১০:৩৫ পি.এম
বরিশালের গৌরনদী উপজেলার সুন্দরদী গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের কারণে ৬২ বছর বয়সী স্বরসতি দাস নামের এক বৃদ্ধাকে মারধর করে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। এ ঘটনার পর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
রবিবার (৩০ আগস্ট) দুপুরে বৃদ্ধা স্বরসতি দাস অভিযোগ করেন, স্থানীয় শামীম ও মিজান প্যাদা তার স্বামীর কিছু জমি বিক্রি করেছেন। জমি বিক্রির পর থেকে তারা বিক্রিত জমির পাশাপাশি তাদের বসতবাড়ির জমি দখলের চেষ্টা করে আসছে। এ নিয়ে তাদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়েছে।
তিনি জানান, গত কয়েকদিন আগে তাদের বসতবাড়ির একটি গাছ বিক্রি করা হয়। গাছ বিক্রিতে বাধা দেয় শামীম ও মিজান। তাদের বাধা উপেক্ষা করে গাছ বিক্রি করায় শনিবার (২৯ আগস্ট) বিকেলে শামীম ও মিজান তাকে মারধর করে গুরুতর আহত করে।
আরও পড়ুন: ইনানীতে ৪২ ঘণ্টা ধরে জ্বলছে আগুন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি
অভিযোগে তিনি আরও বলেন, ওই বাড়িতে তার শ্বশুর ও স্বামী ৫০ বছর ধরে বসবাস করে আসছেন। সেই বাড়ি থেকে তাদের উৎখাতের হুমকি দেওয়া হচ্ছে। এই কারণে তারা চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। হামলার অভিযোগ অস্বীকার করে শামীম প্যাদা বলেন, "আমার জমির গাছ কেটে নিয়েছে তারা। এনিয়ে তর্কবিতর্ক হয়েছে। হামলার অভিযোগ সঠিক নয়।" তিনি আরও বলেন, তাদেরকে উৎখাতের কোন হুমকি দেওয়া হয়নি এবং অভিযোগের কোন সত্যতা নেই। গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল জানান, অভিযোগের তদন্তের জন্য শনিবার রাতেই পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। অভিযোগের সত্যতা প্রমাণিত হলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন