০২:০৫ পি.এম
টেসলার আলোচিত বৈদ্যুতিক পিকআপ সাইবারট্রাকের উৎপাদন বন্ধের পরিকল্পনা নিয়ে নতুন আলোচনা শুরু হয়েছে। বছরের পর বছর ধরে প্রত্যাশিত বিক্রি অর্জনে ব্যর্থ হওয়ায় মার্কিন বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটি গাড়িটির উৎপাদন কমানোর সিদ্ধান্ত নিয়েছে। এর পরিবর্তে টেসলা স্বয়ংক্রিয়ভাবে চলাচলকারী ট্যাক্সি সাইবারক্যাব উৎপাদনে বেশি গুরুত্ব দিতে চায়। রয়টার্সের একটি প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়েছে।
তবে উৎপাদন বন্ধের সময়সীমা নিয়ে মাস্ক পরে পরিকল্পনায় পরিবর্তন আনেন। ৭ নভেম্বর তিনি জানান, সাইবারট্রাকের বকেয়া অর্ডার পূরণ করতে উৎপাদন লাইনে অতিরিক্ত শিফট যুক্ত করা হবে। মূলত ২০২৭ সালের জুন-জুলাইয়ের দিকে উৎপাদন লাইন সরিয়ে সাইবারক্যাব তৈরির সক্ষমতা বাড়ানোর পরিকল্পনা ছিল।
এরপর ১১ নভেম্বর মাস্ক জানান, অর্ডার পূরণের জন্য সাইবারট্রাক উৎপাদন ২০২৭ সালের গ্রীষ্মের শেষ পর্যন্ত চালিয়ে নেওয়া হবে। এ সময় অনেক গ্রাহকের অগ্রিম অর্থ ফেরত দিতে হতে পারে বলেও তিনি উল্লেখ করেন। অর্ডারের পরিমাণ উৎপাদন সক্ষমতার তুলনায় বেশি হওয়ায় সব গ্রাহকের গাড়ি সরবরাহ করা সম্ভব হবে না বলে তাঁর বক্তব্য।
আরও পড়ুন: জিমেইল-অ্যাপল সেবায় বিভ্রাটের অভিযোগ, সাইবার হামলার শঙ্কা অস্বীকার
বিক্রির পরিসংখ্যানেও সাইবারট্রাকের দুর্বল অবস্থান প্রকাশ পেয়েছে। গাড়ি-বিষয়ক তথ্য সরবরাহকারী প্রতিষ্ঠান কেলি ব্লু বুকের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে যুক্তরাষ্ট্রে ২০ হাজার ২৩৭টি সাইবারট্রাক বিক্রি করেছে টেসলা। ২০২৪ সালে বিক্রি হয়েছিল ৩৮ হাজার ৯৬৫টি। এক বছরে বিক্রি কমেছে ৪৮ শতাংশ। অথচ উৎপাদন শুরুর সময় মাস্ক বছরে ২ লাখ ৫০ হাজার গাড়ি বিক্রির লক্ষ্য নির্ধারণ করেছিলেন।
বিক্রির পাশাপাশি গাড়িটির মান ও নিরাপত্তা নিয়েও একাধিক সমস্যা দেখা দিয়েছে। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হাইওয়ে ট্রাফিক সেফটি অ্যাডমিনিস্ট্রেশনের তথ্য অনুযায়ী, বাজারে আসার পর সাইবারট্রাক ১১ বার প্রত্যাহার বা রিকলের মুখে পড়েছে। কিছু ক্ষেত্রে সরাসরি মেরামত করতে হয়েছে, আবার কিছু সমস্যা সফটওয়্যার আপডেটের মাধ্যমে সমাধান করা হয়েছে।
সাইবারট্রাকের অস্বাভাবিক স্টেইনলেস স্টিলের নকশাও ইউরোপের বাজারে প্রবেশের ক্ষেত্রে বাধা সৃষ্টি করেছে। বিশেষ করে পথচারীদের নিরাপত্তা-সংক্রান্ত বিধিমালার কারণে ইউরোপে গাড়িটির অনুমোদন পাওয়া কঠিন হয়ে পড়েছে।
সাইবারট্রাকের উৎপাদন কমিয়ে টেসলা এখন স্বয়ংক্রিয় গাড়ি, রোবট ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির দিকে বেশি মনোযোগ দিচ্ছে। এ পরিকল্পনার অন্যতম অংশ সাইবারক্যাব। দুই আসনের এই গাড়িতে প্রচলিত স্টিয়ারিং হুইল, প্যাডেল ও আয়না নেই। টেসলা স্বয়ংক্রিয়ভাবে চলাচলকারী গাড়িটিকে ভবিষ্যতে রোবট্যাক্সি নেটওয়ার্কের প্রধান বাহন হিসেবে গড়ে তুলতে চায়।
আরও পড়ুন: এস্তোনিয়ার সহযোগিতায় ওয়ান সিটিজেন ওয়ান আইডি বাস্তবায়ন ত্বরান্বিত হবে: তথ্য-প্রযুক্তিমন্ত্রী
গত সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের অস্টিনে সীমিতসংখ্যক সাইবারক্যাব দিয়ে অর্থের বিনিময়ে যাত্রী পরিবহন শুরু করেছে প্রতিষ্ঠানটি। তবে গাড়িটির নিরাপত্তা ও নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন নিয়ে এখনো প্রশ্ন রয়েছে।
সাইবারট্রাকের উৎপাদন বন্ধের পরিকল্পনা টেসলার বৈদ্যুতিক গাড়ি ব্যবসায় কৌশলগত পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। একসময় যে গাড়িকে ভবিষ্যতের পিকআপ হিসেবে তুলে ধরা হয়েছিল, বিক্রির প্রত্যাশা পূরণ না হওয়ায় সেটির উৎপাদন থেকে সরে এসে স্বয়ংক্রিয় পরিবহন প্রযুক্তির দিকে এগোচ্ছে প্রতিষ্ঠানটি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন