০১:৪১ এম
সংসদ ভবন, ১০ নভেম্বর, ২০২৬ : বাংলাদেশ সরকার সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে এনে বিচারের সম্মুখীন করার জন্য সব ধরনের আইনগত, কূটনৈতিক ও আন্তর্জাতিক পুলিশি পদক্ষেপ অব্যাহত রেখেছে।
এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ আজ জাতীয় সংসদে অবহিত করেন। তিনি উল্লেখ করেন যে, বেনজীর আহমেদের বিরুদ্ধে বাংলাদেশের আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করার পর ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির উদ্যোগ নেওয়া হয়। ২০২৫ সালের ১১ এপ্রিল তার বিরুদ্ধে রেড নোটিশ জারি করা হয়।
মন্ত্রী জানান, ২০২৬ সালের ১২ জুন সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশ পুলিশের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরোকে (এনসিবি) আনুষ্ঠানিকভাবে জানায় যে, বেনজীর আহমেদ দেশটিতে গ্রেফতার হয়েছেন। একই সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের আইন অনুযায়ী ৩০ দিনের মধ্যে আনুষ্ঠানিক প্রত্যর্পণ অনুরোধ পাঠানোর জন্য বাংলাদেশকে অনুরোধ জানানো হয়।
আরও পড়ুন: সাবেক আইজিপি বেনজীরের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছে আমিরাত: স্বরাষ্ট্রমন্ত্রী
তিনি বলেন, নির্ধারিত সময়ের অপেক্ষা না করে বাংলাদেশ সরকার মাত্র চার দিনের মধ্যে ১৬ জুন কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে সংযুক্ত আরব আমিরাতের কেন্দ্রীয় কর্তৃপক্ষের কাছে আনুষ্ঠানিক প্রত্যর্পণ অনুরোধ পাঠায়। একই তারিখে তথ্য ও সমন্বয়ের জন্য সংশ্লিষ্ট এনসিবির কাছে অনুরোধটি পাঠানো হয়।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, প্রত্যর্পণ একটি বিচারিক ও রাষ্ট্রীয় প্রক্রিয়া। ইন্টারপোলের রেড নোটিশ জারি কিংবা সংশ্লিষ্ট ব্যক্তির গ্রেফতারের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে প্রত্যর্পণ সম্পন্ন হয় না। প্রত্যর্পণের জন্য আবেদন গ্রহণকারী রাষ্ট্রের কেন্দ্রীয় কর্তৃপক্ষ ও আদালত সে দেশের আইন অনুযায়ী বিভিন্ন দিক পর্যালোচনা করে সিদ্ধান্ত নেন।
তিনি উল্লেখ করেন, সংশ্লিষ্ট ব্যক্তির জামিন পাওয়া প্রত্যর্পণ কার্যক্রমের সমাপ্তি নির্দেশ করে না। একইভাবে প্রত্যর্পণ সম্পন্ন করতে বিচারিক ও আইনগত প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হওয়াকে সরকারের নিষ্ক্রিয়তা বা ব্যর্থতা হিসেবে দেখা উচিত নয়।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বেনজীর আহমেদ ও তার পরিবারের সদস্যদের বিদেশে থাকা সম্পদের বিষয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) সংশ্লিষ্ট দেশগুলোর কাছে মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স রিকোয়েস্ট (এমএলএআর) পাঠিয়েছে। প্রয়োজনীয় নথিপত্র, তথ্য ও প্রমাণ পাওয়ার পর আইন অনুযায়ী এসব সম্পদ অবরুদ্ধ, জব্দ, বাজেয়াপ্ত বা পুনরুদ্ধারের জন্য পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন: জুবাইদা রহমানের সঙ্গে এমিনে এরদোয়ানের সাক্ষাৎ আন্তালিয়ায়
তিনি বলেন, বাংলাদেশ সময়মতো প্রত্যর্পণ অনুরোধ পাঠিয়েছে, সংযুক্ত আরব আমিরাতের চাহিদা অনুযায়ী অতিরিক্ত নথিপত্র সরবরাহ করেছে এবং স্থানীয় আইনজীবী নিয়োগ করেছে। বেনজীর আহমেদের অবস্থান ও চলাচল সম্পর্কে নিয়মিত অনুসন্ধান এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় অব্যাহত রয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা, যথাযথ বিচারিক প্রক্রিয়া এবং আন্তর্জাতিক সহযোগিতার প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখে সরকার এ বিষয়ে কাজ করছে। যাচাই বিহীন তথ্যের পরিবর্তে নির্ভরযোগ্য আনুষ্ঠানিক তথ্যের ভিত্তিতে এবং সংশ্লিষ্ট রাষ্ট্রের সার্বভৌমত্ব ও অভ্যন্তরীণ আইনের প্রতি শ্রদ্ধা রেখে তাকে দেশে ফিরিয়ে আনতে সম্ভাব্য সব ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।
এদিকে, ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে কার্যপ্রণালি বিধির ১৪৭ ধারার অধীনে গৃহীত প্রস্তাবের পরিপ্রেক্ষিতে সাবেক আইজিপি বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার বিষয়ে সরকার কী পদক্ষেপ নিয়েছে, তা সংসদকে অবহিত করার নির্দেশনা দেন স্পিকার। এর পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্রমন্ত্রী আজ সংসদে বিষয়টি অবহিত করেন।
আরও পড়ুন: জাতীয় সংসদে ‘বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন বিল-২০২৬’ উত্থাপন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন