০৬:৫৫ পি.এম
বলিউডের সহকর্মীদের জন্য উপহার দিয়ে চমক সৃষ্টি করার জন্য পরিচিত সালমান খান। এবার তিনি নিজের নতুন সিনেমা ‘মাতৃভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস’-এর কলাকুশলীদের জন্য বিশেষ উপহারের ব্যবস্থা করেছেন। সিনেমাটির প্রচার পরিকল্পনা নিয়ে আলোচনা করার জন্য তাদের ডেকে এনে দামি সুইস ঘড়ি উপহার দেন তিনি।
১২ নভেম্বর মুম্বাইয়ের পানভেলে নিজের ফার্মহাউসে সিনেমাটির টিমের সদস্যদের আমন্ত্রণ জানান সালমান। সিনেমাটির ট্রেলার দুই দিন আগে প্রকাশিত হয়েছিল। সেখানে প্রচারের পরিকল্পনা নিয়ে আলোচনা হওয়ার কথা থাকলেও উপস্থিত সবাইকে চমকে দেন অভিনেতা। প্রত্যেকের হাতে তিনি নিজেই একটি করে ঘড়ি তুলে দেন।
গালফ নিউজের বরাত দিয়ে মিড-ডে জানিয়েছে, সালমান ২০ থেকে ২৫টি ঘড়ি উপহার দিয়েছেন। প্রতিটির দাম ভারতীয় মুদ্রায় আনুমানিক ২ থেকে ৬ লাখ রুপি। কাপুর ওয়াচ কোম্পানির মাধ্যমে সংগ্রহ করা এসব ঘড়ির মধ্যে পুরুষ সদস্যদের জন্য লংজিনস ও ট্যাগ হিউয়ার ব্র্যান্ডের ঘড়ি দেওয়া হয়েছে। নারীদের জন্য ছিল রাডোর ঘড়ি।
আরও পড়ুন: অভিনয়জীবনের ৫০ বছরে আজিজুল হাকিম পাচ্ছেন বিশেষ সম্মাননা
সেদিনের আয়োজনে উপস্থিত ছিলেন সিনেমাটির পরিচালক অপূর্ব লাখিয়া, অভিনেত্রী চিত্রাঙ্গদা সিং, অঙ্কুর ভাটিয়া, বিপিন ভরদ্বাজ ও তানিয়া দেশাই। এছাড়া সংলাপ লেখক চিন্তন শাহও সেখানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে এবং কয়েকজন অতিথি নিজেদের ছবি প্রকাশ করেছেন।
সালমান ও চিত্রাঙ্গদা সিং অভিনীত ‘মাতৃভূমি’ একটি যুদ্ধভিত্তিক সিনেমা। সালমান খান ফিল্মসের ব্যানারে নির্মিত ছবিটি পরিচালনা করেছেন অপূর্ব লাখিয়া। শুরুতে সিনেমাটির নাম ছিল ‘ব্যাটল অব গালওয়ান’, পরে নাম পরিবর্তন করা হয়।
ট্রেলার প্রকাশের অনুষ্ঠানে সালমান জানান, সিনেমাটি কোনো জীবনীভিত্তিক বা চীনবিরোধী ছবি নয়। বরং সীমান্তের দুই পাশের সেনাসদস্য ও তাদের পরিবারের জীবন এবং যুদ্ধের প্রভাব তুলে ধরা হয়েছে এতে। সিনেমাটির মুক্তি পেছানোর কারণও ব্যাখ্যা করেন তিনি। চিত্রাঙ্গদার আঘাতের কারণে শুটিংয়ের সময়সূচিতে পরিবর্তন আসে। পাশাপাশি ভিজ্যুয়াল ইফেক্টের কাজ তাড়াহুড়া না করে ভালোভাবে শেষ করতে বাড়তি সময় নিয়েছে টিম।
‘মাতৃভূমি’ আগামী ৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।
আরও পড়ুন: নির্মাতার গাড়িতে নবাগত অভিনেত্রী দেবিনা ব্যানার্জির অন্ধকার জায়গায় থামার অভিজ্ঞতা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন