ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

নিউইয়র্ক সিটিতে ১৭টি নতুন আধুনিক পাবলিক টয়লেট চালু


নিউইয়র্ক সিটিতে ১৭টি নতুন আধুনিক পাবলিক টয়লেট চালু

নিউইয়র্ক শহরে দীর্ঘদিন ধরে চলমান পাবলিক টয়লেট সংকটের সমাধানে নগর কর্তৃপক্ষ একটি নতুন পরীক্ষামূলক উদ্যোগ গ্রহণ করেছে, যার জন্য বরাদ্দ করা হয়েছে চার মিলিয়ন ডলার। মেয়র জোহরান মামদানির নেতৃত্বে এই প্রকল্পটি এক বছরের জন্য চালু হচ্ছে এবং শহরের পাঁচটি বরোতে ১৭টি অত্যাধুনিক পাবলিক টয়লেট স্থাপন করা হবে। তবে, এই টয়লেট ব্যবহারের ক্ষেত্রে একটি বিশেষ নিয়ম রাখা হয়েছে—ব্যবহারকারীরা ভেতরে প্রবেশ করার পর সর্বোচ্চ ১০ মিনিট সময় পাবেন, সময় শেষ হলেই দরজা স্বয়ংক্রিয়ভাবে খুলে যাবে।

নিউইয়র্কের অধিবাসীদের জন্য এই টয়লেটগুলো সম্পূর্ণ বিনামূল্যে সেবা প্রদান করবে এবং এগুলো প্রতিবন্ধীবান্ধব। প্রতিদিন সকাল ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে এই ইউনিটগুলো, যেখানে ফ্লাশ টয়লেট, রানিং ওয়াটার, স্বয়ংক্রিয় তাপমাত্রা নিয়ন্ত্রণ এবং শিশুদের ডায়াপার পরিবর্তনের সুবিধা রয়েছে। ব্যবহারকারীরা মোবাইল ফোনে খুদে বার্তা পাঠিয়ে, কিউআর কোড স্ক্যান করে, বিশেষ অ্যাপের মাধ্যমে অথবা স্থানীয় প্রবীণ ও দুস্থদের জন্য নির্ধারিত ট্যাপ কার্ড ব্যবহার করে প্রবেশ করতে পারবেন। ‘থ্রোন বাথরুম নেটওয়ার্ক’ অ্যাপের মাধ্যমে ব্যবহারকারীরা টয়লেট খালি আছে কি না এবং সর্বশেষ কখন পরিষ্কার করা হয়েছে, তা সরাসরি দেখতে পারবেন।

১০ মিনিটের সময়সীমা সম্পর্কে জানা যায়, ভেতরে প্রবেশের পর পাঁচ মিনিট ও আট মিনিটের মাথায় ব্যবহারকারীকে অডিও সতর্কবার্তা দেওয়া হবে। যখন ১০ মিনিট পূর্ণ হবে, তখন আলো জ্বলে উঠবে এবং অডিও বার্তার মাধ্যমে দরজার লক খুলে দেওয়া হবে। প্রায় ৩০ সেকেন্ডের একটি চূড়ান্ত সতর্কবার্তা শেষে স্প্যানিশ ও ইংরেজি ভাষায় ঘোষণা দিয়ে দরজা স্বয়ংক্রিয়ভাবে খুলে যাবে। মূলত দীর্ঘ সময় ধরে অহেতুক টয়লেট দখল বা অনৈতিক কার্যক্রম প্রতিরোধের জন্য এই কঠোর নিয়ম প্রবর্তন করা হয়েছে।

আরও পড়ুন: ডিজেল রপ্তানি বাড়াতে চায় ভারত, শোধনাগারগুলো সক্ষমতা বাড়াচ্ছে

টয়লেট পরিচালনাকারী প্রযুক্তি প্রতিষ্ঠান ‘থ্রোন ল্যাবস’ জানিয়েছে, গবেষণায় দেখা গেছে প্রায় ৮১ শতাংশ মানুষ পাঁচ মিনিটের মধ্যে টয়লেটের কাজ শেষ করেন। লস অ্যাঞ্জেলেসে চালুর পর প্রায় ৯৫ শতাংশ মানুষই ১০ মিনিটের আগে বের হয়ে এসেছেন, তাই অধিকাংশ ব্যবহারকারীর জন্য এই সময়সীমা যথেষ্ট বলে মনে হচ্ছে।

ম্যানহাটনের কুপার স্কয়ার, ব্রুকলিনের কলম্বাস পার্ক, কুইন্সের অ্যাস্টোরিয়া বুলেভার্ড ও ব্রঙ্কসের ইয়াঙ্কি স্টেডিয়াম এলাকার মতো ম্যানহাটন, ব্রুকলিন, কুইন্স, ব্রঙ্কস ও স্ট্যাটেন আইল্যান্ডের মোট ১৭টি গুরুত্বপূর্ণ ও জনবহুল স্থানে এই আধুনিক ইউনিটগুলো স্থাপন করা হচ্ছে। এগুলো মূল ভূগর্ভস্থ পানি বা পয়োনিষ্কাশন লাইনের সঙ্গে সংযোগ করার প্রয়োজন নেই, ফলে দ্রুত স্থাপন করা সম্ভব এবং প্রয়োজন অনুযায়ী যেকোনো স্থানে স্থানান্তরও করা যাবে।

মামদানি প্রশাসনের আশা, এই ১৭টি পরীক্ষামূলক টয়লেটের সফলতার ভিত্তিতে ভবিষ্যতে নিউইয়র্ক শহরজুড়ে একটি শক্তিশালী ও সুপরিচ্ছন্ন পাবলিক টয়লেট নেটওয়ার্ক গড়ে তোলা সম্ভব হবে।

আরও পড়ুন: ভারত মহাসাগরে ১৩ দিনের যৌথ মিশনে ভারত, জাপান, যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়া

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভারতে ৮ মাসে আকরিক লোহা উৎপাদন বাড়ল ২০ শতাংশ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৫:০০ পি.এম


ভারতে ৮ মাসে আকরিক লোহা উৎপাদন বাড়ল ২০ শতাংশ

ভারতে লোহা উৎপাদনের এক নতুন অধ্যায় শুরু হয়েছে। চলতি ২০২৬ সালের প্রথম আট মাসে দেশটি রেকর্ড ২৩ কোটি টন আকরিক লোহা উত্তোলন করেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ১৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

ওড়িশা, ছত্তিশগড় এবং বিশেষ করে মহারাষ্ট্র রাজ্যে খনি থেকে লোহা উত্তোলনের পরিমাণ ব্যাপকভাবে বৃদ্ধি পাওয়ার ফলে এই সাফল্য অর্জিত হয়েছে। বিগমিন্ট-এর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বছরের শেষে ভারতে লোহা উৎপাদনের পরিমাণ ৩৫ কোটি টন ছাড়িয়ে যেতে পারে।

এই উল্লেখযোগ্য সফলতার পেছনে রয়েছে মুক্ত বাজারের বাণিজ্যিক খনি মালিকদের অবদান। বছরের মধ্যে তাদের উৎপাদন প্রায় ২৮ শতাংশ বেড়েছে। অন্যদিকে, ইস্পাত কারখানাগুলোর নিজস্ব খনিগুলো থেকে উৎপাদন মাত্র ৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ফলে দেশে নতুনভাবে যুক্ত হওয়া লোহারের তিন ভাগের দুই ভাগই এসেছে বাণিজ্যিক খনিগুলো থেকে।

সরকারি প্রতিষ্ঠান এনএমডিসি উৎপাদনে বরাবরের মতো নেতৃত্ব দিচ্ছে। তারা একাই প্রায় পৌনে চার কোটি টন লোহা উত্তোলন করেছে। মহারাষ্ট্রে নতুন পাইপলাইন ও খনির কাজ বৃদ্ধি করায় লয়েডস মেটালস নামের একটি প্রতিষ্ঠান চমকপ্রদ পারফরম্যান্স প্রদর্শন করেছে, যেখানে তাদের উৎপাদন বেড়েছে প্রায় ১৪৭ শতাংশ। টাটা স্টিল ও সেইল-এর মতো বড় কোম্পানিগুলোর উৎপাদন বৃদ্ধি পেলেও, নিলাম থেকে উচ্চ দামে খনি কেনার কারণে জেএসডব্লিউ স্টিল ও জিন্দাল স্টিলের মতো কিছু প্রতিষ্ঠানের উৎপাদন কিছুটা কমেছে।

