ঢাকা মঙ্গলবার, ০৩ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৮ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ০৩ই নভেম্বর, ২০২৬ইং ১৮ই কার্তিক, ১৪৩২বাং

ওয়ার্ল্ড ইউনিভার্সিটিতে IIUM-এর সঙ্গে আন্তর্জাতিক গবেষণা সহযোগিতা শুরু


ওয়ার্ল্ড ইউনিভার্সিটিতে IIUM-এর সঙ্গে আন্তর্জাতিক গবেষণা সহযোগিতা শুরু

মালয়েশিয়ার ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়ার (IIUM) সঙ্গে যৌথভাবে দুই দিনব্যাপী কর্মসূচি শুরু করেছে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ (WUB)। আন্তর্জাতিক গবেষণা, একাডেমিক উৎকর্ষ ও জ্ঞান বিনিময়ের লক্ষ্যে ‘International Research, Academic Excellence and Knowledge Exchange Programme’ শীর্ষক এ কর্মসূচির উদ্বোধন সোমবার বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা কোষাধ্যক্ষ মোরশেদা চৌধুরী অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আখতার হোসেন খান। সভাপতিত্ব করেন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এম. নুরুল ইসলাম। স্বাগত বক্তব্য প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক জাকি ইমাম।

অনুষ্ঠানে IIUM-এর উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল অংশগ্রহণ করে। প্রতিনিধিদলে ছিলেন বিশ্ববিদ্যালয়টির রিসার্চ, ইনোভেশন অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগের ডেপুটি রেক্টর অধ্যাপক ড. মোহাম্মদ আসলাম বিন মোহাম্মদ হানিফ, অফিস অব স্ট্র্যাটেজিক ইনস্টিটিউশন ট্রান্সফরমেশনের প্রিন্সিপাল ডিরেক্টর অধ্যাপক ড. শুকরান আবদুর রহমান এবং ডেপুটি রেক্টরের বিশেষ কর্মকর্তা ড. মোহাম্মদ মহিউদ্দিন।

আরও পড়ুন: জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশকে যেভাবে সহায়তা দেওয়ার প্রস্তাব দিলো পাকিস্তান

কর্মসূচির প্রথম দিনে গবেষণার উৎকর্ষ, উদ্ভাবনী শিক্ষাদান ও শিখন পদ্ধতি এবং বিশ্ববিদ্যালয়ের কৌশলগত নেতৃত্ব ও প্রাতিষ্ঠানিক উন্নয়ন বিষয়ে তিনটি বিশেষ একাডেমিক অধিবেশন অনুষ্ঠিত হয়।

অধ্যাপক ড. মোহাম্মদ আসলাম বিন মোহাম্মদ হানিফ ‘From Research to Impact: Advancing Research Excellence, Scholarly Publishing and Knowledge Translation’ শীর্ষক অধিবেশনে গবেষণার সক্ষমতা বৃদ্ধি, আন্তর্জাতিক মানের গবেষণা প্রকাশনা এবং গবেষণালব্ধ জ্ঞানের বাস্তব প্রয়োগ নিয়ে আলোচনা করেন।

ড. মোহাম্মদ মহিউদ্দিন ‘Preparing Future-Ready Graduates: Holistic Student Development, Innovative Teaching and Meaningful Learning’ শীর্ষক অধিবেশনে ভবিষ্যৎ উপযোগী গ্র্যাজুয়েট তৈরিতে শিক্ষার্থীদের সামগ্রিক বিকাশ, উদ্ভাবনী শিক্ষাদান পদ্ধতি ও অর্থবহ শিখনপ্রক্রিয়ার গুরুত্ব তুলে ধরেন।

অন্যদিকে, অধ্যাপক ড. শুকরান আবদুর রহমান ‘Leading Universities for Excellence and Impact: Academic Leadership, Strategic Governance and Institutional Change’ শীর্ষক অধিবেশনে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক নেতৃত্ব, কৌশলগত পরিচালনা ও প্রাতিষ্ঠানিক পরিবর্তনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

আরও পড়ুন: নয়াদিল্লি থেকে ম্যানিলা, আটলান্টা ২০২৬ সালে নতুন গতি পেয়েছে কোয়াড

এসব অধিবেশনে বিশ্ববিদ্যালয়ের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক, গবেষক, শিক্ষার্থী ও প্রশাসনিক কর্মকর্তারা অংশগ্রহণ করেন। এর মাধ্যমে আন্তর্জাতিক অভিজ্ঞতা বিনিময়, পেশাগত দক্ষতা উন্নয়ন এবং একাডেমিক যোগাযোগের সুযোগ তৈরি হয়।

আয়োজকদের লক্ষ্য হলো, এ কর্মসূচির মাধ্যমে আন্তর্জাতিক একাডেমিক যোগাযোগ জোরদার করা, গবেষণা সহযোগিতা সম্প্রসারণ এবং প্রাতিষ্ঠানিক উৎকৃষ্ট চর্চা বিনিময়ের পাশাপাশি দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে উচ্চশিক্ষার মানোন্নয়নে নতুন সহযোগিতার ক্ষেত্র তৈরি করা।

কর্মসূচির দ্বিতীয় দিনে, ৩ নভেম্বর, একটি আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হবে। এদিন ভবিষ্যৎ গবেষণা, একাডেমিক ও কৌশলগত সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে।

আরও পড়ুন: ব্রিটেনে স্থায়ীভাবে বসবাসের অনুমতিতে নতুন পরিবর্তন ঘোষণা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এভেরোজ স্কুলের সমাবর্তনে ৫৪ হাফেজ ও ৮৫ গ্র্যাজুয়েটকে সংবর্ধনা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৩ই নভেম্বর, ২০২৬ ইং

০১:৪৬ এম


এভেরোজ স্কুলের সমাবর্তনে ৫৪ হাফেজ ও ৮৫ গ্র্যাজুয়েটকে সংবর্ধনা

এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুল লালমাটিয়ার চতুর্থ হিফজ ও O/A Level সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর সেনাপ্রাঙ্গণ কনভেনশন হল অডিটোরিয়ামে শনিবার আয়োজিত এই অনুষ্ঠানে ৫৪ শিক্ষার্থীকে পূর্ণ হাফেজ হিসেবে এবং O-Level ও A-Level সম্পন্ন করা ৮৫ শিক্ষার্থীকে গ্র্যাজুয়েট হিসেবে সংবর্ধনা দেওয়া হয়।

শিক্ষার্থীদের অর্জনের স্বীকৃতি প্রদান ও অন্যদের অনুপ্রাণিত করার উদ্দেশ্যে সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুল লালমাটিয়ার ফাউন্ডিং চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক খান মো. আক্তারুজ্জামান।

সভাপতির বক্তব্যে খান মো. আক্তারুজ্জামান উল্লেখ করেন, ২০১৫ সালের অক্টোবরে এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুল লালমাটিয়ার যাত্রা শুরু হয়। প্রতিষ্ঠানের লক্ষ্য হচ্ছে কোরআনের শিক্ষা ও আধুনিক জ্ঞানের সমন্বয়ে এমন একটি শিক্ষাব্যবস্থা গড়ে তোলা, যেখানে একাডেমিক সাফল্যের পাশাপাশি নৈতিকতা ও মানবিকতার চর্চাও গুরুত্ব পাবে।

তিনি বলেন, শিক্ষকদের পরিশ্রম এবং অভিভাবকদের আস্থা ও সহযোগিতায় প্রতিষ্ঠানটি উন্নতির পথে এগিয়ে যাচ্ছে। কোরআনের শিক্ষা ও আন্তর্জাতিক মানের ইংরেজি শিক্ষার সমন্বয়ে এভেরোজ লালমাটিয়া দেশে একটি স্বতন্ত্র শিক্ষাধারা গড়ে তুলেছে। তাদের দেখানো পথ অনুসরণ করে দেশে প্রায় ২৫০টি ইসলামিক ইংলিশ মিডিয়াম স্কুল প্রতিষ্ঠিত হয়েছে বলে তিনি জানান।

ইসলামিক ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর উদ্দেশে তিনি বলেন, শিক্ষার মান ও সেবার উৎকর্ষকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। মিথ্যা তথ্য, চটকদার বিজ্ঞাপন কিংবা বাস্তবায়ন-অসম্ভব প্রতিশ্রুতি দিয়ে অভিভাবকদের বিভ্রান্ত করা উচিত নয়। শিক্ষা কোনো পণ্য নয়, শিশুদের ভবিষ্যৎ কোনো প্রচারণার বিষয় নয়; শিক্ষা একটি আমানত।

প্রতিষ্ঠানের একাডেমিক সাফল্য তুলে ধরে খান মো. আক্তারুজ্জামান বলেন, ২০১৯ সাল থেকে O-Level ও A-Level পরীক্ষায় শিক্ষার্থীরা ধারাবাহিকভাবে ভালো ফলাফল করছে। ওয়ার্ল্ড হায়েস্ট ও কান্ট্রি হায়েস্টসহ বিভিন্ন অর্জন প্রতিষ্ঠানকে গর্বিত করেছে। শিক্ষার্থীদের প্রতিভা বিকাশ এবং আন্তর্জাতিক পর্যায়ে এগিয়ে নেওয়ার লক্ষ্যেই গত জানুয়ারি থেকে বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, ২০২৬-২৭ শিক্ষাবর্ষে প্রায় এক হাজার আবেদনের মধ্য থেকে ৪০০ শিক্ষার্থীকে ভর্তি করা হয়েছে। শিক্ষা কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে বনশ্রীতে নতুন শাখা প্রতিষ্ঠার কাজ শুরু হয়েছে। পাশাপাশি লালমাটিয়ায় নিজস্ব স্থায়ী ক্যাম্পাস প্রতিষ্ঠার পরিকল্পনা নিয়েও কাজ চলছে।

অনুষ্ঠানে এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুল লালমাটিয়ার প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মো. আতাউর রহমান মিয়াজী বলেন, হিফজুল কোরআন, ইসলামিক স্টাডিজ, ইংরেজি মাধ্যমের O-Level ও A-Level এবং আরবি ভাষাশিক্ষার সমন্বয়ে প্রতিষ্ঠানটি শিক্ষার্থীদের ইসলামী ও বুদ্ধিবৃত্তিক বিকাশে কাজ করছে। তিনি আশা প্রকাশ করেন, এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজকে কেন্দ্র করে শিগগিরই ‘এভেরোজ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’র যাত্রা শুরু হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের ভাইস চেয়ারম্যান সাজেদা আক্তার, হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আব্দুল হক এবং সোবহানবাগ জামে মসজিদ কমপ্লেক্সের খতিব শাহ ওয়ালিউল্লাহ।

এ ছাড়া পিয়ারসন এডেক্সেলের বাংলাদেশ ও নেপালের আঞ্চলিক ডেভেলপমেন্ট ম্যানেজার আব্দুল্লাহ আল মামুন, ক্যামব্রিজ ইউনিভার্সিটি প্রেস অ্যান্ড অ্যাসেসমেন্টের বাংলাদেশ কান্ট্রি লিড সারোয়ার রেজা, অক্সফোর্ড এ কিউ এ-র কান্ট্রি ডিরেক্টর শাহিন রেজা এবং পিয়ারসন এডেক্সেলের বাংলাদেশের আঞ্চলিক ডেভেলপমেন্ট ম্যানেজার জান্নাতুল ফেরদৌস সিগমা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে কোরআন তিলাওয়াত, এভেরোজের থিম সং, আসমাউল হুসনা, আরবি ও ইংরেজি নাশিদ, সম্মিলিত কোরআন তিলাওয়াত, বাংলা গানের ম্যাশআপ এবং নাট্য প্রদর্শনী পরিবেশিত হয়। পাশাপাশি শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও প্রতিষ্ঠানের নেতৃবৃন্দকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। অধ্যক্ষের ধন্যবাদ জ্ঞাপন ও সমাপনী দোয়ার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজশাহীতে শাহজালাল ইসলামী ব্যাংকের AML/CFT কর্মশালা অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৩ই নভেম্বর, ২০২৬ ইং

