ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

সুনামগঞ্জ সীমান্তে অভিযান, চার নারী আটক


সুনামগঞ্জ সীমান্তে অভিযান, চার নারী আটক

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে কাজের উদ্দেশ্যে ভারতে যাওয়ার পর দেশে ফেরার সময় চার নারীকে আটক করেছে।

শনিবার ভোরে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার ডলুরা সীমান্তসংলগ্ন মধুরকান্দি এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতদের মধ্যে রয়েছেন— যশোর সদর উপজেলার খোলাডাঙ্গা গ্রামের ইসমাইল মোল্লার মেয়ে মোছা. রেবেকা খাতুন (৫০), নড়াইলের কালিয়া উপজেলার বেন্দারচর গ্রামের রেজাউল শেখের মেয়ে পুতুল খানম (৩৯), একই উপজেলার দেওঢাঙ্গা গ্রামের কামাল মোল্লার স্ত্রী পারভীন বেগম (৪০) এবং সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার কাশিয়াভাঙা গ্রামের মনসুর গাজীর স্ত্রী মোছা. আকলিমা খাতুন (৪৪)।

আরও পড়ুন: ইনানীতে ৪২ ঘণ্টা ধরে জ্বলছে আগুন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি

বিজিবি জানায়, আটক চার নারী কাজের উদ্দেশ্যে কয়েক বছর আগে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে গিয়েছিলেন। শনিবার ভোরে তারা ডলুরা সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করলে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে তাদের আটক করেন। পরে বিশ্বম্ভরপুর থানায় তাদের হস্তান্তর করা হয়। এ ঘটনায় অবৈধভাবে সীমান্ত অতিক্রমের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।

বিশ্বম্ভরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন মিয়া বলেন, বিজিবি চার নারীকে থানায় হস্তান্তর করেছে। বিজিবির দায়ের করা মামলায় তাদের আদালতে পাঠানো হয়েছে।

সুনামগঞ্জ ২৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ কে এম জাকারিয়া কাদির বলেন, আটক চার নারী কাজের উদ্দেশ্যে অবৈধভাবে ভারতে গিয়েছিলেন। পরে অবৈধভাবে দেশে প্রবেশের সময় তাদের আটক করা হয় এবং আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

আরও পড়ুন: ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ৯ ভোটগ্রহণ কর্মকর্তা প্রত্যাহার, নতুন কর্মকর্তাদের নিয়োগ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সরাইলে পুলিশের অভিযানে ডাকাতির কবল থেকে গরুভর্তি ট্রাক উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১১ই জুলাই, ২০২৬ ইং

০৭:১৮ পি.এম


সরাইলে পুলিশের অভিযানে ডাকাতির কবল থেকে গরুভর্তি ট্রাক উদ্ধার

সরাইলে পুলিশের ধাওয়া খেয়ে ডাকাতদল পালাতে সক্ষম হয়েছে, তবে উদ্ধার করা হয়েছে জিম্মি হেলপারকে এবং ডাকাতির কাজে ব্যবহৃত পিকআপ ও গুরুত্বপূর্ণ আলামতও জব্দ করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে থানা পুলিশের চৌকস নজরদারি, দ্রুত সিদ্ধান্ত ও সাহসী অভিযানে ৩১টি ষাঁড় বাছুর বোঝাই একটি ট্রাক ডাকাতির কবল থেকে উদ্ধার করা গেছে।

এছাড়া ডাকাতির কাজে ব্যবহৃত একটি নাম্বারবিহীন মিনি পিকআপ, একটি আইফোন, গুরুত্বপূর্ণ গাড়ির কাগজপত্র, চাবিসহ বিভিন্ন আলামত পুলিশ জব্দ করেছে। অভিযানে ডাকাতদের হাতে জিম্মি থাকা ট্রাকের হেলপারকে হাত-পা বাঁধা অবস্থায় পুলিশ জীবিত উদ্ধার করেছে। তবে ডাকাতচক্রের সদস্যরা পুলিশের ধাওয়া খেয়ে অন্ধকারের সুযোগে হাওড় এলাকায় পালিয়ে যায়।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (১১ জুলাই) দিবাগত রাত আনুমানিক ১টার সময় সরাইল থানার এসআই (নিরস্ত্র) মো. বখতিয়ার আলম, এসআই মোহাম্মদ তানভীর ভূইয়া ও সঙ্গীয় ফোর্স কুট্টাপাড়া বিশ্বরোড থেকে শাহবাজপুর এলাকায় নিয়মিত টহল ও তদারকি ডিউটিতে ছিলেন। সেই সময় কুট্টাপাড়া-খাটিহাতা মহাসড়কে থানার সামনে অবস্থানকালে সিলেট থেকে আসা একটি যাত্রীবাহী বাসের যাত্রীরা "ডাকাত, ডাকাত" বলে চিৎকার শুরু করে।

পরে বাসের যাত্রীদের কাছ থেকে পুলিশ জানতে পারে, বিজয়নগর উপজেলার চান্দুরা এলাকা থেকে একটি সংঘবদ্ধ ডাকাতদল ৩১টি গরুভর্তি একটি ট্রাক ছিনতাই করে নিয়ে যাচ্ছে। খবর পেয়ে এসআই বখতিয়ার আলম ও তাঁর টিম ট্রাকটির অবস্থান শনাক্ত করে ধাওয়া শুরু করেন। পুলিশের ধাওয়া টের পেয়ে ডাকাতরা মহাসড়ক ছেড়ে কুট্টাপাড়া হয়ে নাসিরনগর সড়কের দিকে পালানোর চেষ্টা করে। এ বিষয়টি তাৎক্ষণিকভাবে ওয়্যারলেসের মাধ্যমে নাসিরনগর সড়কে দায়িত্ব পালনরত এএসআই মো. কারুন বিল্লাকে জানানো হলে তিনি ধরন্তী ব্রিজ এলাকায় চেকপোস্ট স্থাপন করে রাস্তা অবরোধ করেন।

এসময় ডাকাতরা পুলিশের বাধা উপেক্ষা করে ট্রাক দিয়ে এএসআই কারুন বিল্লাকে চাপা দিয়ে হত্যার চেষ্টা চালিয়ে পালানোর চেষ্টা করে। কিন্তু নিজের জীবন বিপন্ন হওয়ার ঝুঁকি উপেক্ষা করে এএসআই কারুন বিল্লা সাহসিকতার সঙ্গে অভিযানে অংশ নিয়ে ট্রাকটিকে ধরন্তী ব্রিজের দক্ষিণ পাশে থামাতে সক্ষম হন। পরবর্তীতে ডাকাতরা ট্রাক থেকে নেমে অন্ধকারের সুযোগে পাশের হাওড়ের ভেতর দিয়ে পালিয়ে যায়।

অভিযান শেষে রাত আনুমানিক ২টা ১০ মিনিটে পুলিশ ঘটনাস্থল থেকে ডাকাতদের হাতে জিম্মি থাকা ট্রাকের হেলপার মো. হুমায়ুন কবির বিপ্লব (৫৫), পিতা- শামছুদ্দিন, মাতা- সাহেরা বেগম, সাং- শ্যামপুর, থানা- কাঁটাখালী, জেলা- রাজশাহীকে হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার করে।

এ সময় ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় ৩১টি বিভিন্ন রঙের ষাঁড় বাছুর বোঝাই ঢাকা মেট্রো-ট-২৪-২৯৭৯ নম্বরের একটি হলুদ রঙের টাটা ট্রাক, ডাকাতির কাজে ব্যবহৃত একটি নাম্বারবিহীন নেভি ব্লু রঙের টাটা সিঙ্গেল কেবিন মিনি পিকআপ এবং একটি 'Jeep BULDO' লেখা বাদামী রঙের কাঁধে ঝোলানো ব্যাগ। ব্যাগের ভেতর একটি আইফোন ৬ প্লাস মোবাইল ফোন, গাড়ির স্মার্ট রেজিস্ট্রেশন সনদ, ট্যাক্স টোকেন, রেজিস্ট্রেশন ও ফিটনেস সনদ, রাইড শেয়ারিং এনলিস্টমেন্ট সার্টিফিকেট, দুটি চাবি সংযুক্ত রিং এবং একটি মানিব্যাগ পাওয়া যায়।

পুলিশ জানিয়েছে, ঘটনার বিষয়ে তাৎক্ষণিকভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে এবং সংশ্লিষ্ট বিজয়নগর থানাকে প্রয়োজনীয় বার্তা পাঠানো হয়েছে। ডাকাতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াও চলমান।

স্থানীয়দের মতে, সরাইল থানা পুলিশের দ্রুত পদক্ষেপ, সমন্বিত অভিযান এবং দায়িত্বশীল ভূমিকায় বড় ধরনের ডাকাতির ঘটনা নস্যাৎ হওয়ায় মহাসড়ক ব্যবহারকারী পরিবহন শ্রমিক ও সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। পুলিশের এই সফল অভিযান এলাকায় ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বৈরী আবহাওয়ায় পিছিয়ে যেতে পারে ইংল্যান্ড-নরওয়ে ম্যাচ

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ১১ই জুলাই, ২০২৬ ইং

০৭:১৮ পি.এম


বৈরী আবহাওয়ায় পিছিয়ে যেতে পারে ইংল্যান্ড-নরওয়ে ম্যাচ

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে শনিবার মায়ামিতে মুখোমুখি হওয়ার কথা ইংল্যান্ড ও নরওয়ের। তবে ম্যাচ শুরুর আগেই তৈরি হয়েছে অনিশ্চয়তা। বজ্রঝড়ের পূর্বাভাস থাকায় নির্ধারিত সময়ে ম্যাচ শুরু নাও হতে পারে।

এর আগেও শেষ ষোলোর ম্যাচে মেক্সিকোর বিপক্ষে ইংল্যান্ডের খেলা বৈরী আবহাওয়ার কারণে এক ঘণ্টা পিছিয়ে শুরু হয়েছিল। এবারও একই ধরনের পরিস্থিতির আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা।

আবহাওয়া পূর্বাভাস সংস্থা অ্যাকুওয়েদারের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ চ্যাড মেরিল জানিয়েছেন, ম্যাচ শুরুর আগে মায়ামি এলাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

তিনি বলেন, ‘ফ্লোরিডায় বছরের এই সময়ে সমুদ্রের দিক থেকে আসা বাতাসের প্রভাবে বিকেলের দিকে প্রায়ই বজ্রসহ বৃষ্টি হয়। এসব ঝড়ের সঙ্গে ভারী বৃষ্টিপাত ও দমকা হাওয়াও থাকতে পারে।’

ফিফার নিয়ম অনুযায়ী, স্টেডিয়ামের আট মাইলের মধ্যে বজ্রপাত শনাক্ত হলে খেলা সঙ্গে সঙ্গে স্থগিত করতে হবে। শেষ বজ্রপাতের অন্তত ৩০ মিনিট পর খেলা পুনরায় শুরু করা যাবে। এরপর খেলোয়াড়দের ওয়ার্ম-আপের জন্য আরও ১৫ মিনিট সময় দেওয়া হবে।

বিশ্বকাপে শুরু থেকেই নানা বাধার মুখে পড়েছে ইংল্যান্ড। টুর্নামেন্ট শুরুর আগে দলের কিছু সরঞ্জাম চুরির ঘটনা, কয়েকজন খেলোয়াড়ের চোট এবং মেক্সিকোর বিপক্ষে আবহাওয়াজনিত বিলম্ব সব মিলিয়ে কঠিন সময় পার করছে টমাস টুখেলের দল।

এবারও যদি আবহাওয়া বাধা হয়ে দাঁড়ায়, তবে সেটি হবে ইংল্যান্ডের জন্য টুর্নামেন্টের আরেকটি নতুন চ্যালেঞ্জ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চীনকে মোকাবিলার চেষ্টা, শুরুতেই হোঁচট খাচ্ছে যুক্তরাষ্ট্র?

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ১১ই জুলাই, ২০২৬ ইং

০৭:২৪ পি.এম


চীনকে মোকাবিলার চেষ্টা, শুরুতেই হোঁচট খাচ্ছে যুক্তরাষ্ট্র?

চীনকে প্রতিহত করার উদ্দেশ্যে পেন্টাগনের প্রস্তাবিত ১২২ বিলিয়ন ডলারের নতুন সামরিক পরিকল্পনা বর্তমানে একটি বড় চ্যালেঞ্জের মুখে পড়েছে। সামরিক বিশ্লেষকদের অভিমত, ওয়াশিংটনের উচ্চাভিলাষী লক্ষ্য ও তাদের বর্তমান শিল্প উৎপাদন সক্ষমতার মধ্যে যে বিশাল ফারাক তৈরি হয়েছে, তা মার্কিন সামরিক কৌশলের বিশ্বাসযোগ্যতাকে প্রশ্নের মুখে ঠেলে দিচ্ছে।

প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের কমান্ড প্রধান অ্যাডমিরাল স্যাম পাপারো মার্কিন কংগ্রেসের কাছে এই বিপুল পরিমাণ অর্থ বরাদ্দের আহ্বান জানিয়েছেন। তাঁর মতে, চীনের দ্রুত সামরিক সম্প্রসারণ, তাইওয়ান ঘিরে উত্তেজনা এবং রাশিয়া ও উত্তর কোরিয়ার সঙ্গে বেইজিংয়ের ক্রমবর্ধমান ঘনিষ্ঠতা মোকাবিলার জন্য এই অর্থ ন্যূনতম প্রয়োজন।

এই বিশাল বাজেটের একটি বড় অংশ মিসাইল প্রযুক্তি, মহাকাশভিত্তিক নজরদারি ব্যবস্থা এবং ড্রোন তৈরির পেছনে ব্যয় করার পরিকল্পনা রয়েছে। একইসঙ্গে গুয়ামসহ প্রশান্ত মহাসাগরীয় বিভিন্ন দ্বীপে প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার এবং মিত্র দেশগুলোর সঙ্গে সামরিক মহড়া বাড়ানোর ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে।

তবে সামরিক পরিকল্পনার খাতায় যা-ই থাক, বাস্তবে তা কার্যকর করা কঠিন হয়ে পড়েছে। মার্কিন অস্ত্রাগারে অস্ত্রের মজুদ কমে যাওয়া এবং শিল্প উৎপাদনের ধীরগতি এই পরিকল্পনার পথে বড় বাধা হিসেবে দেখা দিয়েছে। এছাড়া, মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক সংঘাতের কারণেও মার্কিন সামরিক রসদে বড় ধরনের টান পড়েছে।

বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, জাপান বা ফিলিপাইনের মতো মিত্র দেশগুলোতে মার্কিন সামরিক ঘাঁটিগুলো এখনো চীনের নির্ভুল নিশানায় থাকা ক্ষেপণাস্ত্র এবং ড্রোনের হুমকির মুখে রয়েছে। অনেক ঘাঁটিতে পর্যাপ্ত সুরক্ষামূলক ব্যবস্থা বা সক্রিয় প্রতিরক্ষা ব্যবস্থার অভাব রয়েছে। সামরিক প্রস্তুতির এই সংকটের পাশাপাশি মার্কিন রাজনৈতিক পরিস্থিতির অনিশ্চয়তাও পরিস্থিতিকে জটিল করে তুলছে।

প্রেসিডেন্ট ট্রাম্পের চীন নিয়ে বর্তমান নমনীয় কূটনীতি এবং ব্যবসায়িক সমঝোতার ওপর বাড়তি গুরুত্ব দেওয়া কৌশলগত প্রতিযোগিতার ক্ষেত্রে ওয়াশিংটনের আগের কঠোর অবস্থানকে কিছুটা শিথিল করে দিয়েছে। বিশ্লেষকদের মতে, আমেরিকা যদি দ্রুত তার সামরিক শিল্প সক্ষমতা বাড়াতে এবং আঞ্চলিক ঘাঁটিগুলোকে সুরক্ষিত করতে ব্যর্থ হয়, তবে বেইজিং এই সুযোগকে কাজে লাগিয়ে ভূ-রাজনৈতিক প্রভাব বিস্তারের চেষ্টা আরও জোরদার করতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সন্ত্রাস-চাঁদাবাজ ও মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর বার্তা এমপি খন্দকার আশফাকের

