ঢাকা মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ইং ১১ই কার্তিক, ১৪৩৩বাং

চীনা গুপ্তচর সন্দেহভাজন ঝাংয়ের লস অ্যাঞ্জেলেস আদালতে অভিযোগ অস্বীকার


চীনা গুপ্তচর সন্দেহভাজন ঝাংয়ের লস অ্যাঞ্জেলেস আদালতে অভিযোগ অস্বীকার

চীনা গুপ্তচর সন্দেহভাজন ওয়ানইং ঝাং যুক্তরাষ্ট্রে চীনের অনিবন্ধিত প্রতিনিধি হিসেবে কাজ করার অভিযোগ এবং তাইওয়ানের প্রেসিডেন্টের ছেলের ওপর নজরদারি চালানোর অভিযোগ অস্বীকার করেছেন।

৩৪ বছর বয়সী ঝাং শুক্রবার (২৩ অক্টোবর) লস অ্যাঞ্জেলেসের একটি কেন্দ্রীয় আদালতে হাজির হয়ে নিজের বিরুদ্ধে আনা অভিযোগের দায় স্বীকার করেননি। আদালতে সাদা পোশাক পরে এবং হাতকড়া পরা অবস্থায় উপস্থিত হন তিনি। তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে, ২০২৫ সালের সেপ্টেম্বরে ওয়াশিংটন অঙ্গরাজ্যের সিয়াটল শহরতলিতে তাইওয়ানের প্রেসিডেন্টের ছেলের ওপর নজরদারি চালিয়েছেন। এছাড়া, চীনা গোয়েন্দা কর্মকর্তাদের সঙ্গে যোগসাজশ করে গুপ্তচরবৃত্তির অভিযানের অভিযোগও রয়েছে।

চলতি মাসের শুরুতে লস অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দরে চীনের উদ্দেশে বিমানে ওঠার চেষ্টা করার সময় তাকে গ্রেপ্তার করা হয়। যুক্তরাষ্ট্রে চীনা সরকারের অনিবন্ধিত প্রতিনিধি হিসেবে কাজ করার অভিযোগে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ঝাং এবং তার স্বামী এড্রিক ডিং ক্যালিফোর্নিয়ার আরভিন শহরে একই প্রতিষ্ঠানে আবাসন ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন। তবে শুক্রবারের (২৩ অক্টোবর) সংক্ষিপ্ত শুনানিতে ডিং উপস্থিত ছিলেন না।

আরও পড়ুন: মধ্যপ্রাচ্য সংঘাত শেষ হলেও জ্বালানি সংকট অব্যাহত থাকবে: আইইএ প্রধান

এর আগে আদালতে দেওয়া এক নথিতে সরকারি আইনজীবীরা দাবি করেন, গত বছর ওয়াশিংটন অঙ্গরাজ্যে কথিত নজরদারির অভিযানে ঝাংয়ের সঙ্গে থাকা এক ব্যক্তির সঙ্গে তার বিবাহবহির্ভূত সম্পর্ক ছিল। ওই ব্যক্তির নাম ফাতাই মিয়াও, যিনি নির্মাণ ব্যবসার সঙ্গে যুক্ত এবং সম্প্রতি একমুখী টিকিটে দক্ষিণ ক্যালিফোর্নিয়া ছেড়ে চীনে গেছেন বলে জানা গেছে।

তবে মিয়াওয়ের ছেলের দাবি, তার বাবা চীনা সরকারের হয়ে কাজ করছিলেন বলে তিনি বিশ্বাস করেন না। মিয়াওয়ের বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো অপরাধের অভিযোগ আনা হয়নি। আদালত আগামী ১২ নভেম্বর মামলার পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করেছে। আগামী ৩০ নভেম্বর ক্যালিফোর্নিয়ার সান্তা আনায় একটি কেন্দ্রীয় আদালতে মামলার বিচার শুরু হওয়ার কথা রয়েছে। বিচারপ্রক্রিয়া প্রায় চার দিন চলতে পারে বলে ধারণা করা হচ্ছে।

শুক্রবার (২৩ অক্টোবর) এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি সরকারি আইনজীবী ও ঝাংয়ের আইনজীবী ক্রেইগ হারবাগ।

সূত্র: সিবিএস নিউজ

আরও পড়ুন: মিসরের পার্লামেন্ট সৌদিকে সামরিক সহায়তা দিতে অনুমোদন করেছে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নাইজেরিয়ায় গ্রামে বন্দুকধারীদের হামলায় ১০ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ ইং

১০:৪৬ এম


নাইজেরিয়ায় গ্রামে বন্দুকধারীদের হামলায় ১০ জন নিহত

নাইজেরিয়ার পূর্বাঞ্চলীয় তারাবা রাজ্যের একটি গ্রামে বন্দুকধারীদের হামলায় নিহত হয়েছেন অন্তত ১০ জন, এমন তথ্য জানিয়েছে দেশটির পুলিশ। তবে হামলার শিকার ব্যক্তিদের দাবি, নিহতের সংখ্যা অন্তত ২০। মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলছে, এ হামলায় নিহতের সংখ্যা ৪০। শুক্রবার জুমার নামাজের পর মোটরসাইকেলে করে আসা বন্দুকধারীরা গ্রামটিতে হামলা চালায় এবং এ সময় তারা দোকান থেকে খাবারসহ অন্যান্য জিনিসপত্র লুট করে।

শনিবার নাইজেরিয়ার পুলিশ জানায়, শুক্রবার সন্ধ্যা পর্যন্ত তারাবা রাজ্যের বিনারি গ্রাম থেকে ১০ জনের লাশ উদ্ধার করা হয়েছে। পরে আরো লাশ উদ্ধারের খবর পাওয়া গেছে। বার্তা সংস্থা এএফপিকে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, হামলার পর তারা ২০টির বেশি লাশ দেখতে পান, যদিও তখনো কিছু মানুষ নিখোঁজ ছিলেন।

বিনারি গ্রামের বাসিন্দা সাইদু নুহু এএফপিকে বলেন, “হামলাকারীরা চলে যাওয়ার পর আমরা ২০টির বেশি লাশ গুনেছি। তখনো কিছু মানুষ নিখোঁজ ছিলেন।” গ্রামের আরেক বাসিন্দা ইসিয়াকু মুসা নিহতের সংখ্যা অন্তত ২০ বলে জানিয়েছেন। স্থানীয় সম্প্রদায়ের নেতা মালাম আবুবকর সাইফুল্লাহ এএফপিকে বলেন, প্রায় ৫০টি মোটরসাইকেলে করে হামলাকারীরা গ্রামে আসে, প্রতিটি মোটরসাইকেলে দুজন করে ছিল। এরপর তারা গ্রামে লুটপাট চালায়।

সাইফুল্লাহ বলেন, হামলাকারীরা দোকান থেকে নগদ টাকা, খাবার ও অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে যায়। হামলার সময় প্রাণ বাঁচাতে পালিয়ে যাওয়া লোকজনের ফেলে যাওয়া মোটরসাইকেলও তারা নিয়ে যায়। শনিবার এক বিবৃতিতে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানায়, পুলিশ প্রথমে ১০ জন নিহত হওয়ার কথা নিশ্চিত করেছিল, তবে শনিবার পরে আরো লাশ উদ্ধারের খবর পাওয়া যায়। সংগঠনটির হিসাবে, হামলায় নিহতের সংখ্যা ৪০।

নাইজেরিয়ার কর্তৃপক্ষের সমালোচনা করে অ্যামনেস্টি বলেছে, দেশটির উত্তরের কয়েকটি অঞ্চলে গ্রামীণ জনগোষ্ঠীকে বারবার বন্দুকধারীদের হামলার মুখে ফেলে রাখা হচ্ছে। হামলাকারীরা দায়মুক্তি নিয়ে একের পর এক নৃশংসতা চালিয়ে যাচ্ছে।

