০৩:০৬ পি.এম
কক্সবাজারের রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নে পুলিশের ওপর আকস্মিক হামলা চালিয়ে সাজাপ্রাপ্ত আসামিকে ছিনিয়ে নেওয়ার একটি ঘটনা ঘটেছে।
মঙ্গলবার রাত আনুমানিক ৮টার দিকে লট উখিয়ার ঘোনা এলাকায় এই হামলার ঘটনা ঘটে।
হামলার ফলে রামু থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আনোয়ার এবং সহকারী উপপরিদর্শক (এএসআই) বোরহান উদ্দিন আহত হয়েছেন। ছিনিয়ে নেওয়া আসামির নাম দিদারুল আলম, যিনি জাবেদ আলমের ছেলে এবং কাউয়ারখোপ ৭ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক।
আরও পড়ুন: বকশীগঞ্জ সীমান্তে ১ হাজার ৮৫ বোতল ভারতীয় মদ উদ্ধার
পুলিশের সূত্রে জানা যায়, দিদারুল আলম কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের একটি বন মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামি ছিলেন। এছাড়া, আগামী ১৯ নভেম্বর এলাকায় নাশকতা সৃষ্টির মূল ইন্ধনদাতা হিসেবেও তিনি গোয়েন্দা নজরদারিতে ছিলেন।
মঙ্গলবার রাতে দিদারুল আলমের বাড়িতে পুলিশ অভিযান চালায়। পুলিশ সদস্যরা উপস্থিতি টের পেয়ে দিদারুল পালানোর চেষ্টা করলে তাকে ধাওয়া দিয়ে গ্রেপ্তার করতে সক্ষম হন।
পুলিশ জানায়, এ সময় ৮ থেকে ১০ জন নারী-পুরুষ লাঠিসোঁটা নিয়ে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ আসামি দিদারুল আলমকে ছিনিয়ে নেয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, সরকারি কাজে বাধা প্রদান এবং পুলিশের ওপর হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে এবং ছিনিয়ে নেওয়া আসামিকে পুনরায় গ্রেপ্তারের জন্য বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।
আরও পড়ুন: মাদক ও নাশকতার বিরুদ্ধে কালকিনিতে আলোচনা সভা ও বিক্ষোভ মিছিল
এমই
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন