ঢাকা রবিবার, ০৮ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৩শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ০৮ই নভেম্বর, ২০২৬ইং ২৩শে কার্তিক, ১৪৩২বাং

ছাত্রশিবিরের মাধ্যমে কী লাভ হয়েছে, ব্যারিস্টার ফুয়াদের বক্তব্য


ছাত্রশিবিরের মাধ্যমে কী লাভ হয়েছে, ব্যারিস্টার ফুয়াদের বক্তব্য

আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ জানিয়েছেন, কৈশোর ও তরুণ বয়সে বিপথগামী না হয়ে একটি পরিচ্ছন্ন বন্ধু বলয় পাওয়া এবং ধর্মীয় আচার-অনুষ্ঠানের বাইরে ইসলামের সামগ্রিক দর্শন ও বড় স্কলারদের রচনার সঙ্গে পরিচিত হওয়ার ক্ষেত্রে ইসলামী ছাত্রশিবির বড় ভূমিকা রেখেছে।

সম্প্রতি একটি পডকাস্টে দেওয়া সাক্ষাৎকারে তিনি নিজের অতীত রাজনৈতিক জীবন এবং বেড়ে ওঠার নানা পর্বের স্মৃতিচারণা করেন।

পারিবারিক পটভূমি তুলে ধরে ব্যারিস্টার ফুয়াদ জানান, তিনি একটি বামপন্থী ঘরানার পরিবারে বেড়ে উঠেছেন। তার বাবা ছাত্র ইউনিয়ন ও জাসদের রাজনীতি করতেন এবং চাচা ছিলেন ওয়ার্কার্স পার্টির রাজনীতির সঙ্গে যুক্ত। শৈশবে বাম সাহিত্যের সঙ্গে পরিচিত থাকায় তিনি নিজেও অল্প সময় সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট করেছিলেন। পরবর্তীতে তিনি কিছু সময় ইসলামী ছাত্রশিবিরের সঙ্গেও যুক্ত ছিলেন।

আরও পড়ুন: চিকিৎসকদের রাজনৈতিক কারণে বৈষম্যের শিকার হতে দেওয়া যাবে না: চসিক প্রশাসক

ছাত্রশিবিরে যুক্ত থেকে ব্যক্তিগত জীবনে কী অর্জন হয়েছে—এমন প্রশ্নের জবাবে তিনি দুটি ক্ষেত্রে সংগঠনের অবদানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি বলেন, ‘প্রথমত, যে বয়সটাতে তরুণরা বন্ধুবান্ধবের পাল্লায় পড়ে নষ্ট হয়ে যেতে পারত, খারাপ সঙ্গে জড়িয়ে ড্রাগ কিংবা ধূমপানের মতো বিপথে পা বাড়াতে পারত—সেই সময়টাতে আমরা একটি ভালো সঙ্গ পেয়েছি। নিজেদের নিয়ন্ত্রণে রাখার জন্য একটি চমৎকার বন্ধু সার্কেল তৈরি হয়েছিল। এই ইতিবাচক বলয় তৈরির ক্রেডিট অবশ্যই শিবিরকে দিতে হবে।’

দ্বিতীয় অবদানের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘শিবির আমাকে খুব বেশি ইসলাম শিখিয়েছে তা নয়, তবে ইসলামের বিশাল পরিসরের সঙ্গে তারা আমাকে পরিচয় করিয়ে দিয়েছে। শুধু নামাজ-রোজার মধ্যেই যে ইসলাম সীমাবদ্ধ নয়, এর বাইরেও একটি পূর্ণাঙ্গ দর্শন আছে এবং এ নিয়ে বিশ্বমানের বড় বড় আলেম ও স্কলারদের কালজয়ী বই-পুস্তক রয়েছে—সেগুলোর সঙ্গে তারা আমাকে যুক্ত করেছে।’

ব্যারিস্টার ফুয়াদ আরো উল্লেখ করেন, পরবর্তী জীবনে উচ্চশিক্ষার জন্য যুক্তরাজ্যে পাড়ি জমানোর পর তিনি বাম ও ডান উভয় ধারার রাজনীতি থেকেই সরে এসে নিজস্ব গবেষণায় যুক্ত হন। তবে জীবনের ওই পর্যায়ে ছাত্রফ্রন্টের পাঠচক্র ও শিবিরের পাঠাভ্যাস উভয়ই তার চিন্তাশক্তি ও শৃংখলাবোধ গঠনে ভূমিকা রেখেছিল। তিনি স্পষ্ট করেন, মতাদর্শের অন্ধত্ব নয়; বরং রাজনীতিকে হতে হবে গণমানুষের নিত্যদিনের সমস্যা সমাধান ও বাস্তবমুখী নাগরিক সেবার প্রধান মাধ্যম।

আরও পড়ুন: রিজভী: শেখ হাসিনার ফিরতে চাওয়া কেবলই দিবাস্বপ্ন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দুই বছরেও কর্ণফুলী নদীর দখলদারদের তালিকা দিতে পারেনি প্রশাসন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:৫৮ পি.এম


দুই বছরেও কর্ণফুলী নদীর দখলদারদের তালিকা দিতে পারেনি প্রশাসন

আদালতের নির্দেশনার দুই বছর অতিবাহিত হলেও কর্ণফুলী নদীর অবৈধ দখলদারদের তালিকা ও সীমানা জরিপের প্রতিবেদন জমা দিতে সক্ষম হয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এই পরিস্থিতিতে নদীর দক্ষিণ ও পূর্ব পাশের সীমানা জরিপ সম্পন্ন করে দখলদারদের তালিকা ও প্রতিবেদন দাখিলের জন্য হাইকোর্ট নতুন করে দুই সপ্তাহের সময় নির্ধারণ করেছে।

রোববার বিচারপতি জেবিএম হাসান এবং বিচারপতি আজিজ আহমেদ ভূঁইয়ার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ প্রদান করে।

হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ (এইচআরপিবি) কর্তৃক দায়ের করা জনস্বার্থের মামলায় ২০২৩ সালের ১৪ নভেম্বর হাইকোর্ট রুল জারি করে এবং নদীর দক্ষিণ ও পূর্ব পাশের সীমানা জরিপের নির্দেশ দেয়। একইসঙ্গে, জরিপের মাধ্যমে অবৈধ দখলদারদের তালিকা ও প্রতিবেদন তৈরি করে তিন মাসের মধ্যে আদালতে জমা দেওয়ার নির্দেশনাও প্রদান করা হয়। জরিপ অনুযায়ী নদী রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনাও আদালত প্রদান করে।

কিন্তু নির্ধারিত সময় অতিক্রান্ত হলেও প্রতিবেদন জমা না পড়ার কারণে এইচআরপিবি আদালতের দ্বারস্থ হয়। সংগঠনটির পক্ষ থেকে করা আবেদনের শুনানি শেষে আদালত নতুন করে দুই সপ্তাহের সময় দেয়।

শুনানির সময় এইচআরপিবির পক্ষে সিনিয়র আইনজীবী মনজিল মোরসেদ বলেন, "২০২৩ সালে কর্ণফুলী নদীর সীমানা জরিপ করে অবৈধ দখলদারদের তালিকা ও প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু এখন পর্যন্ত তা আদালতে জমা দেওয়া হয়নি। ফলে নদীর দখল ও দূষণ অব্যাহত রয়েছে। এর মারাত্মক প্রভাব পড়ছে চট্টগ্রামের বাসিন্দাদের ওপর।"

মামলায় এইচআরপিবির পক্ষে পিটিশনটি দায়ের করেন অ্যাডভোকেট মোহাম্মদ সারওয়ার আহাদ চৌধুরী। বিবাদী হিসেবে পরিকল্পনা, নৌপরিবহন, পরিবেশ ও পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানসহ মোট ১৯ জনকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

বাদীপক্ষে সিনিয়র আইনজীবী মনজিল মোরসেদকে সহযোগিতা করেন অ্যাডভোকেট সঞ্জয় মণ্ডল। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) শিহাব উদ্দিন খান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাশেদ খাঁন: আগামী তিন মাস বাংলাদেশপন্থীদের ঐক্যবদ্ধ থাকতে হবে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:৫৮ পি.এম


রাশেদ খাঁন: আগামী তিন মাস বাংলাদেশপন্থীদের ঐক্যবদ্ধ থাকতে হবে

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন মন্তব্য করেছেন যে, একাত্তরের রাজাকার জামায়াত এবং চব্বিশের রাজাকার আওয়ামী লীগ একত্রিত হয়ে দেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে চক্রান্ত শুরু করেছে।

তিনি উল্লেখ করেছেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা ভারতে বসে দেশে অশান্তি সৃষ্টির চেষ্টা করছে। জামায়াত ও আওয়ামী লীগকে প্রতিহত করার জন্য আগামী তিন মাস জাতীয়তাবাদী শক্তি ও বাংলাদেশপন্থীদের ঐক্যবদ্ধ থাকতে হবে।

রোববার (৮ নভেম্বর) বিকেলে ঝিনাইদহের কালীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা ও র‍্যালির পর সাংবাদিকদের সঙ্গে তিনি এসব কথা বলেন।

নভেম্বর, ডিসেম্বর এবং জানুয়ারি মাসের জন্য বিএনপি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে রাশেদ খাঁন বলেন, "প্রধানমন্ত্রী যখন দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, তখন দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়ে দেশি-বিদেশি চক্রান্ত শুরু হয়েছে।" তিনি আরও বলেন, ৯৬ সালে জামায়াত ও আওয়ামী লীগ তৎকালীন বিএনপি সরকারের বিরুদ্ধে যেভাবে চক্রান্ত করেছিল, ঠিক একইভাবে তারা আবারও চক্রান্ত শুরু করেছে। এই চক্রান্ত প্রতিহত করার জন্য আমাদের ঐক্যের কোনো বিকল্প নেই।

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস প্রসঙ্গে রাশেদ খাঁন বলেন, "১৯৭৫ সালের ৩ নভেম্বর ভারতের ইন্ধনে অভ্যূত্থানের অপচেষ্টা চালানো হয়েছিল। বাংলাদেশকে ভারতের করদরাজ্য করার সেই নীলনকশা বীর সিপাহি জনতা রুখে দিয়েছিল।" তিনি উল্লেখ করেন, দেশে ৬৯ সালে গণঅভ্যুত্থান, ৯০ সালে স্বৈরাচার এরশাদ বিরোধী গণঅভ্যুত্থান এবং চব্বিশেও গণঅভ্যুত্থান হয়েছে। তবে দেশের সার্বভৌমত্ব রক্ষায় একবারই বিপ্লব ঘটেছে, সেটি হচ্ছে ‘৭৫ সালের ৭ নভেম্বর সিপাহি জনতার বিপ্লব।

এর আগে বিকেলে কালীগঞ্জ উপজেলা শহরের মোবারক আলী মাধ্যমিক বিদ্যালয় মাঠে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত সমাবেশে অংশগ্রহণ করেন রাশেদ খাঁন। পরে দিবস উপলক্ষে একটি র‍্যালি বের হয়। র‍্যালিতে জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ, সাবেক সহ সভাপতি তবিবুর রহমান মিন্নি সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘যোগাযোগ করলে তার কাছে শিখব’: বাবর আজমের ইউসুফের পরামর্শে আগ্রহ

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:৫৯ পি.এম


‘যোগাযোগ করলে তার কাছে শিখব’: বাবর আজমের ইউসুফের পরামর্শে আগ্রহ

টেস্ট ক্রিকেটের কিংবদন্তি মোহাম্মদ ইউসুফের বিশেষায়িত কোচিং গ্রহণের জন্য ইংল্যান্ড বা অস্ট্রেলিয়ায় যাওয়ার পরামর্শের প্রতিক্রিয়া জানিয়েছেন বাবর আজম। পাকিস্তানের সাবেক এই ব্যাটার জানিয়েছেন, ইউসুফ যদি যোগাযোগ করেন, তবে তিনি তার কাছ থেকে শিখতে আগ্রহী।

ইউসুফ বাবরের সাম্প্রতিক ফর্ম এবং ব্যাটিংয়ের টেকনিক নিয়ে উদ্বেগ প্রকাশ করে ইংল্যান্ড অথবা অস্ট্রেলিয়ার কোনো ক্রিকেট একাডেমিতে বিশেষায়িত কোচিং নেওয়ার পরামর্শ দিয়েছিলেন।

পাকিস্তানের সাবেক এই ব্যাটার আরও মন্তব্য করেন, টেকনিক্যাল সমস্যাগুলো সমাধান না হওয়া পর্যন্ত বাবরের প্রথম শ্রেণির ক্রিকেট খেলা উচিত নয়। তার মতে, ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক ব্যর্থতা বাবরের আত্মবিশ্বাস ও ক্যারিয়ারে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ইউসুফ লেখেন, "বিশেষায়িত কোচিংয়ের মাধ্যমে নিজের টেকনিক্যাল সমস্যাগুলো ঠিক না করা পর্যন্ত বাবর আজমের প্রথম শ্রেণির ক্রিকেট খেলা উচিত বলে আমি মনে করি না। ঘরোয়া ক্রিকেটে সংগ্রাম চালিয়ে গেলে তার আত্মবিশ্বাস ও ক্যারিয়ার আরও ক্ষতিগ্রস্ত হতে পারে।"

তিনি আরও লেখেন, "তাকে ইংল্যান্ড বা অস্ট্রেলিয়ার কোনো একাডেমিতে পাঠান। সে এখনো পাকিস্তানের সেরা খেলোয়াড়। সঠিক দিকনির্দেশনা ও সামান্য প্রচেষ্টা থাকলে সে আবার নিজের সেরা ফর্মে ফিরতে পারবে। চার বছর আগেও আমি এ কথা বলেছিলাম, কিন্তু কেউ শোনেনি। দয়া করে এবার শুনুন।"

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টের আগে সিরিজপূর্ব সংবাদ সম্মেলনে ইউসুফের মন্তব্য নিয়ে প্রশ্ন করা হলে বাবর জানান, শেখার কোনো শেষ নেই। তিনি সাবেক এই ক্রিকেটারের প্রতি নিজের শ্রদ্ধার কথাও তুলে ধরেন।

বাবর বলেন, "আপনি যেমনটা বলেছেন, শেখার প্রক্রিয়া কখনো শেষ হয় না। আমি এখনো তার সঙ্গে যোগাযোগ করিনি। আমার বিশ্বাস, তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে অন্যদের সঙ্গে যোগাযোগ করেছেন, তবে আমার সঙ্গে নয়। তিনি যদি আমার সঙ্গে যোগাযোগ করেন, ইনশাআল্লাহ, আমি তার কাছ থেকে শিখব। তিনি একজন কিংবদন্তি এবং পাকিস্তানের সর্বকালের সেরা ব্যাটার।"

সাম্প্রতিক সময়ে নিজের আউট হওয়ার ধরন নিয়েও কথা বলেছেন ডানহাতি এই ব্যাটার। তার মতে, বিভিন্ন কারণে একজন ব্যাটার আউট হতে পারেন এবং এটি ক্রিকেটেরই অংশ।

বাবর বলেন, "আপনি যেকোনো সময় এবং বিভিন্নভাবে আউট হতে পারেন। এমন নয় যে প্রতিবার একই ধরনে বা একইভাবে আউট হবেন। এর পেছনে বিভিন্ন কারণ থাকতে পারে। তবে এগুলো খেলারই অংশ।"

আউট হওয়ার জন্য ব্যক্তিগত দায়ও স্বীকার করেছেন বাবর। ব্যর্থতার জন্য অন্য কোনো বিষয়কে দায়ী না করে নিজের ভুল ও সীমাবদ্ধতাকেই দায়ী করেন বলে জানিয়েছেন তিনি।

তিনি আরও বলেন, "আমার ক্ষেত্রে, যখনই আমি আউট হই, সেটাকে নিজের ভুল বলেই মনে করি। এটা আমার দায়িত্ব এবং আমারই সীমাবদ্ধতা। প্রত্যেকের নিজস্ব দৃষ্টিভঙ্গি ও চিন্তাভাবনা রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অভিনেত্রী তানিজিন তিশার বিরুদ্ধে মানহানির মামলা

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:৫৯ পি.এম


অভিনেত্রী তানিজিন তিশার বিরুদ্ধে মানহানির মামলা

শাড়িকাণ্ডের পর এবার ফেসবুকে আপত্তিকর ছবি ও ভুল তথ্য ছড়ানোর অভিযোগে জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করা হয়েছে। ঢাকার একটি আদালতে ফ্যাশন ডিজাইনার ও ভেলমেট-ইয়ুথ ম্যাগাজিনের সম্পাদক সানায়া আনাম ওয়াফিকা চৌধুরী বাদী হয়ে এই মামলা করেছেন।

রোববার (৮ নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল হোসেনের আদালতে মামলাটি দাখিল করা হয়। আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করার পর অভিযোগটি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের জন্য নির্দেশ দিয়েছেন। একইসাথে আগামী বছরের ২১ জানুয়ারির মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলেরও নির্দেশ দেওয়া হয়েছে। বাদীপক্ষের আইনজীবী শুভ্র সিনহা রায় বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার বিবরণে জানা যায়, এর আগে তানজিন তিশার বিরুদ্ধে বাদীর দায়ের করা প্রতারণা ও বিশ্বাসভঙ্গের একটি মামলা এবং মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগে আরও একটি মামলা আদালতে বিচারাধীন রয়েছে। ওই মামলাগুলোর প্রেক্ষিতে প্রতিহিংসাবশত গত ২৭ অক্টোবর তানজিন তিশা তার ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে বাদীর বিভিন্ন আপত্তিকর ছবি ও ভুল তথ্য ছড়াতে শুরু করেন।

অভিযোগে আরও উল্লেখ করা হয়েছে, গত বছরের ৭ নভেম্বর মেসেঞ্জারে কল দিয়ে বাদীকে ভাইরাল করার হুমকি দেন তিশা। এ সময় তিনি বাদীকে উদ্দেশ্য করে বলেন, “ফেমাস হইলে বইলো, আমি তোমার ছবি আপলোড করে দিবো নে।” পরবর্তীতে ২৭ অক্টোবর তিশার ভেরিফায়েড পেজ থেকে বাদীর অজান্তে একটি চুম্বনের ছবি এবং দুইজন নাবালক শিশুর ছবি প্রকাশ করা হয়, যা বাদীর মানসম্মানের চরম ক্ষতি করেছে।

গত ২৭ অক্টোবর রাতে বিষয়টি নজরে আসার পরদিন ২৮ অক্টোবর আইনজীবীর মাধ্যমে রেজিস্ট্রি ডাকযোগে একটি আইনি নোটিশ পাঠানো হয়। নোটিশ পাওয়ার দুই দিনের মধ্যে আপত্তিকর ছবি ও তথ্য অপসারণের অনুরোধ জানানো হলেও আসামি তা অপসারণ করেননি। উল্টো নিজের জনপ্রিয়তাকে ব্যবহার করে বাদীকে নিয়ে বিভিন্ন স্থানে কটূক্তি ও অপ্রচার চালিয়ে যাচ্ছেন বলে মামলায় অভিযোগ করা হয়েছে।

উল্লেখ্য, এর আগে দায়ের করা মামলায় অভিনেত্রী তানজিন তিশাকে আগামী ২৩ নভেম্বর আদালতে হাজিরের নির্দেশ দেওয়া হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫১
জোহর ১১:৪৩
আসর ০৩:৪০
মাগরিব ০৫:১৬
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৮ সূর্যাস্ত : ০৫:১৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%