ঢাকা বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ইং ০৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

বছরের শেষ ম্যাচে প্রতিপক্ষকে উড়িয়ে যা বললেন স্ক্যালোনি


বছরের শেষ ম্যাচে প্রতিপক্ষকে উড়িয়ে যা বললেন স্ক্যালোনি

কর্দোবায় অনুষ্ঠিত ম্যাচে কোস্টারিকাকে ৭-০ গোলে পরাজিত করে ২০২৬ সালের জন্য দুর্দান্তভাবে বছরের সমাপ্তি ঘটিয়েছে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল। আগের ম্যাচে উরুগুয়ের কাছে হারের বেদনা এই জয়ে ভুলে গেছে লিওনেল স্ক্যালোনির দল। দলের পুনর্গঠন প্রক্রিয়ার মধ্যে সংবাদ সম্মেলনে বক্তব্য রেখেছেন আলবিসেলেস্তেদের কোচ। ২০৩০ সাল পর্যন্ত চুক্তির মেয়াদ বৃদ্ধি করা এই কোচ, বছরের পারফরম্যান্স মূল্যায়ন এবং ভবিষ্যৎ পরিকল্পনার বিষয়গুলো তুলে ধরেছেন।

মৌসুমের মাঝামাঝি সময়ের স্মৃতিচারণ করতে গিয়ে স্ক্যালোনি বলেন, "বিশ্বকাপের কিছু ম্যাচ আমরা নিশ্চিতভাবেই মনে রাখব, যেগুলো ছিল মহাকাব্যিক। মিসর ও ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের পর আমাদের অনুভূতি ছিল অবিশ্বাস্য।"

তিনি আরও বলেন, "প্রথমেই আমার মনে হচ্ছে, ভালো কাজ করতে পেরে আমি সন্তুষ্ট। আমরা চেষ্টা করেছি ম্যাচে প্রভাব বিস্তার করতে, প্রতিদ্বন্দ্বিতা করতে এবং সব সময় আর্জেন্টিনা হয়ে থাকতে।"

আরও পড়ুন: গোলের দিনে বাবা হলেন এনদ্রিক, ছেলের নাম কেনদ্রিক

বছরটিকে ইতিবাচক হিসেবে দেখছেন আর্জেন্টাইন কোচ। তার ভাষায়, "আমার মনে হয়, বছরটি ইতিবাচক ছিল। আমরা নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছি এবং আরেকটি বিশ্বকাপের ফাইনালে পৌঁছেছি। তবে সব সময় জয় পাওয়া সম্ভব নয়। আমরা সন্তুষ্ট। আমরা এমন একটি পরিবেশ তৈরি করতে পেরেছি, যেখানে শিরোপা না জিতলেও কাজের স্বীকৃতি পাওয়া যায়। এটা দারুণ ব্যাপার।"

সমালোচনা নিয়ে নিজের অবস্থানও পরিষ্কার করেছেন স্ক্যালোনি। তিনি বলেন, "আমি সমালোচনার জবাব দিতে চাই না। সমালোচনা করার অধিকার সবার আছে। আট বছর ধরে আমি এ বিষয়ে কথা বলিনি, এখন কেন শুরু করব? মানুষ ও সংবাদমাধ্যমের এ নিয়ে আলোচনা করাটা স্বাভাবিক।"

কর্দোবার মানুষের ভালোবাসা ও সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন পুজাতোতে জন্ম নেওয়া এই কোচ। পাশাপাশি এমিলিয়ানো মার্টিনেজের দর্শকদের সঙ্গে আবারও ভালোবাসার সম্পর্ক গড়ার আহ্বানের সঙ্গেও একমত পোষণ করেন তিনি।

আরও পড়ুন: র‌্যাঙ্কিংয়ে ফেরার লক্ষ্য নিয়ে তাইপে যাচ্ছে বাংলাদেশ রাগবি দল

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাভাবিপ্রবিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতির স্থানে স্থাপন হল ভাসানীর ম্যুরাল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৪১ এম


মাভাবিপ্রবিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতির স্থানে স্থাপন হল ভাসানীর ম্যুরাল

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালের অবশিষ্ট কাঠামোর ওপর মওলানা আবদুল হামিদ খান ভাসানীর একটি ম্যুরাল স্থাপন করা হয়েছে।

গতকাল মঙ্গলবার, ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ার সামনে নবনির্মিত এই ম্যুরালটির উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, বিএনপির প্রচার সম্পাদক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, সংসদ সদস্য আব্দুস সালাম পিন্টু ও আবুল কালাম আজাদ সিদ্দিকী, টাঙ্গাইল জেলা পরিষদের প্রশাসক এস এম ওবায়দুল হক নাসির, এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম শহিদুল ইসলাম প্রমুখ।

