০৩:৫৩ পি.এম
বিশ্বজুড়ে অ্যাপলের বিভিন্ন সেবায় সাময়িক বিভ্রাটের পেছনে প্রতিষ্ঠানটির অভ্যন্তরীণ সিস্টেম আপডেট দায়ী। এ বিষয়ে অ্যাপল নিশ্চিত করেছে যে, সাইবার হামলার কোনো সংশ্লিষ্টতা নেই। একই সময়ে গুগলের জিমেইল সেবা নিয়ে ব্যবহারকারীদের মধ্যে বিভ্রাটের অভিযোগ উঠলেও, প্রতিষ্ঠানটি বড় ধরনের কোনো সমস্যা শনাক্ত করেনি।
মঙ্গলবার (১৭ নভেম্বর) যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের ব্যবহারকারীরা অ্যাপল পে, আইক্লাউড, অ্যাপ স্টোর, অ্যাপল মিউজিক ও অ্যাপল সাপোর্ট ব্যবহারে সমস্যার সম্মুখীন হন। সেবা পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ডাউনডিটেক্টরে এ নিয়ে হাজার হাজার অভিযোগ জমা পড়েছে।
অ্যাপলের সিস্টেম স্ট্যাটাস পেজে আইক্লাউডে প্রবেশ, অ্যাপ স্টোর, আইক্লাউড মেইল ও অ্যাপল কেয়ারের মতো কয়েকটি সেবায় সমস্যা থাকার তথ্য প্রকাশ করা হয়।
আরও পড়ুন: এস্তোনিয়ার সহযোগিতায় ওয়ান সিটিজেন ওয়ান আইডি বাস্তবায়ন ত্বরান্বিত হবে: তথ্য-প্রযুক্তিমন্ত্রী
অ্যাপলের একজন মুখপাত্র জানিয়েছেন, সকালে অভ্যন্তরীণ একটি আপডেটের কারণে কিছু সেবায় বিভ্রাট দেখা দেয়। তবে দ্রুত ব্যবস্থা নেওয়ার ফলে অধিকাংশ সেবা আবার সচল হয়ে ওঠে। পরে প্রতিষ্ঠানটি জানায়, তাদের সেবাগুলো স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে।
অন্যদিকে, জিমেইল ব্যবহারকারীদের কাছ থেকেও বিভ্রাটের অভিযোগ পাওয়া গেছে। তবে গুগলের একজন মুখপাত্র জানান, জিমেইলে বড় ধরনের বা ব্যাপক বিভ্রাটের কোনো প্রমাণ তাঁরা পাচ্ছেন না। প্রতিষ্ঠানটির কারিগরি দল পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।
সাম্প্রতিক সময়ে বিশ্বের বিভিন্ন স্থানে একের পর এক প্রযুক্তিগত বিভ্রাটের ঘটনা ঘটেছে। গত সপ্তাহে মাইক্রোসফট আউটলুক ও অফিসের বিভিন্ন সেবা ব্যবহারে সমস্যা দেখা দেয়। এর পর যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের (এফএএ) যোগাযোগব্যবস্থায় ত্রুটির কারণে দেশটির বিমান চলাচলেও বিঘ্ন ঘটে।
এছাড়া সোমবার ইউনাইটেড এয়ারলাইনসের প্রযুক্তিগত সমস্যায় ফ্লাইট পরিচালনায় বিঘ্ন ঘটে। একই সময়ে জেপি মরগান চেজের কিছু ব্যাংকিং সেবাতেও সমস্যা দেখা দেয়। এসব ঘটনার মধ্যে কোনো যোগসূত্র বা সমন্বিত সাইবার হামলার প্রমাণ পাওয়া যায়নি। তথ্যসূত্র: দ্য গার্ডিয়ান, রয়টার্স, সিবিএস নিউজ
আরও পড়ুন: চীনের প্রযুক্তিনগরী শেনজেনে রোবট কাজ শিখছে
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন