ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

বাঞ্ছারামপুরকে শিগগিরই শিল্পনগরী হিসেবে গড়ে তোলার ঘোষণা জোনায়েদ সাকির


বাঞ্ছারামপুরকে শিগগিরই শিল্পনগরী হিসেবে গড়ে তোলার ঘোষণা জোনায়েদ সাকির

পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও বাঞ্ছারামপুর আসনের সংসদ সদস্য জোনায়েদ সাকি মন্তব্য করেছেন যে, বাঞ্ছারামপুর উপজেলা শীঘ্রই একটি শিল্পনগরীতে পরিণত হবে। তিনি জানান, "আজ বাঞ্ছারামপুর হতে নবীনগর পর্যন্ত যে সড়ক নির্মাণের প্রকল্পকাজ চালু হলো, এটি শেষ হলে এবং ৩য় মেঘনা সেতু বাস্তবায়ন হলে বাঞ্ছারামপুর উপজেলা একটি শিল্পনগরীতে পরিণত হবে।" তিনি আরও বলেন, এই এলাকার মানুষ রাজধানীতে মাত্র ১ ঘণ্টায় পৌঁছাতে পারবে। বর্তমান সরকার ফ্যাসিস্ট সরকারের রেখে যাওয়া ভঙ্গুর অর্থনীতির মধ্যে এই অঞ্চলের মানুষের কথা ভাবছে এবং যোগাযোগব্যবস্থার আধুনিকতার ছোঁয়া দিতে ৩২ কিলোমিটার রাস্তার নির্মাণকাজ শুরু করেছে, যা অর্থনীতিকে চাঙ্গা করবে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বাঞ্ছারামপুর উপজেলার কড়িকান্দিতে সড়ক নির্মাণের কাজ উদ্বোধন করতে গিয়ে তিনি এসব কথা বলেন। পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সড়কটির নির্মাণকাজের উদ্বোধন করেন। এই সময় নবীনগর আসনের সংসদ সদস্য এম এ মান্নানও উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ সড়ক ও জনপথ অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোফাজ্জল হায়দার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. এহসানুল হক। এছাড়া ভৌত অবকাঠামো বিভাগের যুগ্ম সচিব ড. নিয়ামতুল্লাহ ভূঁইয়া, অতিরিক্ত সচিব কবির উদ্দিন আহমেদ, কৃষি, পানি ও পল্লী প্রতিষ্ঠান বিভাগের যুগ্ম সচিব বাবুল মিয়া, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ আনিসুর রহমান, পরিকল্পনা বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী ড. মো. ওয়ালিউর রহমান এবং অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মাহমুদা আক্তারও উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: নওগাঁয়ে ঘরে মাটির নিচে ২৪৫ কেজির কষ্টিপাথরের শিবলিঙ্গ উদ্ধার, আটক ১

এ সময় জেলা ও পুলিশ প্রশাসনের কর্মকর্তাদের পাশাপাশি উপজেলা প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। স্থানীয় নেতাদের মধ্যে উপজেলা বিএনপির সভাপতি মেহেদি হাসান পলাশ, সাধারণ সম্পাদক একে এম মুসা এবং গণসংহতি আন্দোলনের বাঞ্ছারামপুর সমন্বয়ক শামীম শিবলী উপস্থিত ছিলেন।

বিশেষ অতিথি নবীনগর উপজেলার সাংসদ এম এ মান্নান বলেন, ‘ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর-বাঞ্ছারামপুরবাসীর দীর্ঘদিনের প্রত্যাশিত সড়ক যোগাযোগব্যবস্থায় বিরাট পরিবর্তন আসছে। আমরা বহু বছর ধরে এই দিনটির অপেক্ষায় ছিলাম। এটি বাস্তবায়িত হবার পর রাজধানী ঢাকার সঙ্গে এ অঞ্চলের যোগাযোগ আরো সহজ হওয়ার সুযোগ তৈরি হবে।’

সড়ক ও জনপথ অধিদপ্তরের বাস্তবায়নাধীন প্রকল্পটির নাম ‘ভূলতা-আড়াইহাজার-বাঞ্ছারামপুর-নবীনগর-শিবপুর-রাধিকা আঞ্চলিক মহাসড়ক (আর-২০৩, কড়ইকান্দি হতে বাঞ্ছারামপুর-নবীনগর পর্যন্ত) ও সরাইল-নাসিরনগর-লাখাই আঞ্চলিক মহাসড়ক (আর-২২০, সরাইল হতে বলভদ্র সেতু পর্যন্ত) সড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন প্রকল্প’।

প্রকল্পের প্রধান উদ্দেশ্য হলো বাঞ্ছারামপুর ও নবীনগর উপজেলাকে সরাসরি রাজধানী ঢাকার সঙ্গে যুক্ত করা। পাশাপাশি নিরাপদ ও ব্যয় সাশ্রয়ী যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার মাধ্যমে এ এলাকার আর্থসামাজিক উন্নয়ন ঘটানো।

আরও পড়ুন: দিনাজপুর বোর্ডের ১ কোটি ২৬ লাখ টাকার দুর্নীতির তদন্তের নির্দেশ

প্রকল্পের আওতায় ২৬ দশমিক ৭০৮ কিলোমিটার ফ্লেক্সিবল পেভমেন্ট ও ৪ দশমিক ৫৪৮ কিলোমিটার রিজিড পেভমেন্ট নির্মাণের পাশাপাশি ছয়টি সেতু, ৪৬টি কালভার্ট, ২১ দশমিক ৪৫৮ কিলোমিটার রক্ষাপ্রদ কাজ, ১৪ দশমিক ৭৭৪ কিলোমিটার ড্রেন এবং আটটি বাস-বে নির্মাণের পরিকল্পনা রয়েছে।

প্রকল্পের আওতায় ৭৮ দশমিক ৫৩ হেক্টর জমি অধিগ্রহণের তথ্য দেওয়া হয়েছে। ভূমি অধিগ্রহণে ৪৯৫৪২ দশমিক ৪৩ লাখ টাকা, ইউটিলিটি স্থানান্তরে ৯৬১ দশমিক ০৩ লাখ টাকা এবং নির্মাণ ও পূর্তকাজে ৫৩৯৬৫ দশমিক ৮১ লাখ টাকা ব্যয়ের তথ্য প্রকল্প বিবরণীতে উল্লেখ রয়েছে।

সড়কটি চালু হলে বাঞ্ছারামপুর ও নবীনগরের মানুষের ঢাকামুখী যাতায়াত আরও সহজ হবে বলে স্থানীয়দের প্রত্যাশা। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর, নবীনগর, কসবা, আখাউড়া ও কুমিল্লা জেলার হোমনা, মুরাদনগর, তিতাস উপজেলার ২০ লাখ মানুষ এই সড়ক চালু হলে সরাসরি উপকৃত হবেন বলে অভিজ্ঞরা মনে করছেন।

বিশেষ করে কৃষিপণ্য পরিবহন, ব্যবসা-বাণিজ্য, শিক্ষা ও চিকিৎসার প্রয়োজনে দ্রুত যোগাযোগের সুযোগ বাড়বে। একই সঙ্গে এ অঞ্চলের অর্থনৈতিক কর্মকাণ্ডেও সড়কটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

আরও পড়ুন: দুমকীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দ র‍্যালিতে মোঃ কামরুল ইসলাম মুন্না

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আফ্রিকান ফুটবল কনফেডারেশন ইনফান্তিনোকে বাঁচাতে সম্মেলনে আমন্ত্রণ জানালো

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ১৯ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৫:৩৭ পি.এম


আফ্রিকান ফুটবল কনফেডারেশন ইনফান্তিনোকে বাঁচাতে সম্মেলনে আমন্ত্রণ জানালো

আফ্রিকান ফুটবল কনফেডারেশনের (সিএএফ) একটি বিশেষ সম্মেলনে ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে আমন্ত্রণ জানানো হয়েছে। এই ক্যাপ স্ট্র্যাটেজি সম্মেলনটি আগামী ৭ ও ৮ অক্টোবর কেপ ভার্দেতে অনুষ্ঠিত হবে। এ ধরনের আমন্ত্রণ এমন এক সময়ে এসেছে, যখন ফিফা সভাপতি বিভিন্ন বিতর্কে জর্জরিত।

 

রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ২০২৭ সালের মার্চ মাসে রাবাতে ফিফা সভাপতির নির্বাচন অনুষ্ঠিত হবে। বিশ্ব ফুটবলের অন্যান্য সংস্থা, যেমন উয়েফা এবং এশিয়ান ফুটবল কনফেডারেশন, ইনফান্তিনোর নেতৃত্বের বিরুদ্ধে সমালোচনা করছে এবং তার বাণিজ্যিক স্বত্ব বিক্রির একটি ব্যর্থ পরিকল্পনার কারণে বিরোধিতা করছে। এই পরিস্থিতিতে আফ্রিকা তার পাশে দাঁড়িয়েছে।

ক্যাফের সভাপতি প্যাট্রিস মতসেপে এই সম্মেলনের আয়োজন করেছেন, যিনি ইনফান্তিনোর ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত। এই সম্মেলনের মাধ্যমে ইনফান্তিনো মূলত আফ্রিকার ৫৪টি সদস্য দেশের সমর্থন নিশ্চিত করতে চান আগামী নির্বাচনের আগে।

 

ক্যাফের নির্বাহী কমিটি গত মাসে ইনফান্তিনোর প্রতি তাদের সমর্থন প্রকাশ করেছে এবং আফ্রিকার বেশ কিছু পৃথক ফুটবল অ্যাসোসিয়েশনও তাকে সমর্থন দেওয়ার কথা জানিয়েছে। বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিশ্বকাপসহ ফিফার বিভিন্ন প্রতিযোগিতার ২০ শতাংশ পর্যন্ত শেয়ার বিক্রির প্রস্তাব ভেস্তে যাওয়ার পর, ইনফান্তিনো বর্তমানে তার সভাপতির মেয়াদের সবচেয়ে বড় চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন এবং এই পরিস্থিতিতে ক্যাফ তার পাশে দাঁড়িয়েছে।

ফিফার এই বিতর্কিত সিদ্ধান্তের পরেও কেন আফ্রিকান এই সংস্থা ফিফা সভাপতিকে সমর্থন দিচ্ছে, তা নিয়ে ফুটবল অঙ্গনে প্রশ্ন উঠেছে।

 

অতীতের ফিফা নির্বাচনগুলোতে আফ্রিকান দেশগুলোর ভোট প্রায়ই বিভক্ত হতে দেখা গেছে, কিন্তু এবার ক্যাফের এই পূর্ণ সমর্থন ফুটবল বিশ্বের অন্যান্য অংশের পক্ষ থেকে ইনফান্তিনোর কর্মকাণ্ডের সমালোচনার সম্পূর্ণ বিপরীত চিত্র তুলে ধরছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নাটোরের লালপুরে পুকুরে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৯ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৫:৩৮ পি.এম


নাটোরের লালপুরে পুকুরে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু

নাটোরের লালপুরে পুকুরে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু ঘটেছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার ঈশোরপাড়া গ্রামে এই দুঃখজনক ঘটনাটি ঘটে।

নিহতদের মধ্যে রয়েছে আতিয়ার (৯) এবং আবু বক্কর (৬)। তারা উক্ত গ্রামের আতিকুল ইসলামের সন্তান।

স্থানীয় বাসিন্দারা জানান, বিকেলের সময় বাড়ির পাশে দুই ভাই-বোন খেলছিল। একপর্যায়ে, সবার অজান্তে তারা পাশের একটি পুকুরে নেমে যায়। দীর্ঘ সময় তাদের দেখা না পেয়ে পরিবারের সদস্যরা তাদের খোঁজার চেষ্টা করেন। পরে পুকুর থেকে তাদের মৃতদেহ উদ্ধার করা হয়।

প্রতিবেশীরা জানিয়েছেন, দুই ভাই-বোন একসঙ্গে খেলাধুলা করত এবং তাদের স্বভাব ছিল খুবই চঞ্চল। তাদের আকস্মিক মৃত্যুতে পুরো গ্রাম শোকাবহ হয়ে পড়েছে।

নিহতদের বাবা আতিকুল ইসলাম কান্নাজড়িত কণ্ঠে বলেন, "আমার দুইটা সন্তান একসঙ্গে হারাইলাম। ওরা খেলতে গিয়েছিল, আমরা বুঝতেই পারি নাই কখন পুকুরে নামছে। আমি এখন কিভাবে বাঁচব।"

লালপুর থানার ওসি শফিকুল ইসলাম জানিয়েছেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, খেলতে গিয়ে অসাবধানতাবশত তাদের পানিতে ডুবে মৃত্যু হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভাণ্ডারিয়ায় ভ্রাম্যমান আদালতে ৭মোটর সাইকেলে ৩২হাজার জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক

ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি

শনিবার, ১৯ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৫:৪৪ পি.এম


ভাণ্ডারিয়ায় ভ্রাম্যমান আদালতে ৭মোটর সাইকেলে ৩২হাজার জরিমানা

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় শুক্রবার রাতে ৭টি মোটর সাইকেল চালককে বিভিন্ন অংকে মোট ৩২হাজার টাকা জরিমানা আদায় করা হয়। ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কার্যক্রম পরিচালনা করেন।
জানাগেছে, শুক্রবার রাতে ভাণ্ডারিয়া-বরিশাল আঞ্চলিক মহাসড়কের স্থানীয় ওভার বিজ্র সংলগ্ন স্থানে মোটর সাইকেল চালকদের হেলমেট, প্রয়োজনীয় কাজপত্র না থাকায় (পরিচয় বিহীন) সড়ক পরিবহন আইন, ২০১৮—এর ১৬ধারা লঙ্ঘনের দায়ে ৬৬ ও ৭২ধারায় এ জরিমানা করা হয়। এবং একই সাথে সড়ক নিরাপত্তা নিশ্চিত করণ ও আইন মেনে চলার বিষয়ে সংশ্লিষ্ট সকলকে সতর্ক করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়। এসময় আদালতকে সহায়তা করেন, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা দিবাকর বিশ্বাস।
প্রসঙ্গত; এর পূর্বে গত কয়েকদিন যাবৎ চালকদের সচেতন করতে এ বিষয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হয়। তার পর এই অভিযান চালানো হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আমতলীতে মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

আমতলী (বরগুনা) প্রতিনিধি

শনিবার, ১৯ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৫:৫৫ পি.এম


আমতলীতে মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
 
 
বরগুনার আমতলীতে মাদক মামলায় সাজাপ্রাপ্ত দীর্ঘদিনের পলাতক আসামি অহিদুজ্জামান ওরফে উজ্জলকে গ্রেপ্তার করেছে আমতলী থানা পুলিশ। র‍্যাবের সহযোগিতায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
 
গ্রেপ্তার অহিদুজ্জামান ওরফে উজ্জল আমতলী উপজেলার চাওড়া কালিবাড়ী এলাকার রাজ্জাক খানের ছেলে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় আদালত থেকে সাজা হয়েছিল বলে জানিয়েছে পুলিশ।
 
আমতলী থানার অফিসার ইনচার্জ মো: ইয়াকুব হোসেন বলেন,  মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে মাদকদ্রব্য উদ্ধার, মাদক কারবারে জড়িতদের গ্রেপ্তার এবং মাদক মামলায় সাজাপ্রাপ্ত ও পলাতক আসামিদের আইনের আওতায় আনতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় সাজাপ্রাপ্ত আসামি অহিদুজ্জামান ওরফে উজ্জলের অবস্থান শনাক্ত করে তাকে গ্রেপ্তারে অভিযান চালানো হয়।
পরে র‍্যাবের সহযোগিতায় গত ১৮ সেপ্টেম্বর ২০২৬ তারিখে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
 
 গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
 
পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে চলমান অভিযান অব্যাহত থাকবে। মাদক ব্যবসা, সরবরাহ, সেবন ও মাদকসংক্রান্ত অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার পাশাপাশি বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত ও পলাতক আসামিদের গ্রেপ্তারেও অভিযান জোরদার করা হয়েছে।
 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%