সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬ ইং
০৩:৫৯ পি.এম
মধ্যপ্রাচ্যে চলমান আঞ্চলিক সংকট কমানো এবং সহিংসতা হ্রাসের উদ্দেশ্যে তেহরানে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল গঠন করা হয়েছে, যা ‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’ভুক্ত দেশগুলোর অংশ। এই প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন সউদী আরবের প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান।
সউদী পাবলিক ডিপ্লোমেসি বিষয়ক উপমন্ত্রী রাষ্ট্রদূত ড. রায়েদ ক্রিমলি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) মাধ্যমে এই গুরুত্বপূর্ণ সফরের বিষয়টি নিশ্চিত করেছেন।
বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, মধ্যপ্রাচ্যের বর্তমান উত্তেজনা নিরসনে সংলাপ ও কূটনৈতিক সমাধানের পথ তৈরি করাই সফরের মূল লক্ষ্য। প্রতিনিধি দলটি ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মহসেন রেজাইয়ের সাথে পৃথক বৈঠক করবে।
সফরকারী এই ত্রিপক্ষীয় দলে সউদী প্রতিরক্ষামন্ত্রীর পাশাপাশি অন্তর্ভুক্ত রয়েছেন:
পাকিস্তান: দেশটির সেনাবাহিনী প্রধান (সিওএএস) ফিল্ড মার্শাল আসিম মুনির।
তুরস্ক: দেশটির জাতীয় গোয়েন্দা সংস্থা (এমআইটি)-র প্রধান ইব্রাহিম কালিন।
কূটনৈতিক গুরুত্ব ও মধ্যস্থতা: ড. রায়েদ ক্রিমলি উল্লেখ করেন যে, কাতার ও পাকিস্তান কর্তৃক পূর্বে গ্রহণ করা মধ্যস্থতা প্রচেষ্টাকে আরও শক্তিশালী করতেই এই বৈঠকের আয়োজন করা হয়েছে। তিনি জোর দিয়ে বলেন, মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তির স্বাক্ষরকারী দেশগুলো আঞ্চলিক স্থিতিশীলতা ও নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এই অঞ্চলের সকল দেশের সাথে একযোগে কাজ করে উত্তাপ কমানো এবং শান্তিপূর্ণ সমাধানে তারা প্রতিশ্রুতিবদ্ধ। সূত্র: সউদী গেজেট।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (বেরোবিসাস) প্রথমার্ধ সেরা ফিচার রিপোর্টার হলেন বেরোবি সাংবাদিক সমিতির কার্যনির্বাহী সদস্য মাসফিকুল হাসান। তিনি "বেরোবি শিক্ষার্থীদের চোখে বাবার ত্যাগ, ভালোবাসা ও প্রেরণার গল্প" এই শিরোনামের ফিচার করে সেরা ফিচার রিপোর্টার হিসেবে মনোনীত হন।
সোমবার (২৬ অক্টোবর) সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়াতে বেরোবিসাসের একযুগ প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী এ সম্মাননা তুলে দেন। মাসফিকুল হাসান বর্তমানে বেরোবিসাসের একজন কার্যনির্বাহী সদস্য হিসেবে কাজ করছেন। তিনি বিশ্ববিদ্যালয়টির দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের একজন শিক্ষার্থী।
তিন ক্যাটাগরিতে তিনজনকে মিডিয়া অ্যাওয়ার্ড দিয়েছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (বেরোবিসাস)। অনুসন্ধানী, ফিচার এবং বর্ষসেরা ভিডিও রিপোর্টার এই তিন ক্যাটাগরিতে এ পুরস্কার দেওয়া হয়েছে। গত ছয় মাসের করা ২০২৬-এর জানুয়ারি থেকে জুন পর্যন্ত প্রতিবেদনে বিচারকের রায়ে এ পুরস্কার দেওয়া হয়।
