ঢাকা বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৬ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ইং ০৬ই কার্তিক, ১৪৩৩বাং

হারমানপ্রীত ভারতের অধিনায়কত্ব ছাড়লেন


হারমানপ্রীত ভারতের অধিনায়কত্ব ছাড়লেন

ঢাকা, ৬ অক্টোবর, ২০২৬ : আন্তর্জাতিক ক্রিকেটের তিনটি ফরম্যাটে ভারতের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ালেন অভিজ্ঞ ব্যাটার হারমানপ্রীত কৌর। সম্প্রতি, তার নেতৃত্বে ভারত এশিয়ান গেমসে টানা দ্বিতীয়বারের মতো স্বর্ণপদক অর্জন করেছে।

গত বছর, হারমানপ্রীতের অধিনায়কত্বে ভারত প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপের শিরোপা জিতে। সাম্প্রতিক বছরগুলোতে, তিনি দলের সাফল্যের প্রধান কান্ডারি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি বার্তায় হারমানপ্রীত উল্লেখ করেন, ‘নেতৃত্ব ছাড়া সিদ্ধান্তটি মোটেও সহজ ছিল না। এর সাথে জড়িয়ে আছে বহু বছরের স্মৃতি, আবেগ, ত্যাগ এবং এমন সব মুহূর্ত যা সারাজীবন আমার সাথে থাকবে।’

আরও পড়ুন: ইউরোপীয় ফুটবলে ধনী ক্লাবগুলোর আর্থিক বৈষম্য বাড়ছে

তিনি আরও বলেন, ‘এই দল এবং ভারতীয় নারী ক্রিকেটের জন্য আমি আমার সবকিছু উজার করে দিয়েছি। রক্ত, ঘাম, সময় এবং আমার নিজের খেলা ও ব্যক্তিগত আকাঙ্খার অংশও।’

অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্ত নিলেও খেলা চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন হারমানপ্রীত। তিনি বলেন, ‘অধিনায়কত্বের অধ্যায় শেষ হলো। কিন্তু যাত্রা অব্যাহত থাকবে।’

গত জুনে, টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত টানা দ্বিতীয়বারের মতো গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছিল। এরপর থেকেই হারমানপ্রীতের নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে।

স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সোমবার ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) আয়োজিত এক বৈঠকে হারমানপ্রীতের নেতৃত্ব নিয়ে আলোচনা হয়েছে।

আরও পড়ুন: মাহমুদউল্লাহ রিয়াদ সমালোচিত ভিডিও নিয়ে মুখ খুললেন

হারমানপ্রীত ৫টি টেস্ট, ৫১টি ওয়ানডে এবং ১৫৫টি টি-টোয়েন্টি ম্যাচে ভারতকে নেতৃত্ব দিয়েছেন।

হারমানপ্রীতের স্থলাভিষিক্ত হওয়ার দৌড়ে স্মৃতি মান্ধানা এগিয়ে রয়েছেন। এশিয়ান গেমসের ফাইনালে শ্রীলংকার বিপক্ষে তিনি ৪৫ বলে ৭৯ রানের ম্যাচ জয়ী ইনিংস খেলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চোট থেকে ফিরে জাপান ওপেনে প্রথম শিরোপা জিতলেন আলকারাজ

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ৬ই অক্টোবর, ২০২৬ ইং

০৬:১২ পি.এম


চোট থেকে ফিরে জাপান ওপেনে প্রথম শিরোপা জিতলেন আলকারাজ

ঢাকা, ৬ অক্টোবর, ২০২৬ : চার মাসের চোটের কারণে টেনিস থেকে দূরে থাকার পর ফিরে এসে প্রথম শিরোপা জিতেছেন কার্লোস আলকারাজ। মঙ্গলবার জাপান ওপেনের ফাইনালে চেক প্রজাতন্ত্রের জিরি লেহেচকাকে ৭-৬ (৭/৪), ৬-৪ গেমে হারিয়ে চ্যাম্পিয়ন হন তিনি।

শীর্ষ বাছাই ও গতবারের চ্যাম্পিয়ন আলকারাজকে টোকিওতে বিশ্ব র‌্যাঙ্কিংয়ের ১৯ নম্বরে থাকা লেহেচকা বেশ কঠিন পরীক্ষায় ফেলেছিলেন। ফেব্রুয়ারিতে কাতার ওপেন জয়ের পর এটি প্রথমবারের মতো কোনো টুর্নামেন্টের শিরোপা হাতে তুললেন আলকারাজ।

কবজির চোট কাটিয়ে ফেরার পর এটি আলকারাজের তৃতীয় টুর্নামেন্ট। এর আগে তিনি ইউএস ওপেনের কোয়ার্টার-ফাইনাল পর্যন্ত খেলেন এবং লেভার কাপেও অংশ নেন।

আলকারাজ বলেন, “অনেক নেতিবাচক চিন্তা এ সময়ে মাথায় এসেছে। সুস্থ হয়ে ফিরতে পারব কি না, আগের মতো থাকতে পারব কি না। অনেক চিন্তা মাথায় এসেছিল, কিন্তু আমি সবসময় সেগুলো দূরে সরিয়ে রাখার চেষ্টা করেছি।”

“আমি ও আমার দল জানতাম, যখন ফিরব তখন শতভাগ সুস্থ থাকব। আর যদি কিছু অনুভব করি, সেটি কোনো সমস্যা হবে না।”

এটি চলতি বছরে অস্ট্রেলিয়ান ওপেনসহ আলকারাজের তৃতীয় শিরোপা এবং ক্যারিয়ারের ২৭তম শিরোপা।

বিশ্ব র‌্যাঙ্কিংয়ের এক নম্বর খেলোয়াড় ইয়ানিক সিনার হাঁটুর চোটের কারণে চলতি মৌসুম আগেভাগেই শেষ করার ঘোষণা দেওয়ার কয়েক ঘণ্টা পরেই আলকারাজের এই জয় আসে।

ফাইনালে নামার আগে লেহেচকার বিপক্ষে আগের লড়াইয়ে আলকারাজ ৩-১ ব্যবধানে এগিয়ে ছিলেন। চলতি বছরে নিজের প্রথম শিরোপা জয়ের লক্ষ্য ছিল লেহেচকার।

আত্মবিশ্বাসী লেহেচকা শুরুতেই আলকারাজের সার্ভিস ব্রেক করেন। ফলে শীর্ষ বাছাই স্প্যানিশ খেলোয়াড়কে শুরুতেই অস্বস্তিতে ফেলেন তিনি।

প্রথম সেটের মাঝামাঝি সময়ে দীর্ঘ এক লড়াইয়ের পর লেহেচকার সার্ভিস ব্রেক করেন আলকারাজ। পরের গেমেই দুর্দান্ত শক্তিশালী টেনিস প্রদর্শন করেন।

তবে লেহেচকাকে সহজে ভাঙা যায়নি। টাইব্রেকারে প্রথম সেট জিততে আলকারাজকে পরপর দুটি অসাধারণ ড্রপ শট খেলতে হয়।

দ্বিতীয় সেটেও লেহেচকা আলকারাজকে বেশ সমস্যায় ফেলেন। তবে সেটের মাঝামাঝি সময়ে একবার প্রতিপক্ষের সার্ভিস ভেঙে এগিয়ে যান গতবারের চ্যাম্পিয়ন। এরপর আর কোনো ভুল না করে জয় নিশ্চিত করেন তিনি।

বুধবার থেকে শুরু হতে যাওয়া সাংহাই মাস্টার্সে খেলার কথা রয়েছে আলকারাজের।

গত বছর টোকিওতে শিরোপা জয়ের পর শেষ মুহূর্তে সাংহাই টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করেছিলেন তিনি। সে সময় শারীরিক সমস্যা দেখিয়ে টেনিসের ব্যস্ত সূচি নিয়েও সমালোচনা করেছিলেন আলকারাজ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হাম উপসর্গে সারাদেশে আরও ৬ শিশুর মৃত্যু, আক্রান্ত ১ লাখ ৯৯ হাজারের বেশি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৬ই অক্টোবর, ২০২৬ ইং

০৬:১৩ পি.এম


হাম উপসর্গে সারাদেশে আরও ৬ শিশুর মৃত্যু, আক্রান্ত ১ লাখ ৯৯ হাজারের বেশি

ঢাকা, ৬ অক্টোবর, ২০২৬ : সারাদেশে হাম উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও ছয় শিশুর মৃত্যু ঘটেছে। ১৫ মার্চ থেকে ৬ অক্টোবর পর্যন্ত নিশ্চিত হাম এবং হাম উপসর্গে মোট ১ হাজার ১৩৪ জন রোগীর মৃত্যু হয়েছে।

আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামরোগীর সংখ্যা ১ হাজার ২৯১ জন। ১৫ মার্চ থেকে ৬ অক্টোবর পর্যন্ত সন্দেহজনক হামরোগীর মোট সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৯৯ হাজার ১৩ জন।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ১০২ জন। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হামরোগীর মোট সংখ্যা ২১ হাজার ৯১০ জন।

১৫ মার্চ থেকে ৬ অক্টোবর পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৭৬ হাজার ৫১৬ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৬৯ হাজার ২৯০ জন।

গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে ছয় শিশুর মৃত্যু হয়েছে এবং ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহজনক হামে মোট ১ হাজার ৩২ শিশুর মৃত্যু হয়েছে।

এছাড়া, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হামে ১০২ জনের মৃত্যু হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কলেজছাত্রীকে অপহরণ: ১২ দিনেও মেলেনি সন্ধান, ভারতে পাচারের শঙ্কায় দিশেহারা পরিবার

আন্তর্জাতিক ডেস্ক

মো. সুমন হাসান বাপ্পি, স্টাফ রিপোর্টার

মঙ্গলবার, ৬ই অক্টোবর, ২০২৬ ইং

০৬:১৩ পি.এম


কলেজছাত্রীকে অপহরণ: ১২ দিনেও মেলেনি সন্ধান, ভারতে পাচারের শঙ্কায় দিশেহারা পরিবার

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে এক কলেজছাত্রীকে (১৭) অপহরণের অভিযোগ উঠেছে। ঘটনার ১২ দিন পেরিয়ে গেলেও তার কোনো সন্ধান মেলেনি। মেয়েকে না পেয়ে চরম উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে পরিবার। অভিযুক্ত ব্যক্তিদের ভারতে যাতায়াতের তথ্য থাকায় মেয়েটিকে সীমান্ত দিয়ে পাচার করা হতে পারে বলে আশঙ্কা করছেন স্বজনেরা।

ভুক্তভোগী পরিবার ও মামলা সূত্রে জানা যায়, গত ২৪ সেপ্টেম্বর গভীর রাতে প্রতিবেশী রমিক চন্দ্র সিংহ (২৩) মোবাইল ফোনে ওই কলেজছাত্রীকে বাড়ির বাইরে ডেকে নেন বলে অভিযোগ। পরে তাকে জোর করে একটি মাইক্রোবাসে তুলে নিয়ে যাওয়া হয় বলে ভুক্তভোগী পরিবারের দাবি।

ঘটনার দুই দিন পর ওই ছাত্রীর বাবা বাদী হয়ে রমিক চন্দ্র সিংহ, তাঁর বাবা গ্রাম পুলিশ সদস্য সুমন্ত চন্দ্র সিংহসহ কয়েকজনের বিরুদ্ধে বালিয়াডাঙ্গী থানায় অপহরণ মামলা করেন। তবে মামলা হওয়ার ১২ দিন পেরিয়ে গেলেও ওই ছাত্রীকে উদ্ধার কিংবা মামলার আসামিদের গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

ওই ছাত্রীর বাবা বলেন, ‘প্রধান আসামির বাবা এলাকায় ছিলেন। তাঁকে গ্রেপ্তার করা হলে আমার মেয়েকে উদ্ধারের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেত। শুরুতে পুলিশ বিষয়টি গুরুত্ব দেয়নি। এখন কাউকেই পাওয়া যাচ্ছে না। আমি যেকোনো মূল্যে আমার মেয়েকে ফিরে পেতে চাই।’

স্বজনদের অভিযোগ, অভিযুক্ত ব্যক্তিদের কয়েকজনের ভারতে নিয়মিত যাতায়াত রয়েছে। ওই ছাত্রীকে সীমান্ত দিয়ে ভারতে পাচার করা হতে পারে বলে আশঙ্কা করছেন তাঁরা।

এদিকে অভিযুক্ত ব্যক্তিদের বাড়িতে গিয়ে তাঁদের কাউকে পাওয়া যায়নি। বাড়ির দেখাশোনার দায়িত্বে আছেন অভিযুক্ত গ্রাম পুলিশ সদস্য সুমন্ত চন্দ্র সিংহের বোন বৈশ্বানী রানী। তিনি বলেন, ‘মায়া ধরে (মেয়ে নিয়ে) রমিক পালাইছে। এর পর থেকে ওর বাবাও নাই। মুই বাড়ি পাহারা দিছু। আর কিছু কহিবা পারু না (বলতে পারব না)।’

ওই ছাত্রীর মা মেয়ের নিখোঁজের পর থেকে খাওয়াদাওয়া প্রায় ছেড়ে দিয়েছেন বলে জানিয়েছেন স্বজনেরা। মেয়েকে ফিরে পাওয়ার অপেক্ষায় পরিবারের সদস্যরা উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছেন।

বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম বলেন, ‘পরিবার দেরিতে পুলিশকে বিষয়টি জানিয়েছে। আমরা অপহরণ মামলা নিয়েছি। মোবাইল ফোনের লোকেশন শনাক্ত করে আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’ তিনি আরও বলেন, গণমাধ্যমে প্রকাশিত ছবি দেখে কেউ নিখোঁজ কলেজছাত্রীকে শনাক্ত করতে পারলে পুলিশকে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আন্তঃ গাছুয়া প্রিমিয়ার ফুটবল লীগ এর জমজমাট আয়োজন সম্পন্ন চ্যাম্পিয়ন গাছুয়া কিংস এবং রানারআপ গাছুয়া লায়ন্স

আন্তর্জাতিক ডেস্ক

আমিনুল ইসলাম রিয়াদ সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি

মঙ্গলবার, ৬ই অক্টোবর, ২০২৬ ইং

০৬:২৬ পি.এম


আন্তঃ গাছুয়া প্রিমিয়ার ফুটবল লীগ এর জমজমাট আয়োজন সম্পন্ন  চ্যাম্পিয়ন গাছুয়া কিংস এবং রানারআপ গাছুয়া লায়ন্স

 

চট্টগ্রাম জেলার উপজেলার সন্দ্বীপের গাছুয়া ইউনিয়নে গাছুয়া একাদশের আয়োজনে অনুষ্ঠিত আন্তঃ গাছুয়া প্রিমিয়ার ফুটবল লীগ ২০২৬-এর জমজমাট আয়োজন সফলভাবে সম্পন্ন হয়েছে। টুর্নামেন্টের ফাইনালে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে গাছুয়া কিংস। অন্যদিকে রানার্সআপ হয়েছে গাছুয়া লায়ন্স। দশ টিমে ১৫০জন প্লেয়ারের অংশগ্রহণ করে ফুটবলের মহরনে উন্নত ক্রীড়ার স্বপ্ন নিয়ে প্রতিটি ম্যাচ বুট পায়ে অনুষ্ঠিত হয়েছে। ফাইনাল ম্যাচসহ মোট ২৪ টি ম্যাচে এই আয়োজনের সুন্দর সমাপ্তি হয়।

ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আমজাদ হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রধান প্রকৌশলী সাইফুল ইসলাম,সন্দ্বীপ থানা ইনচার্জ সুজন হালদার,রোকেয়া বেগম,মাকছুদুর রহমান,আবুল কালাম আজাদ,আব্দুর রব বাদশা,নজরুল ইসলাম।

টুর্নামেন্টজুড়ে স্থানীয় ফুটবলপ্রেমীদের ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। মাঠে খেলোয়াড়দের প্রতিদ্বন্দ্বিতার পাশাপাশি দর্শকদের উচ্ছ্বাসে পুরো আয়োজন হয়ে ওঠে প্রাণবন্ত ও উৎসবমুখর।

আয়োজকদের পাশাপাশি বিভিন্ন স্পন্সর ও শুভাকাঙ্ক্ষীরা সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ায় টুর্নামেন্টটি সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। ফুটবলের প্রতি গাছুয়ার মানুষের ভালোবাসা ও সম্মিলিত উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।

“দশের লাঠি একের বোঝা”— এই প্রবাদকে বাস্তবে রূপ দিয়ে সবাই মিলে একটি সুন্দর ঘরোয়া ফুটবল আয়োজন উপহার দিয়েছেন। স্থানীয় পর্যায়ে খেলাধুলার পরিবেশ আরও সমৃদ্ধ করতে প্রতিটি ইউনিয়নে এ ধরনের টুর্নামেন্ট আয়োজনের উদ্যোগ নেওয়া প্রয়োজন বলে মনে করেন আয়োজক ও সংশ্লিষ্টরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৮
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%