ঢাকা শুক্রবার, ০৬ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২১শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ০৬ই নভেম্বর, ২০২৬ইং ২১শে কার্তিক, ১৪৩২বাং

গাজীপুর শান্ত আছে, শান্তই থাকবে: ডিআইজি মোস্তাফিজুর রহমান


গাজীপুর শান্ত আছে, শান্তই থাকবে: ডিআইজি মোস্তাফিজুর রহমান

ঢাকা রেঞ্জের ডিআইজি মোস্তাফিজুর রহমান জানিয়েছেন, গাজীপুর বর্তমানে শান্ত রয়েছে এবং এই শান্তিপূর্ণ পরিবেশকে অশান্ত করার সুযোগ কাউকে দেওয়া হবে না। শ্রমিকদের আবেগকে কাজে লাগিয়ে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করছে, তাদের বিরুদ্ধে পুলিশ, শ্রমিক, মালিক, ব্যবসায়ী এবং সাধারণ জনগণ সবাই একত্রে প্রতিরোধ গড়বে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা বাসস্ট্যান্ড এলাকায় পরিদর্শনকালে এক সাংবাদিক ব্রিফিংয়ে তিনি এসব মন্তব্য করেন।

ডিআইজি আরও বলেন, আমাদের পুলিশের কিছু সদস্য আহত হলেও আমরা শিল্প ও শ্রম সেক্টরে মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করছি। শ্রমিক ভাই-বোনেরা আহত হোক, এমনটি আমরা চাই না। সরকার এবং পুলিশ প্রশাসন তাদের যৌক্তিক দাবির প্রতি অত্যন্ত সহানুভূতিশীল রয়েছে। তবে সেই আবেগকে কাজে লাগিয়ে একটি চক্রান্তকারী পক্ষ বিশৃঙ্খলা তৈরির চেষ্টা চালাচ্ছে।

আরও পড়ুন: চকরিয়ায় গৃহবধূকে হাতুড়ি দিয়ে হত্যা: স্বামী আটক

দেশের অর্থনীতিতে পোশাক শ্রমিকদের অবদানের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, শ্রমিকরা দিনরাত কাজ করে বলেই আমাদের রপ্তানিমুখী পণ্য বিদেশে যাচ্ছে এবং দেশ বৈদেশিক মুদ্রা ও রেমিট্যান্স অর্জন করতে সক্ষম হচ্ছে। তাই শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং কাজের পরিবেশ শান্ত রাখা পুলিশের অন্যতম প্রধান দায়িত্ব।

আন্দোলনের নামে সহিংসতা প্রতিহত করার আহ্বান জানিয়ে ডিআইজি মোস্তাফিজুর রহমান শ্রমিকদের উদ্দেশ্যে বলেন, কারখানা ভাঙচুর, যানবাহনে অগ্নিসংযোগ কিংবা পথঘাট অবরোধ করা কোনো প্রকৃত শ্রমিকের আন্দোলন হতে পারে না। এসব কর্মকাণ্ড শ্রম খাতের মারাত্মক ক্ষতি করছে। যারা এই ধ্বংসাত্মক কর্মকাণ্ডে জড়িত, তারা কখনোই শ্রমিকের বন্ধু হতে পারে না।

গাজীপুরের শিল্পাঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে তিনি কেবল পুলিশ নয়, স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদেরও এগিয়ে আসার আহ্বান জানান। তিনি উল্লেখ করেন, স্থানীয় ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি সরাসরি এই শ্রম খাতের ওপর নির্ভরশীল। তাই এই অশুভ তৎপরতার বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা সবার দায়িত্ব। পুলিশ, মালিক, শ্রমিক এবং সাধারণ জনগণ যদি ঐক্যবদ্ধ থাকে, তাহলে কেউ অশান্ত পরিবেশ তৈরি করতে পারবে না বলে তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।

পরিদর্শন ও ব্রিফিংকালে অতিরিক্ত ডিআইজি সিদ্দিকুর রহমান, গাজীপুরের পুলিশ সুপার জসিম উদ্দিন, কালিয়াকৈর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শফিকুল ইসলাম এবং কালিয়াকৈর থানার ওসি শহিদুল ইসলামসহ জেলা ও থানা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: মালয়েশিয়াগামী কর্মীদের জন্য ৫১ মেডিক্যাল সেন্টারের তালিকা প্রকাশ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শ্রীমঙ্গলে বড়ছড়া পানি ব্যবস্থাপনা সমবায়ের ২৪তম বার্ষিক সভা ও শিক্ষা উপকরণ বিতরণ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং

১০:২৯ এম


শ্রীমঙ্গলে বড়ছড়া পানি ব্যবস্থাপনা সমবায়ের ২৪তম বার্ষিক সভা ও শিক্ষা উপকরণ বিতরণ

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বড়ছড়া পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিমিটেডের ২৪তম বার্ষিক সাধারণ সভা সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। সভার শেষে সমিতির সদস্যদের মধ্যে উপহার বিতরণ করা হয় এবং শিক্ষার্থীদের জন্য শিক্ষা উপকরণও প্রদান করা হয়।

গতকাল বৃহস্পতিবার দুপুর ২টার দিকে উপজেলার মির্জাপুর ইউনিয়নের শহরশ্রী বাজারে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মির্জাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. সুফি মিয়া।

অনুষ্ঠানটি পবিত্র কুরআন তিলাওয়াত ও গীতাপাঠের মাধ্যমে শুরু হয়। স্বাগত বক্তব্য রাখেন সমিতির সভাপতি মো. মছদ্দর আলী এবং বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন সমিতির সম্পাদক শেখ সবুজ আলম।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য দুরুদ আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা বিএনপির আহ্বায়ক নূরে আলম সিদ্দিকী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. ইয়াকুব আলী, শ্রীমঙ্গল পৌর বিএনপির আহ্বায়ক মোছাব্বির আলী মুন্না, উপজেলা প্রকৌশলী মো. আব্দুর রাকিব, উপজেলা সমবায় কর্মকর্তা মো. আমিরুল ইসলাম এবং মির্জাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিছলু আহমেদ চৌধুরী।

সভায় জানানো হয় যে, ২০০২ সালে সাতটি গ্রাম নিয়ে বড়ছড়া পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি প্রতিষ্ঠিত হয়। বর্তমানে সমিতির সদস্যসংখ্যা ৯৪৮ জন। সমিতির কার্যক্রমের আওতায় পরিবহন, সিএনজিচালিত অটোরিকশা, সবজি ও ধানবীজ উৎপাদন, গবাদিপশু পালন, পান উৎপাদন, মৎস্য চাষ, হাঁস-মুরগির খামার, ক্ষুদ্র ব্যবসা, নার্সারি ও কৃষি যন্ত্রপাতিসহ বিভিন্ন খাতে ঋণ সহায়তা প্রদান করা হচ্ছে।

বার্ষিক প্রতিবেদন অনুযায়ী, এসব খাতে মোট ২ কোটি ৪৯ হাজার ৫০০ টাকা ঋণ বিতরণ করা হয়েছে।

সমিতির ভবিষ্যৎ পরিকল্পনার মধ্যে রয়েছে কৃষকদের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করতে বাজার ও হিমাগার স্থাপন, নিজস্ব ভবন ও প্রশিক্ষণকেন্দ্র নির্মাণ, সদস্যদের শতভাগ প্রশিক্ষণের আওতায় আনা এবং গবাদিপশু ও মৎস্য খামার প্রতিষ্ঠা। এছাড়াও উপপ্রকল্প এলাকার রাস্তাঘাট উন্নয়ন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণ, কীটনাশকমুক্ত সবজি উৎপাদন এবং শিক্ষার মানোন্নয়নে কাজ করার পরিকল্পনা রয়েছে।

এ ছাড়া সদস্য ও স্থানীয় মানুষের জন্য বিনা মূল্যে চিকিৎসাসেবা দিতে মেডিকেল ক্যাম্প পরিচালনা, অ্যাম্বুলেন্স সেবা এবং তথ্যপ্রযুক্তিভিত্তিক কার্যক্রম চালুর উদ্যোগ নেওয়ার কথাও প্রতিবেদনে উল্লেখ করা হয়।

অনুষ্ঠানের শেষপর্যায়ে সমিতির সদস্যদের মধ্যে বিভিন্ন উপহার এবং কোমলমতি শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তুরস্কের পার্লামেন্ট সৌদি-পাকিস্তানের সঙ্গে মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুমোদন করল

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৩১ এম


তুরস্কের পার্লামেন্ট সৌদি-পাকিস্তানের সঙ্গে মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুমোদন করল

তুরস্কের পার্লামেন্ট সৌদি আরব ও পাকিস্তানের সঙ্গে যৌথ প্রতিরক্ষা চুক্তি অনুমোদন করেছে। এই চুক্তির আওতায়, যদি কোনো সদস্যদেশ আক্রান্ত হয়, তাহলে অন্য সদস্যদেশগুলোকে তার পাশে দাঁড়াতে হবে। এর মানে হলো, সদস্যদেশের ওপর হামলাকে অন্য সদস্যদেশগুলোর নিরাপত্তার জন্যও হুমকি হিসেবে দেখা হবে। চুক্তি কার্যকর হলে, ন্যাটোর দ্বিতীয় বৃহত্তম সামরিক শক্তি তুরস্কও এই প্রতিরক্ষা ব্যবস্থার অংশ হয়ে যাবে।

বৃহস্পতিবার, তুরস্কের পার্লামেন্টে চুক্তিটি অনুমোদিত হয়। এই অনুমোদন এসেছে এমন এক সময়ে, যখন সৌদি আরব ইয়েমেনের ইরান সমর্থিত হুথি বিদ্রোহীদের হামলার মুখোমুখি।

গত আগস্টে, তুরস্ক প্রথমবারের মতো ‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’তে স্বাক্ষর করে। এরপর, গত মাসে এটি অনুমোদনের জন্য পার্লামেন্টে পাঠানো হয়। বুধবার, আইনপ্রণেতারা চুক্তি অনুমোদনের জন্য আনা বিলের প্রথম অনুচ্ছেদ গ্রহণ করেন। তবে, পার্লামেন্টের ডেপুটি স্পিকার জেলাল আদান অধিবেশন মুলতবি করেন।

আনাদোলু সংবাদ সংস্থার খবরে এ তথ্য জানানো হয়েছে। বৃহস্পতিবার বিকেলে অধিবেশন আবার শুরু হলে, আইনপ্রণেতারা চুক্তির বাকি অনুচ্ছেদগুলো নিয়ে আলোচনা করেন। শেষ পর্যন্ত, ২৭৯ ভোটে চুক্তিটি অনুমোদিত হয়। বিপক্ষে ভোট পড়ে ১১৯টি। পার্লামেন্টের ৫৯২ সদস্যের মধ্যে ভোটে অংশ নেন ৩৯৮ জন।

রয়টার্সের দেখা তুরস্কের পার্লামেন্টে জমা দেওয়া নথি অনুযায়ী, চুক্তিতে মোট ১৬টি অনুচ্ছেদ রয়েছে। প্রথম অনুচ্ছেদে বলা হয়েছে, সদস্যদেশগুলোর কোনো একটির ভৌগোলিক অখণ্ডতার ওপর হুমকি তৈরি হলে তা দূর করতে অন্য দেশগুলো ‘সব প্রয়োজনীয় ব্যবস্থা’ নেবে। কোনো সদস্যদেশ আক্রান্ত হলে, এই অনুচ্ছেদ কার্যকর করা যাবে।

প্রথম অনুচ্ছেদ কার্যকর হওয়ার পর কী ধরনের পদক্ষেপ নেওয়া হবে, তা ব্যাখ্যা করা হয়েছে দ্বিতীয় অনুচ্ছেদে। এতে বলা হয়েছে, যদি কোনো সদস্যদেশ অন্য কোনো দেশ বা কয়েকটি দেশের সশস্ত্র হামলা কিংবা সামরিক আগ্রাসনের শিকার হয়, তাহলে বাকি সদস্যদেশগুলো অবিলম্বে আক্রান্ত দেশকে সহায়তা করবে। পারস্পরিক সহযোগিতার আওতায় থাকা সব ধরনের ব্যবস্থা এ ক্ষেত্রে কাজে লাগানো হবে।

চুক্তির এই গুরুত্বপূর্ণ ধারা ন্যাটোর প্রতিষ্ঠাকালীন উত্তর আটলান্টিক চুক্তির ৫ নম্বর অনুচ্ছেদের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। ন্যাটোর ওই অনুচ্ছেদে বলা হয়েছে, জোটের কোনো একটি সদস্যদেশের ওপর হামলাকে সব সদস্যদেশের ওপর হামলা হিসেবে বিবেচনা করা হবে।

তুরস্ক একই সঙ্গে ন্যাটো ও মক্কা প্রতিরক্ষা চুক্তির সদস্য হওয়ায়, এ নিয়ে প্রশ্ন তুলেছেন সমালোচকেরা। তাদের আশঙ্কা, দুই জোটের মধ্যে কোনো স্বার্থের সংঘাত তৈরি হলে, সামরিক সম্পদ ব্যবহারের ক্ষেত্রে তুরস্কের সরকার জটিলতায় পড়তে পারে। তবে, তুরস্কের কর্মকর্তারা এ ধরনের আশঙ্কাকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন।

চুক্তির অন্যান্য অনুচ্ছেদগুলোতে সদস্যদেশগুলোর মধ্যে প্রতিরক্ষা শিল্পে সহযোগিতা এবং সামরিক সমন্বয় বাড়ানোর কথা বলা হয়েছে। এর লক্ষ্য হলো সম্ভাব্য হুমকি মোকাবিলায় প্রতিরোধক্ষমতা জোরদার করা। এ জন্য যৌথ সামরিক প্রশিক্ষণ, প্রযুক্তিগত উদ্ভাবন এবং রসদ ও গোয়েন্দা তথ্য বিনিময়ের বিষয়ে একমত হয়েছে দেশগুলো।

তুরস্কের আইনপ্রণেতাদের অনুমোদিত খসড়া অনুযায়ী, চুক্তিতে অংশ নেওয়া দেশগুলো ১০ বছর এর সদস্য থাকবে। এরপর চাইলে কোনো দেশ চুক্তি থেকে বেরিয়ে যেতে পারবে। একই সঙ্গে বিদ্যমান সদস্যদেশগুলোর সম্মতি নিয়ে নতুন দেশকে চুক্তিতে যুক্ত করার সুযোগও রাখা হয়েছে। সিরিয়ার সরকার ইতোমধ্যে এ চুক্তিতে যুক্ত হওয়ার আগ্রহ প্রকাশ করেছে।

তবে, পার্লামেন্টে চুক্তি অনুমোদনের অর্থ এই নয় যে, হুথিদের হামলার মুখে সৌদি আরবে তুরস্কের সেনা মোতায়েন নিশ্চিত হয়ে গেছে। বিশেষজ্ঞরা বলছেন, তুরস্কের সেনা পাঠাতে হলে, এ অনুমোদনের বাইরে আরো কিছু আইনগত ও সংসদীয় প্রক্রিয়া অনুসরণ করতে হবে।

তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী ইয়াসার গুলের গত অক্টোবরে বলেছিলেন, চুক্তি অনুমোদনের পর সৌদি আরবকে কী ধরনের সহায়তা দেওয়া হবে, তার পরিধি নির্ধারণ করা হবে।

তুরস্কের সংবাদমাধ্যমের বরাতে গুলের বলেন, “হুথিদের সঙ্গে কোনো সংঘাতে জড়ানোর বিষয়টি আমরা একেবারেই বিবেচনা করছি না।”

তার ভাষায়, সৌদি আরবকে তুর্কির সম্ভাব্য সহায়তার উদ্দেশ্য হবে দেশটির প্রতিরোধক্ষমতা শক্তিশালী করা।

২০২২ সালে যুদ্ধবিরতির পর সৌদি আরব ও ইয়েমেনের মধ্যে উত্তেজনা কিছুটা কমেছিল। তবে, সাম্প্রতিক মাসগুলোতে সৌদি আরবে হামলা বাড়িয়েছে হুথিরা। বিশেষ করে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ধারাবাহিক প্রাণঘাতী হামলা চালিয়েছে তারা।

এদিকে, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ইরানবিরোধী যুদ্ধ ঘিরেও অঞ্চলটিতে উত্তেজনা বিরাজ করছে। এই সংঘাত সীমান্তবর্তী দেশগুলোর মধ্যে উত্তেজনা আরো বাড়িয়েছে।

বৃহস্পতিবার সৌদি আরব জানিয়েছে, তারা মদিনা অঞ্চলে একটি ড্রোন প্রতিহত করেছে। এর আগে রিয়াদ একাধিকবার অভিযোগ করেছে, হুথিরা ইসলামের পবিত্র দুই শহর মক্কা ও মদিনাকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। তবে, ইরান সমর্থিত হুথি গোষ্ঠী বরাবরই এ অভিযোগ অস্বীকার করে আসছে।

এএম

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাশেদ খানের দাবি, আমির হামজার কাছে নারীসংক্রান্ত অডিও ও ভিডিও আছে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৩২ এম


রাশেদ খানের দাবি, আমির হামজার কাছে নারীসংক্রান্ত অডিও ও ভিডিও আছে

কুষ্টিয়া-৩ আসনের জামায়াতের সংসদ সদস্য আমির হামজার সম্পর্কে কিছু ‘নারীসংক্রান্ত অডিও ও ভিডিও’ পাওয়ার দাবি করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। তিনি জানান, এসব অডিও-ভিডিও যাচাই করে তথ্যের সত্যতা তিনি নিশ্চিত হয়েছেন।

বৃহস্পতিবার (০৫ নভেম্বর) তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে রাশেদ খান এই দাবি প্রকাশ করেন। পোস্টে তিনি আমির হামজার একটি কথোপকথনের অংশ শেয়ার করেন। এছাড়া, তার পোস্টের মন্তব্যের ঘরে সেই অডিওর লিংকও যুক্ত করেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী।

রাশেদ খান পোস্টে উল্লেখ করেন, ‘কুষ্টিয়া-৩ আসনের জামায়াত এমপি আমির হামজার নারীঘটিত কিছু ভিডিও ও অডিও আমার কাছে এসেছে। আমি সেগুলো ফ্যাক্ট চেকিং করে তথ্যের সত্যতা পেয়েছি। নিচে আমির হামজার কথোপকথনের যৎসামান্য দেওয়া হলো। এ ছাড়া কমেন্ট বক্সে অডিও লিংক যুক্ত করা হয়েছে। দেখি জামায়াত এবার আমির হামজার বিরুদ্ধে কী ব্যবস্থা গ্রহণ করে।’

পোস্টে উল্লেখিত কথোপকথনে এক ব্যক্তিকে বলতে শোনা যায়, ‘একদম হুলুস্থুলু করে ফেলল বিষয়টা। বিষয়টা একটু ঘোলাটে হয়ে গেল। আমি আপনাদের এত ক্ষমা চাওয়া, মাফ চাওয়ার পরও আপনারা বললেন, কন্ট্রোলে আছে, কিছু হবে না আমার দ্বারা, আপনার কোনো ক্ষতি হবে না।’

কথোপকথনে ওই ব্যক্তিকে আরও বলতে শোনা যায়, ‘আপনাদের ওপর আমার কোনো রাগ, ক্ষোভ, অভিমান—কিছুই নেই। ওটুকু আমার শয়তানের ধোঁকায় হোক, নফসের জালে হোক, হয়ে যাওয়ার পর আমি নিজেই অনুতপ্ত। অন্যায় করার পর অনুতপ্ত হলে মানুষ তো অন্তত মাফ করার কথা। আপনারা ইসলামি মাইন্ডের মানুষ হলে।’

তিনি আরো বলেন, ‘আমি বললাম, যদি সুযোগ পাই, লাইনে গেলে হয়তো সাইফুল স্যারকে সঙ্গে নিয়ে আপনাদের বাড়িতে একদিন যাব। অ্যান্টি-আঙ্কেলের কথা, তাদের হাত-পা ধরে দরকার হলে মাফ চেয়ে নেব। এই পর্যন্তই।’

তবে রাশেদ খানের পোস্ট এবং কথিত অডিও-ভিডিওর সত্যতা স্বতন্ত্রভাবে যাচাই করা সম্ভব হয়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গাজীপুরে বিলুপ্তপ্রায় নীলগাই পরিবারে নতুন চার অতিথি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৩২ এম


গাজীপুরে বিলুপ্তপ্রায় নীলগাই পরিবারে নতুন চার অতিথি

গাজীপুরের শ্রীপুরে অবস্থিত সাফারি পার্কে বিলুপ্তপ্রায় নীলগাই পরিবারের নতুন চার সদস্যের আগমনে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। গত এক মাসের মধ্যে পার্কের হরিণ সাফারি এলাকায় চারটি শাবকের জন্ম হয়েছে। নতুন অতিথিদের দেখার জন্য দর্শনার্থীদের মধ্যে, বিশেষ করে শিশুদের মধ্যে, ব্যাপক ভিড় লক্ষ্য করা যাচ্ছে।

শাবকগুলো মায়ের সঙ্গে খুনসুটি করতে এবং সাফারির অন্যান্য প্রাণীদের সঙ্গে ছোটাছুটি করে সময় কাটাচ্ছে। তাদের স্বাভাবিক চলাফেরা ও প্রাণবন্ত উপস্থিতি দর্শনার্থীদের জন্য বাড়তি আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।

পার্ক কর্তৃপক্ষ জানিয়েছে, চারটি শাবকই সুস্থ এবং নিয়মিত মায়ের দুধ পান করছে। তবে তাদের বয়স কম হওয়ায় এখনো তাদের লিঙ্গ শনাক্ত করা সম্ভব হয়নি। জন্মের পর নিরাপত্তার কারণে বিষয়টি গণমাধ্যমকে জানানো হয়নি।

গাজীপুর সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী বন সংরক্ষক তারেক রহমান জানিয়েছেন, কোর সাফারি এলাকায় মাস দেড়েক আগে প্রথমবারের মতো মায়ের সঙ্গে নতুন চারটি শাবককে বিচরণ করতে দেখা যায়। এরপর থেকেই তাদের প্রতি বিশেষ যত্ন ও দৃষ্টি রাখা হচ্ছে। একজন কর্মীকে সর্বদা তাদের দেখভালের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, বিভিন্ন সময়ে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে নীলগাই উদ্ধার করে গাজীপুর সাফারি পার্কে আনা হয়। এর ফলে সেখানে বেশ কয়েকটি শাবকের জন্ম হয়েছে।

বর্তমানে পার্কে ১১টি নীলগাই ছিল, এর মধ্যে দুটি কক্সবাজারের ডুলাহাজরা সাফারি পার্কে স্থানান্তরিত করা হয়েছে। নতুন শাবক চারটি যোগ হওয়ায় বর্তমানে পার্কে নীলগাইয়ের সংখ্যা ১৩টিতে দাঁড়িয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫০
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৭ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%