যদিও খনি কোম্পানিগুলো অতিরিক্ত খরচ ও উচ্চ রয়্যালটির কারণে চাপে রয়েছে, তবুও ভারতীয় বাজারে এই শিল্পের ঊর্ধ্বমুখী প্রবণতা স্পষ্ট। তবে দেশে রেকর্ড পরিমাণ লোহা উৎপাদন হওয়া সত্ত্বেও উন্নতমানের লোহার ঘাটতি এবং বর্ষাকালের খরচের কারণে বিদেশ থেকে লোহা আমদানি কমছে না, বরং তা বাড়তেই চলেছে।

সূত্র: জিএমকে সেন্টার।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পাকিস্তানের কোহাটে পুলিশ লাইনে বিস্ফোরণে ১৬ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৫:০০ পি.এম


পাকিস্তানের কোহাটে পুলিশ লাইনে বিস্ফোরণে ১৬ জন নিহত

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের কোহাট পুলিশ লাইনে ঘটে যাওয়া বিস্ফোরণে অন্তত ১৬ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে পাঁচজন পুলিশ সদস্য রয়েছেন। এই ঘটনায় ৫০ জনেরও বেশি আহত হয়েছে।

খাইবার পাখতুনখোয়া (কেপি) পুলিশের মহাপরিদর্শক (আইজি) জুলফিকার হামিদ এই তথ্য নিশ্চিত করেছেন। খবরটি প্রকাশ করেছে ডন।

টেলিভিশনে সম্প্রচারিত ভিডিও ফুটেজে দেখা যায়, বিস্ফোরণের ফলে একটি ভবনের দেয়াল ভেঙে পড়েছে। স্থানীয় বাসিন্দারা সেখানে জড়ো হয়ে ধ্বংসস্তূপ সরিয়ে হতাহতদের উদ্ধারে সহযোগিতা করছেন।

আইজি হামিদের প্রাথমিক বিবৃতিতে জানানো হয়েছে, কোহাট পুলিশ লাইনের একটি মসজিদে বিস্ফোরণটি ঘটেছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, ধারণা করা হচ্ছে, বিস্ফোরকবোঝাই একটি গাড়ি ভবনটিতে আঘাত করেছে।

তবে পরবর্তীতে দেয়া বিবৃতিতে আইজি জানান, স্পেশাল ব্রাঞ্চ ভবনের কাছে এক আত্মঘাতী হামলাকারী নিজের শরীরে থাকা বিস্ফোরক দিয়ে বিস্ফোরণ ঘটায়। এর পর সেখানে ‘ফিতনা আল খাওয়ারিজ’ সন্ত্রাসীদের সঙ্গে পুলিশের গুলি বিনিময় শুরু হয়।

জুলফিকার হামিদ বলেন, ‘ফিতনা-উল-খাওয়ারিজকে পুরোপুরি নির্মূল না করা পর্যন্ত অভিযান চলবে।’ তিনি আরও উল্লেখ করেন, পুলিশের মনোবল অটুট রয়েছে।

‘ফিতনা আল খাওয়ারিজ’ শব্দটি পাকিস্তান সরকার নিষিদ্ধ তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) সদস্যদের বোঝাতে ব্যবহার করে।

এদিকে, কেপির মুখ্যমন্ত্রী সোহাইল আফ্রিদি ঘটনার বিস্তারিত প্রতিবেদন চেয়েছেন। তার দপ্তর থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়েছে, নিরপরাধ মানুষকে লক্ষ্য করে হামলা ‘গভীরভাবে দুঃখজনক ও অগ্রহণযোগ্য’।

তিনি আহতদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন।

কেপির গভর্নর ফয়সাল করিম কুন্দিও বিস্ফোরণের নিন্দা জানিয়েছেন এবং আহতদের দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করেছেন। এক বিবৃতিতে তিনি বলেন, সন্ত্রাস নির্মূলে নিরাপত্তা বাহিনীর পাশে পুরো জাতি ঐক্যবদ্ধ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এশিয়ান গেমসে আয়োজকদের ভুল, দক্ষিণ কোরিয়ার বদলে বাজল উত্তর কোরিয়ার জাতীয় সংগীত

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শুক্রবার, ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৫:০১ পি.এম


এশিয়ান গেমসে আয়োজকদের ভুল, দক্ষিণ কোরিয়ার বদলে বাজল উত্তর কোরিয়ার জাতীয় সংগীত

নাগোয়া, জাপান, ১৮ সেপ্টেম্বর ২০২৬ : এশিয়ান গেমসের আয়োজকরা শুক্রবার বাংলাদেশের বিপক্ষে ম্যাচের পূর্বে দক্ষিণ কোরিয়ার পুরুষ হকি দলের জন্য ভুলবশত উত্তর কোরিয়ার জাতীয় সংগীত বাজিয়ে একটি বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি করেছেন। পরে তারা এই ভুলের জন্য দুঃখ প্রকাশ করেন।

শনিবার নাগোয়ায় উদ্বোধনী অনুষ্ঠানের আগে এশিয়ান গেমসে ঘটে যাওয়া এই সাম্প্রতিক ভুলে দক্ষিণ কোরিয়ার কর্মকর্তারা ক্ষুব্ধ হয়েছেন।

দক্ষিণ কোরিয়া বাংলাদেশকে ৫-০ গোলের বিশাল ব্যবধানে পরাজিত করেছে। কিন্তু ম্যাচ শুরু হওয়ার আগে তাদের জাতীয় সংগীতের পরিবর্তে উত্তর কোরিয়ার জাতীয় সংগীত বাজানো হয়।

ম্যাচের শুরুতে নিজেদের জাতীয় সংগীতের সময় সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে থাকা দক্ষিণ কোরিয়ার খেলোয়াড়রা একে অপরের দিকে বিস্মিত হয়ে তাকিয়ে থাকেন।

দক্ষিণ কোরিয়ার সংবাদ সংস্থা ইয়োনহাপ জানায়, এরপর আয়োজকরা বাংলাদেশের জাতীয় সংগীত বাজান। পরে দক্ষিণ কোরিয়ার জাতীয় সংগীত বাজানো হয়।

তবে জাতীয় সংগীত শেষ হওয়ার আগেই রেফারি দুই দলের খেলোয়াড়দের পরস্পরের সঙ্গে করমর্দন করতে নির্দেশ দেন এবং ম্যাচ শুরু করার প্রস্তুতি নিতে বলেন।

স্টেডিয়ামের ঘোষক এই ভুলের জন্য দুঃখ প্রকাশ করেন। কিন্তু দক্ষিণ কোরিয়ার কোচ মিন তায়ে-সোক এতে অত্যন্ত ক্ষুব্ধ হন।

তিনি মন্তব্য করেন, “এটি সত্যিই গুরুতর একটি সমস্যা। আমরা প্রতিবাদ জানালে তারা বলেছে, ‘আমরা দুঃখিত। এটি প্রস্তুত করা ছিল না এমন নয়, বাজানোর দায়িত্বে থাকা ব্যক্তিদের পক্ষ থেকে ভুল হয়েছে।’”

“কিন্তু এমন কিছু কোনোভাবেই হওয়া উচিত নয়,” তিনি যোগ করেন।

দক্ষিণ কোরিয়ার অলিম্পিক কমিটির একজন কর্মকর্তা জানান, তারা ঘটনার কারণ জানার চেষ্টা করছেন।

ওই কর্মকর্তা বলেন, “ঠিক কী ঘটেছে, তা নিশ্চিত করতে আমরা বর্তমানে বিষয়টি খতিয়ে দেখছি।”

এশিয়ান গেমসের আগে থেকেই দলগুলোর থাকার জায়গার মান ও পর্যাপ্ততা নিয়ে অভিযোগের কারণে গেমসের প্রস্তুতি কার্যক্রম কিছুটা ম্লান হয়ে গেছে।

এ সপ্তাহে জাপানে পৌঁছানোর পর কয়েকটি দল বিমানবন্দরে ছয় ঘণ্টা পর্যন্ত আটকে থাকার খবরও পাওয়া গেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জাতীয় বিশ্ববিদ্যালয়ে এলএলবি পরীক্ষার ফি কমানো হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৫:০২ পি.এম


জাতীয় বিশ্ববিদ্যালয়ে এলএলবি পরীক্ষার ফি কমানো হয়েছে

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষার পূর্বনির্ধারিত ফি কমানো হয়েছে। সংশোধিত বিজ্ঞপ্তিতে ২০২৪ সালের এলএলবি শেষ পর্ব এবং ২০২৫ ও ২০২৬ সালের এলএলবি প্রথম পর্ব পরীক্ষার ফি কমানোর পাশাপাশি ফরম পূরণ ও ফি জমা দেওয়ার সময়সূচিও পুনর্নির্ধারণ করা হয়েছে।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে এ তথ্য জানানো হয়।

বিশ্ববিদ্যালয়ের প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, গত ১৬ সেপ্টেম্বর জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রণ দফতর থেকে এলএলবি পরীক্ষার ফি সংক্রান্ত পৃথক দুটি সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এতে ২০২৪ সালের এলএলবি শেষ পর্ব পরীক্ষায় তাত্ত্বিক পত্রপ্রতি ফি ১ হাজার ২০০ টাকা থেকে কমিয়ে ৯৭৫ টাকা করা হয়েছে।

মানোন্নয়ন পরীক্ষার্থীদের জন্য প্রতিপত্র ফি ২ হাজার টাকা, মুটকোর্ট ট্রায়াল ও মৌখিক পরীক্ষার ফি ৯০০ টাকা এবং কেন্দ্র ফি ৬০০ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া কেন্দ্র ফি ৮০০ টাকা এবং ট্রান্সক্রিপ্ট ও সাময়িক সনদপত্রের জন্য ১ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। ২০২০-২০২১ শিক্ষাবর্ষের অকৃতকার্য বা অনুপস্থিত পরীক্ষার্থীদের জন্য বিশেষ অন্তর্ভুক্তি ফি ৫ হাজার টাকা রাখা হয়েছে।

অন্যদিকে, ২০২৫ ও ২০২৬ সালের এলএলবি প্রথম পর্ব পরীক্ষায় পত্রপ্রতি পরীক্ষার ফি ৯৭৫ টাকা নির্ধারণ করা হয়েছে। মানোন্নয়ন পরীক্ষার্থীদের প্রতিপত্র ফি ২ হাজার টাকা, ট্রান্সক্রিপ্ট ফি ৫০০ টাকা এবং কেন্দ্র ফি ৮০০ টাকা। ২০২১-২০২২ শিক্ষাবর্ষের অকৃতকার্য বা অনুপস্থিত পরীক্ষার্থীদের জন্য বিশেষ অন্তর্ভুক্তি ফি ৫ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

পরীক্ষার্থীরা ২০ সেপ্টেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন ফরম পূরণ করতে পারবেন। ২১ ও ২২ সেপ্টেম্বর কলেজ কর্তৃপক্ষ পরীক্ষার্থীদের তথ্য অনলাইনে এন্ট্রি ও নিশ্চয়ন করবে। এরপর ২৩ ও ২৪ সেপ্টেম্বর ‘সোনালী সেবা’র মাধ্যমে সোনালী ব্যাংকের যেকোনো শাখায় ফি জমা দিতে হবে। ‘সোনালী সেবা’ ছাড়া অন্য কোনো মাধ্যমে ফি জমা দেওয়া যাবে না।

পরীক্ষার আবেদন ফরম জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের এমএস, এনইউ, এডিইউ থেকে সংগ্রহ করতে হবে। অনলাইনে তথ্য পূরণের পর প্রিন্ট কপি যাচাই করে কলেজের অধ্যক্ষের সই নিতে হবে। আবেদন ফরম ও প্রয়োজনীয় কাগজপত্র কলেজে সংরক্ষণ করতে হবে।

ফরম পূরণের সময় বিষয় কোডসহ সব তথ্য যাচাই করে দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। পরীক্ষার বিস্তারিত সময়সূচি ও প্রবেশপত্র বিতরণের তারিখ যথাসময়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে জানানো হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%