ঢাকা বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ইং ০৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

আলীকদমে বাসের চাপায় পুলিশ কনস্টেবল সাজু চক্রবর্তী নিহত


আলীকদমে বাসের চাপায় পুলিশ কনস্টেবল সাজু চক্রবর্তী নিহত

বান্দরবানের আলীকদমে একটি বাসের চাপায় মোটরসাইকেল আরোহী সাজু চক্রবর্তী নামে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। এই ঘটনা ঘটে বুধবার (১৮ নভেম্বর) বিকেল আনুমানিক সাড়ে ৩টার দিকে চকরিয়া-লামা-আলীকদম সড়কের শিবাতলীপাড়া এলাকায়।

নিহত সাজু চক্রবর্তী আলীকদম থানায় কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন। তার বাড়ি কক্সবাজার জেলার পার্শ্ববর্তী এলাকায় বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বুধবার দুপুরে আলীকদম থানার দাপ্তরিক কাজে মোটরসাইকেল নিয়ে বের হন কনস্টেবল সাজু চক্রবর্তী। বিকেল সাড়ে ৩টার দিকে শিবাতলী পাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বেপরোয়া গতির যাত্রিবাহী বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।

আরও পড়ুন: পটুয়াখালী জেলা যুবদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে রাঙ্গাবালীতে ছাত্রদল-যুবদলের আনন্দ মিছিল

দুর্ঘটনার পর স্থানীয়রা এগিয়ে আসেন এবং তার সঙ্গে থাকা নথিপত্র দেখে তার পরিচয় শনাক্ত করেন। খবর পেয়ে আলীকদম থানা পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে।

আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, এ ঘটনায় ঘাতক বাসটি আটক করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৩২তম চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুক্রবার শুরু

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:৫৪ পি.এম


৩২তম চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুক্রবার শুরু

বন্দরনগরী চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে আগামী ২০ নভেম্বর (শুক্রবার) থেকে দেশের ঐতিহ্যবাহী বাণিজ্য সংস্থা ‘চট্টগ্রাম চেম্বার’ আয়োজিত মাসব্যাপী ‘৩২তম চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্য মেলা (সিআইটিএফ)-২০২৬’ শুরু হতে যাচ্ছে। অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এদিন বিকেল ৩টায় আনুষ্ঠানিক উদ্বোধন করবেন মেলার।

চট্টগ্রাম চেম্বারের হল কক্ষে বুধবার (১৮ নভেম্বর) বিকালে আয়োজিত সংবাদ সম্মেলনে মেলা কমিটির উপদেষ্টা আমীর হুমায়ুন মাহমুদ চৌধুরী এসব তথ্য জানান। সংবাদ সম্মেলনে চট্টগ্রাম চেম্বার সভাপতি মোহাম্মদ আমিরুল হক, মেলা কমিটির চেয়ারম্যান এস.এম. সাইফুল আলমসহ চেম্বারের জ্যেষ্ঠ পরিচালকরা উপস্থিত ছিলেন।

লিখিত বক্তব্যে আমীর হুমায়ুন মাহমুদ চৌধুরী উল্লেখ করেন, ১৯৯৩ সাল থেকে দেশীয় পণ্যের প্রচার ও প্রসারে নিয়মিত বাণিজ্য মেলার আয়োজন করে আসছে চট্টগ্রাম চেম্বার। সেই ধারাবাহিকতায় এবারও চট্টগ্রাম রেলওয়ের পলোগ্রাউন্ডে প্রায় ৪ লাখ বর্গফুট এলাকা নিয়ে মেলা প্রস্তুত করা হয়েছে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত মেলা সর্বসাধারণের জন্য খোলা থাকবে। মেলায় প্রবেশ ফি নির্ধারণ করা হয়েছে ৩০ টাকা।

এবারের মেলায় বিশেষ আকর্ষণ হিসেবে ভারত, পাকিস্তান, চীন ও থাইল্যান্ডের উদ্যোক্তারা তাদের পণ্য প্রদর্শন ও বিক্রয় করবেন। মেলায় মোট ২০টি প্যাভিলিয়ন, ১টি অ্যাসোসিয়েট কান্ট্রি জোন এবং ২১৬টি স্টলে ৩০০টিরও বেশি প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে। মেলা প্রাঙ্গণে একটি আকর্ষণীয় ফুডজোন, আলাদা নামাজের স্থান, দুটি চিলড্রেন প্লে-জোন এবং সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে স্বেচ্ছাসেবী সংস্থাগুলোর জন্য বিনামূল্যে স্টল বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়া দৃষ্টিনন্দন লে-আউট এবং আগতদের বিশ্রামের ব্যবস্থা করা হয়েছে।

নিরাপত্তার বিষয়ে তিনি জানান, দর্শনার্থী ও ব্যবসায়ীদের নিরাপত্তার জন্য মেলা প্রাঙ্গণসহ আশপাশের এলাকা সার্বক্ষণিক সিসিটিভি ক্যামেরার আওতায় রাখা হয়েছে। প্রাইভেট সিকিউরিটি, পুলিশ বাহিনী ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা চব্বিশ ঘণ্টা মেলা প্রাঙ্গণে দায়িত্ব পালন করবেন। দুর্ঘটনা মোকাবেলায় ফায়ার সার্ভিসের গাড়ি ও মেডিকেল টিম সার্বক্ষণিক মোতায়েন থাকবে।

উদ্বোধনী অনুষ্ঠানে চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক ডা. শাহাদাত হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এছাড়া ‘গেস্ট অব অনার’ হিসেবে থাকবেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবু সুফিয়ান এবং চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান। সংবাদ সম্মেলনে জানানো হয়, মেলা শেষে সেরা প্যাভিলিয়ন, স্টল ও দেশীয় পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোকে বিশেষ পদক ও সনদপত্র প্রদান করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এমপিও শিক্ষকদের পে স্কেলে ভুল সংশোধনের নতুন চিঠি যাচ্ছে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:৫৪ পি.এম


এমপিও শিক্ষকদের পে স্কেলে ভুল সংশোধনের নতুন চিঠি যাচ্ছে

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা প্রদান সংক্রান্ত পে-স্কেলে একটি নতুন চিঠি অর্থ বিভাগে পাঠানোর পরিকল্পনা রয়েছে। বেতন-ভাতার হিসাবের ভুলত্রুটি দেখা দেওয়ায় পুনরায় চিঠি পাঠানোর প্রস্তুতি চলছে।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) একটি সূত্র জানায়, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের নবম পে-স্কেল অনুযায়ী বেতন-ভাতা প্রদানের জন্য হিসাবের ভুল সংশোধন করে অর্থ বিভাগে নতুন চিঠি পাঠানোর কাজ চলছে।

এতে জানা গেছে, এর আগে মাউশির পক্ষ থেকে স্কুল-কলেজের শিক্ষক-কর্মচারীদের নবম পে স্কেলে বেতন দেওয়ার জন্য ৩ হাজার ২৬৭ কোটি ৯০ লাখ টাকা অতিরিক্ত বরাদ্দের আবেদন করা হয়েছিল। কিন্তু এই হিসাবের মধ্যে বড় ধরনের ত্রুটি থাকায় অর্থ বিভাগ বিষয়টি শিক্ষা মন্ত্রণালয়কে আনুষ্ঠানিকভাবে জানায়।

এর পরিপ্রেক্ষিতে, শিক্ষা মন্ত্রণালয় গতকাল মঙ্গলবার মাউশিকে চিঠি দিয়ে সঠিক হিসাব পুনরায় পাঠানোর নির্দেশ দেয়। মাউশির সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, নতুন হিসাব তৈরির কাজ প্রায় শেষের দিকে রয়েছে। দ্রুতই এই সংশোধিত হিসাব বিবরণী মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে পাঠানো হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘মাতৃভূমি’র টিমকে ২৫টি দামি ঘড়ি উপহার দিলেন সালমান খান

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:৫৫ পি.এম


‘মাতৃভূমি’র টিমকে ২৫টি দামি ঘড়ি উপহার দিলেন সালমান খান

বলিউডের সহকর্মীদের জন্য উপহার দিয়ে চমক সৃষ্টি করার জন্য পরিচিত সালমান খান। এবার তিনি নিজের নতুন সিনেমা ‘মাতৃভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস’-এর কলাকুশলীদের জন্য বিশেষ উপহারের ব্যবস্থা করেছেন। সিনেমাটির প্রচার পরিকল্পনা নিয়ে আলোচনা করার জন্য তাদের ডেকে এনে দামি সুইস ঘড়ি উপহার দেন তিনি।

১২ নভেম্বর মুম্বাইয়ের পানভেলে নিজের ফার্মহাউসে সিনেমাটির টিমের সদস্যদের আমন্ত্রণ জানান সালমান। সিনেমাটির ট্রেলার দুই দিন আগে প্রকাশিত হয়েছিল। সেখানে প্রচারের পরিকল্পনা নিয়ে আলোচনা হওয়ার কথা থাকলেও উপস্থিত সবাইকে চমকে দেন অভিনেতা। প্রত্যেকের হাতে তিনি নিজেই একটি করে ঘড়ি তুলে দেন।

গালফ নিউজের বরাত দিয়ে মিড-ডে জানিয়েছে, সালমান ২০ থেকে ২৫টি ঘড়ি উপহার দিয়েছেন। প্রতিটির দাম ভারতীয় মুদ্রায় আনুমানিক ২ থেকে ৬ লাখ রুপি। কাপুর ওয়াচ কোম্পানির মাধ্যমে সংগ্রহ করা এসব ঘড়ির মধ্যে পুরুষ সদস্যদের জন্য লংজিনস ও ট্যাগ হিউয়ার ব্র্যান্ডের ঘড়ি দেওয়া হয়েছে। নারীদের জন্য ছিল রাডোর ঘড়ি।

সেদিনের আয়োজনে উপস্থিত ছিলেন সিনেমাটির পরিচালক অপূর্ব লাখিয়া, অভিনেত্রী চিত্রাঙ্গদা সিং, অঙ্কুর ভাটিয়া, বিপিন ভরদ্বাজ ও তানিয়া দেশাই। এছাড়া সংলাপ লেখক চিন্তন শাহও সেখানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে এবং কয়েকজন অতিথি নিজেদের ছবি প্রকাশ করেছেন।

সালমান ও চিত্রাঙ্গদা সিং অভিনীত ‘মাতৃভূমি’ একটি যুদ্ধভিত্তিক সিনেমা। সালমান খান ফিল্মসের ব্যানারে নির্মিত ছবিটি পরিচালনা করেছেন অপূর্ব লাখিয়া। শুরুতে সিনেমাটির নাম ছিল ‘ব্যাটল অব গালওয়ান’, পরে নাম পরিবর্তন করা হয়।

ট্রেলার প্রকাশের অনুষ্ঠানে সালমান জানান, সিনেমাটি কোনো জীবনীভিত্তিক বা চীনবিরোধী ছবি নয়। বরং সীমান্তের দুই পাশের সেনাসদস্য ও তাদের পরিবারের জীবন এবং যুদ্ধের প্রভাব তুলে ধরা হয়েছে এতে। সিনেমাটির মুক্তি পেছানোর কারণও ব্যাখ্যা করেন তিনি। চিত্রাঙ্গদার আঘাতের কারণে শুটিংয়ের সময়সূচিতে পরিবর্তন আসে। পাশাপাশি ভিজ্যুয়াল ইফেক্টের কাজ তাড়াহুড়া না করে ভালোভাবে শেষ করতে বাড়তি সময় নিয়েছে টিম।

‘মাতৃভূমি’ আগামী ৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাকৃবিতে মোটরসাইকেল-ভ্যানের সংঘর্ষে এক স্কুলছাত্র নিহত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:৫৫ পি.এম


বাকৃবিতে মোটরসাইকেল-ভ্যানের সংঘর্ষে এক স্কুলছাত্র নিহত

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) অভ্যন্তরীণ সড়কে একটি মোটরসাইকেল ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষের ফলে সাদি (১৭) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছেন। বুধবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে ক্যাম্পাস চত্বরের কৃষি বিশ্ববিদ্যালয় প্রাথমিক বিদ্যালয়ের (কেবি স্কুল) সামনে এই দুর্ঘটনা ঘটে। পরে হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কেবি স্কুলের সামনের স্পিডব্রেকারের কাছে সংঘর্ষটি ঘটে। স্পিডব্রেকারটি উচ্চ এবং এর রঙ উঠে যাওয়ার কারণে দূর থেকে সহজে বোঝা যায় না। এছাড়া, মোটরসাইকেলটির গতিও বেশি ছিল বলে তারা জানান।

নিহত সাদি ময়মনসিংহের মুকুল নিকেতন বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ছিলেন। তার বাড়ি ময়মনসিংহ সদর উপজেলার দিঘারকান্দা এলাকার ২৫ নম্বর ওয়ার্ডে অবস্থিত। তার বাবা মো. নাছির উদ্দীন বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তাকর্মী হিসেবে কর্মরত আছেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মো. আবদুল আলীম বলেছেন, ‘ঘটনাটি জানার পর আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। ছেলেটি আমাদের বিশ্ববিদ্যালয়ের একজন নিরাপত্তাকর্মীর ছেলে। সে আমাদের বিশ্ববিদ্যালয় পরিবারেরই একজন। এ ঘটনায় আমরা অত্যন্ত মর্মাহত। আমরা তার আত্মার মাগফিরাত কামনা করছি।’

স্পিডব্রেকার সম্পর্কে প্রক্টর আরও বলেন, ‘আমরা ইতিমধ্যে বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল শাখার সঙ্গে কথা বলেছি যাতে স্পিডব্রেকারটি দ্রুত নিচু করে দেওয়া হয়।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৬
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৫ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%