নাইজেরিয়ায় সশস্ত্র গোষ্ঠীর তৎপরতা

নাইজেরিয়ার উত্তর-পশ্চিম ও মধ্যাঞ্চলে সশস্ত্র ডাকাত গোষ্ঠীর তৎপরতা দিন দিন বাড়ছে। দুর্গম গ্রামীণ এলাকায় এসব গোষ্ঠীর সঙ্গে জনবল ও সরঞ্জামের সংকটে থাকা পুলিশ ও সেনাবাহিনীর সংঘাত চলছে। দেশটির মধ্য-পূর্বাঞ্চলীয় রাজ্য তারাবাতেও এ ধরনের সশস্ত্র গোষ্ঠীর হুমকি রয়েছে। এসব গোষ্ঠীর তৎপরতা কোনো নির্দিষ্ট মতাদর্শভিত্তিক নয়।

নাইজেরিয়ার যেসব গ্রামীণ এলাকায় সরকারের উপস্থিতি কম, সেখানে এসব সশস্ত্র গোষ্ঠী গ্রামে হামলা চালায়, মুক্তিপণের জন্য মানুষকে অপহরণ করে এবং কৃষক ও খনিশ্রমিকদের কাছ থেকে ‘কর’ আদায় করে। এদিকে, ২০০৯ সালে বোকো হারামের বিদ্রোহ শুরুর পর থেকে নাইজেরিয়ায় সশস্ত্র বিদ্রোহ দমনের লড়াই চলছে।

এর মধ্যেই শনিবার দেশটির সামরিক বাহিনী জানিয়েছে, উত্তর-পূর্বাঞ্চলীয় বর্নো রাজ্যে বিমান হামলা চালিয়ে ১৫ জন ‘সন্ত্রাসীকে’ হত্যা করা হয়েছে। তবে ওই অভিযানের বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হয়নি।

এএম

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিদেশের কারাগারে ১৫ হাজার ২১৩ বাংলাদেশি, সহায়তা নিয়ে অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ ইং

১০:৪৭ এম


বিদেশের কারাগারে ১৫ হাজার ২১৩ বাংলাদেশি, সহায়তা নিয়ে অভিযোগ

বিশ্বের বিভিন্ন দেশের কারাগারে বর্তমানে ১৫ হাজার ২১৩ বাংলাদেশি বন্দি অবস্থান করছেন। সৌদি আরব, মালয়েশিয়া এবং ভারতে বন্দিদের সংখ্যা সবচেয়ে বেশি। ৩০ সেপ্টেম্বরের তথ্য অনুযায়ী, জেদ্দাতে আটক বাংলাদেশির সংখ্যা ৫ হাজার ৪৮০। মালয়েশিয়ায় ২ হাজার ২১৭, ভারতে ১ হাজার ৪৪৪ এবং থাইল্যান্ডে ১২৭ বাংলাদেশি বন্দি রয়েছেন। তবে, ভুক্তভোগী পরিবারের সদস্যরা সহায়তা নিয়ে বিভিন্ন অভিযোগ তুলেছেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের উদ্ধৃতি দিয়ে ডেইলি স্টার এক প্রতিবেদনে জানায়, সৌদি আরবের বিভিন্ন কারাগারে বন্দি বাংলাদেশির সংখ্যা প্রায় ৭ হাজার ৫০০।

সৌদি আরবে ৯ মাস কারাগারে কাটানো সিলেটের তিন ভাই আব্দুর রহমান, রিয়াজ উল্লাহ ও মোহাম্মদ আলী অভিযোগ করেছেন যে, গ্রেপ্তারের পর বাংলাদেশ মিশনের সঙ্গে বারবার যোগাযোগ করেও তারা কার্যকর সহায়তা পাননি। ২০২৪ সালের ডিসেম্বরে দেশে ফেরার আগে তাদের মুক্তির দাবিতে বাংলাদেশে মানববন্ধন ও মিছিল অনুষ্ঠিত হয়।

এদিকে, গত ১৪ অক্টোবর সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার ঘটনা কনস্যুলার সহায়তার কার্যকারিতা নিয়ে নতুন প্রশ্ন তুলে দিয়েছে। জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেটের একটি গোপনীয় স্মারক অনুযায়ী, ৩০ সেপ্টেম্বর পাওয়া বন্দিদের তালিকায় তাদের নাম থাকলেও মৃত্যুদণ্ডের তথ্য উল্লেখ ছিল না। সাজাপ্রাপ্তদের আইনি অবস্থার পর্যালোচনা ও ফলোআপের বিষয়ে মিশনের ভূমিকা এখনও স্পষ্ট নয়। এই বিষয়টি পর্যালোচনার দাবি জানিয়েছে হিউম্যান রাইটস ফোরাম বাংলাদেশ।

বিভিন্ন দেশে বাংলাদেশের মিশনগুলো জানিয়েছে, তারা কারাগার পরিদর্শন, আইনি সহায়তা এবং স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে বন্দিদের সহযোগিতা করে। মালয়েশিয়ায় বাংলাদেশ মিশনের কর্মকর্তা সিদ্দিকুর রহমান জানান, প্রতি সপ্তাহে আটককেন্দ্র পরিদর্শন করা হয়। দেশটিতে বন্দি বাংলাদেশিদের প্রায় ৭০ শতাংশ ভিসার মেয়াদ শেষ হওয়াসংক্রান্ত মামলায় আটক রয়েছে।

থাইল্যান্ডে বাংলাদেশ মিশনের কর্মকর্তা জহির ইমাম বলেন, দেশটির আইন অনুযায়ী সাজা শেষ হওয়ার আগে বন্দিদের ফেরত পাঠানো সম্ভব নয়। তবে, পরিবার অনুরোধ জানালে বা বন্দিরা আপিল করলে আইনজীবী নিয়োগের চেষ্টা করা হয়।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম জানান, পররাষ্ট্র, প্রবাসী কল্যাণ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সমন্বয়ে কূটনৈতিক চ্যানেলে বন্দিদের মুক্তি, ক্ষমা ও সাজা কমানোর চেষ্টা করা হচ্ছে। মিশন থেকে সহায়তা না পাওয়ার অভিযোগ স্বীকার করে তিনি বলেন, ভুক্তভোগীরা সরাসরি তাঁর দপ্তর বা মন্ত্রণালয়ে যোগাযোগ করতে পারেন।

বিদেশে বন্দি বাংলাদেশিদের তথ্য সংরক্ষণ ও প্রত্যাবাসন সহজ করতে পররাষ্ট্র মন্ত্রণালয় একটি অনলাইন ডেটাবেজ তৈরির পরিকল্পনা করছে। এই ডেটাবেজে বন্দিদের পরিচয়, পাসপোর্ট-ভিসার তথ্য, অপরাধের ধরন ও সাজার মেয়াদ অন্তর্ভুক্ত থাকবে। সাজা শেষ হওয়ার ছয় মাস আগে সতর্কবার্তা পাওয়ার ব্যবস্থাও রাখা হবে।

ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রামের সহযোগী পরিচালক শরিফুল হাসান বলেন, অভিবাসন আইন লঙ্ঘন ও ফৌজদারি অপরাধের মামলাগুলো আলাদাভাবে মূল্যায়ন করা প্রয়োজন। বন্দিদের যথাযথ আইনি সহায়তা, প্রত্যাবাসন এবং দেশে ফেরার পর পুনর্বাসন নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেন তিনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অস্ট্রেলিয়া গিয়ে আরও বড় দুঃসংবাদ পেলেন নাহিদ রানা

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ ইং

১০:৪৮ এম


অস্ট্রেলিয়া গিয়ে আরও বড় দুঃসংবাদ পেলেন নাহিদ রানা

ওয়েস্ট ইন্ডিজ সিরিজে খেলার সুযোগ নেই, এটি আগেই জানা ছিল। তবে নাহিদ রানা অস্ট্রেলিয়া গিয়ে তার চোটের ব্যাপারে যে তথ্য পেয়েছেন, তাতে বাংলাদেশ ক্রিকেট দলের জন্য বড় বিপদের আশঙ্কা তৈরি হয়েছে।

নিতম্বের ব্যথা নিয়ে নাহিদ অস্ট্রেলিয়ায় গিয়েছিলেন। সেখানে গিয়ে তিনি জানতে পারেন যে, তার ল্যাব্রাম ছিঁড়ে গেছে। এই চোটের কারণে ওয়েস্ট ইন্ডিজ সিরিজের পাশাপাশি আগামী নভেম্বরে দক্ষিণ আফ্রিকা সফরেও নাহিদের খেলা অনিশ্চিত হয়ে পড়েছে।

বাংলাদেশ অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার দারুণ সুযোগ তৈরি করেছে। সেই সুযোগটি বাস্তবে রূপ দিতে হলে কিছু সমীকরণ মেলাতে হবে। ঠিক এই সময়ে এসে গুরুত্বপূর্ণ দুটি টেস্ট সিরিজে এই গতিশীল পেসারকে না পাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

ক্রিকেট বিষয়ক সংবাদমাধ্যম ক্রিকবাজকে নাহিদের চোটের বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এক কর্মকর্তা। তিনি বলেন, ‘নাহিদের ল্যাব্রাম ছিঁড়ে যাওয়ার সমস্যা ধরা পড়েছে। অস্ট্রেলিয়ায় তাকে ইতিমধ্যে একটি ইনজেকশন দেওয়া হয়েছে এবং তিনি পুনর্বাসন কার্যক্রম শুরু করেছেন। শুক্রবার (৩০ অক্টোবর) তার বোলিং শুরু করার সম্ভাবনা রয়েছে।’

ল্যাব্রাম হলো জয়েন্টের হাড়ের সংযোগস্থলে থাকা একটি নমনীয় টিস্যু। এটি জয়েন্টকে স্থিতিশীল রাখতে সাহায্য করে। এই টিস্যুতে আঘাত লাগলে সুস্থ হতে সময় লাগতে পারে। তবে নাহিদের ক্ষেত্রে কতদিন লাগবে, তা এখনো নিশ্চিত নয়।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের জন্য শুক্রবার ঘোষিত বাংলাদেশের ১৫ সদস্যের দলে নাহিদ ছিলেন না। পুরো সিরিজ থেকে তার ছিটকে যাওয়ার বিষয়টি প্রায় নিশ্চিত।

বাংলাদেশের দক্ষিণ আফ্রিকা সফর শুরু হওয়ার কথা ১৫ নভেম্বর। এই সফরে দুই টেস্টের পাশাপাশি তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ।

বিসিবির ওই কর্মকর্তা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টের আগে নাহিদের সুস্থ হয়ে ওঠার ব্যাপারে আশাবাদী নন। দ্বিতীয় টেস্টে তিনি খেলতে পারবেন কি না, তা তার সুস্থতার গতির ওপর নির্ভর করবে।

কর্মকর্তা বলেন, ‘দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টেস্টের আগে যদি সে সুস্থ হয়ে উঠতে না পারে, তাহলে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সাদা বলের সিরিজ দিয়ে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে পারে।’

নাহিদের ফেরার সময় এখনো অনিশ্চিত। তার পুনর্বাসন কতটা ভালোভাবে এগোতে পারে, সেটিই হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।

নাহিদ রানার জন্য চোটের সমস্যা নতুন নয়। এর আগে জুলাইয়ে জিম্বাবুয়ে সফরের সময় তার পাশের পেশিতে দ্বিতীয় মাত্রার চোট লেগেছিল। সেই চোটের কারণে তিনি অস্ট্রেলিয়া সফর, এশিয়ান গেমস এবং আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে খেলতে পারেননি।

সেই চোট কাটিয়ে ফেরার প্রস্তুতি নেওয়ার সময় পুনর্বাসন কার্যক্রমে আবারও সমস্যায় পড়েন নাহিদ। এবার তার নিতম্বের পেশিতে চোট লাগে। এর ফলে আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজেও তিনি খেলতে পারেননি। এবার ল্যাব্রামের চোট তার প্রত্যাবর্তনের পথে নতুন বাধা তৈরি করল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ওমান সাগরে নিখোঁজ নুর উদ্দিনের পরিবারে শোক, বাবার অপেক্ষায় দেড় বছরের শিশু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ ইং

১০:৪৮ এম


ওমান সাগরে নিখোঁজ নুর উদ্দিনের পরিবারে শোক, বাবার অপেক্ষায় দেড় বছরের শিশু

চট্টগ্রামের সন্দ্বীপের তরুণ নুর উদ্দিন সুদূর ওমানে পাড়ি জমিয়ে ভাগ্যের চাকা ঘোরাতে এবং পরিবারের মুখে হাসি ফোটানোর চেষ্টা করেছিলেন। কিন্তু এক মুহূর্তে সব স্বপ্ন যেন তলিয়ে গেল ওমান সাগরের অতল গভীরে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) ওমান সাগরে মাছ ধরতে গিয়েছিলেন দুই ভাই। ফিশিং করার সময় অসাবধানতাবশত ছোট ভাই নুর উদ্দিন হঠাৎ সাগরের পানিতে পড়ে যান। এরপর থেকে তিনি নিখোঁজ রয়েছেন।

জানা যায়, সাত বছর আগে নুর উদ্দিন পরিবারের ভাগ্য পরিবর্তনের উদ্দেশ্যে ওমান পাড়ি দিয়েছিলেন। সর্বশেষ ২০২৪ সালে দেশে এসেছিলেন তিনি। বৃহস্পতিবার বাংলাদেশ সময় সন্ধ্যা ছয়টার সময় এই দুর্ঘটনা ঘটে। মাছ ধরার সময় টলার থেকে পড়ে যান দুই ভাই, তাদের মধ্যে একজনকে উদ্ধার করা সম্ভব হলেও নুর উদ্দিনকে উদ্ধার করা যায়নি। এ সময় তার বড় ভাইও সেখানে উপস্থিত ছিলেন।

নুর উদ্দিনের ঘরে রয়েছে দেড় বছরের একটি ফুটফুটে সন্তান। যে অবুঝ শিশুটি এখনও ভালো করে বাবা বলে ডাকতেও শেখেনি।

ছেলের নিখোঁজের খবর সন্দ্বীপে পৌঁছানোর পর পরিবারের মধ্যে অন্ধকারের কালো ছায়া নেমে এসেছে। সবচেয়ে বেশি ভেঙে পড়েছেন নুর উদ্দিনের বৃদ্ধ মা ও বাবা রুহুল আমিন। তিনি আজ শয্যাশায়ী হয়ে পড়েছেন, মুখে তুলছেন না কোনো দানাপানি। খাওয়া-দাওয়া ছেড়ে দিয়ে শুধু পথ চেয়ে আছেন—কখন আসবে তার আদরের সন্তান, কখন শুনতে পাবেন নুর উদ্দিনের গলার আওয়াজ।

নুর উদ্দিনের আকস্মিক নিখোঁজের ঘটনায় ওমান প্রবাসী বাংলাদেশি ও সন্দ্বীপের স্থানীয় মানুষের মধ্যে তীব্র শোক ও গভীর উদ্বেগ বিরাজ করছে। পরিবারের একটাই আকুতি— যে-কোনো মূল্যে নুর উদ্দিন যেন তার দেড় বছরের সন্তান এবং বৃদ্ধ বাবার কাছে ফিরে আসেন।

নিখোঁজ প্রবাসী নুর উদ্দিনের ভাগিনা শাহরিয়ার নিশাত বলেন, "আমার মামা বৃহস্পতিবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টার সময় সাগরে মাছ ধরতে যাওয়ার সময় বোর্ড থেকে পড়ে যান, এরপর থেকে মামার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।"

নুর উদ্দিন পাঁচ ভাই ও এক বোনের মধ্যে একজন। তিনি সর্বশেষ ২০২৪ সালে দেশে এসে বিয়ে করেন। তিনি সন্দীপ উপজেলার সন্তোষপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের রুহুল আমিনের পুত্র।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৫
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২৩
ইশা ০৬:৩৫
সূর্যোদয় : ০৬:০১ সূর্যাস্ত : ০৫:২৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%