ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

মজার উদাহরণ দিয়ে গুজব নিয়ে কথা বললেন শেহনাজ গিল


মজার উদাহরণ দিয়ে গুজব নিয়ে কথা বললেন শেহনাজ গিল

বলিউড মডেল-অভিনেত্রী ও গায়িকা শেহনাজ গিল মূলত রিয়েলিটি শো বিগ বস ১৩-এ অংশগ্রহণের পর ব্যাপক পরিচিতি ও জনপ্রিয়তা অর্জন করেন। অভিনয়ের পাশাপাশি, সামাজিক মাধ্যমে ব্যক্তিজীবন ও মন্তব্যের মাধ্যমে নেটিজেনদের মধ্যে বিভিন্ন গুঞ্জন সৃষ্টি করেন। সম্পর্কের গুজব, ট্রল, ভুল ব্যাখ্যা এবং কথার সামান্য এদিক–সেদিকও খবরের শিরোনাম হয়ে যায়। তবে এসব নিয়ে তিনি খুব একটা বিচলিত নন। বরং, নিজের স্বভাবসুলভ রসিকতায় বিষয়গুলো মোকাবিলা করেন এই অভিনেত্রী।

সম্প্রতি, এক সাক্ষাৎকারে শেহনাজ গিলকে নিয়ে নানা গুজব ও নেতিবাচক খবর সম্পর্কে প্রশ্ন করা হলে, তিনি বলেন, "যারা তাকে নিয়ে এমন খবর করেন, তাদের উদ্দেশ্য আমি বুঝতে পারি— ভিউ কামানো। ভালো খবর দিয়ে যদি কারও তেমন লাভ না হয়, তাহলে নেতিবাচক বা চমকপ্রদ শিরোনাম দিয়েই হয়তো পাঠকের দৃষ্টি আকর্ষণ করতে হয়।"

তিনি আরও বলেন, "তারা ভিউ চান। খারাপ শিরোনাম না দিলে খবরই বা কীভাবে বিক্রি হবে? আমি যদি কথার মধ্যে কোনো ভুল করে ফেলি, আর সেটাই শিরোনাম হয়ে যায়, তখন আমি শুধু প্রার্থনা করি— আমার কারণে বেচারাদের যেন কিছু ভিউ হয়। এত ভালো কথা বলে তো আমার কোনো লাভ হয়নি, অন্তত কারও একটা উপকার হোক।"

আরও পড়ুন: টম ক্রুজকে ছেড়ে বেতো মন্টেনেগ্রোর প্রেমে মজলেন আনা দে আরমাস?

এত অভিযোগের জবাব দেওয়ার বদলে, রসিকতা করেই বিষয়টি উড়িয়ে দেওয়ার প্রবণতা রয়েছে শেহনাজ গিলের। কারণ, তিনি মনে করেন, এই হাস্যরস তার ব্যক্তিত্বের অংশ। এই স্বাভাবিকতা সম্ভবত তার জনপরিচিতির অন্যতম বৈশিষ্ট্য। তারকাদের অনেকেই ক্যামেরার সামনে নির্দিষ্ট ভাবমূর্তি ধরে রাখার চেষ্টা করেন, কিন্তু শেহনাজ বরং স্বতঃস্ফূর্ত থাকার চেষ্টা করেন। তিনি জানান, "খ্যাতির সঙ্গে সঙ্গে মানুষের প্রত্যাশাও বাড়ে। কখন কী বলা উচিত, কীভাবে হাঁটতে হবে, সংবাদমাধ্যমের সামনে কীভাবে আচরণ করতে হবে— এসব নিয়ে আমাকে পরামর্শও দেওয়া হয়েছে। কিন্তু অন্যের নির্দেশে নিজেকে বদলাতে রাজি হয়নি।"

শেহনাজ গিল বলেন, "আমি কখনো কাউকে আমাকে প্রভাবিত করতে দিইনি— কীভাবে কথা বলব, হাঁটব বা সংবাদমাধ্যমের সামনে কীভাবে আচরণ করব। আমাকে অনেক কিছু বলা হয়েছে। কিন্তু আমি বিশ্বাস করি, তুমি যা, সেটাই থাকো। নিজেকে সত্যি করে তুলে ধরতে পারলে মানুষ তোমাকে গ্রহণ করবে।"

নিজের স্বভাবের প্রতি আস্থার ফল হিসেবে, শেহনাজ গিল একটি মজার উদাহরণ তুলে ধরেন। তিনি বলেন, "বিমানবন্দরে একদিন দুজন আলাদা ব্যক্তি একই কথা বলেছিলেন আমাকে। তারা দুজনই বলেছিলেন— তারা শেহনাজ ও অভিনেত্রী শ্রদ্ধা কাপুরের সঙ্গে দেখা করতে চান। আমি কাকতালীয় ভেবেছিলাম। কিন্তু বিষয়টি তা নয়। আমি জানতে চাই, কেন তাদের সঙ্গে শ্রদ্ধার নাম নেওয়া হচ্ছে?"

তিনি উল্লেখ করেন, "তারা বললেন— ‘আপনি যেমন, ঠিক তেমনই থাকেন। আপনি নিজের ভাষাকে ভালোবাসেন, তিনিও (শ্রদ্ধা) তেমন।’ তখন আমার মনে হলো— দুজন মানুষ যদি এভাবে ভাবেন, তাহলে আরও কত মানুষ হয়তো একইভাবে ভাবেন।"

আরও পড়ুন: কলকাতা চলচ্চিত্র উৎসবে কঙ্গনা, প্রভাস ও রজনীকান্তের উপস্থিতি

শেহনাজের কাছে সবচেয়ে বড় প্রাপ্তি অবশ্য জনপ্রিয়তা নয়। তার কাছে বিশেষ হয়ে ওঠে তখনই, যখন কেউ তার জীবনযাত্রা বা ক্যারিয়ারের সঙ্গে নিজের জীবনের মিল খুঁজে পান।

তিনি বলেন, "মানুষ যখন আমাকে বলে যে তারা আমার যাত্রা থেকে অনুপ্রেরণা পায়, আমার সঙ্গে নিজেদের মিল খুঁজে পায়, তখন খুব বিশেষ লাগে।"

শেহনাজ গিল বলেন, "আমি এত ভালোবাসা পেয়েছি যে কখনো কখনো আমার নিজেরও মনে হয়, নিশ্চয়ই আমি কিছু একটা ঠিক করেছি।"

পাঞ্জাবি গণমাধ্যমের সঙ্গে সম্পর্ক প্রসঙ্গে শেহনাজ বলেন, "পাঞ্জাবি গণমাধ্যমও একসময় আমার সঙ্গে খুব স্বাভাবিকভাবে আচরণ করত। জানি না কী বদলে গেল। এখন সেখানকার সবাই এসে আমাকে জড়িয়ে ধরে বলেন, তারা আমাকে বিশেষভাবে গুরুত্ব দেবেন। কারণ আমি তাদের হৃদয় জয় করেছি।"

আরও পড়ুন: দুবাইয়ের মঞ্চে শান গাইলেন মাইকেল জ্যাকসনের ‘বিলি জিন’

তিনি বলেন, "হিন্দি গণমাধ্যমও আমাকে ভালোবাসে, তবে তাদের সঙ্গে আমার যে সম্পর্ক, সেটার অনুভূতি একটু আলাদা।"

উল্লেখ্য, অভিনেত্রী শেহনাজ গিল একসময় রিয়েলিটি শোর মাধ্যমে পরিচিতি পান। বর্তমানে তিনি অভিনয়েও নিজের জায়গা তৈরি করে নিয়েছেন। হিন্দি ও পাঞ্জাবি বিনোদনজগতে কাজের পাশাপাশি সামাজিক মাধ্যমে তার বড় অনুসারী রয়েছে। তার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত পাঞ্জাবি সিনেমা ‘সিং বনাম কৌর ২’।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অজয়ের ‘দৃশ্যম ৩’ প্রথম দিনেই আয় ৯৫ কোটি ১০ লাখ রুপি

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শনিবার, ৩ই অক্টোবর, ২০২৬ ইং

১২:৫০ পি.এম


অজয়ের ‘দৃশ্যম ৩’ প্রথম দিনেই আয় ৯৫ কোটি ১০ লাখ রুপি

গান্ধীজয়ন্তীর ছুটির দিন, ২ অক্টোবর মুক্তির পর বিশ্বব্যাপী প্রথম দিনে ৯৫ কোটি ১০ লাখ রুপি আয় করেছে অজয় দেবগন অভিনীত ‘দৃশ্যম ৩: দ্য কনক্লুশন’। ছবিটি বক্স অফিসে ব্যাপক সাড়া ফেলেছে। ভারতে ছবিটির নিট আয় ৬৬ কোটি ৭৫ লাখ রুপি। মোট আয় দাঁড়িয়েছে ৮০ কোটি ১০ লাখ রুপি। বিদেশের বাজার থেকে এসেছে আরো ১৫ কোটি রুপি।

এইভাবে, অজয় দেবগনের ক্যারিয়ারের সবচেয়ে বড় উদ্বোধনী আয় করা সিনেমা হিসেবে ‘দৃশ্যম ৩’ জায়গা করে নিয়েছে। একই সঙ্গে সাম্প্রতিক সময়ে এটি অন্যতম বড় হিন্দি সিনেমার উদ্বোধনী ব্যবসা।

প্রথম দিনেই ৬৬ কোটি ৭৫ লাখ রুপি নিট আয় করে অজয়ের পূর্ববর্তী সব বড় ওপেনিংকে পেছনে ফেলেছে ‘দৃশ্যম ৩’। এতদিন অভিনেতার ক্যারিয়ারে সবচেয়ে বড় উদ্বোধনের রেকর্ড ছিল ২০২৪ সালের ‘সিংহাম এগেইন’-এর দখলে। রোহিত শেঠি পরিচালিত সিনেমাটি প্রথম দিনে ভারতে আয় করেছিল প্রায় ৪৩ কোটি ৫০ লাখ রুপি।

অজয়ের অন্যান্য বড় ওপেনিংগুলোর মধ্যে রয়েছে ‘সিংহাম রিটার্নস’ ৩২ কোটি ১০ লাখ, ‘গোলমাল এগেইন’ ৩০ কোটি ১৫ লাখ এবং ‘রেইড ২’ ১৯ কোটি ২৫ লাখ রুপি। অর্থাৎ, আগের রেকর্ড শুধু ভাঙেনি ‘দৃশ্যম ৩’, বরং বড় ব্যবধানও তৈরি করেছে।

অজয়ের ব্যক্তিগত রেকর্ড ছাড়িয়ে সিনেমাটি হিন্দি সিনেমার বড় উদ্বোধনের তালিকাতেও জায়গা করে নিয়েছে। প্রথম দিনের ৬৬ কোটি ৭৫ লাখ রুপি আয় দিয়ে শাহরুখ খানের ‘পাঠান’ এবং রণবীর কাপুরের ‘অ্যানিমেল’-এর উদ্বোধনী আয়কে পেছনে ফেলেছে ছবিটি। ‘পাঠান’ প্রথম দিনে আয় করেছিল ৫৭ কোটি রুপি। অন্যদিকে ‘অ্যানিমেল’-এর আয় ছিল প্রায় ৬৩ কোটি রুপি।

তবে, হিন্দি সিনেমার সর্বকালের সবচেয়ে বড় উদ্বোধনের রেকর্ড এখনো ‘ধুরন্ধর’ ফ্র্যাঞ্চাইজির সিনেমাগুলোর দখলে। তাই ‘দৃশ্যম ৩’কে বলিউডের সর্বকালের সবচেয়ে বড় ওপেনার বলা যাচ্ছে না। তবে সাম্প্রতিক হিন্দি সিনেমাগুলোর মধ্যে এর উদ্বোধন যে বড়, তা স্পষ্ট।

‘দৃশ্যম ৩’-এর প্রথম দিনের ব্যবসার আভাস মুক্তির আগেই পাওয়া গিয়েছিল। ২৭ সেপ্টেম্বর শুরু হয় সিনেমাটির অগ্রিম টিকিট বিক্রি। মুক্তির আগেই শুধু অগ্রিম বুকিং থেকে আয় ৫০ কোটি রুপি ছাড়িয়ে যায়। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়, ১৩ লাখের বেশি টিকিট আগাম বিক্রি হয়েছিল।

ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছিল, অগ্রিম বুকিংয়ের গতি দেখে প্রথম দিনেই ৫০ কোটি রুপি আয়ের সম্ভাবনা তৈরি হয়েছিল। শেষ পর্যন্ত প্রেক্ষাগৃহে দর্শকের উপস্থিতি সেই প্রত্যাশাকেও ছাড়িয়ে যায়।

প্রথম দিনে ভারতে সিনেমাটির ১৫ হাজার ৭৫৯টির বেশি শো হয়েছে। সকালে আসন পূর্ণতার হার ছিল ৪৬ দশমিক ৩৮ শতাংশ। দুপুরে তা বেড়ে দাঁড়ায় ৭০ দশমিক ১৫ শতাংশে। সন্ধ্যায় ৭৫ দশমিক ৩১ এবং রাতে ৭৬ দশমিক ৪৬ শতাংশে পৌঁছায়। পুরো দিনের গড় আসন পূর্ণতার হার ছিল ৬৭ দশমিক শূন্য ৮ শতাংশ।

মুক্তির আগে বাণিজ্য বিশ্লেষকদের অনেকেই ধারণা করেছিলেন, প্রথম দিনে ‘দৃশ্যম ৩’ ২৫ থেকে ৩০ কোটি রুপি আয় করতে পারে। কিন্তু অগ্রিম বুকিংয়ের গতি সেই হিসাব বদলে দেয়।

শেষ পর্যন্ত ৬৬ কোটি ৭৫ লাখ রুপি নিট আয় করে সিনেমাটি পূর্বাভাসের দ্বিগুণেরও বেশি ব্যবসা করেছে। ইকোনমিক টাইমসের প্রতিবেদনেও বলা হয়েছে, প্রত্যাশার তুলনায় অনেক ভালো শুরু পেয়েছে সিনেমাটি। এই সাফল্যের পেছনে শুধু অজয় দেবগনের তারকা-ক্ষমতা নয়, বড় ভূমিকা রেখেছে ‘দৃশ্যম’ ব্র্যান্ডও। প্রথম দুই কিস্তির জনপ্রিয়তা তৃতীয় ছবির জন্য দর্শকের মধ্যে আগ্রহ তৈরি করেছিল।

২০১৫ সালে মুক্তি পাওয়া প্রথম ‘দৃশ্যম’ প্রথম দিনে আয় করেছিল মাত্র ৫ কোটি ৮৫ লাখ রুপি। পরে দর্শকের মুখে মুখে সিনেমাটি জনপ্রিয় হয়ে ওঠে। বিশ্বব্যাপী ছবিটির আয় দাঁড়ায় প্রায় ১১০ কোটি রুপি। এরপর ২০২২ সালে মুক্তি পায় ‘দৃশ্যম ২’। প্রথম দিনে ছবিটির আয় ছিল ১৫ কোটি ৩৮ লাখ রুপি। শেষ পর্যন্ত বিশ্বব্যাপী সিনেমাটি প্রায় ৩৪২ কোটি রুপি আয় করে।

এবার তৃতীয় কিস্তির প্রথম দিনের নিট আয় ৬৬ কোটি ৭৫ লাখ রুপি। অর্থাৎ ২০১৫ সালের প্রথম কিস্তির উদ্বোধনী আয়ের তুলনায় ‘দৃশ্যম ৩’-এর প্রথম দিনের আয় ১১ গুণেরও বেশি। দ্বিতীয় কিস্তির তুলনায় তা চার গুণেরও বেশি। এক দশকে একটি সিনেমা সিরিজ কীভাবে বড় ফ্র্যাঞ্চাইজিতে পরিণত হতে পারে, এই পরিসংখ্যান তারই প্রমাণ।

অভিষেক পাঠক পরিচালিত ‘দৃশ্যম ৩’-এ অজয় দেবগনের সঙ্গে সিনেমাটিতে আরও অভিনয় করেছেন শ্রিয়া শরণ, ইশিতা দত্ত, মৃণাল যাদব, জয়দীপ আহলাওয়াত, তাবু ও প্রকাশ রাজ প্রমুখ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আর্জেন্টিনার নাগরিকত্বের জন্য ৩ লাখ ৫০ হাজার ডলার বিনিয়োগের কর্মসূচি ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ৩ই অক্টোবর, ২০২৬ ইং

১২:৫১ পি.এম


আর্জেন্টিনার নাগরিকত্বের জন্য ৩ লাখ ৫০ হাজার ডলার বিনিয়োগের কর্মসূচি ঘোষণা

ঢাকা, ৩ অক্টোবর, ২০২৬ : আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেইরের সরকার শুক্রবার ঘোষণা করেছে যে, বিদেশিদের নাগরিকত্ব পাওয়ার জন্য কমপক্ষে ৩ লাখ ৫০ হাজার ডলার বিনিয়োগ করতে হবে।

অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থা (ওইসিডি) জানায়, লাতিন আমেরিকার তৃতীয় বৃহত্তম অর্থনীতি আর্জেন্টিনা গত বছর বিদেশি বিনিয়োগ আকর্ষণে ব্রাজিল ও মেক্সিকোর তুলনায় অনেক পিছিয়ে ছিল।

এএফপি সংবাদ সংস্থার প্রতিবেদন অনুযায়ী, মুক্তবাজারপন্থী মিলেই সরকারি ব্যয় কমানোর পাশাপাশি অর্থনীতিতে নিয়ন্ত্রণ শিথিল করেছেন এবং বাণিজ্যিক বাধা কমিয়েছেন। তার সরকারের উদ্দেশ্য হলো আর্জেন্টিনাকে আরও প্রতিযোগিতামূলক করে তোলা এবং দেশটির কমে যাওয়া বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধি করা।

অর্থনীতিবিদ মার্সেলো এলিসোন্দো মন্তব্য করেছেন যে, বিনিয়োগকারীরা এখনও অপেক্ষা করছেন আর্জেন্টিনার অস্থির অর্থনীতি এসব সংস্কার কতটা টেকসই তা প্রমাণ করার জন্য।

শুক্রবার সরকার কর্তৃক ঘোষিত ‘সিটিজেনশিপ বাই ইনভেস্টমেন্ট প্রোগ্রাম’-এ নাগরিকত্ব বা পাসপোর্ট পাওয়ার জন্য দুটি সহজ ও স্বচ্ছ পদ্ধতির উল্লেখ করা হয়েছে।

প্যারিসে আর্জেন্টিনা উইক উপলক্ষে এই কর্মসূচিটি উন্মোচন করা হয়।

প্রথম পদ্ধতিতে, বিনিয়োগকারীকে আর্জেন্টিনার জাতীয় কোষাগারে ৩ লাখ ৫০ হাজার ডলার সরাসরি অনুদান দিতে হবে, যা ফেরত দেওয়া হবে না।

দ্বিতীয় পদ্ধতিতে, সরকার বিশেষভাবে এই কর্মসূচির জন্য তৈরি করা ৮ লাখ ডলারের বন্ডে বিনিয়োগ করতে হবে।

আবেদনকারীর স্বামী বা স্ত্রী এবং সন্তানরাও নাগরিকত্ব পাওয়ার সুযোগ পাবেন। এর জন্য প্রাপ্তবয়স্ক পরিবারের সদস্যদের ক্ষেত্রে কোষাগারে ১ লাখ ডলার এবং ১৮ বছরের কম বয়সী সন্তানের ক্ষেত্রে ২৫ হাজার ডলার দেওয়ার কথা বলা হয়েছে।

আর্জেন্টিনা সরকার জানিয়েছে, এই বিনিয়োগ থেকে প্রাপ্ত অর্থ দেশের রাজস্ব ও আর্থিক অবস্থানকে আরও শক্তিশালী করতে ব্যবহৃত হবে।

অর্থ মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানায়, বিনিয়োগগুলো একটি কঠোর যাচাই প্রক্রিয়ার মধ্য দিয়ে যাবে। এর মাধ্যমে অর্থের উৎস ও লেনদেনের স্বচ্ছতা নিশ্চিত করা, অর্থপাচার রোধ এবং জাতীয় নিরাপত্তা রক্ষা করা হবে।

তবে, কর্মসূচিটি কী ধরনের বিনিয়োগকারী আকর্ষণ করবে, তা নিয়ে কিছু বিশ্লেষক প্রশ্ন তুলেছেন।

মিলেই সরকারের সমালোচক অর্থনীতিবিদ পাবলো তিগানি মন্তব্য করেছেন যে, এর ফলে মাদক পাচারকারী বা সন্দেহজনক উৎসের অর্থের মালিক ব্যক্তিরা আর্জেন্টিনায় প্রবেশের সুযোগ পেতে পারেন, যাদের অন্য অনেক দেশে প্রবেশের অনুমতি নেই।

মিলেই চলতি সপ্তাহে প্যারিস সফর করেন এবং ওইসিডিতে আয়োজিত আর্জেন্টিনা উইক অনুষ্ঠানে বিনিয়োগকারীদের সঙ্গে বৈঠক করেন।

সফরে তিনি বেশ কয়েকটি বিনিয়োগের প্রতিশ্রুতি পান। এর মধ্যে ফ্রান্সের টোটালএনার্জিস প্যাটাগোনিয়ায় তেল ও গ্যাস অনুসন্ধানে ১০ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে।

এছাড়া, সুইজারল্যান্ডের খনিশিল্প প্রতিষ্ঠান গ্লেনকোর একটি তামা প্রকল্পে ৪ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে।

মিলেই সরকারের এই ‘গোল্ডেন পাসপোর্ট’ কর্মসূচি চলতি বছরের শেষ দিকে চালু হওয়ার কথা রয়েছে।

এর কয়েক দিন আগে, আর্জেন্টিনার সুপ্রিম কোর্ট বিদেশিদের কৃষিজমি কেনার ওপর থাকা সীমাবদ্ধতা বাতিল করেছে।

মঙ্গলবার আদালত মিলেই সরকারের ২০২৩ সালের একটি ডিক্রি বহাল রাখে। ওই ডিক্রির মাধ্যমে ২০১১ সাল থেকে বিদেশিদের কৃষিজমির মালিকানায় থাকা ১৫ শতাংশ সীমা বাতিল করা হয়েছিল।

১৯৮২ সালে ব্রিটেনের সঙ্গে ফকল্যান্ড দ্বীপপুঞ্জ নিয়ে যুদ্ধে অংশ নেওয়া আর্জেন্টিনার সাবেক সেনাসদস্যরা—যে দ্বীপপুঞ্জকে আর্জেন্টিনায় ‘লাস মালভিনাস’ বলা হয়—এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেছেন।

তারা মিলেইয়ের বিরুদ্ধে ‘আর্জেন্টিনা প্রজাতন্ত্রকে বিক্রির জন্য তুলে দেওয়ার’ অভিযোগ করেছেন।

আইন পরিবর্তনের প্রতিবাদে আগামী সপ্তাহে একটি বিক্ষোভের ডাক দেওয়া হয়েছে। বিরোধী দলও পার্লামেন্টে এই পরিবর্তন ঠেকানোর চেষ্টা করবে।

ওইসিডির তথ্য অনুযায়ী, গত বছর আর্জেন্টিনা ৩.১৩৪ বিলিয়ন ডলার বিদেশি সরাসরি বিনিয়োগ পেয়েছে।

এর তুলনায় একই সময়ে ব্রাজিল পেয়েছে ৭৬.৮৭৭ বিলিয়ন ডলার এবং মেক্সিকো পেয়েছে ৪০.৮৭১ বিলিয়ন ডলার।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মতিঝিল বিভাগের অভিযানে ৬১ জন গ্রেফতার, আইনগত ব্যবস্থা চলছে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৩ই অক্টোবর, ২০২৬ ইং

১২:৫১ পি.এম


মতিঝিল বিভাগের অভিযানে ৬১ জন গ্রেফতার, আইনগত ব্যবস্থা চলছে

ঢাকা, ৩ অক্টোবর, ২০২৬ : ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মতিঝিল বিভাগের একটি অভিযানে ৬১ জনকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার, মতিঝিল বিভাগের বিভিন্ন থানার অপরাধপ্রবণ এলাকাগুলোতে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এই তথ্য প্রকাশ করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, গ্রেফতারকৃতদের মধ্যে মতিঝিল থানার নয় জন, পল্টন থানার ১০ জন, সবুজবাগ থানার ১০ জন, খিলগাঁও থানার ১২ জন, রামপুরা থানার ১০ জন, শাহজাহানপুর থানার তিন জন এবং মুগদা থানার সাত জন রয়েছেন।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্যারামাউন্ট ও ওয়ার্নার ব্রাদার্সের নতুন প্রতিষ্ঠান ‘স্কাইড্যান্স’

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শনিবার, ৩ই অক্টোবর, ২০২৬ ইং

১২:৫১ পি.এম


প্যারামাউন্ট ও ওয়ার্নার ব্রাদার্সের নতুন প্রতিষ্ঠান ‘স্কাইড্যান্স’

হলিউডের দুই জনপ্রিয় প্রযোজনা প্রতিষ্ঠান প্যারামাউন্ট এবং ওয়ার্নার ব্রাদার্স একত্রিত হয়ে নতুন যাত্রা শুরু করতে যাচ্ছে। আনুষ্ঠানিক একীভূত হওয়ার পর এই নতুন যৌথ প্রতিষ্ঠানের নাম দেওয়া হয়েছে ‘স্কাইড্যান্স’। ঐতিহাসিক এই চুক্তিটি আগামী ৬ অক্টোবর চূড়ান্ত হবে।

নতুন চেয়ারম্যান ও সিইও ডেভিড এলিসন জানান, প্যারামাউন্ট ও ওয়ার্নার ব্রাদার্সের স্বতন্ত্র পরিচয় বজায় রাখার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, শত বছরের ঐতিহ্যবাহী এই দুই স্টুডিওকে আরও শক্তিশালী করতে এই নতুন নামকরণ করা হয়েছে। এই একত্রীকরণের ফলে বিনোদন জগতে একটি বিশাল পরিবর্তন আসতে চলেছে।

এখন থেকে বিখ্যাত চলচ্চিত্র স্টুডিওগুলোর পাশাপাশি এইচবিও ম্যাক্স, প্যারামাউন্ট প্লাস, সিএনএন, সিবিএস এবং এমটিভির মতো বড় টিভি চ্যানেলগুলোও একই প্রতিষ্ঠানের অধীনে পরিচালিত হবে।

এই পরিবর্তনের ফলে হ্যারি পটার, লর্ড অব দ্য রিংস, গেম অব থ্রোনস, ডিসি সুপারহিরো সিরিজ, মিশন: ইম্পসিবল এবং টপ গানের মতো বিশ্বখ্যাত সিনেমা ও সিরিজগুলো এখন থেকে এক ছাতার নিচে উপভোগ করা যাবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%