১০:৩৭ এম
নীলফামারীর ডিমলা উপজেলার ১ নম্বর পশ্চিম ছাতনাই ইউনিয়ন পরিষদে নাগরিক সেবার ক্ষেত্রে গুরুতর অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগ উঠেছে। জন্মনিবন্ধন, মৃত্যু সনদ ও ওয়ারিশান সনদসহ বিভিন্ন নাগরিক সেবা গ্রহণের জন্য সরকারি নির্ধারিত ফির বাইরে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগের মধ্যে এবার কর্মকর্তার স্বাক্ষর ব্যবহারের বিষয়টি সামনে এসেছে। অভিযোগ রয়েছে, প্রশাসনিক কর্মকর্তার অনুমতি ছাড়া তাঁর স্বাক্ষর ব্যবহার করে সরকারি কাগজপত্র প্রস্তুত করা হচ্ছে। শুধু তাই নয়, হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর নিজে স্বাক্ষর করার পর সই-সিল দেওয়ার কাজে গ্রাম পুলিশও যুক্ত রয়েছে। এমন দৃশ্য ভিডিওচিত্রেও ধারণ করা হয়েছে বলে জানা গেছে।
অভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছেন পরিষদের হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর মো. আশরাফুল হক আরাফাত। ভিডিওচিত্রে তাঁকে প্রশাসনিক কর্মকর্তা সুবাস চন্দ্র রায়ের স্বাক্ষরের আদলে কাগজপত্রে স্বাক্ষর করতে দেখা যায়। একই ভিডিওতে গ্রাম পুলিশকে সংশ্লিষ্ট কাগজপত্রে সিল দিতে দেখা গেছে বলেও অভিযোগ উঠেছে। সরেজমিনেও একই ধরনের চিত্র দেখা গেছে। ফলে ইউনিয়ন পরিষদের সরকারি নথি প্রস্তুত ও অনুমোদনের প্রক্রিয়া নিয়ে প্রশ্ন উঠেছে।
সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, প্রশাসনিক কর্মকর্তা সুবাস চন্দ্র রায় জানিয়েছেন, তিনি কাউকে তাঁর স্বাক্ষর দেওয়ার অনুমতি দেননি। তিনি বলেন, "আমি সই দেওয়ার পারমিশন দেইনি। আমার সই কারও দেওয়ার পারমিশন নেই। যদি দিয়ে থাকে, তাহলে ব্যবস্থা নেওয়া হবে।"
আরও পড়ুন: দৌলতপুরে মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রির দায়ে ৪ ফার্মেসিকে জরিমানা
অন্যদিকে অভিযুক্ত হিসাব সহকারী আশরাফুল হক আরাফাত দাবি করেন, প্রশাসনিক কর্মকর্তার অনুমতি নিয়েই তিনি জন্মনিবন্ধনে স্বাক্ষর করেছেন। তবে অনুমতির বিষয়ে কোনো লিখিত অনুমোদন বা স্বাক্ষর ব্যবহারের বৈধ প্রক্রিয়া সম্পর্কে তিনি সুস্পষ্ট ব্যাখ্যা দিতে পারেননি।
ভিডিওচিত্রে স্বাক্ষর ও সিল ব্যবহারের যে চিত্র উঠে এসেছে, তা প্রশাসনিক কর্মকর্তার বক্তব্যের সঙ্গে সাংঘর্ষিক। প্রশ্ন উঠেছে, কর্মকর্তার অনুমতি না থাকলে তাঁর স্বাক্ষরের আদলে সরকারি নথিতে স্বাক্ষর করার সুযোগ কে বা কারা করে দিচ্ছেন? আর একজন হিসাব সহকারী স্বাক্ষর করার পর গ্রাম পুলিশ কী ক্ষমতাবলে সেই নথিতে সিল দিচ্ছেন?
স্বাক্ষর জালিয়াতির অভিযোগের পাশাপাশি ইউনিয়ন পরিষদে নাগরিক সেবা নিতে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগও রয়েছে। স্থানীয়দের অভিযোগ, জন্মনিবন্ধন, মৃত্যু সনদ ও ওয়ারিশান সনদসহ বিভিন্ন কাগজপত্র সংগ্রহ করতে সরকারি নির্ধারিত ফির বাইরে অতিরিক্ত টাকা দিতে হয়। টাকা দিলে দ্রুত সেবা পাওয়া গেলেও টাকা দিতে অনীহা প্রকাশ করলে নানা অজুহাতে হয়রানির শিকার হতে হয় সাধারণ মানুষকে। বিশেষ করে জন্মনিবন্ধন সনদ সংগ্রহ করতে গেলেও নির্ধারিত ফির বাইরে অতিরিক্ত টাকা গুনতে হচ্ছে বলে অভিযোগ তাঁদের।
জাল স্বাক্ষরের অভিযোগে পরিষদের দফাদার রশিদুল ইসলাম অভিযোগ দিয়েছেন বলেও জানা গেছে। এ বিষয়ে বক্তব্য জানতে গেলে প্রশাসনিক কর্মকর্তা সুবাস চন্দ্র রায় সংবাদে বিষয়টি প্রকাশ না করার অনুরোধ করেছেন বলে অভিযোগ রয়েছে। তবে সরকারি নথিতে স্বাক্ষর ব্যবহারের মতো গুরুতর অভিযোগের বিষয়ে স্বচ্ছ তদন্ত ও তথ্যভিত্তিক ব্যাখ্যা প্রয়োজন।
আরও পড়ুন: কুমিল্লায় মহাসড়কের গাছ কেটে পালালো দুর্বৃত্তরা, দুর্ঘটনার আশঙ্কা
এ বিষয়ে পশ্চিম ছাতনাই ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আতিকুল রহমানের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।
অভিযোগের বিষয়ে ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমরানুজ্জামান বলেন, "একজন হিসাব সহকারী জাল স্বাক্ষর করার সুযোগ তিনি কোথায় পেলেন? বিষয়টি অবশ্যই গুরুত্বসহকারে খতিয়ে দেখা হবে।"
স্থানীয়দের দাবি, মৌখিক বক্তব্যে সীমাবদ্ধ না থেকে ইউনিয়ন পরিষদের জন্মনিবন্ধন, মৃত্যু নিবন্ধন, ওয়ারিশান সনদ, ইস্যু রেজিস্টার, আবেদনপত্র, স্বাক্ষরের নমুনা, সিল ব্যবহারের রেকর্ড এবং সরকারি ফি আদায়ের রসিদ তদন্ত করে দেখা হোক। একই সঙ্গে ভিডিওচিত্রের সত্যতা যাচাই করে কার নির্দেশে, কী প্রক্রিয়ায় এবং কোন ক্ষমতাবলে এসব নথিতে স্বাক্ষর ও সিল ব্যবহার করা হয়েছে, তা প্রকাশের দাবি জানিয়েছেন তাঁরা।
অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে বিভাগীয় ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী। তাঁদের প্রশ্ন, ইউনিয়ন পরিষদ কি সাধারণ মানুষের নাগরিক সেবা নিশ্চিত করার প্রতিষ্ঠান, নাকি কিছু ব্যক্তির ইচ্ছামতো পরিচালিত ব্যক্তিগত দপ্তর?
আরও পড়ুন: ফেনী জেলা পুলিশের নতুন পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ দায়িত্বভার গ্রহণ করেছেন
জনগণের করের টাকায় পরিচালিত একটি সরকারি প্রতিষ্ঠানে কর্মকর্তার স্বাক্ষর ব্যবহারের অভিযোগ এবং নাগরিক সেবায় অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ গুরুত্বের সঙ্গে তদন্ত করা প্রয়োজন। এখন দেখার বিষয়, উপজেলা প্রশাসন কত দ্রুত নিরপেক্ষ তদন্তের মাধ্যমে পশ্চিম ছাতনাই ইউনিয়ন পরিষদের অনিয়মের প্রকৃত চিত্র তুলে ধরে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন