ঢাকা বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ইং ০৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

ফ্যাসিস্ট সরকার ইসিকে কবজায় নিয়ে তিন বিতর্কিত নির্বাচন করেছে


ফ্যাসিস্ট সরকার ইসিকে কবজায় নিয়ে তিন বিতর্কিত নির্বাচন করেছে

ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকার নির্বাচন কমিশনকে আজ্ঞাবহ প্রতিষ্ঠানে পরিণত করে ক্ষমতা খর্ব করেছিল। শুধু তাই নয়, সরকারের তোষামোদ করতে গিয়ে নির্বাচন কমিশন নিজেই কর্তৃত্ব কমিয়ে ফেলেছিল। বিশ্লেষকদের মতে, ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনে এর প্রভাব পড়েছিল। ফ্যাসিস্ট শক্তির অন্যায়ভাবে ক্ষমতায় থাকার পথ সুগম হয়। পাশাপাশি, আওয়ামী লীগ সরকার স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীকে ভোট গ্রহণ করে ঘরে ঘরে বিভেদ তৈরি করেছে।

নির্বাচন কমিশন কতটা স্বাধীন, এই প্রশ্নটি সব সময় সাংবিধানিক প্রতিষ্ঠানটিকে তাড়া করেছে। রাজনৈতিক দলগুলোর মধ্যে নির্বাচনপ্রক্রিয়া ও ব্যবস্থা নিয়ে মতবিরোধই এর প্রধান কারণ। তবে শেখ হাসিনার সরকার ক্ষমতা কমিয়ে নির্বাচন কমিশনকে পুরোপুরি আজ্ঞাবহ প্রতিষ্ঠানে পরিণত করেছে—এমন মত অনেকের।

আওয়ামী শাসনামলে গাইবান্ধা-৫ উপনির্বাচনে ব্যাপক অনিয়মের কারণে কাজী হাবিবুল আউয়ালের কমিশন ভোট বাতিল করে। এরপর আরপিও থেকে পুরো আসনের ভোট বাতিলের মাধ্যমে নির্বাচন কমিশনের ক্ষমতা খর্ব করা হয়।

আরও পড়ুন: মিরপুরে প্রেমিকের হাতে নারী পোশাক শ্রমিক হত্যার অভিযোগ

বাংলাদেশ ইলেকশন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশনের সদস্যসচিব মতিয়ুর রহমান মন্তব্য করেছেন, "নির্বাচন কমিশনের সাংবিধানিক ক্ষমতা কিছুটা হলেও খর্ব করা হয়েছে।" তিনি আরও বলেন, "তড়িঘড়ি করে অযোগ্য কেউ যদি আইনের মারপ্যাঁচে নির্বাচিত হয়ে যেতেন, তাৎক্ষণিকভাবে কমিশনের কিছু করার থাকত না।"

২০২৪ সালের জাতীয় নির্বাচনের আগে পুরো নির্বাচনব্যবস্থা সরকারের নিয়ন্ত্রণে রাখতে আইন বদলে নির্বাচন কমিশনের কর্মকর্তাদের ভোটকেন্দ্র নির্ধারণের ক্ষমতা কেড়ে নেয় সরকার। ডিসি-ইউএনওদের নেতৃত্বে গঠিত কমিটির সিদ্ধান্তে চূড়ান্ত হয় ভোটকেন্দ্র।

মতিয়ুর রহমান বলেন, "বিধি মোতাবেক নির্বাচন অফিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ভোটকেন্দ্র চূড়ান্ত করতেন। ২০২৪ সালের নির্বাচনের আগে হঠাৎ করেই একটি কমিটির মাধ্যমে ভোটকেন্দ্র চূড়ান্ত করার সিদ্ধান্ত নেয় কমিশন।" কমিটিতে জেলা প্রশাসককে আহ্বায়ক করা হয়েছিল।

আরও পড়ুন: শরীয়তপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের ওপর হামলার চেষ্টা, অটোরিকশা ভাঙচুর

