ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

পশ্চিমা কোম্পানির জব্দকৃত সম্পদ ফেরত দেওয়ার সম্ভাবনা: পুতিন


পশ্চিমা কোম্পানির জব্দকৃত সম্পদ ফেরত দেওয়ার সম্ভাবনা: পুতিন

ঢাকা, ২ অক্টোবর, ২০২৬ : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন যে, মস্কোর দ্বারা জব্দ করা পশ্চিমা কোম্পানির সম্পদ ফেরত দেওয়ার সম্ভাবনা রয়েছে।

এ খবরটি মস্কো থেকে বার্তা সংস্থা এএফপি জানায়।

বার্ষিক ভালদাই ফোরামে এক প্রশ্নের জবাবে পুতিনকে জিজ্ঞাসা করা হয়, অনুকূল পরিস্থিতি তৈরি হলে কি জব্দ করা সম্পদ ফেরত দেওয়া হবে। তিনি উত্তর দেন, ‘হ্যাঁ, দেওয়া হবে।’

আরও পড়ুন: আর্কটিকে উপস্থিতি বাড়াতে নতুন কৌশল ঘোষণা করছে ইইউ

গত মাসে, পুতিন সুইজারল্যান্ডের খাদ্যপণ্য জায়ান্ট নেসলে, ফরাসি খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান ওশাঁ, সাবেক লেরয় মারলিন ডিআইওয়াই চেইন এবং জার্মান পাইকারি ও খাদ্যপণ্য বিক্রেতা মেট্রোর ব্যবসা ও সম্পদ জব্দের নির্দেশনা দেন।

পুতিন উল্লেখ করেন, রাশিয়া ‘কারও কাছ থেকে কিছু নেয় না, চুরি করে না বা জাতীয়করণ করে না।’

তিনি আরও বলেন, কিছু প্রতিষ্ঠানকে বাহ্যিক ব্যবস্থাপনার অধীনে রাখা হয়। কিন্তু কিছু ইউরোপীয় দেশ সরাসরি আমাদের বড় বড় প্রতিষ্ঠানগুলো দখল করে নিয়েছে, কোনো নিয়মনীতির ধার না ধারে।

রাশিয়ার শীর্ষ তেল ও গ্যাস সরবরাহকারী প্রতিষ্ঠান গাজপ্রম, রসনেফ্ট এবং লুকঅয়েলের সম্পদ বাজেয়াপ্ত করার বিষয়টি তিনি উল্লেখ করেন।

আরও পড়ুন: বেইজিংয়ে ‘বাংলাদেশ ডে’: চীনা ব্যাংকগুলোকে বাংলাদেশে কার্যক্রম শুরুর আহ্বান

২০২২ সালের ফেব্রুয়ারিতে ক্রেমলিন ইউক্রেনে সেনা পাঠানোর পর অধিকাংশ পশ্চিমা কোম্পানি দ্রুত রাশিয়ায় তাদের ব্যবসা ও শেয়ার বিক্রি করে দেয় বা অন্তত নিজেদের সেগুলোর থেকে আলাদা করে নেয়। নিষেধাজ্ঞার কারণে বেশিরভাগ পণ্যের ব্যবসা বাণিজ্য কঠিন হয়ে পড়েছে।

অন্যান্য কোম্পানিগুলো কর্মী বা স্থানীয় নাগরিকদের কল্যাণের কথা বিবেচনা করে রাশিয়াতেই অবস্থান করছে। তবে অনেক ক্ষেত্রেই তারা তাদের বাণিজ্যিক কার্যক্রম ব্যাপক মাত্রায় সংকুচিত করে ফেলেছে।

এরপর রাশিয়া বিদেশি কোম্পানিগুলোর দেশটি থেকে বেরিয়ে যাওয়ার প্রক্রিয়া কঠিন করে তোলে। এজন্য চুক্তির ক্ষেত্রে প্রেসিডেন্টের অনুমোদন বাধ্যতামূলক করা হয়। কিছু ক্ষেত্রে সম্পদ সরাসরি জব্দ করা হয়।

আরও পড়ুন: ভারত-চীন সম্পর্কের মোড় ঘোরেনি মোদি-শি বৈঠকেও

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরাককে বিমান চলাচল নিষেধাজ্ঞা তুলে নিতে তেহরানের আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ২ই অক্টোবর, ২০২৬ ইং

০৩:৩৯ পি.এম


ইরাককে বিমান চলাচল নিষেধাজ্ঞা তুলে নিতে তেহরানের আহ্বান

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণে ইরানের সঙ্গে বিমান চলাচলে আরোপিত অবশিষ্ট বিধিনিষেধ তুলে নেওয়ার জন্য ইরাককে আহ্বান জানিয়েছে তেহরান। ইরান দাবি করেছে, দুই দেশের মধ্যে স্বাভাবিক বিমান যোগাযোগ সম্পূর্ণরূপে পুনঃস্থাপনের প্রয়োজনীয়তা রয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার ‘বহির্দেশীয় প্রয়োগের’ মাধ্যমে ইরানের বাণিজ্য ও বিমান পরিবহনকে বাধাগ্রস্ত করার সমালোচনা করে। তেহরান বাগদাদকে অবশিষ্ট বিধিনিষেধ তুলে নেওয়ার আহ্বান জানায়।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, দুই দেশের সরকারের মধ্যে মতপার্থক্য থাকলেও লাখ লাখ ইরানি ও ইরাকি নাগরিকের চলাচলের বিষয়টি বিবেচনায় নিয়ে স্বাধীন ও দায়িত্বশীল অবস্থান নেওয়া প্রয়োজন।

সোমবার রাতে ইরান ও ইরাকের নাজাফের মধ্যে ফ্লাইট চলাচল আংশিকভাবে পুনরায় শুরু হয়। ইরাকের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানায়, প্রধানমন্ত্রী আলি আল-জায়েদির উদ্যোগে এ যোগাযোগ পুনরায় চালু করা হয়েছে।

ইরাকে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত ইয়াসের আবদুলজাহরা আল-হাজ্জাজ জানিয়েছেন, ইরানি ফ্লাইট বন্ধ করার কোনো সিদ্ধান্ত বাগদাদ নেয়নি। তবে মার্কিন নিষেধাজ্ঞার আশঙ্কায় বিদেশি ভূমিসেবা প্রতিষ্ঠানগুলো ইরানি বিমানকে সেবা দিতে অস্বীকৃতি জানিয়েছে।

এদিকে বাগদাদ, এরবিল ও সুলাইমানিয়া বিমানবন্দরে ইরানি ফ্লাইট এখনও স্থগিত রয়েছে। ফলে যাত্রীদের অন্তত ১২ ঘণ্টার স্থলপথে যাতায়াত করতে হচ্ছে। একই সঙ্গে ইরান ও ইরাকের শিয়া অধ্যুষিত এলাকাগুলোর মধ্যে ধর্মীয় যাত্রী চলাচলও ব্যাহত হচ্ছে। এসব বিধিনিষেধের প্রতিবাদে নাজাফ বিমানবন্দরসহ নাসিরিয়া, কারবালা ও আমারা শহরেও বিক্ষোভ হয়েছে।

গত ২৩ সেপ্টেম্বর থেকে কার্যকর হওয়া মার্কিন নিষেধাজ্ঞায় ইরানি বিমান সংস্থার সঙ্গে ব্যবসা করা প্রতিষ্ঠানগুলোর ওপরও ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। এর ফলে ইরানের আন্তর্জাতিক বিমান যোগাযোগ উল্লেখযোগ্যভাবে কমে গেছে। ফ্লাইটরাডার২৪-এর তথ্য অনুযায়ী, তেহরানের ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাতায়াতকারী ফ্লাইট ৪২ শতাংশ কমেছে। জর্জিয়া, ওমান ও আজারবাইজানের সঙ্গে কয়েকটি রুট পুরোপুরি বন্ধ হয়ে গেছে এবং ২৩ সেপ্টেম্বর থেকে দুবাইগামী ফ্লাইটও স্থগিত রয়েছে।

তবে চীনের সঙ্গে ইরানের বিমান যোগাযোগ তুলনামূলকভাবে স্থিতিশীল রয়েছে। সবচেয়ে ব্যস্ত আন্তর্জাতিক রুট তুরস্কগামী ফ্লাইটও প্রায় ১৯ শতাংশ কমেছে বলে ফ্লাইটরাডার২৪-এর তথ্য জানিয়েছে।

ইরাক সরকার চিকিৎসা, শিক্ষা, ধর্মীয় সফর ও বেসামরিক নাগরিকদের প্রয়োজনের কথা উল্লেখ করে ইরানি ফ্লাইটের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের কাছে নিষেধাজ্ঞা থেকে অব্যাহতি চেয়েছিল। পরে নাজাফ রুটে সীমিতভাবে ফ্লাইট চলাচল শুরু হয়। তথ্যসূত্র: আল-জাজিরা, রয়টার্স

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইসরায়েলের বিপক্ষে খেলায় আয়ারল্যান্ড সমর্থকদের অভিনব প্রতিবাদ

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শুক্রবার, ২ই অক্টোবর, ২০২৬ ইং

০৩:৪০ পি.এম


ইসরায়েলের বিপক্ষে খেলায় আয়ারল্যান্ড সমর্থকদের অভিনব প্রতিবাদ

দেশজুড়ে তীব্র প্রতিবাদের পরেও উয়েফা নেশন্স লিগে ইসরায়েলের বিপক্ষে খেলায় অভিনব প্রতিবাদ প্রদর্শন করেছে আইরিশ সমর্থকরা। ঘরের মাঠে অস্ট্রিয়ার বিরুদ্ধে আয়ারল্যান্ডের ম্যাচে সমর্থকরা মাঠে টেনিস বল ছুড়ে মারেন। টেনিস বলের গায়ে ছিল ফিলিস্তিনের পতাকা।

ডাবলিনের আভিভা স্টেডিয়ামে বৃহস্পতিবার অনুষ্ঠিত নেশনস লিগের ম্যাচটি ২-২ ড্র হয়।

ম্যাচের ২০তম মিনিটে আয়ারল্যান্ড ১-০ গোলে এগিয়ে থাকার সময় দর্শকরা ফিলিস্তিনি পতাকা আঁকা টেনিস বল মাঠে নিক্ষেপ করেন।

রেফারি খেলা সাময়িকভাবে স্থগিত করেন এবং খেলোয়াড়দের কুলিং ব্রেকে পাঠান। দুই মিনিটের বেশি সময় পর খেলা পুনরায় শুরু হয়।

প্রথমার্ধে এক ব্যক্তি ফিলিস্তিনি পতাকা জড়িয়ে মাঠে প্রবেশের চেষ্টা করলে নিরাপত্তাকর্মীরা তাকে সরিয়ে দেন।

‘স্টপ দ্য গেম’ আন্দোলন হাফটাইমে একটি বিবৃতিতে জানায়, “এটি ছিল প্রতীকী প্রতিবাদ, সীমিত হলেও প্রয়োজনীয়, গ্যাভিন বাজুনু ও ফিলিস্তিনের মানুষের সঙ্গে সংহতি প্রকাশের জন্য।”

ম্যাচের ১২তম মিনিটে ট্রয় প্যারট দুর্দান্ত একক প্রচেষ্টায় তিন অস্ট্রিয়ান ডিফেন্ডারকে কাটিয়ে গোল করেন।

বিরতির ঠিক আগে পেনাল্টি থেকে প্যারট দ্বিতীয় গোল করে আয়ারল্যান্ডকে ২-০ তে এগিয়ে দেন।

তবে দ্বিতীয়ার্ধে অস্ট্রিয়ার বদলি খেলোয়াড় আলেকজান্ডার প্রাস ও মাইকেল গ্রেগরিটশ গোল করে ম্যাচে সমতা ফেরান।

আয়ারল্যান্ডের গোলরক্ষক গ্যাভিন বাজুনু ইসরায়েলের বিরুদ্ধে ম্যাচে অংশ নিতে অস্বীকৃতি জানিয়ে আগের ম্যাচ থেকে সরে দাঁড়ান। তিনি বৃহস্পতিবার অস্ট্রিয়ার বিপক্ষে বেঞ্চে থাকলেও আগামী রবিবার ইসরায়েলের বিপক্ষে ম্যাচে খেলবেন না।

ইসরায়েলের বিরুদ্ধে আয়ারল্যান্ডের হোম ম্যাচটি সার্বিয়ার বাক্কা টোপোলায় স্থানান্তরিত হয়েছে এবং তা অনুষ্ঠিত হবে দর্শকশূন্য অবস্থায়।

আয়ারল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন (এফএআই) গত নভেম্বরেই ইউরোপীয় প্রতিযোগিতা থেকে ইসরায়েলকে নিষিদ্ধ করার প্রস্তাব দিয়েছিল, তবে জুলাইয়ে অনুষ্ঠিত ভোটে ম্যাচগুলো খেলার সিদ্ধান্ত গৃহীত হয়।

এর আগে মে মাসে কাতারের বিপক্ষে আভিভা স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রীতি ম্যাচেও একই ধরনের টেনিস বল ছোড়ার প্রতিবাদে খেলা দু’বার বন্ধ হয়েছিল।

গাজায় গণহত্যা চালানো ইসরায়েলের বিরুদ্ধে না খেলতে আয়ারল্যান্ডে প্রতিবাদের ঝড় ওঠে। দেশটির সকল অ্যাথলেট, সোবিজ অঙ্গনের তারকা থেকে শুরু করে রাজনৈতিক ব্যক্তিত্ব এবং মানবাধিকার সংস্থাগুলো জোর দাবি জানায় ইসরায়েলের বিপক্ষে ম্যাচ বয়কটের।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বরিশালে ৪৩ বছর পর আদালতের মাধ্যমে জমি উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২ই অক্টোবর, ২০২৬ ইং

০৩:৪০ পি.এম


বরিশালে ৪৩ বছর পর আদালতের মাধ্যমে জমি উদ্ধার

বরিশাল, ২ অক্টোবর, ২০২৬ : আদালতের নির্দেশে প্রশাসনের উদ্যোগে ৪৩ বছর পর জমির প্রকৃত মালিককে জমি উদ্ধার করে দেওয়া হয়েছে। জালিয়াতি করে জবর দখল করা জমি ৪৩ বছর পর আদালতের নির্দেশে পুলিশ প্রশাসনের সহায়তায় মূল মালিককে বুঝিয়ে দিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

বরিশালের বগুরা আলেকান্দা মৌজার সাড়ে ১৪ শতাংশ জমি দীর্ঘ ৪৩ বছর ধরে মালেক গং জোরজবরদস্তি দখল করে রেখেছিল। একাধিক মামলায় জমির প্রকৃত মালিক আব্দুল হাই বাপ্পি রায় পেলেও ক্ষমতার দাপটে মালেক গং জমির ভোগদখল করতে দেয়নি। নিম্ন আদালত থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত দীর্ঘ ৪৩ বছর আইনি লড়াই শেষে অবশেষে জমির প্রকৃত মালিক তার জমি বুঝে পেলেন।

বরিশাল নগরীর মল্লিক রোডে গতকাল বৃহস্পতিবার বরিশালের অতিরিক্ত ম্যাজিস্ট্রেট আদালতের নির্দেশে জালিয়াতি চক্রকে উচ্ছেদ করেন সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আজহারুল ইসলাম।

এ বিষয়ে জমির মালিক আব্দুল হাই বাপ্পি বলেন, "আমি দীর্ঘ ৪৩ বছর জজ কোর্ট, হাই কোর্ট, সুপ্রিমকোর্ট এবং সুপ্রিমকোর্টের আপিল ডিভিশন এবং রিভিউ খারিজ হওয়ার পরে জেলা প্রশাসনের এডিএম কোর্টে উচ্ছেদের মামলা করে আমার জমি আমি ফিরে পেয়েছি।"

তিনি আরও বলেন, "আজকে এই জমি ফিরে পাওয়ার মাধ্যমে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে। এজন্য আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে এই ধরনের ভূমি জালিয়াতি চক্রের বিচার দাবি করছি।"

উচ্ছেদ অভিযান পরিচালনাকালে বরিশাল সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আজহারুল ইসলাম বলেন, "বরিশালের অতিরিক্ত ম্যাজিস্ট্রেট আদালতের নির্দেশে আজকে মল্লিক রোডের সাড়ে ১৪ শতক জমি মূল মালিকের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। গত ৩০ আগস্ট এই ভূমি বুঝিয়ে দেওয়ার কথা ছিল আমরা সেই মোতাবেক কার্যক্রম পরিচালনা করি, কিন্তু এখানে দীর্ঘদিন যারা ভোগ দখল করে আসছিল তাদের অভিযোগ ছিল তারা কোনো নোটিশ পায়নি। তাই তাদের ১ মাস সময় দেওয়া হয়েছিল কিন্তু তারা কোনো নোটিশ রিসিভ করেননি। তাই আদালতের নির্দেশ আজ বাস্তবায়ন করা হয়েছে।"

তিনি আরও বলেন, "আমার চাকরির অভিজ্ঞতায় আজ পর্যন্ত শুনিনি কেউ নোটিশ পেয়েছেন। তারা সবসময়ই একটা কমন ডায়লগ দেন আমরা কোনো নোটিশ পাইনি। এখানেও সেটাই হয়েছে।"

তারপরও আমি নিজে ১ মাস সময় দেওয়ার পরও বলছে তারা কোনো নোটিশ পায়নি। এই উচ্ছেদ অভিযানে বরিশাল মেট্রোপলিটন পুলিশের সদস্যরাসহ কোতোয়ালি থানার ওসি তদন্ত উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইসলামের বুকে ছুরি মারবেন না: জামায়াতের উদ্দেশে রাশেদ খান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২ই অক্টোবর, ২০২৬ ইং

০৩:৪১ পি.এম


ইসলামের বুকে ছুরি মারবেন না: জামায়াতের উদ্দেশে রাশেদ খান

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান মন্তব্য করেছেন যে, জামায়াত ইসলামি রাজনীতি করার দাবি করছে এবং শরিয়াহ আইন প্রতিষ্ঠার চেষ্টা করছে। এই প্রেক্ষাপটে তিনি জামায়াতে ইসলামকে সতর্ক করে বলেছেন, "ইসলামের বুকে ছুরি মারবেন না"।

শুক্রবার (২ অক্টোবর) দুপুরে চট্টগ্রামের ফটিকছড়ির আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় হেফাজতে ইসলামের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর তিনি এসব কথা বলেন।

রাশেদ খান আরও বলেন, "ইসলামি মূল্যবোধের প্রচার কীভাবে করতে হয়, সেটা হেফাজতে ইসলামের কাছ থেকে আপনারা শেখেন। আপনারা ইসলাম থেকে, ইসলামী মূল্যবোধ থেকে যোজন যোজন দূরে সরে গেছেন।"

তিনি উল্লেখ করেন, জামায়াতের কার্যক্রম ও বক্তব্য আসলে ইসলামের সঙ্গেই দ্বিচারিতা। "এটি জামায়াতের কাছ থেকে দেশের জনগণ প্রত্যাশা করে না।"

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী বলেন, "আপনারা যে ধরনের রাজনৈতিক বক্তব্য মাঠে-ময়দানে রাখছেন, এটি নিয়ে জাতি বিভ্রান্ত হচ্ছে।" তিনি উল্লেখ করেন, "আজকেও আমাদের আমির যে কথা বললেন, এই সরকারকে সবার সহযোগিতা করা উচিত। সহযোগিতা না করে এই সাত মাসের সরকারের বিরুদ্ধে কেন লংমার্চ—এই প্রশ্ন তিনি আজ আমাদের কাছে করেছেন।"

হেফাজতে ইসলামের আমিরের উদ্ধৃতি দিয়ে রাশেদ খান বলেন, "সবার দায়িত্ব, আমরা যারা একসঙ্গে আন্দোলন-সংগ্রাম করে ফ্যাসিবাদকে হারিয়েছিলাম, সবার দায়িত্ব সেই ফ্যাসিবাদ বিরোধী শক্তিকে ঐক্যবদ্ধ রেখে রাষ্ট্র পুনর্গঠন করা।" তবে তিনি মন্তব্য করেন, জামায়াতে ইসলামের বর্তমান মনোযোগ রাষ্ট্র পুনর্গঠনে নেই।

জামায়াতের উদ্দেশ্যে তিনি বলেন, "জামায়াত কীভাবে ক্ষমতায় যাওয়া যায়, ইসলামকে পুঁজি করে মানুষকে বিভ্রান্ত করে, মোনাফেকি করে তারা সেই চেষ্টা করছে।" তিনি হেফাজতে ইসলামের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে বলেন, "তারা জনগণের কণ্ঠস্বর হিসেবে কাজ করে যাচ্ছে।"

রাশেদ খান বলেন, "আমি আগেও স্পষ্ট করেছি, জামায়াতের মুখে একটা, অন্তরে আরেকটা।" তিনি উল্লেখ করেন, জামায়াতের জন্ম থেকে আজ অবধি তাদের মোনাফেকি আচরণ ছাড়া অন্য কোনো আচরণ দেখা যায়নি।

তিনি বলেন, "জামায়াত মুখে বলছে সরকারকে সহযোগিতা করছে। অন্যদিকে আমরা লক্ষ্য করছি, কীভাবে আওয়ামী লীগকে ফিরিয়ে এনে সেই ৯৬-এর মতো আন্দোলন করা যায়।"

তিনি আরও বলেন, "আওয়ামী লীগের ভাষা আর জামায়াতের ভাষার মধ্যে এই মুহূর্তে কোনো পার্থক্য নেই।" তিনি ডিসেম্বর মাসকে বিজয়ের মাস হিসেবে উল্লেখ করে বলেন, "এই মাসে আমরাও ইনশাআল্লাহ বাংলাদেশের জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে থাকব।"

রাশেদ খান বলেন, "আজ জুমার দিনে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছি এবং তার দোয়া নিয়েছি।" তিনি জানান, আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী বাংলাদেশের নির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য দোয়া করেছেন।

এ সময় উপস্থিত ছিলেন হেফাজতের নায়েবে আমির আল্লামা আইয়ুব বাবুনগরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাঈদ মুহাম্মদ ইব্রাহিম, সহকারী কমিশনার রহমত উল্লাহ, গণঅধিকার নেতা তৌহিদ, ফটিকছড়ি উপজেলা বিএনপির সদস্য সচিব জহির আজম, বিএনপি নেতা জাহাঙ্গীর, যুবদল নেতা মোজাহারুল ইকবাল লাভলু, ছাত্রদল নেতা মহি উদ্দিন মেসি ও জিয়া মঞ্চের নেতা ওহিদুল আলমসহ বিভিন্ন নেতৃবৃন্দ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫১
মাগরিব ০৫:২৮
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%