২০২০ সালে মুজিববর্ষ উপলক্ষে ক্যাফেটেরিয়ার সামনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালটি নির্মাণ ও উদ্বোধন করা হয়েছিল। তবে ২০২৪ সালের ৫ আগস্ট অভ্যুত্থানের পর শিক্ষার্থীরা ম্যুরাল থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতি সরিয়ে ফেলেন। মূল স্তম্ভ ও অবকাঠামো তখনও অক্ষত ছিল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পুতিন চীনে পৌঁছেছেন ত্রিপক্ষীয় বৈঠকে অংশ নিতে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৪১ এম


পুতিন চীনে পৌঁছেছেন ত্রিপক্ষীয় বৈঠকে অংশ নিতে

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন চীনের শেনজেনে পৌঁছেছেন এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপেক) শীর্ষ সম্মেলনে অংশগ্রহণের জন্য। এই সফরের সময় তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে একটি ঐতিহাসিক ত্রিপক্ষীয় বৈঠকে অংশগ্রহণ করবেন।

চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, পুতিন বুধবার (১৮ নভেম্বর) স্থানীয় সময় রাত প্রায় ২টার দিকে দক্ষিণ চীনের শেনজেন শহরে অবতরণ করেন। বিমানবন্দরে তাকে স্বাগত জানান চীনা কমিউনিস্ট পার্টির সর্বোচ্চ নীতিনির্ধারণী সংস্থার পঞ্চম সর্বোচ্চ পদধারী কাই ছি। কাই ছি চীনের প্রেসিডেন্ট শি চিন পিংয়ের কার্যত চিফ অব স্টাফ হিসেবেও দায়িত্ব পালন করছেন।

এই সফর বুধবার ও বৃহস্পতিবার (১৯ নভেম্বর) চলবে। ক্রেমলিনের পররাষ্ট্রনীতি বিষয়ক উপদেষ্টা ইউরি উশাকভ মন্তব্য করেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় রাশিয়া ও চীনের সহযোগিতা এবং যুদ্ধের পর জাতিসংঘ প্রতিষ্ঠায় তাদের ভূমিকার কারণে এই বৈঠক বিশেষ তাৎপর্যপূর্ণ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জ্ঞানচর্চার আড়ালে আধিপত্যের লড়াই

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৪২ এম


জ্ঞানচর্চার আড়ালে আধিপত্যের লড়াই

মানুষের সভ্যতা, ইতিহাস, ধর্ম ও ভাষা সম্পর্কে জ্ঞান অর্জন নিঃসন্দেহে একটি মহৎ বুদ্ধিবৃত্তিক চর্চা। তবে যখন কোনো জাতি, সভ্যতা বা ধর্মকে হেয় করা হয়, তার ইতিহাসকে নতুনভাবে ব্যাখ্যা করা হয় অথবা তার ওপর কর্তৃত্ব প্রতিষ্ঠার চেষ্টা করা হয়, তখন জ্ঞান আর নিরপেক্ষ থাকে না; বরং তা ক্ষমতার হাতিয়ারে পরিণত হয়। উনিশ ও বিশ শতকের ইউরোপীয় প্রাচ্যতত্ত্ব বা ওরিয়েন্টালিজম এর একটি উল্লেখযোগ্য উদাহরণ। এই ধারার মাধ্যমে প্রাচ্যের ভাষা, ধর্ম, ইতিহাস ও সংস্কৃতিকে গবেষণার বিষয় করা হলেও অনেক ক্ষেত্রে সেগুলোকে পশ্চিমা দৃষ্টিভঙ্গি ও ঔপনিবেশিক স্বার্থের আলোকে ব্যাখ্যা করা হয়েছে। ফলে প্রাচ্যকে জানার পাশাপাশি প্রাচ্যের মানুষকে সংজ্ঞায়িত ও নিয়ন্ত্রণ করার একটি বুদ্ধিবৃত্তিক কাঠামোও গড়ে উঠেছে।

প্রাচ্যতত্ত্ব : জ্ঞানচর্চা নাকি আধিপত্যের কৌশল

প্রখ্যাত ফিলিস্তিনি-আমেরিকান চিন্তাবিদ এডওয়ার্ড সাঈদ ১৯৭৮ সালে প্রকাশিত তাঁর বিখ্যাত গ্রন্থ ওরিয়েন্টালিজম-এ প্রাচ্যতত্ত্বের আধিপত্যবাদী চরিত্র বিশ্লেষণ করেন। তাঁর মতে, প্রাচ্যতত্ত্ব শুধুমাত্র প্রাচ্যের ভাষা, সাহিত্য ও সংস্কৃতি নিয়ে গবেষণার নাম নয়; বরং প্রাচ্যকে নিজেদের মতো করে ব্যাখ্যা, পুনর্গঠন এবং তার ওপর কর্তৃত্ব প্রতিষ্ঠার একটি পশ্চিমা পদ্ধতি। তিনি দেখিয়েছেন, কিভাবে পশ্চিমা চিন্তায় প্রাচ্যকে প্রায়ই পাশ্চাত্যের বিপরীত একটি সত্তা হিসেবে উপস্থাপন করা হয়েছে। পাশ্চাত্যকে যুক্তিবাদী, আধুনিক, উন্নত ও গতিশীল হিসেবে চিত্রিত করা হয়েছে; বিপরীতে প্রাচ্যকে আবেগপ্রবণ, পশ্চাৎপদ, রহস্যময় ও স্থবির হিসেবে উপস্থাপন করা হয়েছে। এভাবে একটি কৃত্রিম বিভাজন তৈরি করে পশ্চিমা শ্রেষ্ঠত্বের ধারণাকে প্রতিষ্ঠা করা হয়েছে।

তবে প্রাচ্যবিদদের সব কাজকে একইভাবে মূল্যায়ন করাও যুক্তিসংগত নয়। তাঁদের অনেকেই গুরুত্বপূর্ণ পাণ্ডুলিপি উদ্ধার, অভিধান প্রণয়ন, গ্রন্থ সম্পাদনা ও অনুবাদের মাধ্যমে জ্ঞানচর্চায় মূল্যবান অবদান রেখেছেন। সমালোচনার মূল বিষয় তাঁদের সব গবেষণা নয়; বরং সেই গবেষণার ভেতরে কাজ করা পক্ষপাত, ঔপনিবেশিক দৃষ্টিভঙ্গি ও আধিপত্যের প্রবণতা।

ভাষার শ্রেণিবিভাগ থেকে জাতিগত শ্রেষ্ঠত্বের ধারণা

প্রাচ্যতত্ত্বের অন্যতম গুরুত্বপূর্ণ হাতিয়ার ছিল ভাষাতাত্ত্বিক শ্রেণিবিন্যাস। ভাষা কেবল যোগাযোগের মাধ্যম নয়; এটি একটি জাতির ইতিহাস, সংস্কৃতি, চিন্তা ও আত্মপরিচয়েরও বাহক। তাই কোনো ভাষাকে কীভাবে ব্যাখ্যা করা হচ্ছে, তার সঙ্গে সেই ভাষাভাষী জনগোষ্ঠী সম্পর্কে ধারণা তৈরির বিষয়টিও জড়িত।

১৭৮৪ সালে কলকাতায় স্যার উইলিয়াম জোনস এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন। ১৭৮৬ সালে তিনি সংস্কৃত, গ্রিক ও লাতিন ভাষার মধ্যে গভীর সাদৃশ্যের কথা তুলে ধরেন এবং এগুলোর একটি অভিন্ন উৎস থাকার সম্ভাবনা প্রকাশ করেন। তুলনামূলক ভাষাবিজ্ঞানের বিকাশে এটি ছিল গুরুত্বপূর্ণ ঘটনা। পরবর্তী সময়ে ভাষার এই শ্রেণিবিন্যাসকে কেন্দ্র করে ইন্দো-ইউরোপীয় ও সেমিটিক ভাষাগোষ্ঠীর ধারণা আরো সুসংগঠিত হয়। কিন্তু সমস্যা দেখা দেয় যখন ভাষাগত পার্থক্যকে জাতিগত ও বুদ্ধিবৃত্তিক শ্রেষ্ঠত্বের মাপকাঠি হিসেবে ব্যবহার করা হয়। এভাবে ভাষার বৈজ্ঞানিক শ্রেণিবিন্যাস ধীরে ধীরে জাতিগত শ্রেষ্ঠত্বের ধারণায় রূপ নেয়। অথচ যে আরবি ভাষায় ইবনে সিনা, ইবনে রুশদ, আল-খাওয়ারিজমি ও ইমাম গাজ্জালীর মতো মনীষীরা জ্ঞান-বিজ্ঞানের অসংখ্য শাখায় অবদান রেখেছেন, সেই ভাষাকে বুদ্ধিবৃত্তিকভাবে সীমাবদ্ধ বলে চিত্রিত করা ছিল ইতিহাসের বাস্তবতার সঙ্গে সাংঘর্ষিক।

প্রাচ্যতত্ত্বের ঔপনিবেশিক প্রয়োগ

প্রাচ্যতত্ত্বের প্রভাব শুধু ইউরোপীয় বিশ্ববিদ্যালয় ও গবেষণাগারে সীমাবদ্ধ ছিল না; ভারতীয় উপমহাদেশে তা প্রশাসন, শিক্ষা, আইন ও ইতিহাসচর্চার সঙ্গে গভীরভাবে যুক্ত হয়ে পড়ে। ১৭৮১ সালে ওয়ারেন হেস্টিংস কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। এর অন্যতম উদ্দেশ্য ছিল ব্রিটিশ প্রশাসনের বিচারব্যবস্থায় মুসলিম আইন সম্পর্কে জ্ঞানসম্পন্ন কর্মকর্তা তৈরি করা। পরবর্তী সময়ে ১৮০০ সালে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয়। সেখানে ভারতীয় ভাষা ও সাহিত্য নিয়ে গবেষণার পাশাপাশি হিন্দুস্তানি ভাষার পৃথক রূপ ও বিন্যাস তৈরির উদ্যোগ নেওয়া হয়। এই ভাষাগত শ্রেণিবিন্যাস পরবর্তী সময়ে হিন্দি-উর্দু বিতর্ককে প্রভাবিত করে। লিপি, শব্দভাণ্ডার ও ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে ভাষাকে আলাদা করার প্রবণতা ক্রমে হিন্দু-মুসলিম সামাজিক বিভাজনকেও গভীর করে তোলে।

আইনব্যবস্থায়ও একই ধরনের পরিবর্তন ঘটে। ১৭৯১ সালে চার্লস হ্যামিলটন হিদায়া গ্রন্থের ইংরেজি অনুবাদ প্রকাশ করেন। পরবর্তী সময়ে মুসলিম আইনকে ইংরেজি ভাষায় সংকলন ও ব্যাখ্যা করার মাধ্যমে ব্রিটিশরা একটি নতুন বিচারিক কাঠামো গড়ে তোলে। ইসলামী ফিকহের যে ঐতিহ্য ছিল ফকিহদের গবেষণা, ইজতিহাদ, মতপার্থক্য ও সামাজিক বাস্তবতার সঙ্গে সম্পর্কিত একটি জীবন্ত জ্ঞানব্যবস্থা, তা ক্রমে ঔপনিবেশিক আদালতের নির্দিষ্ট বিধিবিধানে সীমাবদ্ধ হয়ে পড়ে।

শিক্ষাক্ষেত্রেও এর প্রভাব ছিল সুদূরপ্রসারী। ১৮৩৫ সালে টমাস ব্যাবিংটন মেকলে তাঁর বিখ্যাত শিক্ষাবিষয়ক মিনিটে ভারতীয় ও আরবি-সংস্কৃত সাহিত্যকে অবমূল্যায়ন করেন। তাঁর দৃষ্টিতে ইউরোপীয় জ্ঞান ও সাহিত্যই ছিল উৎকৃষ্ট। ফলে দেশীয় জ্ঞানচর্চার পরিবর্তে ইংরেজি শিক্ষাকে প্রশাসনিক ও সামাজিক অগ্রগতির প্রধান মাধ্যম হিসেবে প্রতিষ্ঠা করা হয়। ইতিহাসচর্চায় জেমস মিলের ‘হিস্ট্রি অব ব্রিটিশ ইন্ডিয়া’ বিশেষভাবে উল্লেখযোগ্য। তিনি ভারতীয় ইতিহাসকে হিন্দু যুগ, মুসলিম যুগ ও ব্রিটিশ যুগ—এই তিন ভাগে বিভক্ত করেন। ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে ইতিহাসের এই বিভাজন পরবর্তী সময়ে উপমহাদেশের সাম্প্রদায়িক ইতিহাসচেতনায় গভীর প্রভাব ফেলে। তবে উপমহাদেশের মুসলিম চিন্তাবিদরা এসব ব্যাখ্যাকে বিনা প্রতিবাদে গ্রহণ করেননি। সৈয়দ আহমদ খান, মাওলানা কারামত আলী জৌনপুরীসহ অনেকে নিজেদের জ্ঞানতাত্ত্বিক ও ধর্মীয় অবস্থান থেকে তাদের ব্যাখারের জবাব দিয়েছেন।

ইসলামী পরিভাষার বিকৃতি ও অর্থগত সংকোচন

প্রাচ্যতত্ত্বের আরেকটি গুরুত্বপূর্ণ কৌশল ছিল ইসলামী পরিভাষাকে তার নিজস্ব প্রেক্ষাপট থেকে বিচ্ছিন্ন করে পশ্চিমা ধারণার ছাঁচে ব্যাখ্যা করা। কোনো শব্দের একটি নির্দিষ্ট অনুবাদ সব সময় তার পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ করে না। বিশেষ করে ইসলামী জ্ঞানতত্ত্বের অনেক পরিভাষার সঙ্গে ধর্মীয়, নৈতিক, সামাজিক ও ঐতিহাসিক তাৎপর্য জড়িয়ে রয়েছে।

যেমন, ‘আদল’ (العدل) শব্দকে শুধু ন্যায়বিচার বা আইনি সমতার মধ্যে সীমাবদ্ধ করা যায় না। ইসলামী দর্শন ও শরিয়াহর আলোচনায় আদল একটি বিস্তৃত নৈতিক ধারণা, যেখানে প্রতিটি বিষয়কে তার যথাযথ স্থানে স্থাপন করার অর্থও নিহিত রয়েছে। অথচ পাশ্চাত্যের কিছু সমাজবিজ্ঞানী ইসলামী বিচারব্যবস্থাকে আধুনিক ইউরোপীয় আইনের মানদণ্ডে বিচার করে অপর্যাপ্ত বা অনির্দিষ্ট হিসেবে উপস্থাপন করেছেন। ‘শরিয়াহ’ শব্দকে শুধু ‘ইসলামিক ল’ হিসেবে অনুবাদ করলেও এর ব্যাপকতা পুরোপুরি প্রকাশ পায় না। কারণ শরিয়াহ মানুষের ব্যক্তিগত, সামাজিক, নৈতিক ও আধ্যাত্মিক জীবনকে সঠিক পথে পরিচালিত করার একটি সামগ্রিক বিধান। একইভাবে ‘উম্মাহ’কে শুধু কমিউনিটি বললে মুসলিম জনগোষ্ঠীর সীমান্ত অতিক্রমকারী ধর্মীয় ও নৈতিক ঐক্যের ধারণাটি যথাযথভাবে ফুটে ওঠে না।

এভাবে প্রাচ্যতত্ত্বের ইতিহাস আমাদের সামনে একটি গুরুত্বপূর্ণ সত্য তুলে ধরে—জ্ঞান কখনো কখনো আধিপত্য প্রতিষ্ঠার হাতিয়ার হয়ে উঠতে পারে। কোনো জাতির ভাষা, ধর্ম, ইতিহাস ও সংস্কৃতিকে ব্যাখ্যা করার অধিকার যখন তার নিজস্ব জ্ঞান-ঐতিহ্য থেকে বিচ্ছিন্ন হয়ে বহিরাগত কর্তৃত্বের হাতে চলে যায়, তখন তার আত্মপরিচয়ও সংকটের মুখে পড়ে।

তাহলে মুসলিম সমাজের জন্য সবচেয়ে জরুরি হলো নিজেদের ইতিহাস, ধর্মীয় উৎস, ভাষা ও জ্ঞান-ঐতিহ্য সম্পর্কে গভীর অধ্যয়ন গড়ে তোলা। শুধু প্রতিক্রিয়া দেখিয়ে নয়, বরং গবেষণা, যুক্তি, তথ্য-প্রমাণ ও মৌলিক চিন্তার মাধ্যমে নিজেদের অবস্থান তুলে ধরতে হবে। কারণ যে জাতি নিজের ইতিহাস নিজে পাঠ করতে পারে না, তার ইতিহাস অন্যের কলমে বিকৃত হওয়ার আশঙ্কা থেকেই যায়।

শিক্ষার্থী, জামিয়া রাহমানিয়া আরাবিয়া মোহাম্মাদপুর, ঢাকা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দুদিন বন্ধ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৪২ এম


গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দুদিন বন্ধ

শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) দুই দিনের জন্য ক্লাস এবং পরীক্ষা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডের ষষ্ঠ জরুরি সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এবং রিজেন্ট বোর্ডের সচিব মো. মোরাদ হোসেনের স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে এই তথ্য প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, রিজেন্ট বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১৮ ও ১৯ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস এবং পরীক্ষা বন্ধ থাকবে। পরিস্থিতি অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৬
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৫ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%