০৬:৩৪ পি.এম
কাজের চাপ বা দীর্ঘ সময় পড়াশোনা শেষে অনেকের মধ্যে হঠাৎ করে চকলেট, বিস্কুট বা মিষ্টিজাতীয় খাবার খাওয়ার ইচ্ছা দেখা দেয়। বিশেষ করে যখন মানসিক চাপ বা ক্লান্তি অনুভূত হয়, তখন মিষ্টির প্রতি আকর্ষণ আরও বৃদ্ধি পায়। এটি শুধুমাত্র খাবারের প্রতি লোভ বা ইচ্ছাশক্তির অভাব নয়, বরং এর পেছনে মস্তিষ্কের রাসায়নিক কার্যক্রম, হরমোন এবং মানসিক অবস্থার প্রভাব রয়েছে।
মুম্বাইয়ের জাসলোক হাসপাতাল অ্যান্ড রিসার্চ সেন্টারের পরামর্শক স্নায়ুরোগ বিশেষজ্ঞ ও নিউরোমাসকুলার রোগ বিশেষজ্ঞ চিকিৎসক বিনয়া ভান্ডারি ভারতের সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের লাইফস্টাইল বিভাগকে দেওয়া এক সাক্ষাৎকারে বিষয়টি ব্যাখ্যা করেছেন।
মস্তিষ্ক কেন মিষ্টি খাবার চায়?
আরও পড়ুন: বেদানার দানা ছাড়ানোর সহজ কৌশল জেনে নিন
মানবদেহের অন্যতম শক্তি ব্যবহারকারী অঙ্গ হলো মস্তিষ্ক। শরীরের মোট ওজনের মাত্র ২ শতাংশ হলেও, বিশ্রাম অবস্থায় এটি শরীরের মোট শক্তির প্রায় ২০ শতাংশ ব্যবহার করে। স্বাভাবিক অবস্থায় মস্তিষ্কের শক্তির প্রধান উৎস হলো গ্লুকোজ।
তবে মানসিক ক্লান্তি অনুভব করা মানে এই নয় যে, মস্তিষ্কে গ্লুকোজের ঘাটতি হয়েছে। শরীর নিজস্ব প্রক্রিয়ায় মস্তিষ্কে গ্লুকোজের সরবরাহ স্থিতিশীল রাখে।
ক্ষুধা এবং খাবারের প্রতি আগ্রহ নিয়ন্ত্রণে কয়েকটি হরমোন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এর মধ্যে ঘ্রেলিন হলো ক্ষুধার হরমোন, যা মূলত পাকস্থলী থেকে নিঃসৃত হয়ে মস্তিষ্ককে ক্ষুধার সংকেত দেয়। অন্যদিকে, চর্বি কোষ থেকে নিঃসৃত লেপটিন শরীরের তৃপ্তির অনুভূতি তৈরি করতে সাহায্য করে। এই দুই হরমোনের পাশাপাশি, মস্তিষ্কের পুরস্কার-সংক্রান্ত ব্যবস্থা খাবারের প্রতি আকর্ষণ তৈরিতে ভূমিকা রাখে।
মানসিক ক্লান্তি ও ডোপামিনের ভূমিকা
আরও পড়ুন: ইস্তাম্বুলের বিনোদনকেন্দ্রে শিশুদের জন্য শিক্ষা ও বিনোদনের আয়োজন
মিষ্টিজাতীয় খাবার মস্তিষ্কের পুরস্কার-সংক্রান্ত স্নায়ুপথকে সক্রিয় করে। এ প্রক্রিয়ায় ডোপামিন নামের রাসায়নিক বার্তাবাহক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যা আনন্দ, প্রেরণা এবং পুরস্কারের অনুভূতির সঙ্গে সম্পর্কিত।
চিকিৎসক বিনয়া ভান্ডারির মতে, দীর্ঘ সময় মনোযোগ ধরে রেখে কাজ করলে মানসিক ক্লান্তি সৃষ্টি হতে পারে। তখন কঠিন বা মনোযোগনির্ভর কাজগুলো আরও বেশি কষ্টকর মনে হয়। ফলে মানুষ তাৎক্ষণিক আনন্দ বা স্বস্তি দেয় এমন কিছুর প্রতি বেশি আকৃষ্ট হতে পারে। মিষ্টি খাবার তখন বিশেষভাবে আকর্ষণীয় হয়ে ওঠে।
২০২৫ সালে ‘ট্রেন্ডস ইন কগনিটিভ সায়েন্সেস’ সাময়িকীতে প্রকাশিত এক গবেষণায় বলা হয়েছে, মানসিক ক্লান্তি চিন্তাভাবনানির্ভর কাজে প্রয়োজনীয় প্রচেষ্টাকে বেশি কঠিন বলে মনে করাতে পারে। এতে মানুষ তাৎক্ষণিক পুরস্কার পাওয়া যায় এমন সিদ্ধান্তের দিকে ঝুঁকতে পারে।
মানসিক চাপ ও ঘুমের অভাবের প্রভাব
আরও পড়ুন: শীতের গন্তব্য চন্দ্রনাথ: পাহাড়, মেঘ ও সাগরের সৌন্দর্য
মানসিক চাপও মিষ্টি খাবারের প্রতি আকর্ষণ বাড়াতে পারে। চাপের সময় শরীরে কর্টিসল নামের হরমোন নিঃসৃত হয়, যা স্ট্রেস হরমোন হিসেবে পরিচিত।
চিকিৎসক ভান্ডারি জানান, কর্টিসল ক্ষুধা এবং বিপাকপ্রক্রিয়া নিয়ন্ত্রণে ভূমিকা রাখে। দীর্ঘদিন মানসিক চাপের মধ্যে থাকলে কিছু মানুষের মধ্যে চিনি ও চর্বিযুক্ত খাবার খাওয়ার প্রবণতা বৃদ্ধি পেতে পারে। এসব খাবার সাময়িক স্বস্তি বা আনন্দের অনুভূতি দিতে পারে।
পর্যাপ্ত ঘুম না হওয়াও এই প্রবণতাকে প্রভাবিত করতে পারে। ঘুমের অভাবে ঘ্রেলিন এবং লেপটিনের মতো ক্ষুধা নিয়ন্ত্রণকারী হরমোনের কার্যক্রমে পরিবর্তন আসতে পারে। একই সঙ্গে, মস্তিষ্কের পুরস্কার-সংক্রান্ত প্রতিক্রিয়াও প্রভাবিত হয়। তবে এসব হরমোনের পরিবর্তন নিয়ে গবেষণার ফল এখনো পুরোপুরি একরকম নয়।
ব্যায়ামের পর মিষ্টি খেতে ইচ্ছা করার কারণ কি আলাদা? মানসিক ক্লান্তির পর মিষ্টি খেতে ইচ্ছা করা এবং শারীরিক পরিশ্রমের পর একই আকাঙ্ক্ষা তৈরি হওয়ার কারণ এক নয়।
আরও পড়ুন: বাসার বরফ সাদা ও ঘোলা, রেস্তোরাঁর বরফ স্বচ্ছ কেন?
চিকিৎসক ভান্ডারির মতে, দীর্ঘ সময় বা বেশি পরিশ্রমের ব্যায়াম করলে পেশিতে জমা গ্লাইকোজেন শক্তি উৎপাদনে ব্যবহৃত হয়। ব্যায়ামের পর কার্বোহাইড্রেটসমৃদ্ধ খাবার খেলে পেশির এই শক্তির ভান্ডার পুনরায় পূরণ হতে সাহায্য করে।
অন্যদিকে, মানসিক ক্লান্তি অনুভব করা মানে এই নয় যে, মস্তিষ্কের জন্য অতিরিক্ত গ্লুকোজ প্রয়োজন। তাই শারীরিক শক্তির চাহিদা এবং মানসিক চাপ বা ক্লান্তি থেকে তৈরি খাবারের আকাঙ্ক্ষার মধ্যে পার্থক্য বোঝা জরুরি।
মিষ্টি খেলে কি সত্যিই শক্তি বাড়ে?
ক্লান্তি অনুভব করলে অনেকেই দ্রুত শক্তি পাওয়ার আশায় চকলেট বা মিষ্টিজাতীয় খাবার খান। তবে এতে সব সময় প্রত্যাশিত উপকার পাওয়া যায় না।
আরও পড়ুন: মধ্য বয়সের সংকট: উত্তরণের উপায়
২০১৯ সালে ‘নিউরোসায়েন্স অ্যান্ড বায়োবিহেভিয়ারাল রিভিউস’ সাময়িকীতে প্রকাশিত ৩১টি গবেষণার একটি পর্যালোচনা ও বিশ্লেষণে দেখা গেছে, কার্বোহাইড্রেট গ্রহণে মেজাজ বা সতর্কতা বাড়ার প্রমাণ পাওয়া যায়নি। বরং খাবার গ্রহণের পর প্রথম এক ঘণ্টায় সতর্কতা কমে যাওয়া এবং ক্লান্তি বেড়ে যাওয়ার সম্পর্ক পাওয়া গেছে।
চিকিৎসক ভান্ডারি বলেন, মিষ্টি খাবার খেলে মস্তিষ্কের পুরস্কার-সংক্রান্ত প্রতিক্রিয়ার কারণে সাময়িক আনন্দ পাওয়া যেতে পারে। কিন্তু এর অর্থ এই নয় যে এতে মানসিক সতর্কতা বাড়বে বা ক্লান্তি কমবে। সাময়িক তৃপ্তিকে দীর্ঘস্থায়ী শক্তি বা মনোযোগ বৃদ্ধির সঙ্গে গুলিয়ে ফেলা উচিত নয়।
মিষ্টি খাওয়ার প্রবণতা নিয়ন্ত্রণে কী করবেন? মানসিক বা শারীরিক ক্লান্তি অনুভব করলেই মিষ্টিজাতীয় খাবারের ওপর নির্ভর না করে প্রতিদিনের খাদ্যাভ্যাস ও জীবনযাপনের দিকে নজর দেওয়া জরুরি। প্রোটিন, আঁশ এবং জটিল শর্করাযুক্ত খাবার খেলে দীর্ঘ সময় শক্তি বজায় রাখতে এবং পেট ভরা রাখতে সহায়তা করে।
চিকিৎসক ভান্ডারির পরামর্শ, ব্যস্ত দিনের শেষে মিষ্টি খেতে ইচ্ছা করলে আগে বোঝার চেষ্টা করুন, শরীর আসলে কী চাইছে। হয়তো প্রয়োজন একটি সুষম খাবার, পর্যাপ্ত পানি, ভালো ঘুম কিংবা কিছুক্ষণ বিশ্রাম। প্রতিবার মিষ্টি খাওয়ার দিকে না ঝুঁকে নিজের ক্লান্তি ও মানসিক অবস্থার কারণ বোঝার চেষ্টা করাই ভালো।
আরও পড়ুন: মাংস ছাড়াই বাড়বে শরীরের আয়রন, জানতে হবে ৫ কৌশল
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন