টাকার ক্ষতি করা হয় বলে দাবি করেন তিনি।

দরজা-জানালা ভাঙচুর, ক্ষতি আরও ৩০ হাজার টাকা
অভিযোগে বলা হয়, ঘটনার প্রতিবাদ করায় মিজানুর রহমান ও তাঁর পরিবারের সদস্যদের ভয়ভীতি দেখানো হয়। একপর্যায়ে প্রাণনাশের হুমকি দেওয়া হলে তিনি ঘরের ভেতরে আশ্রয় নিতে বাধ্য হন বলে অভিযোগ করেন। পরে বসতঘরের দরজা, জানালাসহ বিভিন্ন অংশ ভাঙচুর করা হয়। এতে আরও আনুমানিক ৩০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে দাবি তাঁর।

আশপাশের লোকজন এগিয়ে এলে তাঁদের সামনেও হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। গাছপালা কাটা ও ঘর ভাঙচুর মিলিয়ে মোট প্রায় ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী।

চিকিৎসা নেওয়ার দাবি, তদন্ত চান ভুক্তভোগী
মিজানুর রহমান জানান, ঘটনার সময় হামলায় আহত হওয়ার পর তিনি স্থানীয়দের সহযোগিতায় বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন। জমি নিয়ে বিরোধের জেরে বসতঘরে হামলা, ভাঙচুর ও প্রাণনাশের হুমকির ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তিনি।

বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল হোসেন বলেন, “দেউলি মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে অভিযোগ হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।”
অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত অধ্যক্ষ আবুল ফারহা আলী আকবরের মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাভাবিপ্রবি দিবসে ২৭ অক্টোবর থাকছে দিনব্যাপী নানা আয়োজন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ ইং

০৭:০২ পি.এম


মাভাবিপ্রবি দিবসে ২৭ অক্টোবর থাকছে দিনব্যাপী নানা আয়োজন

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) আগামী ২৭ অক্টোবর ‘মাভাবিপ্রবি দিবস-২০২৬’ উদযাপন উপলক্ষে দিনব্যাপী বর্ণাঢ্য কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এবারের আয়োজনের মধ্যে শিক্ষা-গবেষণার উৎকর্ষ, উদ্ভাবন এবং শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে সহযোগিতা জোরদার করার পাশাপাশি শিক্ষার্থীদের কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

২৭ অক্টোবর (মঙ্গলবার) সকাল ১০টায় বর্ণাঢ্য শোভাযাত্রা ও কেক কাটার মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হবে। সকাল ১০টা ৪৫ মিনিটে ‘মাভাবিপ্রবি ক্যারিয়ার অ্যান্ড জব ফেয়ার-২০২৬’-এর উদ্বোধন করা হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাহউদ্দিন টুকু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. আবদুল্লাহ-আল-মামুন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম।

দিবসের দ্বিতীয় পর্বে বিকেলে বিশ্ববিদ্যালয়ের সঙ্গে বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠান, ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান ও প্রযুক্তি সংস্থার সমঝোতা স্মারক স্বাক্ষর, গবেষণা পুরস্কার প্রদানসহ বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হবে। এ পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ এবং বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি মাহমুদ হাসান খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম।

দিনব্যাপী আয়োজনের অংশ হিসেবে শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে শিক্ষার্থীদের মতবিনিময় এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় দিবসের এসব আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের কর্মজীবনের প্রস্তুতি, গবেষণার মানোন্নয়ন, উদ্ভাবনী উদ্যোগের বিকাশ এবং শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে প্রাতিষ্ঠানিক সহযোগিতা সম্প্রসারণের সুযোগ সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে।

দিবসটি সফলভাবে উদযাপনের লক্ষ্যে প্রো-ভাইস-চ্যান্সেলর অধ্যাপক মো. আনিছুর রহমানকে আহ্বায়ক এবং শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. মো. ফজলুল করিমকে সদস্য-সচিব করে একটি মূল কমিটি ও ১৫টি উপকমিটি গঠন করা হয়েছে। ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম মূল কমিটি ও উপকমিটিগুলোর সঙ্গে নিয়মিত সভা করে আয়োজনের সার্বিক অগ্রগতি পর্যালোচনা করছেন।

উল্লেখ্য, মাভাবিপ্রবি দিবস ১৬ অক্টোবর হলেও পূজার ছুটির কারণে ২৭ অক্টোবর দিবসটি উদযাপন করা হচ্ছে। এবারের আয়োজনে শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনের অগ্রযাত্রার পাশাপাশি শিক্ষার্থীদের কর্মসংস্থান এবং শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে সহযোগিতা বৃদ্ধিতে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিদের মৃত্যু, জবাবদিহির দাবি মানবাধিকার সংগঠনের

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ ইং

০৭:০৪ পি.এম


রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিদের মৃত্যু, জবাবদিহির দাবি মানবাধিকার সংগঠনের

রাশিয়ায় যুদ্ধক্ষেত্রে বাংলাদেশিদের মৃত্যু, নিখোঁজ হওয়া এবং নিহতদের লাশ দেশে ফিরিয়ে আনার ক্ষেত্রে গভীর উদ্বেগ প্রকাশ করেছে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস)। সংগঠনটি দাবি করেছে যে, পূর্ণাঙ্গ তদন্ত, লাশ ফেরত, ক্ষতিপূরণ এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের জবাবদিহি নিশ্চিত করা উচিত।

বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এইচআরএসএস জানিয়েছে, বিদেশে কর্মসংস্থানের নামে প্রতারণার মাধ্যমে বাংলাদেশিদের যুদ্ধক্ষেত্রে পাঠানো হলে তা গুরুতর মানবাধিকার লঙ্ঘন হিসেবে গণ্য হবে। এটি নিরাপদ অভিবাসন ব্যবস্থার ব্যর্থতারও ইঙ্গিত দেয়।

গণমাধ্যমে প্রকাশিত তথ্যের ভিত্তিতে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, গত তিন বছরে রাশিয়ায় অন্তত ৫৪ জন বাংলাদেশির মৃত্যুর খবর পাওয়া গেছে। সম্প্রতি চাকরির প্রতিশ্রুতিতে নেওয়া ৩০ জনের মধ্যে অন্তত ২০ জনের মৃত্যুর খবরও এসেছে। এইচআরএসএস বলছে, নিহত ও নিখোঁজদের প্রকৃত অবস্থা, নিয়োগ প্রক্রিয়ায় প্রতারণা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে পূর্ণাঙ্গ তদন্ত অপরিহার্য।

সংগঠনটির মতে, প্রবাসী নাগরিকদের জীবন ও নিরাপত্তা রক্ষায় পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব রয়েছে। এ ঘটনার প্রেক্ষিতে মন্ত্রণালয় দুটির গৃহীত পদক্ষেপ ও ব্যর্থতার বিষয়ে পরিষ্কার ব্যাখ্যা দিতে হবে। যদি দায়িত্বে অবহেলা প্রমাণিত হয়, তবে দায়ীদের জবাবদিহি নিশ্চিত করার কথাও বলা হয়েছে।

সংগঠনটি দাবি করেছে, নিরপেক্ষ ও সময়সীমাবদ্ধ তদন্তের মাধ্যমে নিয়োগকারী ও দালালদের দায় নির্ধারণ করা প্রয়োজন। নিহতদের লাশ ফিরিয়ে আনতে এবং নিখোঁজদের সন্ধানে জরুরি কূটনৈতিক উদ্যোগ গ্রহণ করতে হবে। পরিবারকে ক্ষতিপূরণ, বিমা ও পুনর্বাসন সুবিধা প্রদান করতে হবে। মানবপাচারে জড়িতদের বিচার এবং বিদেশে কর্মী পাঠানোর প্রক্রিয়ায় কঠোর নজরদারি নিশ্চিত করতে হবে। পররাষ্ট্র ও প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়কে জনসমক্ষে ব্যাখ্যা দিতে হবে এবং অবহেলা প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রংপুরের মর্ণেয়া ইউনিয়ন বিএনপি অফিসে হামলার ভিডিও ভাইরাল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ ইং

০৭:০৪ পি.এম


রংপুরের মর্ণেয়া ইউনিয়ন বিএনপি অফিসে হামলার ভিডিও ভাইরাল

রংপুরের গঙ্গাচড়া উপজেলার মর্ণেয়া ইউনিয়নে বিএনপি কার্যালয়ে সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এই ঘটনা ঘটে গত বুধবার রাত ৮টার দিকে উপজেলার কামদেব শেখপাড়ায়। জানা গেছে, ইউনিয়ন বিএনপির সভাপতি মীর কাসেম মিঠুসহ ৩ জন আহত হয়েছেন।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, বিএনপি কার্যালয়ের ভেতরে ব্যানার ছেঁড়া ও চেয়ার ভাঙা অবস্থায় রয়েছে। ভিডিওতে একজনকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি ভাঙচুরের কথা বলতে শোনা যায়।

ভিডিওতে রাশেদ নামের এক ব্যক্তিকে দেখা যায়। ভিডিওতে সে বলছে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও বর্তমান তারেক রহমানের ছবি ভালো ছিল। ভিডিওতে একজনকে বলতে শোনা যায়, ‘জিয়ার ছবিটা, তারেক জিয়ার ছবিটা ভাঙ্গি দাও। খালেদা জিয়ার ছবিটা ছিড়িয়া ছবি তোলা লাগতো। সবগুলো ভাঙ্গি দাও, ভাঙ্গি দাও, ভাঙ্গি দাও।’

সরেজমিনে গিয়ে দেখা যায়, ইউনিয়ন বিএনপি কার্যালয়ের ভেতরে বেশ কয়েকটি ভাঙা চেয়ার পড়ে রয়েছে। দেয়ালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তারেক রহমানের ছবি ছেঁড়া অবস্থায় দেখা যায়। তবে কার্যালয়ের ভেতরে থাকা টেলিভিশন ও টেবিলের কাচ অক্ষত ছিল। পরে আহতদের উদ্ধার করে অ্যাম্বুলেন্সের মাধ্যমে গঙ্গাচড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় পুলিশ। এ ঘটনায় গঙ্গাচড়া মডেল থানায় ২২ জনের নাম উল্লেখ করে ১৫ জন অজ্ঞাত করে একটি আজাহার দায়ের করেন ইউনিয়ন বিএনপির সভাপতি মীর কাশেম মিঠু।

নাম প্রকাশে অনিচ্ছুক ছাত্রদলের এক নেতা বলেন, ‘আমি ভিডিওটি দেখেছি। ভিডিওটি দেখে আমার মনে হয়েছে, মারামারির ঘটনার পর ভিডিওটি ধারণ করা হয়েছে।’

মীর কাসেম মিঠুর দাবি, তিনি দীর্ঘদিন ধরে মাদকবিরোধী কার্যক্রম চালিয়ে আসছেন। এ নিয়ে মাদক কারবারি ও মাদকসেবীদের সঙ্গে তার বিরোধ চলছিল। সেই বিরোধের জের ধরে বুধবার রাতে স্থানীয় ব্যবসায়ী রমজান আলী জিকুসহ ১৫ থেকে ২০ জন তার ওপর অতর্কিত হামলা চালান।

তবে রমজান আলী জিকু অভিযোগ অস্বীকার করেছেন। তিনি দাবি করেন, তাদের মধ্যে শুধু হাতাহাতির ঘটনা ঘটেছে, এর বেশি কিছু নয়। পরে বাসায় গিয়ে সামাজিক মাধ্যমে বিএনপি কার্যালয়ে ভাঙচুর এবং জিয়া পরিবারের সদস্যদের ছবি ক্ষতিগ্রস্ত হওয়ার খবর দেখতে পাই। তার অভিযোগ, প্রতিপক্ষ নিজেরাই ছবিগুলো ভেঙে তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলছে।

ভিডিওর বিষয়ে উপজেলা বিএনপির সভাপতি চাঁদ সরকার বলেন, এটি একটি ষড়যন্ত্র। ঐ ভিডিওটি দেখেছি, যেখানে মিঠু ভাই আহত হওয়ার পরে একজন আড়াল থেকে ভিডিও করছে। এটাও একটি ষড়যন্ত্র। ভিডিওতে দেখলাম শুধু বলতেছে ভাঙ্গ ভাঙ্গ কিন্তু কেউ তো ভাঙ্গে নাই। যদি ভাঙ্গত তাহলে বুঝতাম। এটি একটি সাজানো নাটক।

তিনি আরও বলেন, হামলাকারীরা বিএনপি অফিসে দুই দফা হামলা করেছে। বিষয়টি পুলিশ তদন্ত করছে। আমরাও দেখতেছি। আর যদি দলের কেউ এ ধরনের ঘটনা ঘটায়, তাহলে সাংগঠনিকভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

এ বিষয়ে গঙ্গাচড়া উপজেলা মডেল থানার ওসি আব্দুল ছবুর আমার দেশকে বলেন, ‘বুধবার রাতে ইউনিয়ন বিএনপির সভাপতি মীর কাশেম মিঠু বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে একটি এজাহার দিয়েছেন।’ ঐ এজাহারে ১০-১৫ জন অজ্ঞাত রয়েছে।

ছবি ভাঙ্গার বিষয়ে ওসি বলেন, ‘ঐ ভিডিওটা আমরা এখনো প্রশাসনিকভাবে পাই নাই। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।’

এমএইচ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৯
মাগরিব ০৫:২৬
ইশা ০৬:৩৭
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%