পুরস্কৃতদের মধ্যে ফিচারে পুরস্কার পেয়েছেন মাসফিকুল হাসান । এছাড়া অনুসন্ধানী পুরষ্কার সাজ্জাদুর রহমান ও ভিডিও রিপোর্টার হিসেবে রিপন আহমেদ এ মিডিয়া অ্যাওয়ার্ড পেয়েছেন।
সোমবার (২৬ অক্টোবর) সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. শওকাত আলী সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় শেষে বিজয়ীদের হাতে এ পুরস্কার তুলে দেন। এ সময় বিজয়ীদের ক্রেস্ট দেওয়া হয়।
সমিতির সদস্যদের অংশগ্রহণে এ প্রতিযোগিতার বিচারক হিসেবে দায়িত্ব পালন করেছেন - বেরোবিসাসের সভাপতি ও এশিয়া পোষ্ট এর প্রতিনিধি মোঃ আবু সাঈদ, এনটিভি বিশ্ববিদ্যালয় প্রতিবেদক আবুল খায়ের জায়ীদ (বেরোবিসাসের যুগ্ম সাধারণ সম্পাদক)।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. শওকাত আলী বলেন, বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকরা ক্যাম্পাসের দর্পণ। একজন শিক্ষার্থী হিসেবে তথ্যকে সবসময় ইতিবাচকভাবে তুলে ধরতে হবে। এছাড়া তাদের উচিত বিশ্ববিদ্যালয়ের ব্রান্ডিং করা।
বেরোবিসাস এর প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন - বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. ফেরদৌস রহমান, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. ইসমাইল হোসেন, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক মো. মাসুদ রানা, ঢাকা পোস্টের ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি আবু সাইদ, ডেইলি ক্যাম্পাসের বেরোবি প্রতিনিধি কামরুজ্জামান পুলক (বেরোবিসাসের সাধারণ সম্পাদক )। আমার দেশ পত্রিকার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ইমন আলী, বেগম, বেরোবিসাসের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল খায়ের জায়ীদ সহ সাংবাদিক সমিতির অন্যান্য সদস্যরা।
বর্ষসেরা ফিচার লেখকের পুরস্কার গ্রহণের পর সাংবাদিক সমিতিকে ধন্যবাদ জানিয়ে মাসফিকুল হাসান বলেন, বর্ষসেরা ফিচার লেখকের এই সম্মাননা পাওয়ায় আমি সাংবাদিক সমিতির প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ। এমন স্বীকৃতি আমাদের আরও ভালোভাবে কাজ করার অনুপ্রেরণা জোগায়। ক্যাম্পাস সাংবাদিকতা ক্ষমতা কিংবা আর্থিক লাভের জায়গা নয়; বরং ক্যাম্পাসের সমস্যা, সম্ভাবনা, আয়োজন ও অর্জনগুলো তুলে ধরতে ভালো লাগে বলেই এই পেশার সঙ্গে যুক্ত হওয়া। নিয়মিত কাজ করতে গিয়ে নানা ধরনের অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়, যা ধীরে ধীরে আমাদের দক্ষতা ও দায়িত্ববোধকে আরও সমৃদ্ধ করে। আশা করি, এই স্বীকৃতি ভবিষ্যতে আরও দায়িত্বশীল ও মানসম্মত সাংবাদিকতা করতে উৎসাহিত করবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ইসরাইলের আসন্ন নির্বাচনের পূর্বে ইরানে হামলার কোনো পরিকল্পনা নেই, এমনটি জানিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ। তিনি ইরান ইস্যুতে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং সেনাপ্রধান আইয়াল জামিরের মধ্যে বিরোধের খবরও নাকচ করেছেন।
কাৎজ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্টে উল্লেখ করেন, ইরান ইস্যুতে রাজনৈতিক নেতৃত্ব এবং ইসরাইলি সামরিক বাহিনীর মধ্যে মতপার্থক্য নিয়ে যে খবর প্রকাশিত হয়েছে, সেগুলো সম্পূর্ণ ভিত্তিহীন এবং মিথ্যা।
তিনি আরও বলেন, "আমি দ্ব্যর্থহীনভাবে জানাচ্ছি, ইসরাইলের নির্বাচনের আগে ইরানে হামলা শুরু করার কোনো ইচ্ছা বা পরিকল্পনা ইসরাইলের ছিল না।" কাৎজ জানান, ইরান যদি ইসরাইলে হামলা চালায়, তবে দেশটি যে অত্যন্ত শক্তিশালী জবাব দেবে, তা স্পষ্ট করে জানানো হয়েছে। তিনি দাবি করেন, এ বিষয়ে প্রকাশিত সব প্রতিবেদনই সম্পূর্ণ মিথ্যা।
এর আগে ইসরাইলি সংবাদমাধ্যম চ্যানেল ১২-এর একটি প্রতিবেদনে বলা হয়েছিল, ইরান-সংশ্লিষ্ট একটি সম্ভাব্য সামরিক অভিযান নিয়ে নেতানিয়াহু এবং সেনাপ্রধান জামিরের মধ্যে তীব্র মতবিরোধ দেখা দিয়েছে। ওই অভিযান ইসরাইলের নির্বাচনের আগে ইরানের সঙ্গে সংঘাতের ঝুঁকি তৈরি করতে পারে। তবে কাৎজের বক্তব্যে সেই খবর প্রত্যাখ্যান করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
কৃষিমন্ত্রী হাজি আমিনুর রশিদ ইয়াসিন মন্তব্য করেছেন যে, দেশে সারের সংকট কখনো ছিল না এবং বর্তমানে ও কোনো সংকট নেই। তিনি জানান, বর্তমানে দেশে সারের পর্যাপ্ত মজুত বিদ্যমান।
সোমবার (২৬ অক্টোবর) দুপুরে কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক শেষে তিনি সংবাদ সম্মেলনে এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘একটি অসাধু চক্র সারের কৃত্রিম সংকট দেখানোর অপচেষ্টা করেছে। তবে এই চেষ্টা করে কোনো লাভ নেই। বর্তমানে দেশে ১৩ লাখ ৫০ হাজার টন সার মজুত রয়েছে।’
সারের ডিলারশিপ বিতরণ প্রসঙ্গে কৃষিমন্ত্রী জানান, ডিলারশিপ দেয়ার ক্ষেত্রে সর্বোচ্চ স্বচ্ছতা নিশ্চিত করার চেষ্টা চলছে। তিনি বলেন, ডিলারশিপ দেয়ার পর ৯০ দিনের মধ্যে যদি কোনো ধরনের অব্যবস্থাপনা পাওয়া যায়, তবে তা পরিবর্তনের সুযোগ রয়েছে এবং বিষয়গুলো নিবিড় পর্যবেক্ষণে রাখা হচ্ছে।
মন্ত্রী আমদানি-নির্ভর পণ্যের তালিকা কমে আসার বিষয়টি উল্লেখ করে বলেন, স্বাধীনতার পর থেকে কিছু পণ্য ছিল যা প্রতিবছরই আমদানি করতে হয়েছে। তবে এ বছর ব্যতিক্রম ঘটেছে এবং এখন পর্যন্ত সেগুলো আমদানি করার প্রয়োজন পড়েনি।
তিনি জানান, মন্ত্রণালয় কৃষির প্রসারে ইতিবাচক ও ভালো কাজ করে যাচ্ছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই মন্তব্য করেছেন যে, ইসরাইলের নির্বাচনের ফলাফলের কারণে ইরানের ওপর কোনো প্রভাব পড়বে না। মঙ্গলবার ইসরাইলে অনুষ্ঠিত হতে যাচ্ছে পার্লামেন্ট নির্বাচন।
সোমবার অনুষ্ঠিত সাপ্তাহিক সংবাদ ব্রিফিংয়ে বাঘাই উল্লেখ করেন, ‘আমাদের অঞ্চলে যারা কেবল সহিংসতা ও হত্যাকাণ্ডই বয়ে এনেছে, সেই শাসনব্যবস্থার হাল কে ধরল, তাতে আমাদের কিছু যায় আসে না।’
মঙ্গলবারের নির্বাচনে বেনিয়ামিন নেতানিয়াহুকে কঠিন প্রতিদ্বন্দ্বিতার সম্মুখীন হতে হচ্ছে। জনমত জরিপ অনুযায়ী, সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকটের ইয়াশার পার্টি নেতানিয়াহুর লিকুদ পার্টির তুলনায় এগিয়ে রয়েছে।
সূত্র: আলজাজিরা
আরএ
তালাশ বিডি/মিডিয়া লিঃ