ঢাকা বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ইং ০৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

মুমিনের যে বৈশিষ্ট্যগুলো থাকা জরুরি। হাফিজ মাছুম আহমদ দুধরচকী


মুমিনের যে বৈশিষ্ট্যগুলো থাকা জরুরি। হাফিজ মাছুম আহমদ দুধরচকী

নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা’দ,আল্লাহ তাআলার কাছে হাজারো শুকরিয়া জ্ঞাপন করি এ জন্য যে তিনি আমাদেরকে সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ। আমাদের উচিত, সর্বাবস্থায় আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করা।

আজকে মুমিনের কিছু বৈশিষ্ট্য নিয়ে আপনাদের কাছে কিছু আলোকপাত করব। মুমিন তাকেই বলে- ’যে আল্লাহ তাআলার একত্ববাদে পূর্ণ আন্তরিকতার সঙ্গে বিশ্বাস স্থাপন করে এবং তার নির্দেশ মেনে চলে আর সে অনুযায়ী জীবন পরিচালনা করে।’ আল্লাহ তাআলা ইরশাদ করেন-
‘প্রকৃত মুমিন তারাই যারা আল্লাহ ও তার রাসুলের প্রতি ঈমান আনার পর আর সন্দেহে পড়ে না এবং নিজেদের মাল ও জান দিয়ে আল্লাহর পথে জেহাদ করে, এরাই সত্যবাদী।’ (সুরা হুজরাত : আয়াত ১৫)
মহান রাব্বুল আলামিন পবিত্র কুরআনে একজন মুমিন পুরুষ ও একজন মুমিন নারীর মাঝে কি কি বৈশিষ্ট্য থাকা প্রয়োজন তাও উল্লেখ করেছেন। যেভাবে আল্লাহ তাআলা বলেন-
‘নিশ্চয় মুসলিম পুরুষ ও মুসলিম নারী, মুমিন পুরুষ ও মুমিন নারী, অনুগত পুরুষ ও অনুগত নারী, সত্যবাদী পুরুষ ও সত্যবাদী নারী, ধৈর্যশীল পুরুষ ও ধৈর্যশীল নারী, বিনয়ী পুরুষ ও বিনয়ী নারী, রোজা পালনকারী পুরুষ ও রোযা পালনকারী নারী, নিজেদের লজ্জাস্থানের হেফাযতকারী পুরুষ ও সুরক্ষাকারী নারী এবং আল্লাহকে অধিক স্মরণকারী পুরুষ ও স্মরণকারী নারী, তাদের সবার জন্য আল্লাহর ক্ষমা ও মহা পুরস্কার প্রস্তুত করে রেখেছেন।’ (সুরা আহযাব : আয়াত ৩৫)

উক্ত আয়াতে নারী-পুরুষ উভয়কে আল্লাহ তাআলা এ সব বৈশিষ্ট্য অবলম্বন করে চলার তাগিদ দিয়েছেন। ইসলামের শত্রুরা এই অপবাদ দেয় যে, ইসলামে পুরুষের চেয়ে নারীর মর্যাদা কম। এই আয়াত এমন অপবাদকে কার্যকরীভাবে প্রত্যাখ্যান করেছে।

আরও পড়ুন: মাদক ও নাশকতার বিরুদ্ধে কালকিনিতে আলোচনা সভা ও বিক্ষোভ মিছিল

পবিত্র কুরআনের শিক্ষা অনুযায়ী নারীরা পুরুষের মতোই মহান আল্লাহর কাছে সমমর্যাদাশীল। তবে আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভ করতে হলে প্রথম যে বিষয় এখানে উল্লেখ করা হয়েছে তাহলো আল্লাহ পাকের পূর্ণ আনুগত্য। কেননা আনুগত্যের নামই হচ্ছে ইসলাম। আল্লাহ এবং আল্লাহর রাসুল যা বলেছেন তার পরিপূর্ণ আনুগত্য করলেই আমরা প্রকৃত মুমিন হতে পারব। আর যখন আমরা আনুগত্যশীল হব তখন আমাদের হৃদয়ে কোনো ধরণের পাপ দানা বাঁধতে পারবে না। হাদিসে এসেছে-
- রাসুল সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লাম ইরশাদ করেন- ‘মুমিন মহব্বত ও দয়ার প্রতীক। ওই ব্যক্তির মধ্যে কোনো কল্যাণ নেই, যে কারো সঙ্গে মহব্বত রাখে না এবং মহব্বত প্রাপ্ত হয় না।’ (মুসনাদে আহমাদ)
- রাসুল সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লাম ইরশাদ করেন- ‘ওই ব্যক্তি তার ঈমানকে দৃঢ় করল যে কাউকে ভালবাসল আল্লাহর জন্য, কাউকে ঘৃণা করল আল্লাহর জন্য, কাউকে কোনো কিছু দিল আল্লাহর জন্য আর কাউকে কোনো কিছু দেয়া থেকে বিরত থাকল শুধু আল্লাহর জন্য।’ (তিরমিজি)

মুমিনদের জান্নাতের সুসংবাদ
আসলে একজন মুমিনের জীবনে সব চাওয়া-পাওয়া কেবল আল্লাহর সন্তুষ্টির খাতিরেই হয়ে থাকে। তার ব্যক্তিগত কোনো কামনা-বাসনা থাকে না আর এমন ব্যক্তিদেরই আল্লাহ তাআলা জান্নাতের সুসংবাদ দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন-
- ‘আপনি মুমিনদেরকে সুসংবাদ দিন যে, তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে বড় অনুগ্রহ রয়েছে।’ (সুরা আহযাব : আয়াত ৪৭)
- ‘মুমিন পুরুষ ও মুমিন নারীদের আল্লাহ এমন সব বাগানের প্রতিশ্রুতি দিয়েছেন যে গুলোর পাদদেশ দিয়ে নদনদী বয়ে যাবে। সেখানে তারা চিরকাল থাকবে আর তিনি তাদেরকে চিরস্থায়ী বাগানসমূহে পবিত্র গৃহেরও প্রতিশ্রুতি দিয়েছেন। তবে সবচেয়ে বড় হলো আল্লাহর সন্তুষ্টি। এটাই মহান সফলতা।’ (সুরা আত তাওবা: আয়াত ৭২)

- আল্লাহ ঈমানদার পুরুষ ও ঈমানদার নারীদের প্রতিশ্রুতি দিয়েছেনে জান্নাতের, যার তলদেশে প্রবাহিত হয় স্রোতধারা। তারা সে চিরদিন এগুলোরই মাঝে থাকবে। আর এসব জান্নাতে থাকবে পরিচ্ছন্ন থাকার ঘর। বস্তুত এ সমুদয়ের মাঝে সবচেয়ে বড় হল আল্লাহর সন্তুষ্টি। এটিই হল মহান সফলতা।’ (সুরা তাওবাহ : আয়াত ৭২)

সুতরাং আসুন, আগে যা করেছি তার জন্য আল্লাহর দরবারে ক্ষমা চেয়ে নিজেকে পরিশুদ্ধ করার চেষ্টা করি,তাই সময় থাকতে নিজেদের ভুলত্রুটি থেকে মহান আল্লাহর কাছে ক্ষমা চাই। তাওবাহ-ইসতেগফার করি। কেননা তাওবাহ-ইসতেগফার যে মুমিন নারী-পুরুষের অন্যতম বৈশিষ্ট্য।

আরও পড়ুন: কুমিল্লায় শ্রমিক লীগ নেতাকে ছিনিয়ে নিতে ছাত্রদল কর্মীর চেষ্টা

আল্লাহ তাআলা আমাদেরকে মুমিনের সব বৈশিষ্ট্য ও গুণাবলী নিজেদের জীবনে বাস্তবায়ন করার তাওফিক দিন। আল্লাহ তাআলার সব আদেশ-নিষেধ মেনে চলার তাওফিক দিন, আমীন।

লেখক: বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ লেখক ও কলামিস্ট হাফিজ মাছুম আহমদ দুধরচকী: প্রতিষ্ঠাতা সভাপতি: জকিগঞ্জ উপজেলা সচেতন নাগরিক ফোরাম সিলেট। সাবেক ইমাম ও খতীব: আধ্যাত্মিক নগরী সিলেটের কদমতলী হযরত দরিয়া শাহ (রহ.) মাজার কেন্দ্রীয় জামে মসজিদ সিলেট। সাবেক প্রিন্সিপাল: হযরত শাহজালাল রহ. ৩৬০ আউলিয়া লতিফিয়া হাফিজিয়া মাদ্রাসা উপশহর সিলেট। সাবেক প্রধান শিক্ষক: তৈয়ব কামাল হযরত শাহজালাল রহ. লতিফিয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসা সিলেট।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠকে বিএনপির সংসদীয় দলের আলোচনা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:৩২ পি.এম


প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠকে বিএনপির সংসদীয় দলের আলোচনা

জাতীয় সংসদের চলমান অধিবেশনের সমাপনী দিনে বিএনপির সংসদীয় দল বৈঠকে বসেছে। সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান এই বৈঠকে সভাপতিত্ব করছেন।

বুধবার (১৮ নভেম্বর) দুপুর আড়াইটায় সংসদ ভবনে বৈঠকটি শুরু হয়। জাতীয় সংসদের চলতি অধিবেশনের শেষ দিনে অনুষ্ঠিত এই বৈঠকে বিএনপির সংসদীয় দলের সদস্যরা অংশগ্রহণ করেছেন।

এর আগে, সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে একনেক সভা অনুষ্ঠিত হয়। সভায় ১৬টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। প্রকল্পগুলোর বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে ৩৩ হাজার ২৯৮ কোটি ৪৮ লাখ টাকা। এর মধ্যে ১৪টি প্রকল্প নতুন এবং দুটি সংশোধিত।

অনুমোদিত প্রকল্পগুলোর জন্য মোট ব্যয়ের মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন থেকে ৩২ হাজার ৮৬৩ কোটি ৭৬ লাখ টাকা ব্যয় হবে। এছাড়া, প্রকল্প ঋণ থেকে ৪২৪ কোটি ৭৩ লাখ টাকা এবং সংশ্লিষ্ট সংস্থার নিজস্ব তহবিল থেকে ১০ কোটি টাকা ব্যয় করা হবে।

অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে উপজেলা, ইউনিয়ন ও গ্রামীণ সড়কে দীর্ঘ সেতু নির্মাণের জন্য সবচেয়ে বেশি অর্থ বরাদ্দ রাখা হয়েছে। ২০২৬ থেকে ২০৩১ সাল পর্যন্ত প্রকল্পটির বাস্তবায়নকাল নির্ধারণ করা হয়েছে এবং এর ব্যয় ধরা হয়েছে ৮ হাজার ৮৮৮ কোটি ৩৮ লাখ টাকা।

দেশব্যাপী খাল, ছোট নদী ও জলাশয় খনন এবং পুনঃখননের মাধ্যমে পানি নিষ্কাশন ও সেচ সুবিধা বাড়াতে ৬ হাজার ৯২২ কোটি ১০ লাখ টাকার একটি প্রকল্প অনুমোদন করা হয়েছে। এটি ২০২৬ সালের অক্টোবর থেকে ২০৩০ সালের জুনের মধ্যে বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।

রাজধানীর পয়োনিষ্কাশন ব্যবস্থার উন্নয়নে দাশেরকান্দি পয়ঃশোধনাগারের বর্জ্য সংগ্রহ লাইন নির্মাণ প্রকল্পেও সায় দেওয়া হয়েছে। প্রকল্পটির ব্যয় হবে ৯৯৩ কোটি ৬৪ লাখ টাকা এবং এটি ২০২৭ সালের জানুয়ারি থেকে ২০২৯ সালের ডিসেম্বরের মধ্যে বাস্তবায়িত হবে। এর মধ্যে সরকার ৯৮৩ কোটি ৬৪ লাখ টাকা দেবে এবং ঢাকা ওয়াসা নিজস্ব তহবিল থেকে ১০ কোটি টাকা ব্যয় করবে।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীনে সাতটি প্রকল্প অনুমোদন পেয়েছে। ফরিদপুর ও রাজবাড়ী জেলার গুরুত্বপূর্ণ গ্রামীণ অবকাঠামো উন্নয়নে ২ হাজার ৮১৭ কোটি ৭৩ লাখ টাকা, সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকা এবং বৃহত্তর যশোর জেলার উন্নয়নকাজে ২ হাজার ১৯৯ কোটি টাকা ব্যয় নির্ধারণ করা হয়েছে। এছাড়াও, জয়পুরহাট জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের দ্বিতীয় সংশোধনীতে ৩৩১ কোটি ৭৬ লাখ টাকা ব্যয় বাড়ানোর অনুমোদন দেওয়া হয়েছে।

পানি সম্পদ মন্ত্রণালয়ের অধীনে চারটি প্রকল্প অনুমোদিত হয়েছে। জামালপুর জেলার ব্রহ্মপুত্র ও জিঞ্জিরাম নদীর ভাঙন প্রতিরোধে ৪৯১ কোটি ৮৫ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে। বরিশালের বাবুগঞ্জ ও উজিরপুর উপজেলার বিভিন্ন এলাকা সুগন্ধা ও সন্ধ্যা নদীর ভাঙন থেকে রক্ষায় ৯৩৮ কোটি ২৫ লাখ টাকা ব্যয় ধরা হয়েছে। মেট্রো ঢাকা প্রকল্পের আওতায় গোড়ানচটবাড়ী রিটেনশন পন্ড এবং তুরাগ নদী সুরক্ষা ও সংরক্ষণ প্রকল্পে ৫৬৭ কোটি ৪ লাখ টাকা অনুমোদন করা হয়েছে। প্রকল্পটিতে ৪২৪ কোটি ৭৩ লাখ টাকা প্রকল্প ঋণ হিসেবে পাওয়া যাবে।

কৃষি মন্ত্রণালয়ের অধীনে জয়পুরহাট, বগুড়া ও গাইবান্ধা জেলার ক্ষুদ্রসেচ ব্যবস্থার উন্নয়নে ৬৪৮ কোটি ৫৫ লাখ টাকার একটি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে ঢাকার ধামরাইয়ে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণে ৩৮৩ কোটি ৬৯ লাখ টাকা ব্যয়ের অনুমোদন দেওয়া হয়েছে। এছাড়া, ঢাকা এলাকায় বাংলাদেশ বিমান বাহিনীর কর্মকর্তাদের আবাসন সমস্যা সমাধানে অবকাঠামোগত উন্নয়নের জন্য ৪৯৫ কোটি ৯ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অধীনে জয়পুরহাট সড়ক বিভাগের তিনটি জেলা মহাসড়ক যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীত করতে ৪৭২ কোটি ৩৭ লাখ টাকার প্রকল্প নেওয়া হয়েছে। মোকামতলা-কালাই-জয়পুরহাট আঞ্চলিক মহাসড়ক চার লেনে উন্নীতকরণ প্রকল্পে ১ হাজার ৯৩৭ কোটি ৫ লাখ টাকার ব্যয় অনুমোদন দেওয়া হয়েছে।

এসব প্রকল্প ছাড়াও ৫০ কোটি টাকার কম ব্যয়সম্পন্ন ১৪টি প্রকল্প সম্পর্কে একনেক সভায় অবহিত করা হয়েছে। পরিকল্পনামন্ত্রীর অনুমোদন ইতোমধ্যে এসব প্রকল্প পেয়েছে।

সভায় অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনসহ সংশ্লিষ্ট মন্ত্রী, প্রতিমন্ত্রী ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গোমস্তাপুরে সংখ্যালঘু পরিবারের পাশে সাবেক এমপি আমিনুল ইসলামের প্রতিনিধিরা; দিলেন নিরাপত্তার আশ্বাস

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ শাহিন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:৩৫ পি.এম


গোমস্তাপুরে সংখ্যালঘু পরিবারের পাশে সাবেক এমপি আমিনুল ইসলামের প্রতিনিধিরা; দিলেন নিরাপত্তার আশ্বাস

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার ৪নং পার্বতীপুর ইউনিয়নের মেহেরপুর গ্রামে একটি অসহায় সংখ্যালঘু (হিন্দু) ও আদিবাসী পরিবারের পাশে দাঁড়িয়েছেন ৪৪, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আমিনুল ইসলামের প্রতিনিধিরা। তার দিকনির্দেশনায় পার্বতীপুর ইউনিয়ন বিএনপির নেতা আলহাজ্ব ইয়াসিন আলী সরদার ও সাদিকুল ইসলাম পরিবারটির খোঁজখবর নেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি মেহেরপুর গ্রামে একদল ভূমিদস্যু ওই অসহায় পরিবারটিকে উচ্ছেদের চেষ্টা চালায়। সে সময় স্থানীয় জনগণ ঐক্যবদ্ধভাবে ভূমিদস্যুদের প্রতিরোধ করে। গতকাল মঙ্গলবার বিষয়টি সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আমিনুল ইসলামের নজরে এলে তিনি তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

তারই নির্দেশে আজ বুধবার সকাল ১১টায় বিএনপি নেতৃবৃন্দ ভুক্তভোগী পরিবারটির বাড়িতে গিয়ে তাদের সার্বিক খোঁজখবর নেন। এ সময় তারা পরিবারটিকে সাহস জোগান এবং যেকোনো বিপদে-আপদে পাশে থাকার দৃঢ় আশ্বাস প্রদান করেন।

এ বিষয়ে পার্বতীপুর ইউনিয়ন বিএনপির নেতা আলহাজ্ব ইয়াসিন আলী সরদার বলেন, “সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আমিনুল ইসলামের আদর্শ ও নির্দেশ অনুযায়ী আমরা এলাকার প্রতিটি মানুষের সুখে-দুঃখে পাশে থাকতে চাই। জাতি, ধর্ম বা বর্ণভেদ ভুলে গোমস্তাপুর উপজেলার প্রতিটি অবহেলিত মানুষের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর। সংখ্যালঘু ও আদিবাসী পরিবারগুলোর যেকোনো প্রয়োজনে আমরা অতীতেও পাশে ছিলাম, ভবিষ্যতেও সবসময় থাকব। বর্তমান সরকারও তাদের পাশে রয়েছে।”

উক্ত মানবিক ও সামাজিক কার্যক্রমে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরিশেষে, নেতৃবৃন্দ এলাকার শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নিষিদ্ধ আ.লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড ঠেকাতে জুলাইয়ের শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান আবু হানিফের

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:৩৭ পি.এম


নিষিদ্ধ আ.লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড ঠেকাতে জুলাইয়ের শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান আবু হানিফের

গণঅধিকার পরিষদের মুখপাত্র আবু হানিফ মন্তব্য করেছেন যে, নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধ করতে জুলাইয়ের শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে।

তিনি বুধবার (১৮ নভেম্বর) সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে এই কথা বলেন।

আবু হানিফ তার পোস্টে উল্লেখ করেন, গত কয়েকদিন ধরে গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা নারকীয় তাণ্ডব চালাচ্ছে। তিনি জানান, গতকাল টুঙ্গিপাড়া থানায় আগুন ধরিয়ে দেওয়া হয়েছে এবং সংসদ সদস্য জিলানীর বাড়িতে ও পুলিশের গাড়িতে আগুন দেওয়া হয়েছে। এছাড়া, দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ঘটানো হচ্ছে এবং বাসে আগুন লাগানো হচ্ছে নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসীদের দ্বারা। গতকাল ফরিদপুরে এক বিএনপি নেতাকে হত্যা করা হয়েছে এবং পিরোজপুরে বাসে আগুন দিয়ে এক হেলপারকে হত্যা করা হয়েছে।

পোস্টে তিনি আরও বলেন, জুলাইয়ে আওয়ামী লীগের ফ্যাসিবাদের বিরুদ্ধে সকল রাজনৈতিক দল ঐক্যবদ্ধ হয়েছিল, যার ফলে আওয়ামী লীগ দেশ থেকে বিতাড়িত হয়। তবে বর্তমানে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে ভেদাভেদ সৃষ্টি হয়েছে। এই ভেদাভেদের কারণে পতিত নিষিদ্ধ আওয়ামী লীগ সুযোগ নিচ্ছে। আবু হানিফ সতর্ক করেন যে, এই পরিস্থিতি চলতে থাকলে সারাদেশে ধ্বংসযজ্ঞ চালাবে নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসীরা।

তিনি আরও বলেন, নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড ঠেকাতে জুলাইয়ের শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে। রাজনৈতিক মতপার্থক্য ও বিরোধিতা থাকবে, কিন্তু নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নেই। শুধু রাজনৈতিক দলগুলো নয়, সকল জুলাইপন্থী সংগঠনগুলোকেও ঐক্যবদ্ধ হতে হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পদ্মার চরে কৃষিজমি নষ্ট করে বনায়ন, বিপাকে স্থানীয় কৃষকরা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:৩৮ পি.এম


পদ্মার চরে কৃষিজমি নষ্ট করে বনায়ন, বিপাকে স্থানীয় কৃষকরা

নদীভাঙনে বিলীন হয়ে গিয়েছিল পূর্বপুরুষদের ভিটেমাটি ও ফসলি জমি। প্রায় ২৮ বছর পর পদ্মার বুকে আবারও জেগে ওঠে সেই জমি। পূর্বের জমির মালিকদের ওয়ারিশরা নতুন করে চাষাবাদ শুরু করেন। উর্বর মাটিতে মরিচ, মুগ, ভুট্টা ও ধানসহ বিভিন্ন ফসল ফলাতে শুরু করেন। কিন্তু এবার সেই কৃষিজমিতে বনায়ন প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে শরীয়তপুরের নড়িয়া উপজেলা প্রশাসন। কৃষকদের অভিযোগ, কোনো ধরনের নোটিশ ছাড়াই ফসলি জমি নষ্ট করে বৃক্ষরোপণ শুরু হয়েছে। এতে ক্ষুব্ধ হয়ে উঠেছেন স্থানীয় কৃষকরা। তবে প্রশাসনের দাবি, জমিগুলো সরকারি খাস ও নদী শ্রেণিভুক্ত।

খোঁজ নিয়ে জানা যায়, শরীয়তপুরের নড়িয়া উপজেলার নওপাড়া ইউনিয়নটি পদ্মানদী দ্বারা বেষ্টিত। ডাইনগাঁও মৌজায় পদ্মার বুকে জেগে ওঠা চরে যতদূর দেখা যায়, বিস্তীর্ণ চরজুড়ে মরিচ, মুগ, ভুট্টা ও ধানসহ বিভিন্ন ফসলের আবাদ রয়েছে। স্থানীয়দের দাবি, একসময় এসব জমির মালিক ছিলেন তাদের পূর্বপুরুষরা। কয়েক দফা পদ্মার ভাঙনে জমিগুলো নদীগর্ভে বিলীন হয়ে যায়। প্রায় ২৮ বছর পর চর জেগে উঠলে পূর্বের মালিকদের ওয়ারিশরা সেখানে চাষাবাদ শুরু করেন। তাদের দাবি, অন্তত ৩০০ বছর ধরে এসব জমি তাদের পূর্বপুরুষদের ভোগদখলে ছিল।

সরকারি তথ্য অনুযায়ী, ডাইনগাঁও মৌজার ৪৩৮ দাগের ২৭৫ একর জমিই খাস বা নদী শ্রেণিভুক্ত। এর মধ্যে প্রায় ১০০ একর জমিতে বনায়ন প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন। আর এতেই আপত্তি স্থানীয় কৃষকদের। তাদের অভিযোগ, বছরের পর বছর ধরে চাষাবাদ করে আসা জমিতে থাকা ফসল নষ্ট করে কোনো পূর্ব নোটিশ ছাড়াই বৃক্ষরোপণের কাজ শুরু হয়েছে। অথচ এসব জমির ওপর নির্ভরশীল অন্তত ১০০টি পরিবার।

স্থানীয় কৃষক শরিফ আলী মোল্লা, যার পাঁচ মেয়ে ও এক ছেলে রয়েছে, সংসার চালান। পদ্মার জেগে ওঠা চরের ২০ শতাংশ জমিতে মরিচের আবাদ করেছেন তিনি। তার দাবি, জমিটি তাদের পৈতৃক সম্পত্তি ছিল। নদীতে বিলীন হওয়ার পর চর জেগে উঠলে আবারও সেখানে চাষাবাদ শুরু করেন। এখন সেই জমিতে গাছ লাগানোর উদ্যোগ নেওয়ায় তিনি দুশ্চিন্তায় পড়েছেন।

শরিফ আলী মোল্লা বলেন, "এই জমি আমাগো বাপ দাদা গো আছিলো। নদীভাঙনে জমি হারানোর পর আবার চর জাগলে আমি সেই জমিতে মরিচ লাগাইছি। এখন এই জমি নাকি সরকার নিয়া এইহানে গাছ লাগাইবো। এই জমি লইয়া গেলে আমরা না খাইয়া মরমু। সরকার যদি এই জমি নিতে চায় আমারে মাইরা তারপর জমিডা নেয়।"

একই অভিযোগ করেছেন স্থানীয় কৃষক জসিম ঢালী। তিনি বলেন, "আমরা কোন দখলদার না। এই জমি আমাগো পূর্বপুরুষ গো। তারা মারা যাওয়ার পর এখন আমরা চাষাবাদ করি। পদ্মা কয়েক দফা ভাঙ্গনের পর আবার চর জাগছে। আমরা সেইখানেই চাষ করতাছি। এখন ইউএনও এসে আমাদের জমি নষ্ট করে সেখানে কাঠগাছ লাগাচ্ছে। অনেক জায়গায় খাস জমি পড়ে আছে, যেখানে ফসল হয় না। তারা সেখানে গাছ রোপণ না করে আমাদের ফসলি জমিতে গাছ লাগাচ্ছে। আমাদের দাবী এই জমি যদি খাস হয় তাহলে সরকার আমাদের বন্দোবস্ত দেক। এই জমির ফসল দিয়েই আমরা জীবন টিকিয়ে রাখছি।"

আরেক কৃষক সাদেক আলী বেপারী বলেন, "আমাগো এই সম্পত্তির বয়স তিনশো বছরের বেশি। আমার দাদায় খাইছে, তার দাদায় খাইছে। নদী ভাঙনে বিলিন হইছে, আবার চর জাগলে আমরাই চাষ করতাছি। এসব জমির ফসল বিক্রি করেই পরিবার সংসার চালাই। বনায়ন প্রকল্পের কারণে জমি হারালে আমাদের জীবিকার পথ বন্ধ হয়ে যাবে। তাই আমাদের স্বার্থ বিবেচনায় নিয়ে জমিগুলো বন্দোবস্ত দেওয়ার দাবি জানাই।"

স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিরাও কৃষিজমিতে বনায়নের উদ্যোগ নিয়ে প্রশ্ন তুলেছেন। তাদের মতে, এসব জমি তিন ফসলি। নদীভাঙনে সর্বস্ব হারানো মানুষেরা নতুন করে চরে ফসল ফলিয়ে জীবিকা নির্বাহ করছেন। তাই ফসলি জমি নষ্ট না করে অন্য কোনো অনাবাদি জমিতে বনায়ন করা উচিত। পাশাপাশি প্রকৃত ভূমিহীন ও পূর্বের মালিকদের ওয়ারিশদের বিষয়টি বিবেচনায় নিয়ে আইন অনুযায়ী জমি বন্দোবস্তের উদ্যোগ নেওয়া প্রয়োজন।

সুশীল সমাজের প্রতিনিধি কামরুল হাসান সজীব বলেন, "কৃষিজমি মানুষের খাদ্য উৎপাদন ও জীবিকার সঙ্গে সরাসরি সম্পৃক্ত। বিশেষ করে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষেরা নতুন করে চর জেগে ওঠার পর সেখানে চাষাবাদ করে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন। প্রকৃতপক্ষে এই সম্পত্তি তাদের পূর্বপুরুষদের ছিল। তিন ফসলি জমিতে বনায়ন না করে বিকল্প অনাবাদি জমি নির্বাচন করা প্রয়োজন। একই সঙ্গে প্রকৃত দাবিদারদের সরকারি নিয়মে জমি বন্দোবস্ত দেওয়ার বিষয়টি বিবেচনা করা উচিত।"

এদিকে, কৃষকদের অভিযোগ অস্বীকার করেছে উপজেলা প্রশাসন। নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল কাইয়ুম খান বলেন, "ডাইনগাঁও মৌজার জমিগুলো নদী শ্রেণিভুক্ত সরকারি সম্পত্তি। অধিকাংশ সময় এসব জমি পানিতে তলিয়ে থাকে। বনায়নের জন্য এমন স্থানকেই নির্বাচন করা হয়েছে, যেখানে নিয়মিত কৃষি আবাদ হয় না। সরকারের পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগানোর পরিকল্পনার অংশ হিসেবেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৬
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৫ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%