০১:৪৬ এম


রাজশাহীতে শাহজালাল ইসলামী ব্যাংকের AML/CFT কর্মশালা অনুষ্ঠিত

রাজশাহীতে AML/CFT (অর্থপাচার প্রতিরোধ ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ) বিষয়ক কর্মশালার আয়োজন করেছে শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি। অর্থপাচার ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে সচেতনতা এবং দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে গত ৩১ অক্টোবর ব্যাংকের রাজশাহী শাখা প্রাঙ্গণে এই কর্মশালাটি অনুষ্ঠিত হয়। রাজশাহী, রংপুর ও সৈয়দপুর অঞ্চলের ১২টি শাখার ৪৮ কর্মকর্তা এতে অংশগ্রহণ করেন।

কর্মশালার প্রধান অতিথি ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. জাফর ছাদেক, এফসিএ। ব্যাংকের অ্যান্টি মানি লন্ডারিং বিভাগের প্রধান ও ইভিপি এবং ডেপুটি ক্যামেলকো (DCAMLCO) মো. আব্দুল কুদ্দুস অর্থপাচার প্রতিরোধের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। একই বিভাগের এভিপি মো. আশরাফুল ইসলাম ট্রেড বেইজড ও ক্রেডিট বেইজড মানি লন্ডারিংয়ের বিভিন্ন দিক তুলে ধরেন।

এ কর্মশালায় অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন সংশ্লিষ্ট ১২টি শাখার শাখা ব্যবস্থাপক, উপশাখা ব্যবস্থাপক, বিনিয়োগ ইনচার্জ এবং জেনারেল ব্যাংকিং (জিবি) ইনচার্জরা।

এ সময় ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ের স্পেশাল অ্যাসেট ম্যানেজমেন্ট বিভাগের রিকভারি-২-এর ইভিপি মো. হুমায়ুন কবীর মিয়া, রাইট অব ইনভেস্টমেন্ট রিকভারি ইউনিটের ভিপি মো. সাজ্জাদ হোসাইন এবং স্পেশাল অ্যাসেট ম্যানেজমেন্ট বিভাগের রিকভারি-১-এর এসএভিপি মো. মমিনুল ইসলাম উপস্থিত ছিলেন।

কর্মশালা শেষে ডিজিটাল লেনদেনকে সহজ, নিরাপদ ও আধুনিক করতে রাজশাহী, রংপুর ও সৈয়দপুর অঞ্চলের বিভিন্ন শ্রেণি-পেশার ব্যবসায়ীদের মধ্যে বাংলা কিউআর কোড বিতরণ করেন উপব্যবস্থাপনা পরিচালক মো. জাফর ছাদেক। ‘এক দেশ এক কিউআর, লেনদেন বাংলা কিউআর’ প্রতিপাদ্যে বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে এ কার্যক্রম পরিচালিত হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আইএফআইসি ব্যাংক যোগ দিল ২ হাজার কোটি টাকার হিমায়িত খাদ্য তহবিলে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৩ই নভেম্বর, ২০২৬ ইং

০১:৪৭ এম


আইএফআইসি ব্যাংক যোগ দিল ২ হাজার কোটি টাকার হিমায়িত খাদ্য তহবিলে

বাংলাদেশ ব্যাংক কর্তৃক গঠিত ২ হাজার কোটি টাকার প্রাক্-অর্থায়ন তহবিলে অংশগ্রহণের জন্য আইএফআইসি ব্যাংক পিএলসির সাথে চুক্তি সম্পাদন করেছে। এই চুক্তির উদ্দেশ্য হলো রপ্তানিমুখী হিমায়িত খাদ্য খাতে অর্থায়ন সুবিধা বৃদ্ধির লক্ষ্যে কাজ করা।

রোববার বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে এ চুক্তির স্বাক্ষর সম্পন্ন হয়।

এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংকের কৃষিঋণ বিভাগ-২-এর পরিচালক এ কে এম সাইদুজ্জামান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান। আইএফআইসি ব্যাংকের প্রতিনিধিত্ব করেন ব্যাংকটির চিফ অব ব্রাঞ্চ বিজনেস হেলাল আহমেদ এবং হেড অব এসএমই অ্যান্ড রিটেইল ব্যাংকিংয়ের (চলতি দায়িত্ব) ফারিহা হায়দার।

বাংলাদেশ ব্যাংক এই তহবিল গঠন করেছে রপ্তানিমুখী হিমায়িত খাদ্য খাতের উৎপাদন ও রপ্তানি সক্ষমতা বৃদ্ধির জন্য প্রয়োজনীয় অর্থায়ন সুবিধা প্রদানের লক্ষ্যে। তহবিলের আওতায় অর্থায়নের সুযোগ বৃদ্ধি পেলে দেশের হিমায়িত খাদ্য খাতের উন্নতির পাশাপাশি রপ্তানি বাণিজ্য ও অর্থনৈতিক উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলবে বলে ধারণা করা হচ্ছে।

আইএফআইসি ব্যাংক জানায়, তাদের দেশের বিভিন্ন স্থানে শাখা ও উপশাখা নেটওয়ার্কের মাধ্যমে গ্রাহকদের ব্যাংকিং ও অর্থায়ন সুবিধা প্রদান করা হচ্ছে। বাংলাদেশ ব্যাংকের এই তহবিলে অংশগ্রহণের ফলে রপ্তানিমুখী হিমায়িত খাদ্য খাতে ব্যাংকটির অর্থায়নের পরিধি আরও বৃদ্ধি পাবে। এর ফলে দেশের রপ্তানি বাণিজ্য সম্প্রসারণ ও টেকসই অর্থনৈতিক উন্নয়নে ব্যাংকটির অবদান আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নিয়োগে দুর্নীতির অভিযোগে অধ্যক্ষ ও সভাপতির অপসারণ দাবি করে কলেজে বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৩ই নভেম্বর, ২০২৬ ইং

০১:৪৭ এম


নিয়োগে দুর্নীতির অভিযোগে অধ্যক্ষ ও সভাপতির অপসারণ দাবি করে কলেজে বিক্ষোভ

কলেজের ল্যাব সহকারীসহ চারটি পদে নিয়োগ বাণিজ্যের অভিযোগ তুলে, কলেজের অধ্যক্ষ এবং পরিচালনা কমিটির সভাপতির অপসারণের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে নিয়োগবঞ্চিত প্রার্থী এবং এলাকাবাসীর উদ্যোগে। এই বিক্ষোভের স্থান ছিল কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার কচাকাটা কলেজ।

রোববার (১ নভেম্বর) দুপুরে কচাকাটা হাইস্কুল থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি কচাকাটা বাজার ঘুরে কলেজের গেটে এসে বিক্ষোভ প্রদর্শন করে।

এ সময় পুলিশি পাহারায় কলেজের গেট তালাবদ্ধ থাকলে, বিক্ষোভকারীরা গেট ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা করেন। পরে, কলেজ সভাপতি ডা. মো. ইউনুস আলী এবং কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম জুয়েলের ছবি ও কুশপুত্তলিকায় আগুন দিয়ে তারা তাদের ক্ষোভ প্রকাশ করেন। কলেজের গেট খুলে দেওয়ার পর মাঠে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে নিয়োগবঞ্চিতরা অভিযোগ করেন যে, মেধা তালিকায় থাকা প্রার্থীদের বাদ দিয়ে, পরীক্ষার চার দিন পর মোটা অঙ্কের অর্থের বিনিময়ে কলেজ কমিটির সভাপতি ডা. ইউনুস আলী এবং অধ্যক্ষ রফিকুল ইসলাম কম মেধাবীদের নিয়োগ প্রদান করেছেন। তারা নিয়োগকে অবৈধ উল্লেখ করে, নিয়োগ বাতিল করে নতুন করে স্বচ্ছ ও জবাবদিহিমূলক নিয়োগের দাবি জানান।

খোঁজ নিয়ে জানা যায়, গত ২৪ অক্টোবর সকাল ১০টায় কচাকাটা কলেজের কম্পিউটার কাম-অফিস সহকারী, ল্যাব সহকারী, নৈশপ্রহরী ও আয়া পদে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এসব পদে ৪৫ জন চাকরিপ্রত্যাশী আবেদন করেছিলেন। ওই দিন যথাসময়ে লিখিত পরীক্ষায় অংশ নিতে সবাই উপস্থিত ছিলেন, তবে পরীক্ষা নেওয়া হয় দুপুরের পর। লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ না করে, সবার ভাইভা নেওয়া হয়। ভাইভা শেষে পরীক্ষার ফল প্রকাশ না করে, চার দিন পর ফল প্রকাশের কথা বললে নিয়োগ সংশ্লিষ্টরা তোপের মুখে পড়েন। পরে কচাকাটা থানা পুলিশের সহায়তায় অধ্যক্ষসহ অন্যরা কলেজ ত্যাগ করেন।

চাকরিপ্রার্থীরা অভিযোগ করেন যে, মেধাক্রম অনুসরণ করে ফল ঘোষণা করে ভাইভা পরীক্ষা নেওয়া হয়। চূড়ান্ত ফল ঘোষণা না করে রাত ৮টার দিকে কলেজ ছাড়েন পরীক্ষক ও কলেজ সংশ্লিষ্টরা। পরে ২৭ তারিখ সকালে পরীক্ষার ফলাফল কলেজের নোটিশ বোর্ডে ঝুলিয়ে দেন অধ্যক্ষ। তবে ফলাফলপত্রে ২৪ অক্টোবর তারিখে স্বাক্ষর দেখা যায়। লিখিত পরীক্ষার মেধাক্রমে ওপরে থাকা প্রার্থীরা চাকরি পাননি বলে ক্ষোভ প্রকাশ করেন বঞ্চিত নিয়োগ প্রার্থী ও স্থানীয়রা।

এ সময় বক্তব্যে আনিছুর রহমান তোলা ব্যাপারী বলেন, কলেজটিকে মেধাশূন্য করার পাঁয়তারা চলছে। তিনি অবৈধ নিয়োগ বাতিল করে নতুন করে নিয়োগের দাবি জানান।

ম্যানেজিং কমিটির সভাপতি ডা. ইউনুস আলী এসব অভিযোগ অস্বীকার করে বলেন, নিয়োগ বিধিমালা অনুসরণ করে স্বচ্ছতার সঙ্গে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে নিয়োগ কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। তিনি জানান, প্রতিপক্ষ একটি রাজনৈতিক চক্র উসকানি দিয়ে শিক্ষার পরিবেশ বিঘ্নিত করতে এসব সন্ত্রাসী কর্মকাণ্ড করছে, যা সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে। বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

কচাকাটা ডিগ্রি কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম জুয়েলের সঙ্গে কথা বললে তিনি জানান, নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছভাবে হয়েছে। তিনি বলেন, দুর্নীতির অভিযোগ সত্য নয়, এটি অপপ্রচার। নিয়োগ পরীক্ষায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি, ডিজির প্রতিনিধি, ডিসির প্রতিনিধি এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৮
জোহর ১১:৪৩
আসর ০৩:৪২
মাগরিব ০৫:১৮
ইশা ০৬:৩১
সূর্যোদয় : ০৬:০৫ সূর্যাস্ত : ০৫:১৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%