০৮:৪১ পি.এম
সকালে ঘুম ভাঙার সাথে সাথে ব্যস্ত সড়কের দুই পাশে বাজার বসে। দুই শতাধিক ব্যবসায়ী মাছ, সবজি, হাঁস-মুরগি এবং অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের পসরা নিয়ে হাজির হন। ক্রেতাদের ভিড় এবং যানবাহনের চাপের কারণে সড়ক সংকুচিত হয়ে পড়ে, যা যানজট সৃষ্টি করে এবং জনদুর্ভোগ বাড়ায়। গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা সদরের জিরো পয়েন্টের পশ্চিম পাড়ে প্রতিদিনের এই দৃশ্য যেন নিয়মিত হয়ে উঠেছে। গুরুত্বপূর্ণ সড়কটি দখলমুক্ত করার মাধ্যমে জনভোগান্তি কমানোর জন্য স্থানীয়রা স্থায়ী সমাধানের অপেক্ষায় রয়েছেন।
সরজমিনে গিয়ে দেখা যায়, কোটালীপাড়া-রাজৈর সড়কের পৌরসভার পশ্চিমপাড় এলাকায় জমজমাট বাজার বসেছে। মাছ, সবজি, হাঁস-মুরগি এবং মুদি পণ্যের দোকানগুলোতে ক্রেতাদের উপচেপড়া ভিড় লক্ষ্য করা যায়। পণ্য কেনাবেচার পাশাপাশি সড়ক দিয়ে বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করছে। এতে যানবাহন চলাচলের জায়গা সংকুচিত হয়ে যাচ্ছে, ফলে সৃষ্টি হচ্ছে জটলা। পথচারীদেরও বাজারের ভেতর দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। প্রতিদিন সূর্যোদয়ের পর শুরু হওয়া এই বাজার সকাল ১০টা পর্যন্ত চলতে থাকে।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বিভিন্ন এলাকা থেকে ব্যবসায়ীরা প্রতিদিন মাছ, সবজি এবং অন্যান্য পণ্য নিয়ে এখানে আসেন। সকালে ক্রেতারা টাটকা পণ্য কিনতে ভিড় করেন। বিক্রেতাদের দাবি, প্রতিদিন এই বাজারে ৮ থেকে ১০ লাখ টাকার পণ্য কেনাবেচা হয়। তবে বেচাকেনার এই কর্মচাঞ্চল্য গুরুত্বপূর্ণ সড়কে যানজট এবং মানুষের ভোগান্তি বাড়াচ্ছে।
আরও পড়ুন: লিবিয়া থেকে স্বেচ্ছায় দেশে ফিরলেন ১৭৪ বাংলাদেশি, অভ্যর্থনা জানানো হলো
কর্মজীবী তামান্না খানম বলেন, “সকালে এ রাস্তা দিয়ে চলাচল করা খুবই কষ্টকর। বাজারের কারণে যানবাহন ও মানুষের ভিড় একসঙ্গে হয়ে যায়। বাজারের জন্য সড়ক ছেড়ে কাছাকাছি কোথাও আলাদা জায়গা করা জরুরি।”
ক্রেতা সজীব জয়ধর বলেন, “এখানে সকালে প্রয়োজনীয় সব ধরনের টাটকা পণ্য পাওয়া যায়। তবে রাস্তার ওপর বাজার বসায় চলাচলে সমস্যা হয়। নির্দিষ্ট জায়গায় বাজার বসালে ক্রেতাদের সুবিধা হবে, মানুষের ভোগান্তিও কমবে।”
মাছ বিক্রেতা সমরেশ মণ্ডল বলেন, “এখানে দীর্ঘদিন ধরে ব্যবসা করছি। কাছাকাছি সুবিধাজনক ও নিরাপদ জায়গা করে দিলে সেখানে বাজার স্থানান্তরে আমাদের আপত্তি নেই।”
স্থানীয়দের অভিযোগ, প্রতিদিনের এই ভোগান্তি সত্ত্বেও সড়কের ওপর বাজার বসা বন্ধে এখনো স্থায়ী ব্যবস্থা নেওয়া হয়নি। সকালে কর্মস্থলগামী মানুষ, শিক্ষার্থী এবং সাধারণ পথচারীদের যানজট ঠেলে চলাচল করতে হচ্ছে। একদিকে ব্যবসায়ীদের জীবিকা, অন্যদিকে জনসাধারণের নির্বিঘ্ন চলাচল—এই দুই বিষয় বিবেচনায় নিয়ে দ্রুত বিকল্প স্থানে বাজার স্থানান্তরের দাবি জানিয়েছেন তাঁরা।
আরও পড়ুন: ভারতে চার বছর কারাভোগ শেষে দেশে ফিরলেন একই পরিবারের তিন বাংলাদেশি
এ বিষয়ে কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক সাইফ-উল-আরেফিন বলেন, “সড়কের ওপর বাজার বসায় সড়কটি সত্যিই ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। বাজারটি বিকল্প স্থানে স্থানান্তরের পরিকল্পনা রয়েছে। ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে শিগগিরই এ বিষয়ে উদ্যোগ নেওয়া হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন