ঢাকা বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ইং ০৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

ম্যানচেস্টার ইউনাইটেডকে বিদায় জানালেন গ্যাব্রিয়েল, রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার সম্ভাবনা


ম্যানচেস্টার ইউনাইটেডকে বিদায় জানালেন গ্যাব্রিয়েল, রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার সম্ভাবনা

ঢাকা, ১৮ নভেম্বর ২০২৬ : মঙ্গলবার ম্যানচেস্টার ইউনাইটেডকে বিদায় জানিয়ে কিশোর প্রতিভা জেজে গ্যাব্রিয়েল রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার সম্ভাবনা প্রকাশ করেছেন।

১৬ বছর বয়সী এই ফুটবলার, যাকে ভবিষ্যতের মহাতারকা হিসেবে দেখা হচ্ছে, গত সেপ্টেম্বরে ইউনাইটেডকে চমকে দিয়ে ক্লাবটির হয়ে নিজের রেজিষ্ট্রেশন বাতিলের অনুরোধ করেন। তার ১৬তম জন্মদিনের এক মাস আগে তিনি এই সিদ্ধান্ত নিয়েছিলেন।

গ্যাব্রিয়েলের ইউরোপের মূল দলের হয়ে কোনো প্রতিযোগিতামূলক ম্যাচ খেলা হয়নি।

আরও পড়ুন: গোলের দিনে বাবা হলেন এনদ্রিক, ছেলের নাম কেনদ্রিক

এক ভিডিও বার্তায় তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে বলেন, “আপনারা আমাকে এমন কিছু মুহূর্ত উপহার দিয়েছেন, যা আমি সব সময় মনে রাখব। প্রত্যেক কোচ ও স্টাফ সদস্য, সতীর্থ এবং যারা আমাকে সমর্থন করেছেন আমার ওপর বিশ্বাস রাখার এবং বেড়ে উঠতে সহায়তা করার জন্য সবাইকে ধন্যবাদ।”

তিনি আরও বলেন, “জীবনের নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছি। তবে ম্যানচেস্টার ইউনাইটেড সব সময় আমার গল্পের অংশ হয়ে থাকবে।”

স্কাই স্পোর্টসের রিপোর্ট অনুযায়ী, আগামী জানুয়ারিতে আনুষ্ঠানিকভাবে গ্যাব্রিয়েলকে দলে নিতে ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে সমঝোতায় পৌঁছেছে রিয়াল মাদ্রিদ।

সাবেক আইরিশ আন্তর্জাতিক ফুটবলার জো ও'সেরুইলের ছেলে গ্যাব্রিয়েল গত মৌসুমে ইউনাইটেডের একাডেমির বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার জিতে নিয়েছিলেন। ক্লাবটির পরিকল্পনা ছিল তাকে দ্রুত মূল দলে উন্নীত করার।

আরও পড়ুন: র‌্যাঙ্কিংয়ে ফেরার লক্ষ্য নিয়ে তাইপে যাচ্ছে বাংলাদেশ রাগবি দল

অগাস্টে অ্যাথলেটিকো মাদ্রিদের বিরুদ্ধে প্রীতি ম্যাচে অভিষেকের পর, সেপ্টেম্বরে ব্রাইটনের বিপক্ষে লিগ কাপের ম্যাচে ইউনাইটেডের ইতিহাসে সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হওয়ার অপেক্ষায় ছিলেন গ্যাব্রিয়েল।

কিন্তু ওই ম্যাচের আগের দিনই তিনি ক্লাব ছাড়ার ইচ্ছার কথা জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফতুল্লায় খাল খনন ও পরিষ্কার কার্যক্রম উদ্বোধন জামায়াত নেতা আবদুল জব্বার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:২৯ পি.এম


ফতুল্লায় খাল খনন ও পরিষ্কার কার্যক্রম উদ্বোধন জামায়াত নেতা আবদুল জব্বার

ফতুল্লার এনায়েতনগর ও কাশীপুর ইউনিয়নের মধ্য দিয়ে প্রবাহিত কাইল্যানী খাল দীর্ঘ সময় ধরে দখল, দূষণ ও ময়লা-আবর্জনায় প্রায় বিলীন হয়ে গিয়েছিল। খালের ওপর জমে থাকা ময়লা-আবর্জনার কারণে সহজেই পার হওয়া সম্ভব ছিল। অবশেষে মৃতপ্রায় খালটির খনন ও পরিষ্কারের উদ্যোগ গ্রহণ করেছে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামী।

বুধবার বেলা ১২টায় মহানগরী জামায়াতের আমির মাওলানা আবদুল জব্বার নিজে উপস্থিত থেকে এই কর্মসূচির উদ্বোধন করেন।

দুই ইউনিয়নের প্রায় ১০ লাখ অধিবাসী খাল ভরাটের কারণে দীর্ঘদিন ধরে জলাবদ্ধতার সমস্যায় ভুগছেন। স্থানীয় বাসিন্দাদের এই দুর্ভোগ লাঘব এবং পানি নিষ্কাশন ব্যবস্থা সচল করার উদ্দেশ্যে নিজ উদ্যোগে খাল খনন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু করেছেন মাওলানা আবদুল জব্বার।

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে ময়লা-আবর্জনা ও পলি জমে খালটি ভরাট হয়ে থাকার কারণে এলাকার পানি নিষ্কাশন ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছিল। সামান্য বৃষ্টি হলেই এলাকায় হাঁটুপানি জমে তীব্র জলাবদ্ধতার সৃষ্টি হতো। এতে স্কুল-কলেজগামী শিক্ষার্থী, কর্মজীবী মানুষ ও সাধারণ বাসিন্দাদের চরম ভোগান্তি পোহাতে হতো। পাশাপাশি জমে থাকা পচা পানিতে মশার উপদ্রবও ভয়াবহ আকার ধারণ করেছিল।

খাল খনন কার্যক্রম পরিদর্শনকালে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র প্রার্থী মাওলানা আবদুল জব্বার বলেন, "নগরবাসীর সেবা করার জন্য কেবল নির্বাচনের অপেক্ষায় বসে থাকলে চলবে না। মানুষের দুঃখ-কষ্ট লাঘব করা আমাদের নৈতিক দায়িত্ব। দীর্ঘদিন ধরে এই এলাকার মানুষ জলাবদ্ধতায় চরম দুর্ভোগ পোহাচ্ছেন। তাই জনস্বার্থে ও এলাকাবাসীর স্বস্তি ফেরাতে এই খাল খনন ও পরিষ্কারের কাজ শুরু করেছি।"

তিনি আরও বলেন, "খালটির স্বাভাবিক পানিপ্রবাহ ফিরিয়ে আনতে যতটুকু খনন ও সংস্কার প্রয়োজন, তা পর্যায়ক্রমে সম্পন্ন করা হবে।" এ সময় তিনি খাল ও ড্রেনে ময়লা-আবর্জনা না ফেলে পরিবেশ পরিচ্ছন্ন রাখতে স্থানীয় বাসিন্দাদের প্রতি আহ্বান জানান।

স্থানীয় বাসিন্দারা জামায়াতে ইসলামীর এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, খালটি সচল হলে আগামী বর্ষা মৌসুমে জলাবদ্ধতার দুর্ভোগ থেকে মুক্তি মিলবে এবং এলাকার পরিবেশেরও উন্নতি হবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আবু সাইয়েদ মুন্না, এনায়েতনগর ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা ইউনুস আলী, ইউনিয়ন জামায়াতের কর্মপরিষদের সদস্য হোসেন, দেলোয়ার হোসেন গাজী, মো. অলিউল্লাহ, এনায়েতনগর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মেম্বার প্রার্থী মো. সোহেল খান, ২ নম্বর ওয়ার্ডের মেম্বার প্রার্থী ফালু, ৪ নম্বর ওয়ার্ডের মেম্বার প্রার্থী সিজান প্রমুখ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আইপিএল নিলামের আগে ১০ দলের চূড়ান্ত তালিকা প্রকাশ

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:২৯ পি.এম


আইপিএল নিলামের আগে ১০ দলের চূড়ান্ত তালিকা প্রকাশ

আইপিএলের আগামী মৌসুমের জন্য দল গঠনের প্রাথমিক কাজ সম্পন্ন করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ২০২৭ আসরের মিনি নিলামের পূর্বে কোন ক্রিকেটারদের ধরে রাখা হয়েছে, কাদের ছেড়ে দেওয়া হয়েছে এবং ট্রেডের মাধ্যমে কারা নতুন দলে যুক্ত হয়েছেন, সেই সংক্রান্ত চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে দলগুলো।

আগামী ১৬ ডিসেম্বর গোয়ায় অনুষ্ঠিত হতে চলেছে খেলোয়াড়দের নিলাম। এর আগে ফ্র্যাঞ্চাইজিগুলোর স্কোয়াডে বেশ কিছু উল্লেখযোগ্য পরিবর্তন ঘটেছে।

এবারের তালিকায় সবচেয়ে আলোচিত ঘটনাগুলোর একটি মহেন্দ্র সিং ধোনির আইপিএল থেকে অবসরের ঘোষণা । কলকাতা নাইট রাইডার্স বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমানকে ছেড়ে দিয়েছে। দিল্লি ক্যাপিটালসের সঙ্গে সম্পর্ক শেষ হয়েছে অস্ট্রেলিয়ান পেসার মিচেল স্টার্কের। সানরাইজার্স হায়দরাবাদ ওপেনার ট্রাভিস হেডকে ছেড়ে দিয়েছে। চোটের কারণে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু থেকে বাদ পড়েছেন জ্যাকব বেথেল।

ট্রেডের বাজারেও উল্লেখযোগ্য পরিবর্তন ঘটেছে। মুম্বাই ইন্ডিয়ানস থেকে পাঞ্জাব কিংসে যোগ দিয়েছেন হার্দিক পান্ডিয়া। বিপরীতে পাঞ্জাব ছেড়ে মুম্বাইয়ে এসেছেন আর্শদীপ সিং। লক্ষ্ণৌ সুপার জায়ান্টস থেকে দিল্লি ক্যাপিটালসে ফিরেছেন ঋষভ পান্ত।

নিলামের আগে ১০ দলের খেলোয়াড় তালিকা ও হাতে থাকা অর্থের পরিমাণ একনজরে দেখে নেওয়া যাক।

১. চেন্নাই সুপার কিংস

ধরে রেখেছে ১৭ ক্রিকেটার

রুতুরাজ গায়কোয়াড়, সাঞ্জু স্যামসন, আয়ুষ মাহাত্রে, উরভিল প্যাটেল, ডেওয়াল্ড ব্রেভিস, শিবম দুবে, কার্তিক শর্মা, সরফরাজ খান, রাহুল চাহার, নূর আহমেদ, শ্রেয়াস গোপাল, অংশুল কাম্বোজ, মুকেশ চৌধুরী, গুরজপনীত সিং, রামকৃষ্ণ ঘোষ, জেমি ওভারটন ও আকিল হোসেন।

ট্রেডে এসেছে: লিয়াম লিভিংস্টোন ও জ্যাক এডওয়ার্ডস (সানরাইজার্স হায়দরাবাদ থেকে)।

ছেড়ে দিয়েছে: মহেন্দ্র সিং ধোনি (অবসর), আমান খান, ডিয়েন ফরেস্টার, কুলদীপ যাদব, ম্যাকনিল নরোনা, ম্যাথু শর্ট, ম্যাট হেনরি, আকাশ মাধওয়াল, প্রশান্ত বীর, স্পেনসার জনসন ও জাক ফোকস।

ট্রেডে ছেড়েছে: খলিল আহমেদ ও নাথান এলিস।

অবশিষ্ট অর্থ: ২৮.০৫ কোটি রুপি।

২. মুম্বাই ইন্ডিয়ানস

ধরে রেখেছে ১৫ ক্রিকেটার

রোহিত শর্মা, সূর্যকুমার যাদব, জাসপ্রিত বুমরা, তিলক ভার্মা, নমন ধীর, রায়ান রিকেলটন, শেরফান রাদারফোর্ড, কুইন্টন ডি কক, করবিন বশ, উইল জ্যাকস, শার্দুল ঠাকুর, রাজ বাওয়া, মিচেল স্যান্টনার, অশ্বানি কুমার ও রঘু শর্মা।

ট্রেডে এসেছে: আর্শদীপ সিং (পাঞ্জাব কিংস থেকে)।

ছেড়ে দিয়েছে: ট্রেন্ট বোল্ট, দীপক চাহার, এএম গাজানফার, অথর্ব আঙ্কোলেকর, কেশব মহারাজ, মোহাম্মদ ইজহার, দানিশ মালেওয়ার, ময়াঙ্ক মার্কান্ডে, ময়াঙ্ক রাওয়াত, মহিপাল লোমরোর, রবিন মিনজ, রুচিত আহির ও কৃষ ভাগত।

ট্রেডে ছেড়েছে: হার্দিক পান্ডিয়া।

অবশিষ্ট অর্থ: ৩২.৬০ কোটি রুপি।

৩. দিল্লি ক্যাপিটালস

ধরে রেখেছে ১৪ ক্রিকেটার

অক্ষর প্যাটেল, লোকেশ রাহুল, পৃথ্বী শ, সমীর রিজভি, আশুতোষ শর্মা, ট্রিস্টান স্টাবস, ডেভিড মিলার, লুঙ্গি এনগিডি, মুকেশ কুমার, অকিব নবী, বিপ্রজ নিগম, মাধব তিওয়ারি, ত্রিপুরানা বিজয় ও কাইল জেমিসন।

ট্রেডে এসেছে: ঋষভ পান্ত (লক্ষ্ণৌ থেকে) ও জিশান আনসারি (হায়দরাবাদ থেকে)।

ছেড়ে দিয়েছে: মিচেল স্টার্ক, নীতিশ রানা, অভিষেক পোড়েল, পাথুম নিশাঙ্কা, বেন ডাকেট, করুণ নায়ার, সাহিল পারাখ, দুশমন্ত চামিরা, রেহান আহমেদ ও অজয় মান্ডল।

ট্রেডে ছেড়েছে: থাঙ্গারাসু নাটারাজন ও কুলদীপ যাদব।

অবশিষ্ট অর্থ: ৩৯.৫০ কোটি রুপি।

৪. লক্ষ্ণৌ সুপার জায়ান্টস

ধরে রেখেছে ১৬ ক্রিকেটার

মিচেল মার্শ, এইডেন মার্করাম, নিকোলাস পুরান, জশ ইংলিস, আয়ুষ বাদোনি, আবদুল সামাদ, মুকুল চৌধুরী, অক্ষত রঘুবংশী, হিম্মত সিং, শাহবাজ আহমেদ, দিগ্বেশ রাঠি, প্রিন্স যাদব, মোহসিন খান, ময়াঙ্ক যাদব, আকাশ সিং ও অর্জুন টেন্ডুলকার।

ট্রেডে এসেছে: কুলদীপ যাদব (দিল্লি থেকে) ও স্যাম কারেন (রাজস্থান থেকে)।

ছেড়ে দিয়েছে: আভেশ খান, ম্যাথু ব্রিজকে, আনরিখ নর্কিয়া, জর্জ লিন্ডে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, নমন তিওয়ারি ও আরশিন কুলকার্নি।

ট্রেডে ছেড়েছে: ঋষভ পান্ত, মোহাম্মদ শামি ও এম সিদ্ধার্থ।

অবশিষ্ট অর্থ: ৪৭.৪৫ কোটি রুপি।

৫. পাঞ্জাব কিংস

ধরে রেখেছে ১৮ ক্রিকেটার

শ্রেয়াস আইয়ার, প্রিয়াংশ আরিয়া, প্রভসিমরন সিং, শশাঙ্ক সিং, মুশির খান, বিষ্ণু বিনোদ, কুপার কনোলি, মার্কাস স্টয়নিস, আজমতউল্লাহ ওমরজাই, মার্কো ইয়ানসেন, সূর্যাংশ শেডগে, জেভিয়ার বার্টলেট, বেন ডোয়ারশুইস, যশ ঠাকুর, ব্যাসক বিজয়কুমার, যুজবেন্দ্র চাহাল, হরপ্রীত ব্রার ও হারনুর সিং।

ট্রেডে এসেছে: হার্দিক পান্ডিয়া (মুম্বাই থেকে)।

ছেড়ে দিয়েছে: নেহাল ওয়াধেরা, লকি ফার্গুসন, মিচেল ওয়েন, পায়লা অবিনাশ, প্রবীণ দুবে ও বিশাল নিশাদ।

ট্রেডে ছেড়েছে: আর্শদীপ সিং।

অবশিষ্ট অর্থ: ১৮.৬০ কোটি রুপি।

৬. রাজস্থান রয়্যালস

ধরে রেখেছে ১৭ ক্রিকেটার

রিয়ান পরাগ, যশস্বী জয়সওয়াল, বৈভব সূর্যবংশী, ধ্রুব জুরেল, শুভম দুবে, আমান রাও, লুয়ান-দ্রে প্রিটোরিয়াস, ডোনোভান ফেরেইরা, দাসুন শানাকা, রবীন্দ্র জাদেজা, রবি বিষ্ণোই, যশরাজ পুনজা, ইমানজত চাহাল, জোফ্রা আর্চার, ব্রিজেশ শর্মা, সন্দীপ শর্মা ও সুশান্ত মিশ্র।

ট্রেডে এসেছে: মোহাম্মদ শামি ও এম সিদ্ধার্থ (লক্ষ্ণৌ থেকে)।

ছেড়ে দিয়েছে: শিমরন হেটমায়ার, নান্দ্রে বার্গার, অ্যাডাম মিলনে, কুয়েনা মাফাকা, তুষার দেশপান্ডে, কুলদীপ সেন, যুধবীর সিং, ভিগনেশ পুথুর ও রবি সিং।

ট্রেডে ছেড়েছে: স্যাম কারেন।

অবশিষ্ট অর্থ: ২৭.০৫ কোটি রুপি।

৭. সানরাইজার্স হায়দরাবাদ

ধরে রেখেছে ১৫ ক্রিকেটার

প্যাট কামিন্স, অভিষেক শর্মা, ইশান কিষান, হেনরিখ ক্লাসেন, নীতিশ কুমার রেড্ডি, ব্রাইডন কার্স, সালিল অরোরা, অনিকেত ভার্মা, হর্ষ দুবে, স্মরণ রবিচন্দ্রন, প্রফুল হিঙ্গে, সাকিব হুসেন, শিবাং কুমার, ক্রেইনস ফুলেত্রা ও ঈশান মালিঙ্গা।

ট্রেডে ছেড়েছে: হার্শাল প্যাটেল, জিশান আনসারি, লিয়াম লিভিংস্টোন ও জ্যাক এডওয়ার্ডস।

ছেড়ে দিয়েছে: ট্রাভিস হেড, কামিন্দু মেন্ডিস, জয়দেব উনাদকাট, দিলশান মাদুশঙ্কা, ওঙ্কার তারমালে, অমিত কুমার, শিবম মাভি, জেরাল্ড কোয়েটজি ও ডেভিড পেইন।

অবশিষ্ট অর্থ: ৪০.১৫ কোটি রুপি।

৮. রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু

ধরে রেখেছে ১৯ ক্রিকেটার

বিরাট কোহলি, রজত পাতিদার, ফিল সল্ট, দেবদূত পাডিক্কাল, জিতেশ শর্মা, টিম ডেভিড, ক্রুনাল পান্ডিয়া, রোমারিও শেফার্ড, জশ হ্যাজলউড, ভুবনেশ্বর কুমার, সুযশ শর্মা, অভিনন্দন সিং, রাসিখ সালাম, ভেঙ্কটেশ আইয়ার, জ্যাকব ডাফি, জর্ডান কক্স, ভিকি ওস্তওয়াল, কণিষ্ক চৌহান ও যশ দয়াল।

ছেড়ে দিয়েছে: জ্যাকব বেথেল, রিচার্ড গ্লিসন, মঙ্গেশ যাদব, সাত্ত্বিক দেশওয়াল, ভিহান মালহোত্রা ও স্বপ্নিল সিং।

অবশিষ্ট অর্থ: ১৪.১৫ কোটি রুপি।

৯. গুজরাট টাইটানস

ধরে রেখেছে ২২ ক্রিকেটার

শুবমান গিল, সাই সুদর্শন, রাহুল তেওয়াতিয়া, কুমার কুশাগ্র, অনুজ রাওয়াত, জস বাটলার, টম ব্যান্টন, গ্লেন ফিলিপস, ওয়াশিংটন সুন্দর, আর সাই কিশোর, মানব সুতার, রশিদ খান, জয়ন্ত যাদব, জেসন হোল্ডার, কাগিসো রাবাদা, মোহাম্মদ সিরাজ, প্রসিধ কৃষ্ণ, গুরনুর ব্রার, অশোক শর্মা, আরশাদ খান, পৃথ্বীরাজ ইয়ারা ও নিশান্ত সিন্ধু।

ট্রেডে এসেছে: হার্শাল প্যাটেল (সানরাইজার্স থেকে)।

ছেড়ে দিয়েছে: ইশান্ত শর্মা, লুক উড, কুলবন্ত খেজরোলিয়া, শাহরুখ খান ও কনর এস্টারহুইজেন।

অবশিষ্ট অর্থ: ৮.৭৫ কোটি রুপি।

১০. কলকাতা নাইট রাইডার্স

ধরে রেখেছে ১৭ ক্রিকেটার

ক্যামেরন গ্রিন, সুনীল নারিন, রিংকু সিং, বরুণ চক্রবর্তী, হর্ষিত রানা, ফিন অ্যালেন, মণীশ পাণ্ডে, রোভম্যান পাওয়েল, অংকৃষ রঘুবংশী, রামানদীপ সিং, টিম সাইফার্ট, সার্তক রঞ্জন, অনুকূল রায়, বৈভব অরোরা, সৌরভ দুবে, কার্তিক ত্যাগী ও প্রশান্ত সোলাঙ্কি।

ছেড়ে দিয়েছে: আজিঙ্কা রাহানে (অবসর), আকাশ দীপ, ব্লেসিং মুজারাবানি, দক্ষ কামরা, লুভনিথ সিসোদিয়া, মাথিশা পাথিরানা, মোস্তাফিজুর রহমান, নবদীপ সাইনি, রাচিন রবীন্দ্র, রাহুল ত্রিপাঠি, তেজস্বী সিং ও উমরান মালিক।

অবশিষ্ট অর্থ: ৪১.৬৫ কোটি রুপি।

নিলামের আগে কোন দলের হাতে কত অর্থ?

দলগুলোর প্রকাশিত হিসাব অনুযায়ী, নিলামের আগে সবচেয়ে বেশি অর্থ রয়েছে লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের হাতে। অন্যদিকে সবচেয়ে কম অর্থ নিয়ে নিলামে নামবে গুজরাট টাইটানস।

সবচেয়ে বেশি অর্থ থাকা পাঁচটি দল হলো:

নিলাম ঘিরে বাড়ছে উত্তেজনা

ধোনির অবসর, মোস্তাফিজের কলকাতা ছাড়ার সিদ্ধান্ত, স্টার্ক ও ট্রাভিস হেডের মতো তারকাদের ছেড়ে দেওয়া এবং হার্দিক-আর্শদীপের দলবদল—সব মিলিয়ে আইপিএলের আগামী মৌসুমের আগে ফ্র্যাঞ্চাইজিগুলোর প্রস্তুতিতে বড় পরিবর্তন এসেছে।

১৬ ডিসেম্বর গোয়ায় অনুষ্ঠিতব্য মিনি নিলামে দলগুলো নিজেদের ঘাটতি পূরণে নতুন ক্রিকেটারদের দলে নেওয়ার চেষ্টা করবে। এখন দেখার বিষয়, কোন ফ্র্যাঞ্চাইজি নিলামের মঞ্চে সবচেয়ে কার্যকর দল গঠন করতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শিক্ষাপ্রতিষ্ঠানে ২ লাখ ৫৩ হাজার শিক্ষক শূন্য পদ, জানান শিক্ষামন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:৩০ পি.এম


শিক্ষাপ্রতিষ্ঠানে ২ লাখ ৫৩ হাজার শিক্ষক শূন্য পদ, জানান শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে ২ লাখ ৫৩ হাজার ৯৪৫টি শিক্ষকের শূন্য পদ রয়েছে। বুধবার জাতীয় সংসদের প্রশ্নোত্তরে পৃথক প্রশ্নের জবাবে মন্ত্রী এই তথ্য প্রদান করেন। শূন্য পদ পূরণে সরকারের বিভিন্ন পদক্ষেপের কথাও তিনি উল্লেখ করেন।

মন্ত্রীদের প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপিত হয় ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে। তবে এর আগে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর অনুষ্ঠিত হয়।

সিরাজগঞ্জ-৪ আসনের মো. রফিকুল ইসলামের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকের শূন্য পদের সংখ্যা ৩ হাজার ৪৮টি। বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে এই সংখ্যা ৮৫ হাজার ৩৩৩টি। কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকের শূন্য পদ ১৪ হাজার ৬৯৭টি। মাদ্রাসা শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকের শূন্য পদের সংখ্যা এক লাখ ১ হাজার ৮৭৩টি।

ফরিদপুর-১ আসনের মো. ইলিয়াস মোল্লার প্রশ্নের জবাবে আ ন ম এহছানুল হক মিলন জানান, দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষকের ১০ হাজার ২৪৭টি এবং প্রধান শিক্ষকের ৩৮ হাজার ৭৪৭টি শূন্য পদ রয়েছে।

কিশোরগঞ্জ-২ আসনের অ্যাডভোকেট মো. জালাল উদ্দিনের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী শহর ও গ্রামের মধ্যে শিক্ষাক্ষেত্রে বৈষম্যের কথা উল্লেখ করেন। তিনি বলেন, দেশের শিক্ষা ব্যবস্থায় শহর ও গ্রামের শিক্ষার্থীদের মধ্যে সুযোগ-সুবিধার কিছুটা অসমতা বিদ্যমান রয়েছে। শহরের তুলনায় গ্রামীণ অঞ্চলে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ভৌত অবকাঠামো, দক্ষ ও বিষয়ভিত্তিক শিক্ষকের পর্যাপ্ততা এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার সীমাবদ্ধ। মন্ত্রী জানান, গ্রামের শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও বৈষম্য নিরসনে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে।

মো. ইলিয়াস মোল্লার অপর এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী জানান, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানসমূহে ৭৫ হাজার ৭৩৮টি শিক্ষকের শূন্য পদের চাহিদা পাওয়া গেছে। সংশ্লিষ্ট বিধিমালা ও পরিপত্র সংশোধনের মাধ্যমে শিগগিরই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও সহকারী প্রধানের ১১ হাজার ১৫১টি পদ পূরণের কার্যক্রম চলমান রয়েছে।

কুমিল্লা-৪ আসনের আবুল হাসনাতের প্রশ্নের জবাবে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী জানান, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী উপস্থিতির হার ৮৮ দশমিক শূন্য ৪ শতাংশ এবং ঝরে পড়ার হার ১৬ দশমিক ২৫ শতাংশ।

সংরক্ষিত আসনের শামছুন্নাহারের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, আদালতে রিট পিটিশন নিষ্পত্তি হওয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদোন্নতিযোগ্য শূন্য পদ পূরণে কার্যক্রম শুরু হয়েছে। এছাড়া সরাসরি নিয়োগযোগ্য শূন্য পদ পূরণে পিএসসিতে চাহিদাপত্র দেওয়া হয়েছে। সহকারী শিক্ষকের শূন্য পদের তথ্য সংগ্রহ করা হয়েছে। শূন্য পদ পূরণের জন্য নিয়োগ প্রক্রিয়া শুরু হবে।

সরকার দলের খায়রুল কবির খোকনের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, প্রাথমিক শিক্ষা বিভাগের সব শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী সরকার নির্ধারিত বেতন স্কেল অনুযায়ী বেতন-ভাতা পেয়ে থাকেন। প্রাথমিক শিক্ষকদের স্বতন্ত্র বেতন কাঠামো প্রণয়নে সরকারের কোনো সিদ্ধান্ত আপাতত নেই।

যশোর-১ আসনের মুহাম্মদ আজীজুর রহমানের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী জানান, দেশে আট হাজার ২২৯টি এমপিওভুক্ত মাদ্রাসায় সংযুক্ত ইবতেদায়িতে প্রায় ১৫ হাজার শিক্ষার্থী পড়াশোনা করে। এছাড়া অনুদানভুক্ত ও অনুদানবিহীন সাত হাজার ৭৭টি ইবতেদায়িতে প্রায় ১০ লাখ শিক্ষার্থী পড়াশোনা করে।

সংরক্ষিত আসনের মোছা. সাবিরা সুলতানার প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী জানান, দেশের ইংলিশ মিডিয়াম বা আন্তর্জাতিক মানের স্কুলগুলোর প্রায় ৭০ শতাংশেরই যথাযথ নিবন্ধন বা অনুমোদন নেই। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ব্যাঙের ছাতার মতো এসব প্রতিষ্ঠান গড়ে উঠেছে।

শিক্ষামন্ত্রী বলেন, ইংলিশ মিডিয়াম স্কুল পরিচালনার জন্য সরকারের পক্ষ থেকে কোনো কঠোর বা কার্যকর সমন্বিত নীতিমালা না থাকায় অধিকাংশ প্রতিষ্ঠান নিজেদের ইচ্ছামতো পরিচালিত হতো। শিক্ষাখাতকে শৃঙ্খলায় আনতে এবং এসব প্রতিষ্ঠানকে জবাবদিহিতার মধ্যে নিয়ে আসতে সরকার কাজ করছে। বিদেশি কারিকুলাম বা ইংরেজি মাধ্যমের স্কুলগুলোর জন্য একটি অভিন্ন নীতিমালা প্রণয়নের কাজ চলমান রয়েছে। অনুমোদনহীন ও নিবন্ধনবিহীন স্কুলগুলোকে আইনি কাঠামোর মধ্যে আনতে বাধ্যতামূলক নিবন্ধন ব্যবস্থার আওতায় আনার প্রক্রিয়া চলছে।

সংরক্ষিত আসনের নিলোফার চৌধুরী মনির প্রশ্নের জবাবে আ ন ম এহছানুল হক মিলন বলেন, দেশের ক্যাডেট কলেজগুলোতে অধ্যয়নরত প্রতিটি শিক্ষার্থীর পেছনে সরকারের বার্ষিক মাথাপিছু ব্যয় ৫ লাখ ৩৪ হাজার ৪৩ টাকা। ক্যাডেট কলেজগুলো সম্পূর্ণভাবে সরকার নিয়ন্ত্রিত এবং আবাসিক হওয়ায় এখানে খাওয়া-দাওয়া, আবাসন, উন্নত শিক্ষা, খেলাধুলা এবং অন্যান্য সহপাঠ্যক্রমিক কার্যক্রমের পেছনে সরকারের এই উল্লেখযোগ্য পরিমাণ বাজেট বরাদ্দ থাকে। মন্ত্রীর তথ্য অনুযায়ী, ক্যাডেট কলেজে শিক্ষার্থীপ্রতি সরকারের মাসিক খরচ ৪৪ হাজার ৫০৪ টাকা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আশ্রয় আবেদন বাতিল হলে যুক্তরাজ্যে বিনা নোটিশে বহিষ্কার

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:৩০ পি.এম


আশ্রয় আবেদন বাতিল হলে যুক্তরাজ্যে বিনা নোটিশে বহিষ্কার

যুক্তরাজ্যের সরকার আশ্রয়ের আবেদন প্রত্যাখ্যাত হওয়া ব্যক্তিদের দেশ থেকে বহিষ্কারের জন্য আর পাঁচ কর্মদিবসের নোটিশ দেওয়ার বাধ্যবাধকতা তুলে নেওয়ার উদ্যোগ নিয়েছে। নতুন আইন কার্যকর হলে, সংশ্লিষ্ট ব্যক্তিদের আশ্রয়ের আবেদন চূড়ান্তভাবে প্রত্যাখ্যাত হওয়ার পর, আগাম কোনো নোটিশ ছাড়াই বহিষ্কার করা সম্ভব হবে। ব্রিটিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ জন্য সর্বোচ্চ ছয় মাস সময় পাবে।

বর্তমানে, আশ্রয়ের আবেদন প্রত্যাখ্যাত হলে, সংশ্লিষ্ট ব্যক্তিদের বহিষ্কারের আগে পাঁচ কর্মদিবসের নোটিশ দেওয়া হয়। তবে সরকারের মন্ত্রীদের মতে, এই নোটিশের সুযোগ নিয়ে অনেকে শেষ মুহূর্তে আপিল করেন, যা বহিষ্কার প্রক্রিয়া বিলম্বিত করে।

শরণার্থীদের অধিকার নিয়ে কাজ করা সংস্থা রিফিউজি কাউন্সিল নতুন এ উদ্যোগের সমালোচনা করেছে। সংস্থাটি জানায়, এত অল্প সময়ের নোটিশে মানুষকে বহিষ্কার করা হলে, তাদের মধ্যে অপ্রয়োজনীয় মানসিক চাপ ও উদ্বেগ সৃষ্টি হবে।

শরণার্থী সহায়তাকারী দাতব্য সংস্থাটির পরিচালক ইমরান হুসেইন বলেন, "জোরপূর্বক প্রত্যাবাসনের চেয়ে স্বেচ্ছায় দেশে ফেরার ব্যবস্থা অনেক বেশি কার্যকর।" তিনি আরও বলেন, যদি মানুষকে মর্যাদার সঙ্গে দেশে ফিরতে সহায়তা করা হয়, তাহলে অনেকেই সেই সুযোগ গ্রহণ করবেন। এতে করদাতাদের অর্থও অনেক কম ব্যয় হবে।

বর্তমানে পার্লামেন্টে আলোচনাধীন অভিবাসন ও আশ্রয় বিল সংশোধনের মাধ্যমে ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ এ পরিবর্তন আনবেন। প্রস্তাবিত সংশোধনী অনুযায়ী, আশ্রয়ের আবেদন প্রত্যাখ্যাত হওয়ার পর আপিলের সব আইনি সুযোগ শেষ হয়ে যাওয়া ব্যক্তিদের ক্ষেত্রে আগাম নোটিশ দেওয়ার বাধ্যবাধকতা তুলে নেওয়া হবে।

এ পরিবর্তনের ফলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট ব্যক্তিদের বহিষ্কারের ক্ষমতা পাবে, যা সর্বোচ্চ ছয় মাস পর্যন্ত কার্যকর থাকবে। নতুন নিয়মের ফলে অতিরিক্ত কতজনকে বহিষ্কার করা সম্ভব হবে, সে বিষয়ে যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয় কোনো নির্দিষ্ট সংখ্যা জানায়নি। তবে তারা ডেনমার্কে একই ধরনের নীতি চালুর পর বহিষ্কারের অপেক্ষায় থাকা অভিবাসীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ার উদাহরণ তুলে ধরেছে।

সরকারের দেওয়া তথ্য অনুযায়ী, ডেনমার্কে এ ধরনের নীতি চালুর পর পাঁচ বছরে বহিষ্কারের অপেক্ষায় থাকা অভিবাসীর সংখ্যা অর্ধেকেরও বেশি কমেছে। বর্তমানে দেশটিতে এ ধরনের অভিবাসীর সংখ্যা ১ হাজারের নিচে রয়েছে।

এর আগে স্যার কিয়ার স্টারমারের নেতৃত্বাধীন সরকার আশ্রয়ের আবেদনের দীর্ঘদিনের জট কমানোর প্রতিশ্রুতি দিয়েছিল। ২০২৬ সালের জুনে যুক্তরাজ্যে আশ্রয়ের আবেদনের প্রাথমিক সিদ্ধান্তের অপেক্ষায় ছিলেন ৪০ হাজার ১৬৮ জন। এছাড়া আদালতে আপিলের সিদ্ধান্তের অপেক্ষায় ছিলেন আরও ৯০ হাজার ৩৪১ জন।

২০২৫ সালের জুলাই থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত সময়ে আশ্রয়ের আবেদনের ৩৮ শতাংশের ক্ষেত্রে আবেদনকারীদের শরণার্থী মর্যাদা দেওয়া হয়েছে। যুক্তরাজ্যে জমা পড়া মোট আশ্রয়ের আবেদনের ৪০ শতাংশই আসে ছোট নৌকায় করে দেশটিতে প্রবেশ করা ব্যক্তিদের কাছ থেকে। বাকি ৬০ শতাংশ আবেদন করেন এমন ব্যক্তিরা, যারা অন্য অনিয়মিত পথে যুক্তরাজ্যে প্রবেশ করেছেন অথবা বৈধভাবে দেশটিতে আসার পর আশ্রয়ের আবেদন করেছেন।

যুক্তরাজ্যের সীমান্ত নিরাপত্তা ও আশ্রয়বিষয়ক মন্ত্রী আনা টারলি বলেন, যেসব অভিবাসীর আপিল করার অধিকার শেষ হয়ে গেছে, তাদের দ্রুত বহিষ্কার নিশ্চিত করা হচ্ছে। "বৈধ বহিষ্কার প্রক্রিয়া বাধাগ্রস্ত করার সুযোগ আর দেওয়া হবে না।" তিনি আরও বলেন, এই বিল অভিবাসন ব্যবস্থায় শৃঙ্খলা ও নিয়ন্ত্রণ ফিরিয়ে আনবে। একই সঙ্গে পুরো প্রক্রিয়াকে দ্রুত ও ন্যায়সংগত করবে।

বিবিসি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৬
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৫ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%