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১১ই জুলাই, ২০২৬ ইং

০৭:২৪ পি.এম


সন্ত্রাস-চাঁদাবাজ ও মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর বার্তা এমপি খন্দকার আশফাকের

 

ঢাকা-১ আসনের সংসদ সদস্য এবং ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক জানিয়েছেন, ‘দলে ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের যথাযথ মূল্যায়ন করা হবে। যারা সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক ব্যবসা কিংবা অন্য কোনো অপকর্মে নিযুক্ত, তাদের বিএনপিতে কোনো স্থান থাকবে না।

রাজনীতিকে ব্যবহার করে যারা এই ধরনের কার্যকলাপে জড়াতে চান, তাদের দলের বাইরে চলে যেতে হবে।’

শনিবার (১১ জুলাই) বিকেলে ঢাকার দোহার উপজেলার মুকসুদপুর ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খন্দকার আবু আশফাক আরো বলেন, ‘এবারের বাজেট হচ্ছে সব শ্রেণি-পেশার মানুষের বাজেট। এ বাজেটটি দেশের মানুষের জীবনমান উন্নয়নের বিষয়টি মাথায় রেখেই প্রস্তুত করা হয়েছে।

একটি রাজনৈতিক দল ২৪-এর আবেগকে বাজারে বিক্রি করতে চাইছে। কিন্তু ২৪ শুধু একটি দলের বিষয় নয়, এটি সম্পূর্ণ জাতির অর্জন। জুলাই হচ্ছে সবার আবেগ এবং গর্বের একটি প্রতীক।’

তিনি জুলাই আন্দোলনের শহীদদের কথা স্মরণ করে বলেন, ‘জুলাইয়ের শহীদদের আত্মার মাগফেরাত কামনা করছি এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।’

ধর্মকে রাজনৈতিকভাবে ব্যবহারের সমালোচনা করে এই সাংসদ বলেন, ‘কোনো ধর্মকে আমরা আলাদা করে দেখতে চাই না। ধর্মকে রাজনৈতিকভাবে ব্যবহার অথবা বিক্রি করতে দেওয়া হবে না।’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রসঙ্গ টেনে বিএনপির এই নেতা বলেন, ‘তারেক রহমান হচ্ছেন একজন দূরদর্শী ও গতিশীল নেতা। তাঁকে দেশের জন্য কাজ করার সুবর্ণ সুযোগ দিতে হবে। তাঁর ব্যাপক কর্মপরিকল্পনা বাস্তবায়িত হলে বাংলাদেশ উন্নত রাষ্ট্রে পরিণত হবে এবং একসময় বিশ্বে একটি রোল মডেল হিসেবে প্রতিষ্ঠিত হবে।’

দীর্ঘ ১৭ বছর পর অনুষ্ঠিত এ কর্মী সম্মেলন উদ্বোধন করেন ঢাকা জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি আবুল হাসেম বেপারী। সম্মেলনে সভাপতিত্ব করেন দোহার উপজেলা যুবদলের আহ্বায়ক মোশারফ হোসেন এবং সঞ্চালনা করেন মো. জহিরুল ইসলাম ও মো. মাহবুব বেপারী।

এ সময় আরো উপস্থিত ছিলেন দোহার উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. জাকির হোসেন মন্ডল মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মিজানুর রহমান, মো. জাকির হোসেন মাস্টার, হিরণ শেখ, মুকসুদপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হালিম বেপারী ও মুকসুদপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ডা. আব্দুর রাজ্জাকসহ অন্য গুণীজনরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%