০৬:৩৪ পি.এম
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদ সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চলের পরিচালক মোহাম্মদ মোবারক হোসাইন মন্তব্য করেছেন যে, ৭ দফা দাবি বাস্তবায়ন না হলে দেশের পরিস্থিতি ফ্যাসিস্ট আওয়ামী আমলের চেয়েও খারাপ হতে পারে। তিনি উল্লেখ করেছেন যে, দেশের অস্থিতিশীলতার জন্য নানা বহুমুখী ষড়যন্ত্র চলছে। এর অংশ হিসেবে বিভিন্ন স্থানে শ্রমিক আন্দোলন শুরু হয়েছে। তিনি সতর্ক করেছেন যে, যদি এই আন্দোলন বুদ্ধিমত্তার সঙ্গে মোকাবিলা করা না হয়, তবে বিদেশি বিনিয়োগকারীরা দেশ থেকে মুখ ফিরিয়ে নেবেন এবং এর ফলে অর্থনীতি চরম সংকটে পড়বে।
শুক্রবার সকালে বেগনগর কিন্ডারগার্টেন স্কুলের হল রুমে চুয়াডাঙ্গা জেলা জামায়াতে ইসলামীর দায়িত্বশীল সমাবেশ ও জেলা আমিরের শপথগ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধান অতিথি আরও উল্লেখ করেন, গত ৩১ মার্চের লংমার্চ সারা দুনিয়ায় আলোচনার বিষয়বস্তু হয়ে উঠেছিল। যদিও চুয়াডাঙ্গার ওপর দিয়ে লংমার্চ হয়নি, তবুও চুয়াডাঙ্গা জেলা সংগঠন বিশাল জনসমাগম ঘটিয়ে একটি অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। চুয়াডাঙ্গাকে একটি ভারসাম্যপূর্ণ জেলা হিসেবে উল্লেখ করে তিনি বলেন, ‘এখানে আমাদের দুজন সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। যদিও আমরা সরকারে নেই, তবুও বিরোধী দল হিসেবে জনগণের কাছে আমাদের অনেক কমিটমেন্ট রয়েছে। দায়িত্বশীলদের তা সততার সঙ্গে পূরণ করতে হবে।’
আরও পড়ুন: টেকনাফে সেনাসদস্য নিহত হওয়ায় নেজামে ইসলাম পার্টির শোক
অনুষ্ঠানে নবনির্বাচিত জেলা আমির হিসেবে শপথ গ্রহণ করেন চুয়াডাঙ্গার সংসদ সদস্য রুহুল আমিন। প্রধান অতিথি তাঁকে অভিনন্দন ও দোয়া জানিয়ে বলেন, তিনি যেন সংগঠন পরিচালনার ক্ষেত্রে সব ধরনের আঞ্চলিকতার ঊর্ধ্বে থেকে জনশক্তির প্রতি ন্যায়বিচার ও ইনসাফ নিশ্চিত করেন। উল্লেখ্য, রুহুল আমিন এর আগে ২০২৩-২০২৪ এবং ২০২৫-২০২৬ সেশনেও জেলা আমিরের দায়িত্ব পালন করেছেন। এটি তাঁর তৃতীয় মেয়াদে জেলা আমির হিসেবে শপথগ্রহণ।
জেলা সহকারী পরিচালক আলমগীর হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য মাসুদ পারভেজ রাসেল।
অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অ্যাডভোকেট আসাদুজ্জামান, সহকারী সেক্রেটারি আব্দুল কাদের, সমাজকল্যাণ সম্পাদক আলতাফ হোসাইন, জেলা ইউনিট সদস্য অ্যাডভোকেট মুসলিম উদ্দিন এবং যুব বিভাগের সভাপতি নূর মোহাম্মদসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন স্তরের দায়িত্বশীল বৃন্দ।
Ñএমএইচ
আরও পড়ুন: জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী, ৭ নভেম্বরের চেতনা তুলে ধরলেন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন