০৩:৩৮ পি.এম
বগুড়া, ৩১ অক্টোবর, ২০২৬ : আজ বগুড়ার ঐতিহ্যবাহী বীট মডেল স্কুল অ্যান্ড কলেজে একটি দিনব্যাপী বিজ্ঞান মেলার আয়োজন করা হয়েছে।
শনিবার বেলা ১১টায় এই মেলার উদ্বোধন করেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সদস্য এবং বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কালাম আজাদ।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ প্রকৌশলী সাহাবুদ্দীন সৈকত, যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল ওয়াজেদ।
আরও পড়ুন: শাবিপ্রবির ভর্তি পরীক্ষা ১৭ ও ১৮ জানুয়ারি নির্ধারণ
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নজমুল হাসান।
মেলায় প্রথম থেকে দশম শ্রেণির শিক্ষার্থীরা শতাধিক বিজ্ঞান প্রকল্প উপস্থাপন করে। উদ্বোধনের পর অতিথিরা মেলার বিভিন্ন প্রকল্প পরিদর্শন করেন। পদার্থ বিজ্ঞান, রসায়ন, জীব বিজ্ঞান, তথ্য-প্রযুক্তি এবং পরিবেশ বিজ্ঞানের বিভিন্ন বিষয় নিয়ে প্রকল্প তৈরি করেন প্রতিভাবান শিক্ষার্থীরা।
মেলায় উল্লেখযোগ্য প্রকল্পগুলোর মধ্যে ছিল ‘অপারেশন স্যাডো-১২৯ ড্রোন’, ‘স্মার্ট সোলার হাউজ’, ‘ভূমিকম্প সহনশীল দালান’, ‘স্মার্ট ফায়ার রেসকিউ হাউজ’, ‘প্রাকৃতিক ভারসাম্য’, এবং হোমমেড এয়ারকুলারসহ পরিবেশবান্ধব বিভিন্ন উদ্ভাবন।
অতিথিরা শিক্ষার্থীদের তৈরি প্রকল্পগুলো দেখে তাদের সৃজনশীলতা এবং বিজ্ঞানভিত্তিক চিন্তার প্রশংসা করেন। তারা মন্তব্য করেন, বিজ্ঞান মেলার মতো আয়োজন শিক্ষার্থীদের কৌতূহল বৃদ্ধি করার পাশাপাশি অনুসন্ধান ও উদ্ভাবনের মানসিকতা গড়ে তুলতে সহায়তা করে।
আরও পড়ুন: ‘রাজনীতিতে সম্মান পাওয়া যায়, অপমানও সহ্য করতে হয়’—হাজী জসিম উদ্দিন
প্রতিষ্ঠাতা অধ্যক্ষ প্রকৌশলী সাহাবুদ্দীন সৈকত বাসস’কে বলেন, "শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশ এবং বাস্তবমুখী শিক্ষা দেয়ার লক্ষ্যেই এ বিজ্ঞান মেলার আয়োজন করা হয়েছে।" তিনি আশা প্রকাশ করেন যে শিক্ষার্থীরা ভবিষ্যতে দেশের বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতিতে অবদান রাখবে।
দিনব্যাপী এই মেলায় শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন। শেষে বিজ্ঞান মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আন্ত:হাউস বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। আন্ত:হাউস বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় শহীদুল্লাহ হাউস।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন