০৯:০০ এম
ফ্রান্সের সংবাদভিত্তিক টেলিভিশন চ্যানেল সিএনিউজ বন্ধের জন্য করা আবেদনে পাঁচ লাখেরও বেশি মানুষ স্বাক্ষর করেছেন। চ্যানেলটির প্রচারিত খবরের ধরন, যা অভিবাসন ও অপরাধ নিয়ে বর্ণবাদী মনোভাব উসকে দিচ্ছে—এমন অভিযোগের ফলে আবেদনটিতে সমর্থনের সংখ্যা বৃদ্ধি পেয়েছে।
গত জুন মাসে চ্যানেলটি বন্ধের দাবিতে এই আবেদন শুরু হয়। তবে গত ২৩ অক্টোবর প্যারিসের উপকণ্ঠে কঙ্গো বংশোদ্ভূত এক কৃষ্ণাঙ্গ ব্যক্তিকে বর্ণবাদী হামলায় হত্যার ঘটনার পর স্বাক্ষরের সংখ্যা দ্রুত বেড়ে যায়।
এই ঘটনায় ৩৯ বছর বয়সী এক ব্যক্তির বিরুদ্ধে হত্যা ও হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়েছে। তদন্ত সংশ্লিষ্ট আইনজীবীর মতে, অভিযুক্ত ব্যক্তি মুসলিম, আফ্রিকান বা উত্তর আফ্রিকান মনে হওয়া মানুষদের লক্ষ্যবস্তু করছিলেন। ফরাসি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ওই ব্যক্তি সিএনিউজের নিয়মিত দর্শক ছিলেন।
আরও পড়ুন: ভ্যান্সকে গালিবাফের খোঁচা: বসকে এসব বলছেন না কেন?
সমালোচকদের অভিযোগ, যুক্তরাষ্ট্রের ফক্স নিউজের আদলে পরিচালিত সিএনিউজে অভিবাসনবিরোধী বক্তব্য ও উগ্র ডানপন্থী মতাদর্শকে অতিরিক্ত গুরুত্ব দেওয়া হচ্ছে। চ্যানেলটির মালিক হচ্ছেন ফ্রান্সের ধনকুবের ভিনসেন্ট বোলোরে।
আবেদনে সিএনিউজকে সংবাদমাধ্যমের পরিবর্তে ‘প্রচারযন্ত্র’ হিসেবে উল্লেখ করে ফ্রান্সের সম্প্রচারমাধ্যম থেকে সরিয়ে দেওয়ার দাবি করা হয়েছে। দেশটির দুই পরিবেশবাদী আইনপ্রণেতা বর্ণবাদী বিদ্বেষ ঠেকাতে চ্যানেলটির সম্প্রচার অনুমোদন বাতিলের আহ্বান জানিয়েছেন।
তবে সিএনিউজের দাবি, তারা উগ্র ডানপন্থী মতাদর্শ বা বর্ণবাদী বক্তব্য প্রচার করে না; বরং মতপ্রকাশের স্বাধীনতা রক্ষা করে। আবেদনটিকে রাজনৈতিক দাবি হিসেবে উল্লেখ করে এ বিষয়ে মন্তব্য করতে রাজি হয়নি চ্যানেলটি।
ফ্রান্সের জাতীয় পরিষদের নিয়ম অনুযায়ী, কোনো আবেদনে পাঁচ লাখ স্বাক্ষর জমা পড়লে সংসদে এ বিষয়ে জনআলোচনার আয়োজন করা যেতে পারে। তবে সে ক্ষেত্রে আগে সংসদীয় কমিশনকে আবেদনটি পর্যালোচনা করে সিদ্ধান্ত নিতে হবে।
আরও পড়ুন: শিল্পী বব ডিলানের সঙ্গে পোপ লিও চতুর্দশের সাক্ষাৎ
সূত্র: ডিডাব্লিউ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন