১০:২৯ পি.এম
জার্মানি থেকে নাটোরে এসে ঐতিহাসিক ও ঐতিহ্যবাহী স্থাপনাগুলো ঘুরে দেখার উদ্দেশ্যে ১৮ বছর বয়সী তরুণ পর্যটক কিরিল পৌঁছান। তবে নাটোর রেলস্টেশনে এসে তিনি তার ব্যাগ হারিয়ে বিপদে পড়েন। ব্যাগটিতে ছিল অ্যাপলের ল্যাপটপ, ক্যামেরা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিগত সামগ্রী।
কিরিল জানান, বুধবার বিকেল ৪টার দিকে তিনি বগুড়া থেকে ট্রেনে নাটোর রেলস্টেশনে নামেন। এরপর স্টেশনের ওয়েটিং রুমে ব্যাগ রেখে তিনি এটিএম থেকে টাকা তুলতে যান। যাওয়ার আগে, ভেস্ট পরা একজন রেলওয়ে কর্মকর্তার কাছে তার ব্যাগ ও মালামাল রেখে যান কিরিল। ওই কর্মকর্তা তাকে আশ্বস্ত করেছিলেন যে, তিনি তার জিনিসপত্রের দেখভাল করবেন।
কিন্তু, কিরিল এটিএম থেকে টাকা তুলে ফিরে এসে দেখতে পান, তার ব্যাগ এবং মালামাল সহ ওই রেলওয়ে কর্মকর্তার কাউকেই সেখানে পাওয়া যাচ্ছে না। এরপর তিনি বিভিন্নভাবে খোঁজাখুঁজি করেও ব্যাগের সন্ধান পাননি।
আরও পড়ুন: বেগমগঞ্জে তরুণ কামরুল হাসানকে গুলি করে মোটরসাইকেল ছিনতাই
কিরিলের দাবি, তার ল্যাপটপের আই ক্লাউড লোকেশন বুধবার সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে নওগাঁ এলাকায় অবস্থান দেখাচ্ছিল। সংশ্লিষ্টরা মনে করছেন, এতে চুরি যাওয়া মালামাল উদ্ধারের সম্ভাবনা তৈরি হয়েছে।
ব্যাগ হারানোর পর কিরিল রেলওয়ে কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন। পরে তাকে নাটোর সদর থানায় পাঠানো হয়। সেখানে তিনি দীর্ঘ সময় সহায়তার অপেক্ষায় ছিলেন। বিদেশি এই পর্যটক কান্নায় ভেঙে পড়েন।
নাটোর সদর থানার ওসি মুনছুর আহমেদ বলেন, "ঘটনাটি মূলত রেলওয়ে পুলিশের আওতাধীন। তবে ভুক্তভোগী বিদেশি নাগরিক হওয়ায় বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।"
তিনি জানান, ইতোমধ্যে চুরি যাওয়া ডিভাইসের লোকেশন শনাক্ত করা হয়েছে। শনাক্ত করা লোকেশনে পুলিশ পাঠানো হয়েছে। আশা করা হচ্ছে, দ্রুত সময়ের মধ্যে কিরিলের ল্যাপটপ, ক্যামেরাসহ হারানো মালামাল উদ্ধার করা সম্ভব হবে।
আরও পড়ুন: সকালে যুবদল নেতা, সন্ধ্যায় ব্যবসায়ী গুলিবিদ্ধ খুলনায়
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন