শনিবার, ৫ই সেপ্টেম্বর, ২০২৬ ইং
০৪:৫২ পি.এম
ঢাকা, ৫ সেপ্টেম্বর, ২০২৬ : ত্রয়োদশ জাতীয় সংসদের অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি ব্যাংক রেজল্যুশন (সংশোধন) বিল, ২০২৬ পাসের সুপারিশ করেছে।
জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠকের সভাপতিত্ব করেন কমিটির সভাপতি মুশফিকুর রহমান। এই বৈঠকে ব্যাংক রেজল্যুশন (সংশোধন) বিল, ২০২৬ নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়। বিলটি সংসদে পাসের জন্য সংশোধিত আকারে বৈঠক থেকে সুপারিশ করা হয়, যা পুঙ্খানপুঙ্খ যাচাই-বাছাই ও পর্যালোচনার পর করা হয়েছে।
বৈঠকে অংশগ্রহণ করেন কমিটির সদস্য ও অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, চিফ হুইপ নূরুল ইসলাম মনি, মঈনুল ইসলাম খান, মো. শাহাদাত হোসেন, মো. সাইফুল আলম এবং সৈয়দ জয়নুল আবেদীন।
এছাড়া, বৈঠকে উপস্থিত ছিলেন আর্থিক প্রতিষ্ঠান ও অর্থ বিভাগের সচিব, বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা, অর্থ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান মন্তব্য করেছেন যে, তেল-গ্যাসসহ প্রয়োজনীয় জ্বালানি সরবরাহের সংকটের অজুহাতে দেশের বিভিন্ন শিল্প-কারখানা বন্ধ করে দেওয়ার ফলে লাখো শ্রমিক কর্মহীন হয়ে পড়েছে। তিনি উল্লেখ করেন, এর ফলে শ্রমিকদের পরিবার-পরিজনের জীবন-জীবিকা চরম অনিশ্চয়তার মুখে পড়েছে। একই সঙ্গে, দেশের শিল্প ও অর্থনীতির জন্য এটি অত্যন্ত উদ্বেগজনক বিষয় হয়ে দাঁড়িয়েছে।
তিনি আরও বলেন, শ্রমিকরা দেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি। তাদের শ্রম ও ঘামে শিল্প-কারখানা সচল থাকে এবং জাতীয় অর্থনীতি এগিয়ে যায়। কিন্তু জ্বালানি সংকট, গ্যাস ও বিদ্যুতের অনিয়মিত সরবরাহ, উৎপাদন ব্যাহত হওয়া এবং বিভিন্ন অব্যবস্থাপনার কারণে একের পর এক কলকারখানা বন্ধ হয়ে গেলে এর সবচেয়ে বড় আঘাত দেশের ওপর পড়বে। এতে দেশে বেকারত্ব ও সামাজিক অস্থিরতা বৃদ্ধি পাবে।
আজ শনিবার কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত বিশেষ বৈঠকে এসব কথা বলেন তিনি।
বৈঠকে দলের যুগ্ম মহাসচিব মাওলানা নেছার আহমেদ বলেন, শিল্প-কারখানা বন্ধের আগে সরকারকে সংশ্লিষ্ট মালিকপক্ষ, শ্রমিক সংগঠন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে সংকট নিরসনে কার্যকর উদ্যোগ নিতে হবে।
তিনি বলেন, অবিলম্বে শিল্প-কারখানাগুলো সচল রাখতে প্রয়োজনীয় জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে হবে। পাশাপাশি বন্ধ কারখানা চালুর উদ্যোগ, শ্রমিকদের কর্মসংস্থান ও বেতন-ভাতা সুরক্ষা এবং শিল্পখাতের দীর্ঘমেয়াদি সংকট নিরসনে সমন্বিত পরিকল্পনা গ্রহণ করতে হবে।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন সহকারী মহাসচিব মাওলানা আহমদ আব্দুল কাইয়ুম, শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় সহ-সভাপতি মুহাম্মাদ সিদ্দিকুর রহমান, হারুন অর রশীদ, জয়েন্ট সেক্রেটারি জেনারেল এইচ এম রফিকুল ইসলাম, ওবায়েদ বিন মোস্তফা, শাহ জামাল, সাংগঠনিক সম্পাদক কামাল উদ্দিন আহমেদ প্রমুখ।
ইসলামী শ্রমিক আন্দোলনের জাতীয় কাউন্সিল ৯ অক্টোবর
অনুষ্ঠানে ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মাদ খলিলুর রহমান ও সেক্রেটারি জেনারেল কে এম বিল্লাল হোসাইন শনিবার আনুষ্ঠানিকভাবে জানান, সংগঠনের জাতীয় কাউন্সিল আগামী ৯ অক্টোবর ২০২৬ অনুষ্ঠিত হবে।
কাউন্সিলে দেশের শ্রমিকদের অধিকার, কর্মসংস্থান, শ্রমিকদের ন্যায্য পাওনা, শিল্প-কারখানার বর্তমান পরিস্থিতি এবং শ্রমজীবী মানুষের সার্বিক কল্যাণসহ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হবে। পাশাপাশি এসব বিষয়ে পরবর্তী কর্মপরিকল্পনা গ্রহণ করা হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সাভারের আশুলিয়ায় আবাসিক ভবনের তালাবদ্ধ বাসা থেকে উদ্ধার তিন মরদেহের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। তিন মরদেহের মধ্যে দুটি স্বামী-স্ত্রীর।আরেকটি তাদের সদ্যজাত নবজাতকের।শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাত দেড়টার দিকে হজরত আলীর মালিকানাধীন ভবনের দ্বিতীয় তলার বাসা থেকে মরদেহ তিনটি উদ্ধার করা হয়।নিহতদের মধ্যে রয়েছেন নাজমা আক্তার, তার স্বামী আলমগীর হোসেন আলম, এবং তাদের নবজাতক সন্তান। নাজমা দিনাজপুরের নবাবগঞ্জ থানার বড় মাগুরা পাকপাড়া এলাকার আতিয়ার রহমানের কন্যা।নাজমা আক্তার স্থানীয় প্রীতি গ্রুপের একটি পোশাক কারখানায় সুইং হেলপার হিসেবে কর্মরত ছিলেন। আলমগীর আশুলিয়ার বিভিন্ন স্থানে ভাসমান পান ও সিগারেট বিক্রি করতেন।পুলিশ জানায়, শুক্রবার দুপুর থেকে ওই বাসা থেকে তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানান। পরে রাত দেড়টার দিকে পুলিশ বাসাটির তালা ভেঙে ভেতর থেকে মরদেহ তিনটি উদ্ধার করে।আশুলিয়া থানার এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, মরদেহের অবস্থা দেখে ধারণা করা হচ্ছে, দুই থেকে তিন দিন আগে তাদের হত্যা করা হয়েছে। নাজমা অন্তঃসত্ত্বা ছিলেন। তার মৃত্যুর পর পেট থেকে নবজাতক বেরিয়ে আসতে পারে অথবা ঘটনার সময়ই সন্তানটি ভূমিষ্ঠ হয়ে থাকতে পারে। বিষয়টি তদন্তের পর স্পষ্ট হবে।স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রায় তিন বছর আগে আলমগীরের সঙ্গে নাজমার বিয়ে হয়।গত ৯ জুলাই তারা আশুলিয়ার ওই বাসা ভাড়া নেন। নাজমা সাত মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। বৃহস্পতিবার রাতে বোন শাপলা আক্তারের সঙ্গে নাজমার সর্বশেষ কথা হয়েছিল।আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, মরদেহগুলো ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করেছে সিআইডির ফরেনসিক টিম ও ঢাকা উত্তর ডিবি পুলিশ।ওসি জানান, নাজমার সন্তান প্রসবের সম্ভাব্য সময় ছিল ডিসেম্বর। কিভাবে এত আগে সন্তান ভূমিষ্ঠ হলো কিংবা নির্যাতনের কারণে এমনটি হয়েছে কি না, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর তা জানা যাবে। এ ঘটনায় হত্যা মামলা প্রক্রিয়াধীন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
নিউইয়র্ক সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে ট্রাম্পের বৈঠক হতে পারে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশগ্রহণের জন্য নিউইয়র্ক সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জানিয়েছেন, এই সফরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের সম্ভাবনা রয়েছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) সিলেটের একটি হোটেলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন। তবে ভারতের সঙ্গে প্রধানমন্ত্রীর সফরের নির্দিষ্ট দিন ও সময় এখনও চূড়ান্ত হয়নি বলেও তিনি উল্লেখ করেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ‘নতুন বাংলাদেশের অগ্রযাত্রার বার্তা’ নিয়ে অংশগ্রহণ করবেন। সেখানে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের সম্ভাবনা রয়েছে।
মক্কা চুক্তিতে বাংলাদেশের অন্তর্ভুক্তি সম্পর্কে হুমায়ুন কবির বলেন, এ বিষয়ে আলোচনা চলমান রয়েছে। বাংলাদেশের জন্য এতে যুক্ত হওয়া অস্বাভাবিক কিছু নয়। বর্তমানে অনেক দেশ একাধিক নিরাপত্তা জোটের সঙ্গে যুক্ত রয়েছে। বাংলাদেশের জাতীয় স্বার্থ যেখানে রয়েছে, সেখানে প্রয়োজন অনুযায়ী দেশ যুক্ত হবে।
ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মন্তব্য করেন, প্রতিবেশী দেশ হিসেবে ভারতের সঙ্গে বাংলাদেশের সুসম্পর্ক থাকা জরুরি। দুই দেশের মধ্যে ‘হাজার সমস্যা’ থাকলেও আলোচনা অব্যাহত রয়েছে।
জ্বালানি খাতের প্রসঙ্গে তিনি বলেন, প্রধানমন্ত্রী এ খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন। সরকার জ্বালানি খাতের সংকট সমাধানে আন্তরিকভাবে কাজ করছে। তিনি উল্লেখ করেন, এ খাতে কী ধরনের দুর্নীতি ঘটেছে, তা দেখলেই বিষয়টি স্পষ্ট হয়।
যুক্তরাষ্ট্র থেকে বোয়িং বিমান কেনার প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশকে বোয়িং কিনতে চাপ নেই। বাংলাদেশে চাহিদা থাকায় যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে। প্রয়োজন হলে ভবিষ্যতে আরো বোয়িং বিমান কেনা হবে।
মালয়েশিয়ায় বাংলাদেশের শ্রমশক্তি রপ্তানি নিয়ে হুমায়ুন কবির বলেন, আওয়ামী লীগ সরকারের সময়কার একটি সিন্ডিকেটের কারণে মালয়েশিয়ায় শ্রমশক্তি রপ্তানিতে নেতিবাচক প্রভাব পড়েছিল। বর্তমান সরকার সেই সিন্ডিকেট ভেঙে দিয়েছে। এখন ধাপে ধাপে মালয়েশিয়ায় শ্রমশক্তি পাঠানো হবে।
কলকাতায় বাংলাদেশি নাগরিকদের হোটেলে থাকার সুযোগ না পাওয়া এবং রাস্তায় রাত কাটানোর অভিযোগ সম্পর্কে জানতে চাইলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, এ ধরনের ঘটনার সুনির্দিষ্ট উদাহরণ পররাষ্ট্র মন্ত্রণালয়ের নজরে আসলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
মতবিনিময়কালে সিলেট-৬ আসনের সংসদ সদস্য ইমরান আহমদ চৌধুরী ও সিলেট ওয়াসার চেয়ারম্যান মিফতাহ সিদ্দিকী উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
নেপালের ধ্বংসস্তূপ থেকে এক নারী উদ্ধার, অলৌকিক বেঁচে ফেরা
নেপালের সেনাবাহিনীর মুখপাত্র জানিয়েছেন, ভয়াবহ বন্যার ১০ দিন পর নুয়াকোট শহরের একটি বাড়ি থেকে এক নারীকে জীবিত উদ্ধার করা হয়েছে। শনিবার উদ্ধারকর্মীরা তাকে উদ্ধার করেন।
কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, ওই নারীকে হেলিকপ্টারে করে রাজধানী কাঠমাণ্ডুতে নিয়ে যাওয়া হচ্ছিল।
আরব নিউজের প্রতিবেদনে বলা হয়েছে
, নেপালের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার তথ্যমতে, গত ২৬ আগস্টের বন্যায় অন্তত ১ হাজার ৩০০ জনের মৃত্যু হয়েছে। এই বন্যাটি সম্ভবত হিমবাহ ধসের কারণে সংঘটিত হয়েছিল। এখনও ৫ হাজারের বেশি মানুষ নিখোঁজ রয়েছে।
এদিকে, নেপালের প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামাজিক যোগাযোগ মাধ্যমের একটি পোস্টে জানানো হয়েছে, শনিবার একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে এক চীনা নাগরিককে জীবিত উদ্ধার করা হয়েছে। এর ফলে ত্রিশুলি জলবিদ্যুৎ প্রকল্প থেকে মোট তিনজন শ্রমিককে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। এর আগে, শুক্রবার ত্রিশুলি-৩এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি সুড়ঙ্গ থেকে দুই নেপালি শ্রমিককে উদ্ধার করা হয়েছিল।
নেপালি সেনাবাহিনী জানিয়েছে, নেপালের সেনাসদস্য এবং দক্ষিণ কোরিয়ার দুর্যোগ বিশেষজ্ঞদের একটি যৌথ দল ২২৫ মিটার দীর্ঘ সুড়ঙ্গ থেকে ওই চীনা নাগরিককে উদ্ধার করে।
বর্তমানে তার শারীরিক অবস্থা পরীক্ষা করা হচ্ছে।
উদ্ধারের পর তাকে হেলিকপ্টারে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়। এ সময় সেনাবাহিনীর একজন চিকিৎসক তার শারীরিক অবস্থার ওপর নজর রাখেন। চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভির প্রকাশিত ছবিতে দেখা যায়, দুই উদ্ধারকর্মী ওই ব্যক্তিকে সুড়ঙ্গ থেকে বের করে আনছেন।
কর্তৃপক্ষ জানিয়েছে, নেপালের বিভিন্ন এলাকায় ১২টি জলবিদ্যুৎ প্রকল্পের প্রায় ৯০০ শ্রমিক এখনো নিখোঁজ রয়েছেন।
তাদের মধ্যে প্রায় ৫০০ জন বিভিন্ন সুড়ঙ্গে আটকা পড়ে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। নেপালের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার তথ্য অনুযায়ী, ২৬ আগস্টের বন্যায় অন্তত ১ হাজার ৩০০ জন নিহত হয়েছে এবং ৫ হাজারের বেশি মানুষ এখনো নিখোঁজ রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