০৭:১৩ পি.এম
সাভার ও আশুলিয়ার শিল্পাঞ্চলে চলমান আন্দোলনে তৈরি পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে তৃতীয় পক্ষ হিসেবে প্রভাব বিস্তার, উসকানি এবং অর্থায়নের অভিযোগে পুলিশ সালাউদ্দিন আহমেদ সোহেল নামে এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে।
গতকাল শনিবার দিবাগত রাতে সাভার পৌরসভার ব্যাংক টাউন এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। সালাউদ্দিন আহমেদ সোহেল সাভার পৌর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ব্যাংক টাউন এলাকার মো. শাহাদাৎ হোসেনের পুত্র।
সাভার মডেল থানার সূত্রে জানা গেছে, সম্প্রতি পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে চলমান আন্দোলনকে কাজে লাগিয়ে একটি পক্ষ দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। এ ক্ষেত্রে সোহেল তৃতীয় পক্ষ হিসেবে শ্রমিকদের উসকানি দিচ্ছিলেন। এর পাশাপাশি নাশকতাকারীদের অর্থায়নে তাঁর সম্পৃক্ততার অভিযোগও রয়েছে। এসব বিষয়ে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
আরও পড়ুন: পানি সংকটে অস্তিত্ব হারাচ্ছে তিস্তা, জেগে উঠছে অসংখ্য বালুচর
পুলিশ আরও জানায়, ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের সময় ছাত্র হত্যার ঘটনায় দায়ের করা একটি মামলাতেও সোহেল আসামি। এছাড়া, মাদকের সঙ্গে তাঁর সংশ্লিষ্টতার তথ্যও পুলিশ পেয়েছে।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যুবলীগ নেতা সোহেলকে গ্রেপ্তার করা হয়েছে। পোশাকশিল্প খাতে অস্থিরতা সৃষ্টির ঘটনায় দায়ের করা একটি মামলায় (মামলা নং-২১) তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন