০৮:৪৭ পি.এম
কক্সবাজারের টেকনাফের রঙ্গিখালী পাহাড়ি এলাকায় মানবপাচারকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনার সময় বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য সৈনিক মো. তিতাস শেখের (২৭) মৃত্যুর ঘটনায় বাংলাদেশ জাতীয় মানবাধিকার পরিষদ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে।
সংগঠনটির চেয়ারম্যান অধ্যাপক এ এস এম মোস্তফা কামাল এবং মহাসচিব অ্যাডভোকেট মো. গোলাম কিবরিয়া এক যৌথ শোকবার্তায় বলেন, ‘দেশের সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং মানবপাচারের মতো জঘন্য সংঘবদ্ধ অপরাধ দমনে দায়িত্ব পালনকালে একজন সেনাসদস্যের এমন মর্মান্তিক মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক। দেশ ও জাতির জন্য তাঁর এই আত্মত্যাগ জাতি সবসময় গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।’
তারা মরহুম সৈনিক মো. তিতাস শেখের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবার-পরিজন, সহকর্মী ও বাংলাদেশ সেনাবাহিনীর সকল সদস্যের প্রতি গভীর সমবেদনা জানান।
আরও পড়ুন: ভাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০
শোকবার্তায় মানবাধিকার পরিষদের নেতৃবৃন্দ উল্লেখ করেন, ‘মানবপাচার একটি গুরুতর মানবাধিকারবিরোধী অপরাধ। এ ধরনের অপরাধ চিরতরে নির্মূল করতে সংঘবদ্ধ মানবপাচারকারী চক্রকে দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনা এবং অপরাধ দমনে অভিযান পরিচালনাকারী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি।’
নিহত সেনাসদস্যের পরিবারের পুনর্বাসনের দাবি জানিয়ে তারা আরও বলেন, ‘শহীদ সেনাসদস্যের পরিবারের যথাযথ আর্থিক সহায়তা ও পুনর্বাসন নিশ্চিত করতে হবে। একই সঙ্গে এই ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত জড়িতদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।’
শেষে তারা মহান আল্লাহর দরবারে মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার মতো ধৈর্য ও শক্তি দানের প্রার্থনা জানান।
আরও পড়ুন: বিএনপি নেতাকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে অব্যাহতি
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন