ঢাকা রবিবার, ০৮ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৩শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ০৮ই নভেম্বর, ২০২৬ইং ২৩শে কার্তিক, ১৪৩২বাং

বিচারকের বিরুদ্ধে প্রেস ব্রিফ: ব্যারিস্টার সারোয়ারকে ২৬ নভেম্বর হাইকোর্টে তলব


বিচারকের বিরুদ্ধে প্রেস ব্রিফ: ব্যারিস্টার সারোয়ারকে ২৬ নভেম্বর হাইকোর্টে তলব

পিরোজপুরের এক বিচারকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে সংবাদমাধ্যমে প্রেস ব্রিফ করার ঘটনায় হাইকোর্ট ব্যারিস্টার এম সারোয়ার হোসেনকে তলব করেছে।

হাইকোর্ট আগামী ২৬ নভেম্বর তাকে সশরীরে আদালতে হাজির হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে নির্দেশ দিয়েছে। পাশাপাশি, ওই বিচারকের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ তদন্তের জন্য সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলকে নির্দেশ প্রদান করেছে আদালত।

যদি অভিযোগের সত্যতা পাওয়া যায়, তখন আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণেরও নির্দেশ দেওয়া হয়েছে। রবিবার (৮ নভেম্বর) বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি আজিজ আহমদ ভূঞার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে রুলসহ এ আদেশ জারি করেছে।

আরও পড়ুন: সাভারে শ্রমিক আন্দোলনে উসকানি ও অর্থায়নের অভিযোগে যুবলীগ নেতা সোহেল গ্রেপ্তার

হাইকোর্ট ব্যারিস্টার এম সারোয়ার হোসেন এবং তার প্রেস ব্রিফের ভিত্তিতে সংবাদ প্রকাশ ও প্রচার করা গণমাধ্যমগুলোর সম্পাদকদের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে কেন ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছে।

আদালতে এ সময় ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব পালনকারী অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মাদ আরশাদ রউফ, ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিহাব উদ্দিন খানসহ কয়েকজন সহকারী অ্যাটর্নি জেনারেল উপস্থিত ছিলেন।

হাইকোর্টের আদেশের বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিহাব উদ্দিন খান। তিনি জানান, সম্প্রতি পিরোজপুরের যুগ্ম জেলা জজ নাহিদ রুমানা মিতুর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে ব্যারিস্টার এম সারোয়ার হোসেন প্রেস ব্রিফ করেন। ওই ব্রিফিংয়ের সংবাদ কিছু গণমাধ্যমে প্রকাশ ও প্রচার করা হয়। আদালত মনে করে, অভিযোগের সত্যতা প্রমাণের আগেই একজন বিচারিক কর্মকর্তার বিরুদ্ধে এ ধরনের প্রচারণা সংশ্লিষ্ট বিচারক ও আদালতের মর্যাদা ক্ষুণ্ন করেছে।

শিহাব উদ্দিন খান বলেন, এ ঘটনায় হাইকোর্ট ব্যারিস্টার সারোয়ার হোসেন এবং তার ব্রিফিং প্রচার ও প্রকাশকারী গণমাধ্যমের সম্পাদকদের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেছে। পাশাপাশি, ২৬ নভেম্বর ব্যারিস্টার সারোয়ার হোসেনকে সশরীরে হাজির হয়ে তার বক্তব্যের বিষয়ে ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: মগবাজারে ক্রেনচাপায় প্রকৌশলী আরিফের মৃত্যু, পরিবারের নিরপেক্ষ তদন্ত ও ক্ষতিপূরণ দাবি

আদালত সামাজিক যোগাযোগ মাধ্যমসহ সব অনলাইন প্ল্যাটফর্ম থেকে সারোয়ার হোসেনের প্রেস ব্রিফের ভিডিও অবিলম্বে সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছে। এ জন্য বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। একই সঙ্গে ‘লইয়ার্স ক্লাব বাংলাদেশ’ নামের পোর্টালকে ওই ব্রিফিংয়ের ভিডিও আদালতে জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

পিরোজপুরের যুগ্ম জেলা জজ নাহিদ রুমানা মিতুর বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ দেওয়ার পর ব্যারিস্টার এম সারোয়ার হোসেন সম্প্রতি সুপ্রিম কোর্টের এনেক্স ভবনের সামনে কয়েকটি গণমাধ্যমের সাংবাদিকদের ডেকে প্রেসব্রিফ করেন।

ওই ব্রিফিংয়ে তিনি অভিযোগ করেন, বিচারক ঘুস ছাড়া বিচারকাজ করেন না। বিচারককে ‘একজন নিকৃষ্ট দুর্নীতিবাজ’ বলেও মন্তব্য করেন তিনি।

এ ঘটনার পর গত ৫ অক্টোবর সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দ মেহেফুজ ইসলামের পক্ষে আইনজীবী ইশরাত হাসান ব্যারিস্টার সারোয়ার হোসেনকে আইনি নোটিশ পাঠান। নোটিশে বলা হয়, বিচারকের বিরুদ্ধে ‘অবাস্তব ও ভিত্তিহীন’ দুর্নীতির অভিযোগ তুলে বিচারাঙ্গনের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছেন সারোয়ার হোসেন। এ জন্য তার বক্তব্য প্রত্যাহার এবং প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানানো হয় নোটিশে।

আরও পড়ুন: বান্দরবানে যুবদল নেতা শরীফের মরদেহ ঝিরি থেকে উদ্ধার

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

খুলনায় ‘নূর আজিম গ্রুপের’ ৬ সদস্যকে গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:১৬ পি.এম


খুলনায় ‘নূর আজিম গ্রুপের’ ৬ সদস্যকে গ্রেপ্তার

খুলনার টুটপাড়ায় অভিযান পরিচালনা করে পুলিশ ‘নূর আজিম গ্রুপের’ ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে বিদেশি পিস্তল, ম্যাগাজিন এবং দুই রাউন্ড গুলি।

শনিবার (৭ নভেম্বর) দিবাগত রাত ১২টা থেকে রবিবার (৮ নভেম্বর) ভোর ৫টা পর্যন্ত নগরীর টুটপাড়া এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

অভিযানের এক পর্যায়ে নূর আজিমের ঘনিষ্ঠ সহযোগী সবুজের বাসা থেকে আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করে পুলিশ।

গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন সবুজ শেখ (২৮), বিশ্বজিৎ হাওলাদার (২৭), তাসিন ওরফে কাজল (২০), রব্বানী সরদার (২৮), সাইফুল ইসলাম (২০) এবং রাসেল শেখ (২৫)।

এ বিষয়ে খুলনা সদর থানার ওসি মো. লোকমান হোসেন নিশ্চিত করে জানান, শনিবার রাত ১২টা থেকে রবিবার ভোর ৫টা পর্যন্ত টুটপাড়া এলাকায় অভিযান চালিয়ে নূর আজিম বাহিনীর ছয় সদস্যকে বিদেশি পিস্তল ও গুলিসহ গ্রেপ্তার করা হয়েছে।

প্রসঙ্গত, এর আগে শনিবার (৭ নভেম্বর) দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে নগরীর খানজাহান আলী রোডে সুলতানা হামিদ আলী স্কুলের বিপরীতে অবস্থিত নিউ অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টারে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। পুলিশ জানায়, ওই হামলা নূর আজিম বাহিনীর সদস্যরা ঘটিয়েছে। এক মাস আগে নূর আজিম বাহিনীর সদস্য পরিচয়ে ওই ডায়াগনষ্টিক সেন্টারে ফোন করে হুমকি দেওয়ার অভিযোগ রয়েছে। তবে ডায়াগনস্টিক সেন্টার কর্তৃপক্ষ এ ব্যাপারে পুলিশে লিখিত অভিযোগ দেয়নি। ওই ঘটনার পর পুলিশ গ্রেপ্তারে তৎপর হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজশাহীতে ৫৫তম জাতীয় সমবায় দিবসের বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:১৭ পি.এম


রাজশাহীতে ৫৫তম জাতীয় সমবায় দিবসের বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

‘করবো সমবায়, গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ উপলক্ষে রাজশাহীতে একটি বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সকালে রাজশাহী জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণ থেকে র‍্যালিটি বের হয়। র‍্যালিটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একাডেমি প্রাঙ্গণে এসে শেষ হয়। এ সময় অতিথিরা একাডেমি প্রাঙ্গনে স্টলগুলো পরিদর্শন করেন।

পরে একাডেমি মিলনায়তনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন। তিনি বক্তব্যকালে বলেন, দেশের আর্থসামাজিক উন্নয়ন, দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান সৃষ্টি, বেকারত্ব দূরীকরণ এবং আত্মনির্ভরশীল সমাজ গঠনে সমবায়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি উল্লেখ করেন, সমবায়ের মাধ্যমে মানুষ নিজের ভাগ্য পরিবর্তন করার পাশাপাশি সমাজ ও দেশের উন্নয়নেও অবদান রাখতে পারে। এজন্য সমবায়ের কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করতে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।

মাহফুজুর রহমান রিটন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান নতুন বাংলাদেশ বিনির্মাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তিনি সকলকে আহ্বান জানান, আসুন আমরা ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উঠে সম্মিলিত উদ্যোগের মাধ্যমে একটি সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলি। সমবায়ের চেতনাকে কাজে লাগিয়ে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় সকলে ঐক্যবদ্ধভাবে ভূমিকা রাখার গুরুত্ব তুলে ধরেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা এ্যাড. এরশাদ আলী ঈশা, রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সবুর আলী, এবং রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ সুপার (সিটিএসবি) মোঃ মনিরুল ইসলাম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) রেজাউল আলম সরকার। স্বাগত বক্তব্য প্রদান করেন রাজশাহী বিভাগীয় সমবায় কার্যালয়ের যুগ্মনিবন্ধক জনাব মোঃ মোখলেছুর রহমান। অনুষ্ঠানে সমবায় কার্যক্রমে বিশেষ অবদান রাখায় বিভিন্ন ব্যক্তি ও সমবায় সমিতির মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মালয়েশিয়ায় কর্মী নিয়োগে লটারিতে ৩০০ জন নির্বাচিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:১৭ পি.এম


মালয়েশিয়ায় কর্মী নিয়োগে লটারিতে ৩০০ জন নির্বাচিত

মালয়েশিয়ার একটি খ্যাতনামা প্রতিষ্ঠান ‘ডিএইচএল সাপ্লাই চেইন (মালয়েশিয়া) এসডিএন. বিএইচডি’-এ কর্মী নিয়োগের উদ্দেশ্যে লটারির মাধ্যমে প্রাথমিকভাবে ৩০০ জন প্রার্থীকে নির্বাচিত করা হয়েছে। গত ৬ নভেম্বর থেকে ৮ নভেম্বর বিকাল পর্যন্ত অনলাইনে জমা দেওয়া আবেদনগুলো থেকে সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষ পদ্ধতিতে এই লটারি কার্যক্রম সম্পন্ন হয়।

আজ রবিবার বিকালে, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিনিধি, বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) কর্মকর্তাগণ এবং সাংবাদিকদের উপস্থিতিতে লটারি কার্যক্রমটি অনুষ্ঠিত হয়।

নির্ধারিত সময়সীমার মধ্যে অনলাইনে মোট ৪ হাজার ২৯ জন প্রার্থী আবেদন করেছেন। তাদের মধ্যে লটারির মাধ্যমে প্রাথমিকভাবে ৩০০ জন প্রার্থী নির্বাচিত হয়েছে। নির্বাচিতদের মধ্যে অপারেশনস অ্যাসিস্ট্যান্ট পদে ২০০ জন এবং টেকনিক্যাল স্কিল ওয়ার্কার্স পদে ১০০ জন অন্তর্ভুক্ত রয়েছে। নির্বাচিত প্রার্থীদের তালিকা শিগগিরই বোয়েসেলের অফিসিয়াল ওয়েবসাইট ও ফেসবুক পেজে প্রকাশ করা হবে।

প্রাথমিকভাবে নির্বাচিত ৩০০ জন প্রার্থীর ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা পরবর্তীতে নিয়োগকারী প্রতিষ্ঠান ডিএইচএল সাপ্লাই চেইন-এর প্রতিনিধিদের সরাসরি উপস্থিতিতে অনুষ্ঠিত হবে। পরীক্ষার পর চূড়ান্তভাবে উত্তীর্ণ ১১২ জন কর্মীকে শূন্য অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ায় পাঠানো হবে।

অনুষ্ঠানে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব আহমাদুল হক মন্তব্য করেন, বর্তমান সরকারের নির্বাচনী অঙ্গীকার হিসেবে আগামী ৫ বছরে ১ কোটি জনশক্তি পাঠানোর যে লক্ষ্য রয়েছে, এ ধরনের উদ্যোগ তা অর্জনে সহায়ক ভূমিকা রাখবে। পাশাপাশি প্রবাসীকল্যাণমন্ত্রীর ঘোষিত 'জিরো কস্টে' কর্মী পাঠানোর প্রতিশ্রুতিও বাস্তবায়িত হচ্ছে।

বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক জানান, সরকারিভাবে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে এই প্রথমবারের মতো লটারির মাধ্যমে যোগ্য ও দক্ষ কর্মী বাছাইয়ের উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে বোয়েসেল দেশবাসীকে বার্তা দিতে চায় যে, তারা সর্বদা স্বচ্ছতা ও নিরপেক্ষতার সঙ্গে কাজ করে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকেই এই নিয়োগের কর্মীদের ফ্লাইট শুরু হবে। এছাড়া বোয়েসেল ইতিমধ্যে পর্যটন, ম্যানুফ্যাকচারিং এবং কেয়ারগিভিং সেক্টরে আরো ৫৫৮ জনের চাহিদাপত্র পেয়েছে। মেডিকেল ফি, বিমানভাড়াসহ সম্পূর্ণ খরচ নিয়োগকর্তা বহন করবে। এ সুবিধা নিয়ে একদম জিরো কস্টে মালয়েশিয়া যাওয়ার সুযোগ পাবেন তারা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পাকিস্তান ভেঙে ১২টি নতুন প্রদেশ গঠনের পরিকল্পনা চলছে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:২২ পি.এম


পাকিস্তান ভেঙে ১২টি নতুন প্রদেশ গঠনের পরিকল্পনা চলছে

পাকিস্তানের বর্তমান চারটি প্রদেশ ভেঙে মোট ১২টি নতুন প্রদেশ গঠনের একটি বড় পরিকল্পনা নিয়ে আলোচনা শুরু হয়েছে, যা সুশাসন প্রতিষ্ঠা ও প্রশাসনিক কাজকে সহজ করার লক্ষ্যে করা হচ্ছে। তবে, এই পরিবর্তনের আগে জনগণের মতামত যাচাইয়ের জন্য একটি দেশব্যাপী গণভোট আয়োজনের কথা ভাবছে সরকার।

গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এই প্রশাসনিক সংস্কারের প্রস্তাব আগামী ২০২৭ সালের প্রথমার্ধে ২৮তম সংবিধান সংশোধনী হিসেবে সংসদে উত্থাপিত হতে পারে। এর আগে ওই বছরের প্রথম প্রান্তিক থেকেই প্রাথমিক প্রস্তুতি শুরু হতে পারে।

নতুন পরিকল্পনা বাস্তবায়িত হলে, দেশটির সবচেয়ে বড় প্রদেশ পাঞ্জাবকে ভেঙে ৪টি, খাইবার পাখতুনখাওয়া ও বেলুচিস্তানকে ৩টি করে এবং সিন্ধ প্রদেশকে ২টি প্রদেশে রূপান্তর করা হতে পারে।

তবে উদ্যোক্তারা জানিয়েছেন, প্রস্তাবটি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং নতুন প্রদেশগুলোর নির্দিষ্ট সীমানা বা কাঠামো কেমন হবে, সে বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। এই উদ্যোগটি কোনো নির্দিষ্ট প্রদেশ বা রাজনৈতিক দলকে কোণঠাসা করার জন্য নেওয়া হয়নি বলে জানানো হয়েছে। মূলত, দেশের ক্রমবর্ধমান জনসংখ্যার চাপ সামলানো, সব অঞ্চলে সুষম উন্নয়ন পৌঁছে দেওয়া এবং সাধারণ মানুষের দোরগোড়ায় সরকারি সেবা সহজে পৌঁছে দেওয়াই এর মূল উদ্দেশ্য।

পাকিস্তানে নতুন প্রদেশ গঠনের বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর হওয়ায় রাজনৈতিক দলগুলোর মধ্যে এ নিয়ে দীর্ঘদিনের বিভেদ রয়েছে। রাজনৈতিক দরকষাকষি বা দলীয় স্বার্থের ঊর্ধ্বে থেকে সরাসরি জনগণের রায় নিতেই তাই সংসদীয় আলোচনার আগে গণভোটের পথ বেছে নেওয়ার কথা ভাবা হচ্ছে।

অবশ্য গণভোটে জনসাধারণের সবুজ সংকেত মিললেও, নতুন প্রদেশগুলোর সীমানা নির্ধারণ, সম্পদ বণ্টন এবং প্রশাসনিক ক্ষমতা ভাগাভাগির মতো জটিল কাজগুলো সম্পন্ন করতে দেশের সব রাজনৈতিক দলের মধ্যে ব্যাপক সমঝোতা ও দীর্ঘ সংসদীয় আলোচনার প্রয়োজন হবে।

সূত্র: জিও নিউজ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫১
জোহর ১১:৪৩
আসর ০৩:৪০
মাগরিব ০৫:১৬
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৮ সূর্যাস্ত : ০৫:১৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%