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিএসআরএম'র অনন্য উদ্যোগে সুবিধাবঞ্চিতদের জন্য বিনামূল্যে স্বাস্থ্যসেবা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ ইং

০১:৫৮ পি.এম


বিএসআরএম

স্বাস্থ্যসেবা মানবজীবনের একটি মৌলিক চাহিদা, কিন্তু অনেক সুবিধাবঞ্চিত মানুষের জন্য এটি সবসময় সহজলভ্য নয়। তাদের জন্য প্রয়োজনীয় চিকিৎসাসেবা প্রাপ্তি একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়, যা কখনো কখনো কেবল স্বপ্নের মতো। এই স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার উদ্দেশ্যে বিএসআরএম ব্যবস্থাপনা কর্তৃপক্ষ সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদানের লক্ষ্যে একটি অলাভজনক সমাজকল্যাণমূলক উদ্যোগ প্রতিষ্ঠার পরিকল্পনা গ্রহণ করেছে। এই উদ্যোগটি পরিচালিত হচ্ছে বাংলাদেশ হোপওয়েল হসপিটালস (বিএইচএইচ)-এর ছায়াতলে। বিএইচএইচ-এর উদ্দেশ্য হলো, সহজ-আর্থিক সীমাবদ্ধতা যেন কোনো মানুষকে প্রয়োজনীয় চিকিৎসাসেবা থেকে বঞ্চিত না করে।

মিরসরাই ও চট্টগ্রামে বিএইচএইচ-এর কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে। এর ধারাবাহিকতায় চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় "বাংলাদেশ হোপওয়েল হসপিটালস"-এর নতুন ডায়াগনস্টিক সেন্টারের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। আশা করা হচ্ছে, এই অলাভজনক প্রতিষ্ঠানটি অন্যদেরও এ ধরনের উদ্যোগ গ্রহণে অনুপ্রাণিত করবে।

বুধবার (১৮ নভেম্বর) বাকলিয়ায় বাংলাদেশ হোপওয়েল হসপিটালস (বিএইচএইচ)-এর নতুন ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন করা হয়। এর লক্ষ্য হলো সুবিধাবঞ্চিত জনগণের জন্য বিনামূল্যে প্রয়োজনীয় চিকিৎসাসেবার সুযোগ আরও বিস্তৃত ও উন্নত করা।

বাকলিয়া অ্যাক্সেস রোডের গ্রিন লিফ টাওয়ারের দ্বিতীয় তলায় অবস্থিত সেন্টারটির আয়তন ৩,৯৮৮ বর্গফুট। আশা করা হচ্ছে, আগামী ২০ নভেম্বর ২০২৬ থেকে রোগীদের সেবা প্রদান শুরু হবে।

সেন্টারটিতে চিকিৎসা পরামর্শ, ব্যবস্থাপত্র অনুযায়ী ওষুধ, রোগনির্ণয়ের পরীক্ষা-নিরীক্ষা এবং ফিজিওথেরাপি সেবা প্রদান করা হবে। রোগীরা বিএইচএইচ-এর মেডিকেল অফিসারদের কাছ থেকে চিকিৎসা পরামর্শ পাবেন; পাশাপাশি সংশ্লিষ্ট চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ ও প্রয়োজনীয় ডায়াগনস্টিক পরীক্ষার সুবিধাও পাবেন। এছাড়া, পুনর্বাসনমূলক চিকিৎসা প্রয়োজন এমন রোগীদের জন্য ফিজিওথেরাপি সেবা থাকবে।

আর্থিকভাবে অসচ্ছল অনেক ব্যক্তি ও পরিবারের কাছে চিকিৎসার ব্যয় এখনো সময়মতো সেবা গ্রহণের পথে একটি বড় বাধা। এক ছাদের নিচে এসব সেবা নিশ্চিত করার মাধ্যমে বিএইচএইচ সেই বোঝা লাঘব করতে এবং রোগীদের প্রয়োজনীয় চিকিৎসা পেতে সহায়তা করতে চায়।

এই উদ্যোগ সমাজকল্যাণ ও জনকল্যাণের প্রতি বিএসআরএম গ্রুপের অঙ্গীকারের প্রতিফলন। এর মাধ্যমে বাংলাদেশ হোপওয়েল হসপিটালস চট্টগ্রামে স্বাস্থ্যসেবার সহজলভ্যতা বৃদ্ধিতে অর্থবহ অবদান রাখতে চায়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশ কি হারিয়েছে ‘উন্নয়নের বিস্ময়’ তকমা? অর্থনৈতিক সংকটের চ্যালেঞ্জে সরকার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ ইং

০১:৫৯ পি.এম


বাংলাদেশ কি হারিয়েছে ‘উন্নয়নের বিস্ময়’ তকমা? অর্থনৈতিক সংকটের চ্যালেঞ্জে সরকার

একসময় বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও দারিদ্র্য বিমোচনের সাফল্য বিশ্বব্যাপী আলোচিত ছিল। তবে বর্তমানে দেশটি বহুমুখী অর্থনৈতিক সংকটের সম্মুখীন হয়েছে। দীর্ঘদিনের অনিয়ম, ঋণ জালিয়াতি এবং আর্থিক খাতের দুর্নীতির কারণে ব্যাংকিং ব্যবস্থা দুর্বল হয়ে পড়েছে। রাজনৈতিক অস্থিতিশীলতা, বিনিয়োগের স্থবিরতা এবং শিল্প খাতের উৎপাদন সংকট নতুন সরকারের জন্য অর্থনৈতিক চ্যালেঞ্জ বাড়িয়ে দিয়েছে। ব্রিটিশ সাময়িকী দ্য ইকোনমিস্টের সাম্প্রতিক প্রতিবেদনে বাংলাদেশের অর্থনীতির এই পরিস্থিতি তুলে ধরা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ব্যাংকে জমা রাখা অর্থ ফেরত পেতে সাধারণ আমানতকারীরা দীর্ঘদিন ধরে ভোগান্তিতে রয়েছেন। ঢাকার একটি ক্যাফের মালিক গত এক বছর ধরে ব্যাংক থেকে নিজের আমানতের টাকা তুলতে পারছেন না। একাধিকবার ব্যাংকে গিয়েও সমস্যার সমাধান পাননি তিনি। ব্যাংক কর্তৃপক্ষের পক্ষ থেকে প্রতিবারই তারল্য সংকটের কথা জানানো হয়েছে। একান্তের মতো একই অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন আরো বহু গ্রাহক। প্রতিবেদনে অন্তত ছয়জন আমানতকারীর অভিযোগের কথা উল্লেখ করা হয়েছে। তাদের মধ্যে কেউ সন্তানের বিয়ের জন্য, আবার কেউ মা-বাবার শেষকৃত্যের ব্যয় নির্বাহে সঞ্চিত অর্থ তুলতে গিয়ে ব্যর্থ হয়েছেন।

ব্যাংক খাতের এই পরিস্থিতির পেছনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রায় ১৫ বছরের শাসনামলে সংঘটিত ব্যাপক আর্থিক অনিয়ম ও ঋণ লুটপাটকে দায়ী করা হয়েছে। ২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর এসব অনিয়মের ব্যাপকতা সামনে আসে। বিভিন্ন ব্যাংক থেকে বিপুল অঙ্কের ঋণ বিতরণ করা হলেও তার বড় অংশই ফেরত আসার সম্ভাবনা ক্ষীণ। বর্তমানে দেশের ব্যাংকিং খাতের মোট ঋণের প্রায় ৩৩ শতাংশ খেলাপি। তুলনামূলকভাবে ভারতে খেলাপি ঋণের হার ১ দশমিক ৭ শতাংশ এবং পাকিস্তানে ৫ শতাংশ। শুধু ঋণ আদায় নয়, মূলধন পরিস্থিতিও উদ্বেগজনক। ব্যাংকগুলোর সম্মিলিত মূলধন ঘাটতি দাঁড়িয়েছে ৩ দশমিক ৮ শতাংশে। ফলে দেশের একটি বড় অংশের ব্যাংক কার্যত আর্থিকভাবে অকার্যকর হয়ে পড়ার ঝুঁকিতে রয়েছে।

স্বাধীনতার পর বাংলাদেশ দারিদ্র্য, প্রাকৃতিক দুর্যোগ ও সীমিত রপ্তানি সক্ষমতা নিয়ে যাত্রা শুরু করেছিল। কয়েক দশকে অর্থনৈতিক অগ্রগতির উল্লেখযোগ্য উদাহরণ হয়ে ওঠে বাংলাদেশ। ১৯৭১ সালে মার্কিন পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তারা দেশটিকে ‘তলাবিহীন ঝুড়ি’ হিসেবে অভিহিত করেছিলেন। কিন্তু পরবর্তী সময়ে তৈরি পোশাকশিল্পের বিকাশ, রপ্তানি আয় বৃদ্ধি, দারিদ্র্য হ্রাস এবং স্বাস্থ্য ও শিক্ষায় অগ্রগতির মাধ্যমে বাংলাদেশ আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করে। প্রায় ১৮ কোটি মানুষের দেশটির এই অগ্রযাত্রা এখন নতুন করে বাধার মুখে। রাজনৈতিক ও প্রাতিষ্ঠানিক দুর্বলতার পাশাপাশি আর্থিক খাতের সংকট সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধিকে ঝুঁকির মধ্যে ফেলেছে। গত ফেব্রুয়ারির নির্বাচনে জয়ী হয়ে দীর্ঘদিনের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের কাছ থেকে ক্ষমতায় আসে বিএনপি। তবে সরকার গঠনের পর থেকেই ব্যাংক খাতের দুরবস্থা, তৈরি পোশাকশিল্পে শ্রমিক অসন্তোষ এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে চাপের মুখে রয়েছে দলটি।

এর মধ্যে শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। তার দেশে ফেরার ঘোষণার পর রাজধানীতে ৫০টির বেশি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এসব ঘটনার সঙ্গে আওয়ামী লীগের সম্পৃক্ততার অভিযোগ তুলেছে সরকার। রক্তক্ষয়ী দমন-পীড়নের মামলায় অনুপস্থিত অবস্থায় শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। তার দেশে ফেরার ঘোষণা বাস্তবায়িত হলে রাজনৈতিক পরিস্থিতি আরো অস্থিতিশীল হয়ে উঠতে পারে এবং সরকারবিরোধী বিক্ষোভের আশঙ্কা তৈরি হতে পারে।

অন্তর্বর্তী সরকারের সময়ে আওয়ামী লীগ আমলের দুর্নীতি ও অর্থনৈতিক অনিয়ম নিয়ে শ্বেতপত্র প্রণয়নের সঙ্গে যুক্ত অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য মনে করেন, আগের সরকারের আমলে ব্যাংক খাতে সংঘটিত লুটপাটের দায় এখনকার সরকারকে বহন করতে হচ্ছে। তার ভাষায়, ‘বিগত আমলে ব্যাংক লুটপাটের যে ভয়াবহ উত্তরাধিকার আমরা পেয়েছি, এখন সেটিই আমাদের সামাল দিতে হচ্ছে।’ প্রতিবেদনে বলা হয়েছে, খেলাপি ঋণের বড় অংশ কেন্দ্রীভূত হয়েছে শরিয়াহভিত্তিক ইসলামী ব্যাংক এবং রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোতে। আওয়ামী লীগ সরকারের সময়ে এসব প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ পদে দলটির ঘনিষ্ঠ ব্যক্তিদের নিয়োগ দেওয়া হয়েছিল। অন্যদিকে সাধারণ বেসরকারি ব্যাংকগুলোর আর্থিক অবস্থা তুলনামূলকভাবে ভালো।

এ ক্ষেত্রে ইসলামী ব্যাংকের পরিস্থিতি বিশেষভাবে উল্লেখযোগ্য। দেশের অন্যতম বৃহৎ এই ব্যাংকটি একসময় জামায়াতে ইসলামীর সঙ্গে সংশ্লিষ্টতার কারণে রাজনৈতিক বিতর্কে ছিল। পরে সন্ত্রাসে অর্থায়নের অভিযোগ তুলে এস আলম গ্রুপ ব্যাংকটির নিয়ন্ত্রণ নেয়। যদিও সে সময় ব্যাংক কর্তৃপক্ষ অভিযোগ অস্বীকার করেছিল। প্রতিবেদন অনুযায়ী, শেখ হাসিনার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত এস আলম গ্রুপের মালিক মোহাম্মদ সাইফুল আলম মাসুদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পর ব্যাংকটির মোট ঋণের প্রায় অর্ধেক গ্রুপটির বিভিন্ন প্রতিষ্ঠানের অনুকূলে বিতরণ করা হয়। ২০২৪ সালে আওয়ামী লীগ সরকারের পতনের পর সিঙ্গাপুরের নাগরিক সাইফুল আলম মাসুদ জনসমক্ষে অনুপস্থিত রয়েছেন।

জামায়াতে ইসলামীর পক্ষ থেকে দাবি করা হয়েছে, আওয়ামী লীগ সরকারের পছন্দের ব্যবসায়ীগোষ্ঠীকে সুবিধা দিতেই ইসলামী ব্যাংকের বিরুদ্ধে সাজানো অভিযোগ তুলে প্রতিষ্ঠানটির নিয়ন্ত্রণ নেওয়া হয়েছিল। তবে সাইফুল আলম মাসুদ তার বিরুদ্ধে ওঠা অনিয়মের অভিযোগ অস্বীকার করেছেন। ব্যাংক খাতের খেলাপি ঋণের বর্তমান উচ্চ হারকে শুধু নতুন করে তৈরি হওয়া সংকট হিসেবে দেখার সুযোগ নেই। দীর্ঘদিন ধরে ঋণ শ্রেণিকরণে শিথিলতা থাকায় প্রকৃত খেলাপি ঋণের পরিমাণ আড়ালে ছিল। ২০১৯ সালে বাংলাদেশ ব্যাংকের এক নীতিমালায় ঋণের বকেয়া অর্থের মাত্র ২ শতাংশ পরিশোধের বিনিময়ে খেলাপিদের এক বছরের ছাড় এবং অবশিষ্ট অর্থ পরিশোধে ১০ বছর পর্যন্ত সময় দেওয়ার সুযোগ রাখা হয়। এই সুবিধা গ্রহণ করলে সংশ্লিষ্ট ঋণগ্রহীতাদের খেলাপি হিসেবে চিহ্নিত করা হতো না।

২০২০ সালে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) সতর্ক করেছিল, সরকারি হিসাবে খেলাপি ঋণের হার ১০ শতাংশ দেখানো হলেও প্রকৃত হার এর দ্বিগুণ হতে পারে। পরিস্থিতি পরিবর্তনে ২০২৫ সালে অন্তর্বর্তী সরকার আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণের সিদ্ধান্ত নেয়। নতুন নিয়মে ঋণের কিস্তি পরিশোধের নির্ধারিত সময় ৯০ দিন অতিক্রম করলেই সংশ্লিষ্ট ঋণকে খেলাপি হিসেবে গণ্য করার বিধান কার্যকর হয়। এর পরই ব্যাংক খাতের খেলাপি ঋণের হার বেড়ে প্রায় ৩৩ শতাংশে পৌঁছায়।

ব্যাংকিং খাতের সংকটের প্রভাব সরাসরি পড়ছে ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগে। ২০২৫ সালে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধির হার প্রায় ১০ শতাংশ থাকলেও চলতি বছরে তা কমে ৪ দশমিক ৫ শতাংশে নেমেছে। গত ৩৩ বছরের মধ্যে এটি সর্বনিম্ন। চলতি বছর বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ৩ দশমিক ৭ শতাংশে সীমিত থাকতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। শেখ হাসিনার সরকারের শেষ দিকে প্রবৃদ্ধির হার প্রায় সাড়ে ৬ শতাংশ ছিল। তবে অন্তর্বর্তী সরকারের দাবি, আগের সময়ে প্রবৃদ্ধির পরিসংখ্যান অতিরঞ্জিত করে প্রকাশ করা হয়েছিল।

অর্থনীতির এই দুরবস্থার পেছনে ব্যাংক খাতের পাশাপাশি জ্বালানিসংকট ও শিল্প অস্থিরতাও ভূমিকা রাখছে। ইরান যুদ্ধের শুরুর দিকে জ্বালানি সরবরাহে বিঘ্ন ঘটায় দেশের বিভিন্ন শিল্প-কারখানার উৎপাদন বন্ধ রাখতে হয়েছিল। এর সঙ্গে তৈরি পোশাকশিল্পে শ্রমিক অসন্তোষ ও ধর্মঘট উৎপাদন পরিস্থিতিকে আরো জটিল করেছে। বিশ্বব্যাংকের পূর্বাভাস অনুযায়ী, ২০২৬ সালে টানা তৃতীয় বছরের মতো বাংলাদেশে দারিদ্র্যের হার বাড়তে পারে। এতে কয়েক দশক ধরে দারিদ্র্য হ্রাসে অর্জিত অগ্রগতি বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

আর্থিক সংকটে থাকা ব্যাংকগুলোকে সচল রাখতে বাংলাদেশ ব্যাংক এখন পর্যন্ত জরুরি তারল্য সহায়তা হিসেবে ৬ দশমিক ২ বিলিয়ন ডলার সরবরাহ করেছে। পরিমাণটি দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রায় ১ দশমিক ২ শতাংশ। তবে এই সহায়তা ব্যাংক খাতের সামগ্রিক মূলধন ঘাটতি পূরণে যথেষ্ট নয়। আন্তর্জাতিক ঋণমান নির্ধারণকারী সংস্থা মুডিসের মূল্যায়ন অনুযায়ী, আগামী কয়েক বছরে ব্যাংক খাতের মূলধন ঘাটতি মোকাবেলায় জিডিপির প্রায় ১০ শতাংশ সমপরিমাণ অর্থ প্রয়োজন হতে পারে।

এত বড় অঙ্কের অর্থায়নের সক্ষমতা সরকারের সীমিত। কর ফাঁকি ও দুর্বল রাজস্ব ব্যবস্থাপনার কারণে বাংলাদেশের রাজস্ব আহরণ জিডিপির মাত্র ৭ শতাংশ। দক্ষিণ এশিয়ার তুলনামূলক অবস্থানে পাকিস্তানের রাজস্ব আহরণ জিডিপির প্রায় ১০ শতাংশ। অন্যদিকে খাদ্য ও জ্বালানি ভর্তুকির ব্যয় মেটাতে গিয়ে সরকারের বাজেট ঘাটতি জিডিপির ৩ দশমিক ৩ শতাংশে পৌঁছেছে। ফলে সরকারি ব্যয় নির্বাহে ভালো অবস্থানে থাকা বেসরকারি ব্যাংকগুলোর কাছ থেকে ঋণ নিতে হচ্ছে সরকারকে। একই সঙ্গে কেন্দ্রীয় ব্যাংকের অতিরিক্ত তারল্য সহায়তা বাজারে অর্থের সরবরাহ বাড়াচ্ছে। এর ফলে মূল্যস্ফীতির ওপর নতুন চাপ তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।

ব্যাংক খাত পুনর্গঠনে নতুন সরকারের পদক্ষেপ নিয়েও প্রশ্ন উঠেছে। সংকটে থাকা ঋণগ্রহীতাদের জন্য গত জুনে ঋণের সুদ পরিশোধে অতিরিক্ত সময় দেওয়ার সুযোগ তৈরি করা হয়েছে। পাশাপাশি ব্যাংকঋণের সুদের সর্বোচ্চ সীমা নির্ধারণ করে দেওয়া হয়েছে। অর্থনীতিবিদদের আশঙ্কা, সুদের হার নির্দিষ্ট করে দেওয়ার ফলে ঋণগ্রহীতার ঝুঁকি বিবেচনায় ব্যাংকগুলোর সুদ নির্ধারণের স্বাধীনতা কমে যাচ্ছে। এতে ঋণ বিতরণে ঝুঁকি ব্যবস্থাপনা বাধাগ্রস্ত হতে পারে। তবে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সরকারের অবস্থান ব্যাখ্যা করে বলেছেন, সমস্যাগুলো ভবিষ্যতের জন্য ফেলে রাখা হচ্ছে না। ব্যাংকের আর্থিক বিবরণী পরিষ্কার করার উদ্যোগ নেওয়া হয়েছে। যেসব ভালো প্রতিষ্ঠান সাময়িক সংকটে রয়েছে, তাদের ঋণ পরিশোধের জন্য বাড়তি সময় দেওয়ার বিষয়টিও বিবেচনা করা হবে।

তবে রাজনৈতিক ক্ষমতার পরিবর্তন ব্যাংক খাতের নিয়ন্ত্রণ কাঠামোয় কতটা পরিবর্তন আনতে পারবে, তা নিয়ে সংশয় রয়ে গেছে। প্রতিবেদনে এক অর্থনীতিবিদের বরাত দিয়ে বলা হয়েছে, বিএনপির সঙ্গে সংশ্লিষ্ট প্রভাবশালী ব্যবসায়ী গোষ্ঠীগুলোর একটি অংশ দীর্ঘ ১৫ বছর ক্ষমতার বাইরে ছিল। তাদেরও অর্থনৈতিক সুবিধা নেওয়ার আগ্রহ রয়েছে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। এমন পরিস্থিতিতে ব্যাংক খাতের সংস্কার নতুন কোনো প্রভাবশালী গোষ্ঠীর সুবিধা নিশ্চিত করার হাতিয়ার হয়ে উঠতে পারে কি না, সেই প্রশ্নও সামনে এসেছে। সাবেক এক সরকারি কর্মকর্তার মূল্যায়ন, বাংলাদেশের ক্ষমতার পালাবদল হলেও ব্যবস্থার মৌলিক পরিবর্তন হয়নি।

সব মিলিয়ে ব্যাংক খাতের বিপুল খেলাপি ঋণ, মূলধন সংকট, কমতে থাকা বেসরকারি বিনিয়োগ, দুর্বল রাজস্ব আহরণ এবং রাজনৈতিক অস্থিরতা বাংলাদেশের অর্থনীতিকে কঠিন অবস্থানে নিয়ে গেছে। এই পরিস্থিতি থেকে উত্তরণে শুধু জরুরি তারল্য সহায়তা নয়, ব্যাংক পরিচালনায় জবাবদিহি, ঋণ আদায়, প্রাতিষ্ঠানিক সংস্কার এবং রাজনৈতিক প্রভাবমুক্ত আর্থিক ব্যবস্থাপনা নিশ্চিত করাই এখন নতুন সরকারের জন্য বড় পরীক্ষা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দর্শকদের কাছে দোয়া চাইলেন অভিনেত্রী ভাবনা, মুক্তির অপেক্ষায় নতুন সিনেমা

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ ইং

০২:০০ পি.এম


দর্শকদের কাছে দোয়া চাইলেন অভিনেত্রী ভাবনা, মুক্তির অপেক্ষায় নতুন সিনেমা

অভিনেত্রী আশনা হাবিব ভাবনা বাবার পরিচালনায় প্রথমবার সিনেমায় অভিনয় করেছেন। বর্তমানে তিনি সেই সিনেমার মুক্তির অপেক্ষায় রয়েছেন। ‘যাপিত জীবন’ সিনেমা নিয়ে তাঁর মধ্যে উচ্ছ্বাসের পাশাপাশি আবেগও কাজ করছে। মুক্তির আগে, দর্শকদের কাছে নিজের ও পুরো দলের জন্য দোয়া চেয়েছেন এই অভিনেত্রী।

হাবিবুল ইসলাম হাবিব পরিচালিত সিনেমাটি আগামী ২০ নভেম্বর দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে। এর আগে, আজ ১৮ নভেম্বর রাজধানীর উত্তরায় স্টার সিনেপ্লেক্সের সেন্টার পয়েন্ট শাখায় সিনেমাটির বিশেষ প্রদর্শনী ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

এই উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাবনা তাঁর অনুভূতি প্রকাশ করেছেন। তিনি জানান, সিনেমাটির বিশেষ প্রদর্শনী ও প্রিমিয়ারের দিনটি তাঁর জন্য বিশেষ আনন্দের এবং আবেগের। সিনেমাটির সঙ্গে জড়িয়ে আছে বহুদিনের ভালোবাসা, শ্রম ও স্বপ্ন।

দর্শকদের উদ্দেশে ভাবনা আরও লেখেন, সিনেমাটির পুরো দলের জন্য যেন সবাই দোয়া করেন। তিনি আশা প্রকাশ করেন যে, তাঁদের পরিশ্রম সার্থক হবে এবং ছবিটি দর্শকদের ভালোবাসা অর্জন করতে সক্ষম হবে।

‘যাপিত জীবন’ সিনেমাটি কথাসাহিত্যিক সেলিনা হোসেনের উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে। দেশভাগ ও ভাষা আন্দোলনের ঐতিহাসিক পটভূমিতে সিনেমাটির গল্প আবর্তিত হয়েছে। এতে একটি পরিবারের জীবনসংগ্রাম, ভালোবাসা ও নানা সংকটের চিত্র তুলে ধরা হয়েছে।

সিনেমাটিতে ভাবনার পাশাপাশি অভিনয় করেছেন আফজাল হোসেন, রোকেয়া প্রাচী, রওনক হাসান, ইমতিয়াজ বর্ষণ, মৌসুমী হামিদ, ডলি জহুর, কাজী হায়াৎ, গাজী রাকায়েত ও আজাদ আবুল কালাম। এই সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো বড় পর্দায় জুটি হয়েছেন আফজাল হোসেন ও রোকেয়া প্রাচী।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নাটোরের গুরুদাসপুরে বিএনপি কার্যালয়ে দুটি ককটেল বিস্ফোরণ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ ইং

০২:০১ পি.এম


নাটোরের গুরুদাসপুরে বিএনপি কার্যালয়ে দুটি ককটেল বিস্ফোরণ

নাটোরের গুরুদাসপুরে চাপিলা ইউনিয়ন বিএনপির কার্যালয়ে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে দুর্বৃত্তরা কার্যালয়ের দিকে ককটেল নিক্ষেপ করে এবং পরে পালিয়ে যায়। এ সময় কার্যালয়ে পেট্রল ঢেলে আগুন দেওয়ার চেষ্টা করা হয়। তবে এই ঘটনার ফলে কেউ হতাহত হয়নি।

চাপিলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাফর ইকবাল নয়ন জানান, মঙ্গলবার গভীর রাতে চৌদ্দমাথা এলাকায় অবস্থিত ইউনিয়ন বিএনপির কার্যালয়ে পরপর দুটি ককটেলের বিস্ফোরণ ঘটে। তিনি অভিযোগ করেন যে, নিষিদ্ধ কার্যক্রমে জড়িত আওয়ামী লীগের নেতাকর্মীরা এই ঘটনার সাথে জড়িত। তার দাবি, সপ্তাহখানেক আগে আওয়ামী লীগের নেতাকর্মীরা এলাকায় মশাল মিছিল বের করেছিলেন।

স্থানীয় বাসিন্দাদের মতে, বিস্ফোরণের তীব্র শব্দে আশপাশের বাড়ির লোকজনের ঘুম ভেঙে যায়। পরে তারা ঘর থেকে বের হয়ে বিএনপি কার্যালয়ের সামনে আগুন জ্বলতে দেখেন।

গুরুদাসপুর থানার ওসি সিরাজুল ইসলাম বলেন, ঘটনাস্থল থেকে ককটেলের দুটি খোসা উদ্ধার করা হয়েছে। পুলিশ এই ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করতে কাজ করছে, তবে এখনো কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৬
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৫ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%