ঢাকা রবিবার, ০৮ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৩শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ০৮ই নভেম্বর, ২০২৬ইং ২৩শে কার্তিক, ১৪৩২বাং

‘যোগাযোগ করলে তার কাছে শিখব’: বাবর আজমের ইউসুফের পরামর্শে আগ্রহ


‘যোগাযোগ করলে তার কাছে শিখব’: বাবর আজমের ইউসুফের পরামর্শে আগ্রহ

টেস্ট ক্রিকেটের কিংবদন্তি মোহাম্মদ ইউসুফের বিশেষায়িত কোচিং গ্রহণের জন্য ইংল্যান্ড বা অস্ট্রেলিয়ায় যাওয়ার পরামর্শের প্রতিক্রিয়া জানিয়েছেন বাবর আজম। পাকিস্তানের সাবেক এই ব্যাটার জানিয়েছেন, ইউসুফ যদি যোগাযোগ করেন, তবে তিনি তার কাছ থেকে শিখতে আগ্রহী।

ইউসুফ বাবরের সাম্প্রতিক ফর্ম এবং ব্যাটিংয়ের টেকনিক নিয়ে উদ্বেগ প্রকাশ করে ইংল্যান্ড অথবা অস্ট্রেলিয়ার কোনো ক্রিকেট একাডেমিতে বিশেষায়িত কোচিং নেওয়ার পরামর্শ দিয়েছিলেন।

পাকিস্তানের সাবেক এই ব্যাটার আরও মন্তব্য করেন, টেকনিক্যাল সমস্যাগুলো সমাধান না হওয়া পর্যন্ত বাবরের প্রথম শ্রেণির ক্রিকেট খেলা উচিত নয়। তার মতে, ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক ব্যর্থতা বাবরের আত্মবিশ্বাস ও ক্যারিয়ারে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

আরও পড়ুন: মরিনহোর মন্তব্য: আতলেতিকো-বার্সেলোনা ম্যাচে দুই দলই হারুক

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ইউসুফ লেখেন, "বিশেষায়িত কোচিংয়ের মাধ্যমে নিজের টেকনিক্যাল সমস্যাগুলো ঠিক না করা পর্যন্ত বাবর আজমের প্রথম শ্রেণির ক্রিকেট খেলা উচিত বলে আমি মনে করি না। ঘরোয়া ক্রিকেটে সংগ্রাম চালিয়ে গেলে তার আত্মবিশ্বাস ও ক্যারিয়ার আরও ক্ষতিগ্রস্ত হতে পারে।"

তিনি আরও লেখেন, "তাকে ইংল্যান্ড বা অস্ট্রেলিয়ার কোনো একাডেমিতে পাঠান। সে এখনো পাকিস্তানের সেরা খেলোয়াড়। সঠিক দিকনির্দেশনা ও সামান্য প্রচেষ্টা থাকলে সে আবার নিজের সেরা ফর্মে ফিরতে পারবে। চার বছর আগেও আমি এ কথা বলেছিলাম, কিন্তু কেউ শোনেনি। দয়া করে এবার শুনুন।"

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টের আগে সিরিজপূর্ব সংবাদ সম্মেলনে ইউসুফের মন্তব্য নিয়ে প্রশ্ন করা হলে বাবর জানান, শেখার কোনো শেষ নেই। তিনি সাবেক এই ক্রিকেটারের প্রতি নিজের শ্রদ্ধার কথাও তুলে ধরেন।

বাবর বলেন, "আপনি যেমনটা বলেছেন, শেখার প্রক্রিয়া কখনো শেষ হয় না। আমি এখনো তার সঙ্গে যোগাযোগ করিনি। আমার বিশ্বাস, তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে অন্যদের সঙ্গে যোগাযোগ করেছেন, তবে আমার সঙ্গে নয়। তিনি যদি আমার সঙ্গে যোগাযোগ করেন, ইনশাআল্লাহ, আমি তার কাছ থেকে শিখব। তিনি একজন কিংবদন্তি এবং পাকিস্তানের সর্বকালের সেরা ব্যাটার।"

আরও পড়ুন: অসুস্থ বাটলার, সিঙ্গাপুরে বাংলাদেশ নারী ফুটবল দলের দায়িত্বে টিটু

সাম্প্রতিক সময়ে নিজের আউট হওয়ার ধরন নিয়েও কথা বলেছেন ডানহাতি এই ব্যাটার। তার মতে, বিভিন্ন কারণে একজন ব্যাটার আউট হতে পারেন এবং এটি ক্রিকেটেরই অংশ।

বাবর বলেন, "আপনি যেকোনো সময় এবং বিভিন্নভাবে আউট হতে পারেন। এমন নয় যে প্রতিবার একই ধরনে বা একইভাবে আউট হবেন। এর পেছনে বিভিন্ন কারণ থাকতে পারে। তবে এগুলো খেলারই অংশ।"

আউট হওয়ার জন্য ব্যক্তিগত দায়ও স্বীকার করেছেন বাবর। ব্যর্থতার জন্য অন্য কোনো বিষয়কে দায়ী না করে নিজের ভুল ও সীমাবদ্ধতাকেই দায়ী করেন বলে জানিয়েছেন তিনি।

তিনি আরও বলেন, "আমার ক্ষেত্রে, যখনই আমি আউট হই, সেটাকে নিজের ভুল বলেই মনে করি। এটা আমার দায়িত্ব এবং আমারই সীমাবদ্ধতা। প্রত্যেকের নিজস্ব দৃষ্টিভঙ্গি ও চিন্তাভাবনা রয়েছে।

আরও পড়ুন: মেক্সিকোর বিবাদ ভুলে সামনে এগোচ্ছেন হ্যামিলটন-লেক্লের

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অভিনেত্রী তানিজিন তিশার বিরুদ্ধে মানহানির মামলা

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:৫৯ পি.এম


অভিনেত্রী তানিজিন তিশার বিরুদ্ধে মানহানির মামলা

শাড়িকাণ্ডের পর এবার ফেসবুকে আপত্তিকর ছবি ও ভুল তথ্য ছড়ানোর অভিযোগে জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করা হয়েছে। ঢাকার একটি আদালতে ফ্যাশন ডিজাইনার ও ভেলমেট-ইয়ুথ ম্যাগাজিনের সম্পাদক সানায়া আনাম ওয়াফিকা চৌধুরী বাদী হয়ে এই মামলা করেছেন।

রোববার (৮ নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল হোসেনের আদালতে মামলাটি দাখিল করা হয়। আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করার পর অভিযোগটি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের জন্য নির্দেশ দিয়েছেন। একইসাথে আগামী বছরের ২১ জানুয়ারির মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলেরও নির্দেশ দেওয়া হয়েছে। বাদীপক্ষের আইনজীবী শুভ্র সিনহা রায় বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার বিবরণে জানা যায়, এর আগে তানজিন তিশার বিরুদ্ধে বাদীর দায়ের করা প্রতারণা ও বিশ্বাসভঙ্গের একটি মামলা এবং মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগে আরও একটি মামলা আদালতে বিচারাধীন রয়েছে। ওই মামলাগুলোর প্রেক্ষিতে প্রতিহিংসাবশত গত ২৭ অক্টোবর তানজিন তিশা তার ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে বাদীর বিভিন্ন আপত্তিকর ছবি ও ভুল তথ্য ছড়াতে শুরু করেন।

অভিযোগে আরও উল্লেখ করা হয়েছে, গত বছরের ৭ নভেম্বর মেসেঞ্জারে কল দিয়ে বাদীকে ভাইরাল করার হুমকি দেন তিশা। এ সময় তিনি বাদীকে উদ্দেশ্য করে বলেন, “ফেমাস হইলে বইলো, আমি তোমার ছবি আপলোড করে দিবো নে।” পরবর্তীতে ২৭ অক্টোবর তিশার ভেরিফায়েড পেজ থেকে বাদীর অজান্তে একটি চুম্বনের ছবি এবং দুইজন নাবালক শিশুর ছবি প্রকাশ করা হয়, যা বাদীর মানসম্মানের চরম ক্ষতি করেছে।

গত ২৭ অক্টোবর রাতে বিষয়টি নজরে আসার পরদিন ২৮ অক্টোবর আইনজীবীর মাধ্যমে রেজিস্ট্রি ডাকযোগে একটি আইনি নোটিশ পাঠানো হয়। নোটিশ পাওয়ার দুই দিনের মধ্যে আপত্তিকর ছবি ও তথ্য অপসারণের অনুরোধ জানানো হলেও আসামি তা অপসারণ করেননি। উল্টো নিজের জনপ্রিয়তাকে ব্যবহার করে বাদীকে নিয়ে বিভিন্ন স্থানে কটূক্তি ও অপ্রচার চালিয়ে যাচ্ছেন বলে মামলায় অভিযোগ করা হয়েছে।

উল্লেখ্য, এর আগে দায়ের করা মামলায় অভিনেত্রী তানজিন তিশাকে আগামী ২৩ নভেম্বর আদালতে হাজিরের নির্দেশ দেওয়া হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রোহিঙ্গা সংকট মানবিক সমস্যা নয়, এটি রাজনৈতিক ইস্যু: শামা ওবায়েদ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:০৫ পি.এম


রোহিঙ্গা সংকট মানবিক সমস্যা নয়, এটি রাজনৈতিক ইস্যু: শামা ওবায়েদ

রোহিঙ্গা সংকট কেবল মানবিক সমস্যা নয়, বরং এটি একটি গভীর রাজনৈতিক ইস্যু বলেই উল্লেখ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।

তিনি মন্তব্য করেন, রোহিঙ্গা সংকট শুধুমাত্র মানবিক সমস্যা নয়, বরং এটি মূলত একটি গভীর রাজনৈতিক ইস্যু। এই কারণে, এর সমাধানের জন্য জাতীয় ঐকমত্য, প্রাতিষ্ঠানিক সমন্বয় এবং সর্বস্তরের সম্পৃক্ততা অপরিহার্য। পরিবর্তিত বৈশ্বিক পরিস্থিতির প্রেক্ষাপটে রোহিঙ্গা প্রত্যাবাসন নিশ্চিত করতে ‘হোল অব গভর্নমেন্ট’ অ্যাপ্রোচ গ্রহণ করা হয়েছে।

রোববার (৮ নভেম্বর) রাজধানীর সিরডাপ মিলনায়তনে আয়োজিত একটি সংলাপে তিনি এই মন্তব্য করেন।

শামা ওবায়েদ বলেন, রাখাইনের বর্তমান রাজনৈতিক ও ভূখণ্ডগত পরিস্থিতির কারণে মিয়ানমার কর্তৃপক্ষের পাশাপাশি স্থানীয় নিয়ন্ত্রক শক্তি আরাকান আর্মির সঙ্গে আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক যোগাযোগ রাখা হচ্ছে। একই সঙ্গে, চীন, ভারত এবং আসিয়ানভুক্ত দেশগুলোর মতো গুরুত্বপূর্ণ অংশীদারদের এই প্রক্রিয়ায় যুক্ত করার জন্য জোর তৎপরতা চলছে।

প্রতিমন্ত্রী আরও বলেন, রোহিঙ্গা সংকট মোকাবিলায় জাতীয় রাজনৈতিক ঐকমত্য গঠন এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে ইস্যুটিকে সক্রিয় রাখার ওপর সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।

শামা ওবায়েদ উল্লেখ করেন, এ লক্ষ্যে সরকারের শীর্ষ পর্যায়ের নেতৃত্বে স্বরাষ্ট্র, পররাষ্ট্র, সমাজকল্যাণসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাসমূহের সমন্বয়ে জাতীয় কৌশল প্রণয়ন কমিটি কাজ করছে।

রোহিঙ্গা সংকটের কারণে সৃষ্ট বহুমুখী চ্যালেঞ্জের কথা তুলে ধরে তিনি বলেন, দীর্ঘ সময় ধরে বিপুলসংখ্যক রোহিঙ্গা অবস্থান করায় কক্সবাজারসহ স্থানীয় জনগণের মারাত্মক অর্থনৈতিক ও সামাজিক সংকটের মুখোমুখি হতে হচ্ছে। এছাড়া, সীমান্ত এলাকায় মাদক ও মানবপাচার, অভ্যন্তরীণ ক্যাম্পে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর দ্বন্দ্ব এবং বাংলাদেশি জেলেদের আটকের মতো ঘটনা জাতীয় নিরাপত্তার উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

তিনি বলেন, প্রায় ১৩ লাখ রোহিঙ্গার মধ্যে প্রতিবছর বিপুলসংখ্যক নতুন শিশুর জন্ম এবং পর্যাপ্ত তহবিলের অভাবে পরিস্থিতি দিন দিন আরও জটিল হয়ে উঠছে।

সংকট সমাধানে জাতিসংঘে উত্থাপিত প্রস্তাবের বিষয়ে তিনি বলেন, রোহিঙ্গাদের স্বদেশে সম্মানজনক, নিরাপদ ও স্বেচ্ছামূলক প্রত্যাবাসনের জন্য একটি সুস্পষ্ট রোডম্যাপ প্রণয়ন, রাখাইনে সহিংসতা বন্ধ এবং অপরাধীদের জবাবদিহিতা নিশ্চিত করা অত্যন্ত জরুরি।

বিশ্বজুড়ে চলমান বিভিন্ন যুদ্ধ ও নতুন নতুন শরণার্থী সংকটের মধ্যে আন্তর্জাতিক ফোরামে রোহিঙ্গা সমস্যাকে সচল ও অগ্রাধিকার তালিকায় রাখার জন্য মিডিয়াসহ সংশ্লিষ্ট সব পক্ষকে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান শামা ওবায়েদ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মরিনহোর মন্তব্য: আতলেতিকো-বার্সেলোনা ম্যাচে দুই দলই হারুক

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:০৭ পি.এম


মরিনহোর মন্তব্য: আতলেতিকো-বার্সেলোনা ম্যাচে দুই দলই হারুক

ফুটবলে প্রতিদ্বন্দ্বী দলের পরাজয় কামনা করা নতুন কিছু নয়। কিন্তু একই ম্যাচে দুই প্রতিপক্ষের হার কামনা করা? কোচদের মধ্যে এমন স্পষ্ট কথা বলার ক্ষমতা একজনেরই রয়েছে—জোসে মরিনহো।

আজ রাতে মেত্রোপলিতানোতে লা লিগার একটি গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হবে আতলেতিকো মাদ্রিদ এবং বার্সেলোনা। এই ম্যাচে দুই দলেরই পয়েন্ট হারানোর প্রত্যাশা করছেন রিয়াল মাদ্রিদ কোচ মরিনহো।

মরিনহো সবসময়ই সরাসরি। তিনি মনের কথা প্রকাশ করতে দ্বিধা করেন না। দুই দলের লড়াই সম্পর্কে তার কাছে জানতে চাইলে তিনি মজার উত্তর দিয়েছেন, “আমি চাই দুই দলই হারুক। কিন্তু দুর্ভাগ্যবশত, এটা সম্ভব নয়। আমার জন্য বিষয়টি খুব সহজ। কারণ, কেউ না কেউ পয়েন্ট হারাবেই।”

মরিনহোর এই চাওয়ার পেছনে রয়েছে গাণিতিক হিসাব। লা লিগার পয়েন্ট তালিকায় ১২ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে রিয়াল মাদ্রিদ। একই ৩০ পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে এগিয়ে রয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা। তবে বার্সা খেলেছে ১১ ম্যাচ। অন্যদিকে নগর প্রতিদ্বন্দ্বী আতলেতিকো ১১ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে অবস্থান করছে তৃতীয় স্থানে।

আজ বার্সা-আতলেতিকো ম্যাচ ড্র হলে দুই দলই পয়েন্ট হারাবে। এতে শীর্ষে ওঠার দৌড়ে সুবিধা পাবে রিয়াল। তবে মরিনহোর চাওয়া পূরণ করতে হলে তার দলকেও নিজেদের কাজটি সঠিকভাবে করতে হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গাইবান্ধায় সাংবাদিকদের পরীমনিকে বয়কটের ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:০৭ পি.এম


গাইবান্ধায় সাংবাদিকদের পরীমনিকে বয়কটের ঘোষণা

গাইবান্ধায় চিত্রনায়িকা পরীমনিকে বয়কটের ঘোষণা দিয়ে প্রতিবাদ বিক্ষোভ করেছেন সাংবাদিকরা। এ সময় তারা পরীমনির বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের প্রতিবাদ জানিয়ে ক্ষোভ প্রকাশ করেন।

রবিবার (৮ নভেম্বর) দুপুরে গাইবান্ধা-সাঘাটা-ফুলছড়ি সড়কের গণ উন্নয়ন কেন্দ্র (জিইউকে) কার্যালয়ের সামনে আয়োজিত প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশে জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অংশ নেন।

বক্তারা বলেন, "গত ৫ নভেম্বর পরীমনি ঢাকায় আদালত চত্বরে দৈনিক সমকালের মাল্টিমিডিয়া রিপোর্টার রবিউল ইসলাম রাজুকে ব্যাড টাচ (অশালীন স্পর্শ)-এর মিথ্যা অভিযোগ তুলে গালিগালাজ করে। অথচ ওই সাংবাদিকের একটি হাত প্রায় অচল।"

বক্তারা আরো বলেন, "সাংবাদিকদের সম্মান ও পেশাগত মর্যাদা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সাংবাদিকদের নিয়ে কোনো ধরনের অসম্মানজনক আচরণ গ্রহণযোগ্য নয়।"

এ সময় বক্তরা পরীমনিকে বয়কটের ঘোষণা দিয়ে তার বিরুদ্ধে প্রতিবাদ অব্যাহত রাখার ঘোষণা দেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫১
জোহর ১১:৪৩
আসর ০৩:৪০
মাগরিব ০৫:১৬
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৮ সূর্যাস্ত : ০৫:১৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%