০৬:২৯ পি.এম
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনকে ঘিরে নতুন সমীকরণ তৈরি হয়েছে। চিত্রনায়ক বাপ্পারাজ সভাপতি পদে নির্বাচনের ঘোষণা দিয়েছেন, কিন্তু পরে তিনি সরে দাঁড়ান।
এর পরেই চলচ্চিত্রের পরিচিত ফাইট ডিরেক্টর, অভিনেতা, প্রযোজক ও পরিচালক আরমান এই পদের জন্য প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন। তার সঙ্গে সাধারণ সম্পাদক পদে নির্বাচন করবেন জনপ্রিয় অভিনেত্রী রুমানা ইসলাম মুক্তি।
আরমান ও মুক্তি দুজনেই তাদের প্রার্থিতার বিষয়টি নিশ্চিত করেছেন। শিল্পী সমিতির এই নির্বাচন আগামী ৩ জুলাই অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য প্যানেল ও প্রার্থীদের নিয়ে চলচ্চিত্র অঙ্গনে আলোচনা তুঙ্গে উঠেছে।
আরও পড়ুন: বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের দশম স্থলবাহিনী সংলাপ ঢাকা সেনানিবাসে সফলভাবে সম্পন্ন
শিল্পী সমিতির বিভিন্ন মেয়াদে একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন আরমান। সর্বশেষ তিনি ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বও পালন করেন। তবে এবারই প্রথম তিনি সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন।
নিজের সিদ্ধান্তের কারণ ব্যাখ্যা করে আরমান বলেন, ‘সিনিয়র ও জুনিয়র শিল্পীদের উৎসাহেই সভাপতি পদে নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছি। অতীতে শিল্পীরা আমাকে যেভাবে সমর্থন দিয়েছেন, এবারও তাদের আস্থা পাব বলে আশা করছি। শিল্পী সমিতি ঘিরে আমাদের বেশকিছু পরিকল্পনা রয়েছে। নির্বাচিত হলে শিল্পীদের কল্যাণে সেগুলো বাস্তবায়নে কাজ করব।’
এর আগে বাপ্পারাজ সভাপতি পদে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছিলেন এবং রুমানা ইসলাম মুক্তিকে সঙ্গে নিয়ে প্যানেল গঠনের কথাও জানিয়েছিলেন।
তবে শেষ পর্যন্ত ব্যক্তিগত ও পারিবারিক কারণে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন।
আরও পড়ুন: গণতন্ত্রের শর্ত ও রাজনৈতিক সংকটের গুরুত্ব: তত্ত্বাবধায়ক সরকার নিয়ে বিতর্ক
এদিকে আসন্ন নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন চলচ্চিত্র প্রযোজক ও পরিচালক কামাল মো. কিবরিয়া লিপু। আর আপিল বোর্ডের প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা ছটকু আহমেদকে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন