ঢাকা বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৫ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ইং ০৫ই কার্তিক, ১৪৩৩বাং

ঢাকার সেগুনবাগিচায় গ্রাফিতিতে চুনকালি দিতে গিয়ে আটক হলেন রাষ্ট্র সংলাপ ফোরামের সদস্যসচিব আয়াস


ঢাকার সেগুনবাগিচায় গ্রাফিতিতে চুনকালি দিতে গিয়ে আটক হলেন রাষ্ট্র সংলাপ ফোরামের সদস্যসচিব আয়াস

ঢাকার সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে চুনকালি দিতে গিয়ে আটক হয়েছেন রাষ্ট্র সংলাপ ফোরামের সদস্যসচিব এ এন এম আয়াস।

শনিবার (১০ অক্টোবর) শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল খালেক এই তথ্য নিশ্চিত করেছেন। দুপুরের সময় শাহবাগ থানা পুলিশ তাকে আটক করে।

আব্দুল খালেক জানান, শিল্পকলার সামনে থেকে আয়াস নামে একজনকে আটক করে থানায় আনা হয়েছে। তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতি মুছে দেওয়ার চেষ্টা করছিলেন।

আরও পড়ুন: শীর্ষ সন্ত্রাসী ইমনের লোক পরিচয়ে কুরিয়ার সার্ভিসের গুদামে হামলা-লুটপাট

এর আগে, ৫ অক্টোবর রাজধানীর সেগুনবাগিচার ফুটপাত দখলমুক্ত করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। এরপর ফুটপাতের দেওয়ালে শিল্পাচার্য জয়নুল আবেদিন, সত্যজিৎ রায়, রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামসহ দেশের শিল্প, সাহিত্য ও সংস্কৃতিতে অবদান রাখা ১০ গুণী ব্যক্তিত্বের প্রতিকৃতি আঁকা হয়।

পরে পথচারীদের চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। ফুটপাতে নতুন ডাস্টবিন স্থাপন, পথচারীদের বিশ্রামের জন্য বেঞ্চ নির্মাণ এবং সীমানা প্রাচীর সংস্কার করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মনপুরা পোস্ট অফিসের নতুন ভবন নির্মাণ ৫ বছরেও শেষ হয়নি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১০ই অক্টোবর, ২০২৬ ইং

০২:৫৮ পি.এম


মনপুরা পোস্ট অফিসের নতুন ভবন নির্মাণ ৫ বছরেও শেষ হয়নি

ভোলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরায়, বছরের পর বছর ধরে ভাড়া নেওয়া জরাজীর্ণ আধাপাকা টিনশেডের ঘরে চলছে একমাত্র প্রধান পোস্ট অফিসের কার্যক্রম। নিজস্ব ভবন না থাকায় সংকীর্ণ ও ঝুঁকিপূর্ণ এ ঘরে সীমিত পরিসরে দাপ্তরিক কাজ সম্পন্ন হচ্ছে। এই কারণে ডাক বিভাগের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে এবং স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। আধুনিক প্রযুক্তিনির্ভর সেবা চালুর সুযোগ না থাকায় পোস্ট অফিসটির কার্যক্রম এখনো অনেকটা সনাতন পদ্ধতিতে চলছে।

অন্যদিকে, জরাজীর্ণ ভবনে গুরুত্বপূর্ণ নথিপত্র ও বিভিন্ন পরীক্ষার উত্তরপত্র সংরক্ষণ করতে গিয়ে আতঙ্কে থাকতে হয় কর্মকর্তা-কর্মচারীদের। পোস্ট অফিসটির দায়িত্বপ্রাপ্ত পোস্টমাস্টার মো. আবু তাহের জানিয়েছেন, রাতে একই ঘরের একাংশে তাঁদের থাকতে হয়।

তিনি আরও জানান, স্কুল, মাদ্রাসা, কলেজ ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের বিভিন্ন পরীক্ষার সময় তাঁদের উদ্বেগ বেড়ে যায়। এসএসসি, এইচএসসি, সমমান ও ডিগ্রি পরীক্ষার উত্তরপত্র এ টিনশেডের ঘরেই রাখতে হয়। এ সময় কোনো দুর্ঘটনা ঘটলে গুরুত্বপূর্ণ উত্তরপত্রের ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে।

২০০২ সালে নদীভাঙনের আশঙ্কার কথা উল্লেখ করে পোস্ট অফিসের তিনতলা ভবনটি ভেঙে ফেলা হয়। এরপর থেকে পোস্ট অফিসটি আর স্থায়ী ভবনে ফিরতে পারেনি। বর্তমানে স্থানীয় রফিকুল ইসলামের কাছ থেকে মাসিক ২ হাজার ৫০০ টাকা ভাড়ায় নেওয়া একটি আধাপাকা টিনশেডের ঘরে চলছে এর কার্যক্রম।

দীর্ঘদিনের এ সংকট নিরসনে ২০২১ সালে পোস্ট অফিসের জন্য দেড়তলা পাকা ভবন নির্মাণের কাজ শুরু হয়। তবে পাঁচ বছর পেরিয়ে গেলেও নির্মাণকাজ এখনো শেষ হয়নি। ফলে নতুন ভবনে কার্যক্রম স্থানান্তরের অপেক্ষায় রয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী ও সেবাপ্রত্যাশীরা।

সরেজমিনে দেখা গেছে, পাওয়ার হাউস-সংলগ্ন ছোট একটি জরাজীর্ণ আধাপাকা টিনশেডের ঘরে চলছে পোস্ট অফিসের কার্যক্রম। ভেতরে রয়েছে দুটি কাঠের টেবিল, দুটি ভাঙাচোরা আলমারি, চারটি চেয়ার এবং ডাক বিভাগের কিছু কাগজপত্র। ঘরটির সামনের অংশে দাপ্তরিক কাজ করা হয়, আর পেছনের অংশে রাত কাটান কর্মকর্তা-কর্মচারীরা।

পোস্টমাস্টার, পোস্টম্যান ও প্যাকারম্যানকে সীমিত সুযোগ-সুবিধার মধ্যেই সরকারি চিঠিপত্র গ্রহণ, বাছাই ও বিতরণের কাজ করতে দেখা গেছে। বর্তমানে চিঠিপত্র আদান-প্রদান ও সীমিত পরিসরে মানি অর্ডার-সংক্রান্ত কার্যক্রম ছাড়া অন্যান্য সেবা বন্ধ রয়েছে। ভবন ও অবকাঠামোগত সীমাবদ্ধতার পাশাপাশি রয়েছে লোকবলসংকট। এতে স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করতেই হিমশিম খেতে হচ্ছে সংশ্লিষ্টদের।

ডাক বিভাগের আওতায় চিঠি, পার্সেল, মানি অর্ডার ও ইলেকট্রনিক মানি অর্ডারসহ বিভিন্ন সেবা থাকলেও মনপুরা পোস্ট অফিসে এসব সেবার বেশির ভাগই পাওয়া যায় না বলে অভিযোগ স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের।

তাঁদের অভিযোগ, প্রয়োজনীয় সেবা না পাওয়ায় চিঠি ও পার্সেল পাঠাতে তাঁরা বেসরকারি কুরিয়ার সার্ভিসের ওপর নির্ভর করছেন। ঝুঁকিপূর্ণ টিনশেডের ঘর হওয়ায় অনেকে পোস্ট অফিসে পার্সেল পাঠাতেও আগ্রহী নন। অন্যদিকে, মানি অর্ডারের খরচ বেশি মনে হওয়ায় আর্থিক লেনদেনের ক্ষেত্রে নগদ ও বিকাশের মতো মোবাইল আর্থিক সেবা ব্যবহার করছেন তাঁরা।

এ বিষয়ে মনপুরা পোস্ট অফিসের দায়িত্বপ্রাপ্ত পোস্টমাস্টার মো. আবু তাহের জানান, ‘স্থায়ী পাকা ভবন না থাকায় আমরা কাঙ্ক্ষিত সেবা দিতে পারছি না। এ ছাড়া লোকবলসংকটও রয়েছে। নতুন ভবনের নির্মাণকাজ চলমান। সেখানে আইসিটি কর্নার থাকবে। ভবনটি চালু হলে আধুনিক ও ডিজিটাল সেবা দেওয়া সম্ভব হবে।’

সংশ্লিষ্টদের মতে, ডাক বিভাগের সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে মনপুরা পোস্ট অফিসের স্থায়ী ভবন নির্মাণের কাজ দ্রুত সম্পন্ন করা জরুরি। পাশাপাশি প্রয়োজনীয় জনবল নিয়োগ ও আধুনিক প্রযুক্তিনির্ভর সেবা চালু করা গেলে দ্বীপ উপজেলার বাসিন্দাদের ভোগান্তি কমবে এবং সরকারি ডাকসেবার প্রতি মানুষের আস্থা বাড়বে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বরগুনার নবীনবরণে ‘জয় বাংলা’ স্লোগান, ৪ শিক্ষার্থীকে পুলিশে সোপর্দ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১০ই অক্টোবর, ২০২৬ ইং

০২:৫৯ পি.এম


বরগুনার নবীনবরণে ‘জয় বাংলা’ স্লোগান, ৪ শিক্ষার্থীকে পুলিশে সোপর্দ

বরগুনার আমতলী মহিষকাটা ইউনুস আলী খাঁন ডিগ্রি কলেজের নবীনবরণ অনুষ্ঠানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার কারণে নিষিদ্ধ ছাত্রলীগের একজন নেতা এবং চার শিক্ষার্থীকে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

শুক্রবার (৯ অক্টোবর) রাত ৯টার দিকে তাদের আমতলী থানায় সোপর্দ করা হয়।

স্থানীয় প্রত্যক্ষদর্শী ও শিক্ষার্থীদের পরিবারের সূত্রে জানা যায়, বৃহস্পতিবার আমতলী উপজেলার মহিষকাটা ইউনুস আলী খাঁন ডিগ্রি কলেজে একাদশ ও স্নাতক শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক জালাল উদ্দিন ফকির। প্রধান অতিথির বক্তব্য শেষ হওয়ার পর পেছন থেকে কয়েকজন নবীন শিক্ষার্থী ‘জয় বাংলা’ স্লোগান দিতে শুরু করেন। ওই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

এ ঘটনার পর শুক্রবার দুপুরে কলেজের সামনে থেকে গুলিশাখালী ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট মো. জসিম উদ্দিন, কুকুয়া ইউনিয়ন যুবদলের সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট মো. মাহবুবুল আলম এবং উপজেলা যুবদল নেতা ফরহাদ ফকিরসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা ইউনুস আলী খাঁন ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. সাইফুল কাজী ও নবীন শিক্ষার্থী সুজাকে ধরে আমতলী উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে নিয়ে যান। এরপর জুমার নামাজ শেষে চুনাখালী মসজিদের সামনে থেকে শিক্ষার্থী মো. আসিফ এবং মো. তামিম নামের আরও দুজনকে বিএনপির নেতাকর্মীরা ধরে নিয়ে যান বলে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক প্রত্যক্ষদর্শী জানান।

সাইফুল কাজীর বাবা মো. মাহবুব কাজী বলেন, ‘আমার ছেলেকে বিএনপির কিছু নেতাকর্মী মহিষকাটা থেকে তুলে নিয়ে আমতলী বিএনপির পার্টি অফিসে রেখে রাতে থানায় সোপর্দ করেছে।’

ইউনুস আলী খাঁন ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো. জাকারিয়া বলেন, ‘নবীনবরণ অনুষ্ঠানে জয় বাংলা স্লোগান দেওয়ার কারণে বিএনপি নেতা জসিম উদ্দিন, মাহবুব আলম এবং জালাল ফকিরের ছেলে ফরহাদ ফকিরের নেতৃত্বে বিএনপির নেতাকর্মীরা সাইফুল কাজী ও সুজা নামের দুই ছাত্রকে ধরে নিয়ে গেছেন। রাতে তাদের থানায় হস্তান্তর করছে বলে শুনেছি।’

আমতলী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক জালাল উদ্দিন ফকির বলেন, “দলের নেতাকর্মীরা ‘জয়বাংলা’ স্লোগান দেওয়ার সঙ্গে জড়িতদের ধরে এনে জিজ্ঞাসাবাদ করেছে, তারা ওই ঘটনার সঙ্গে জড়িত কি না, কাদের ইন্ধনে তারা এমন ঘটনা ঘটিয়েছে—তা জানতে চাওয়া হয়েছে। ধরে আনা শিক্ষার্থীরা ওই ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করায় তাদের বিরুদ্ধে মামলা দিয়ে রাতেই পুলিশে সোপর্দ করা হয়েছে।”

ওই ঘটনায় আমতলী থানায় বিএনপির পক্ষ থেকে ৩২ জনকে এজাহার নামীয় এবং ৫০-৬০ জনকে অজ্ঞাত আসামি করে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলে আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হোসাইন নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ঘটনার সঙ্গে জড়িত চারজনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয়েছে। তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে দায়েরকৃত মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ (শনিবার) আমতলী উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৯ বছর পর নতুন মৌলিক গান ‘প্রবল ঘোর’ নিয়ে ফিরলেন কুসুম

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শনিবার, ১০ই অক্টোবর, ২০২৬ ইং

০২:৫৯ পি.এম


৯ বছর পর নতুন মৌলিক গান ‘প্রবল ঘোর’ নিয়ে ফিরলেন কুসুম

কুসুম শিকদার অভিনয়, নির্মাণ ও লেখালেখির মাধ্যমে বিভিন্ন পরিচয়ে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী এই তারকা সংগীতশিল্পী হিসেবেও পরিচিত। দীর্ঘ ৯ বছর পর নতুন মৌলিক গান নিয়ে তিনি ফিরেছেন। গানটির নাম ‘প্রবল ঘোর’। কুসুম নিজেই গানটির কথা লিখেছেন।

গানটির সুর ও সংগীতায়োজন করেছেন মাহমুদ সানী। জানা গেছে, ২০২০ সালে করোনাকালে গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছিল। এত দীর্ঘ সময় পর মিউজিক ভিডিও নির্মাণের মাধ্যমে গানটি প্রকাশ করা হলো। কুসুম সর্বশেষ ২০১৭ সালে ‘নেশা’ শিরোনামে মৌলিক গান প্রকাশ করেছিলেন। সেই হিসেবে ৯ বছর পর আবারও শ্রোতাদের সামনে হাজির হলেন তিনি নিজের লেখা গান নিয়ে।

কুসুম সিকদার বলেন, "এখনো কোথাও গেলে ‘নেশা’র কথা বলে কেউ কেউ। সেই গানের প্রসঙ্গ টেনে নতুন গান করতে উৎসাহ দেন অনেকে। ভাবলাম একটা গান রেকর্ড করা আছে যেহেতু, সেটিই বের করি। করোনা পরিস্থিতির কারণে তখন আর এটি নিয়ে এগোনো হয়নি।"

মিউজিক ভিডিওটি প্রহর ডাঙ্গা পিকচার্সের ব্যানারে নির্মিত হয়েছে এবং শুটিং হয়েছে কক্সবাজারের বিভিন্ন মনোরম লোকেশনে। এতে কুসুম শিকদারের সঙ্গে মডেল হিসেবে রয়েছেন শের শাহ রাসেল। ভিডিওটি নির্মাণ করেছেন নকুল সরকার।

এর আগে কুসুম শিকদারের গাওয়া রবীন্দ্রসংগীত ‘তুমি কোন কাননের ফুল’-এর মিউজিক ভিডিওও নির্মাণ করেছিলেন নকুল সরকার। এবার ‘প্রবল ঘোর’-এর ভিডিও নির্মাণের মাধ্যমে আবারও কুসুমের সঙ্গে কাজ করলেন তিনি।

‘প্রবল ঘোর’-এর মিউজিক ভিডিওটি কুসুম শিকদারের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মঠবাড়িয়ায় প্রবাসীর কেনা জমি দখলচেষ্টার অভিযোগে মামলা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১০ই অক্টোবর, ২০২৬ ইং

০৩:০০ পি.এম


মঠবাড়িয়ায় প্রবাসীর কেনা জমি দখলচেষ্টার অভিযোগে মামলা

মঠবাড়িয়ায় প্রবাসীর কেনা জমি দখল করার চেষ্টা, ঘরের বেড়া ভেঙে মালামাল নিয়ে যাওয়ার অভিযোগে স্থানীয় এক ব্যক্তি সাবেক ইউপি চেয়ারম্যানসহ দুজনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেছেন। অভিযুক্ত সাবেক চেয়ারম্যান জমির মালিকানা দাবি করে অভিযোগ অস্বীকার করেছেন। এদিকে, জমি নিয়ে বিরোধের কারণে উভয় পক্ষকে শান্তিশৃঙ্খলা বজায় রাখতে পুলিশ নোটিশ প্রদান করেছে।

মামলার বাদী মো. মানিক মিয়া (৬৫) মঠবাড়িয়া সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। মামলার আসামিরা হলেন ওই ইউনিয়নের আন্ধারমানিক এলাকার সাবেক ইউপি চেয়ারম্যান মো. জালাল মিয়া (৬০) এবং পৌরসভার বহেরাতলা এলাকার মো. রতন মিয়া (৫৫)। এছাড়া ২০ থেকে ৩০ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে।

মামলাটি মঠবাড়িয়া এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আদালতে এমপি মামলা নম্বর ১৮৮/২০২৬ (মঠবাড়িয়া) হিসেবে নথিভুক্ত রয়েছে।

আদালতে দাখিল করা অভিযোগ অনুযায়ী, মঠবাড়িয়া মৌজার ২১ নম্বর জে.এল.-ভুক্ত সাবেক ১৫৬ নম্বর খতিয়ানের ১১৫৬ নম্বর দাগের জমি নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছে। বাদীর দাবি, জমিটি তার ভোগদখলে ছিল এবং পরে তিনি এটি প্রবাসী জাহিদুল ইসলামের কাছে বিক্রি করেন।

অভিযোগে উল্লেখ করা হয়েছে, গত ১৯ আগস্ট রাত ৮টা থেকে পরদিন রাত ২টার মধ্যে আসামিরা লোকজন নিয়ে ওই জমিতে প্রবেশ করেন। তারা টিনের বেড়া ভেঙে ঘরে ঢুকে আসবাবপত্রসহ অন্যান্য মালামাল নিয়ে যান। বাদীর দাবি, এতে কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে। এ সময় বাধা দিলে প্রবাসী জাহিদুলের পরিবারের সদস্যদের ভয়ভীতি দেখানো ও হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ করা হয়েছে।

মানিক মিয়া বলেন, নগদ অর্থের প্রয়োজনের জন্য তিনি জমিটি জাহিদুল ইসলামের কাছে বিক্রি করে বুঝিয়ে দিয়েছেন। তিনি জানান, জাহিদুল প্রবাসে থাকায় তার পক্ষে মামলা করেছেন।

মুঠোফোনে জাহিদুল ইসলাম জানান, ২০১৮ সালে ৪ দশমিক ২৫ শতাংশ এবং ২০২৫ সালে ৪ দশমিক ৭৫ শতাংশ জমি মানিক মিয়ার কাছ থেকে কিনেছেন। জমি কেনার পর প্রয়োজনীয় কাগজপত্রের ভিত্তিতে নিয়ম অনুযায়ী নামজারি সম্পন্ন করেছেন বলেও দাবি করেন তিনি।

জাহিদুলের অভিযোগ, ১৪৪ ধারার আদেশ বহাল থাকা সত্ত্বেও জমিতে থাকা দুটি ঘর ভেঙে মালামাল নিয়ে যাওয়া হয়েছে। তিনি জানান, জমি কেনার পর থেকে তারা চাপ, হয়রানি ও প্রাণনাশের হুমকির মুখে রয়েছেন।

অন্যদিকে, সাবেক ইউপি চেয়ারম্যান জালাল মিয়া অভিযোগ অস্বীকার করেছেন। তিনি দাবি করেন, জমিটি তার নিজের। এ নিয়ে স্থানীয়ভাবে সালিশ হয়েছে এবং সালিশের রোয়েদাদে মানিক মিয়ার জমিটিতে কোনো স্বত্ব নেই বলে উল্লেখ করা হয়েছে। তিনি বলেন, মানিক মিয়া নিজের প্রাপ্যের চেয়ে বেশি জমি বিক্রি করেছেন।

জালাল মিয়া বলেন, মামলা হয়েছে। আদালতে দুই পক্ষই নিজেদের কাগজপত্র জমা দেবে। মামলার রায়ে যা নির্ধারিত হবে, তা তিনি মেনে নেবেন।

মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, জমিটি নিয়ে ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারার আদেশ রয়েছে। তিনি জানান, জালাল উদ্দীন এ আদেশের বিরুদ্ধে মামলা করেছিলেন। তবে উচ্চ আদালত মামলাটি খারিজ করে দিয়ে স্থগিতাদেশ বহাল রেখেছেন। জমি নিয়ে শান্তিশৃঙ্খলা বজায় রাখতে পুলিশ উভয় পক্ষকে নোটিশ দিয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৯
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%